মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

ভবিষ্যতে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননাকর কার্যক্রমের জন্য আইনানুগভাবে দায়ভার গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পার্সন অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সংবাদের বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ভবিষ্যতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্তরূপ আদালত অবমাননাকর কার্যক্রমের জন্য আইনানুগভাবে দায়ভার গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করায় আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং বেঞ্চ প্রদান না করায় হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গিয়েছেন- এরূপ ভুল সংবাদ টিভি স্ক্রলসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে; যা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তকর ও অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যমে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণার সৃষ্টি করে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তদুপরি, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন আদালত অবমাননার শামিল। অথচ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের পূর্বে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা যদি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে সংবাদের যথার্থতা যাচাই করতেন, তবে এহেন অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতো না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতাজনিত কারণে ছুটি গ্রহণ করেছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকার্যে অংশগ্রহণ করতে পারছেন না। এই বিষয়গুলোর সঙ্গে গণমাধ্যমে প্রচারিত সংবাদের কোনো সম্পর্ক নেই।

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে শনিবার (৩ জানুয়ারি) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!

বিপিএলে আবারও মুস্তাফিজ ম্যাজিক। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের জিততে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। বল করতে আসেন ফিজ। উইকেটে তখন ব্যাটার মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান রুম্মন। দুজনই মারকুটে ব্যাটার। এর মধ্যে মিঠুন ছিলেন সেট ব্যাটার। আধুনিক টি-টোয়েন্টিতে ৬ বলে ১০ রান নেয়া কোনো ব্যাপারই না, যখন উইকেটে পরীক্ষিত ব্যাটার থাকে।

তবে ঢাকার সহজ কাজটিই কঠিন করে দেন মুস্তাফিজ। তিনি কেন বিশ্বের অন্যতম সেরা বোলার সেটি আবারও প্রমাণ করে দেখিয়েছেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে ভেলকি দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১০ রান ডিফেন্ড করতে গিয়ে ফিজ দিয়েছেন কেবল ৪ রান। ৫ রানে জিতেছে রংপুর।

এই মুস্তাফিজের কলকাতার জার্সিতে খেলার কথা ছিল আইপিএলে। যদিও বর্তমানে সেটি আর সম্ভব হয়ে উঠছে না। তবে ফিজের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আক্ষেপ বাড়াবে কলকাতার। বিপিএলে ফিজ ম্যাজিকের পর এমন পরীক্ষিত, বিশ্বমানের বোলারকে হারিয়ে আফসোসই করবে তারা। যদিও তা প্রকাশ করবে না ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল খেলতে না পারায় মন খারাপ নেই মুস্তাফিজেরও। বিপিএল বেশ উপভোগ করছেন তিনি। রংপুরের অধিনায়ক সোহানের ভাষায় ‘বিন্দাস’ আছেন ফিজ। মানসিকভাবে চাঙ্গা থাকা মুস্তাফিজ মাঠের পারফরম্যান্সেও বেশ ধারাবাহিক। আইএল টি-টোয়েন্টি মাতিয়ে এসে এখন মাতাচ্ছেন বিপিএল। সুযোগ থাকার পরও এমন বোলারের ‘সার্ভিস’ নিতে না পারার আক্ষেপ পুড়াবে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি দলটির সমর্থকদেরও।

শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

শৈত্যপ্রবাহের কারণে সোমবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (৪ জুানয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে আবারও উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে প্রবেশ করে।

ফলে রোববার সন্ধ্যার পর থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

তবে সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায়। সোমবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

পলাশ আরও লেখেন, রোববার বেলা সাড়ে ৩টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপরে কুয়াশার উপস্থিতি দেখা গেছে।

সন্ধ্যার পর থেকে পাঁচটি বিভাগের জেলাগুলো ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল শঙ্কা রয়েছে। দেশের অন্য ৩টি বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সোমবার (৫ জানুয়ারি) সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশিভাগ জেলায় দুপুর ২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বলেও জানান এই আবহাওয়াবিদ।

তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফরে আসবেন। জেলা বিএনপির দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন, যেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। পাশাপাশি চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তার।

উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। সেই সূত্রে তারেক রহমানের সঙ্গে বগুড়ার রয়েছে পারিবারিক যোগসূত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন বলে প্রাথমিকভাবে জেনেছি। ৫ জানুয়ারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।

নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৪ জানুয়ারি) রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। এ পর্যন্ত ২২টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, যেখানে ১৮১৫০ জন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে ২৮টি ব্যাচে সম্ভাব্য সর্বমোট ২৪৩৪২ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে গ্রেপ্তার ৭

গাজীপুর সদর এলাকায় মহাসড়ক সংলগ্ন স্থানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে এই মিছিল চলাকালে পুলিশি অভিযানে অন্তত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হঠাৎ করে গাজীপুর সদর এলাকার মহাসড়কের পাশে জড়ো হয় ছাত্রলীগের একদল নেতাকর্মী। তারা ‘নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন দলীয় স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করার সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) এক কর্মকর্তা জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতরা থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই তাদের নিউইয়র্কের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। তবে মাদুরো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। রোববার আদালতের এক মুখপাত্র জানান, সোমবার দুপুরে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে প্রথমবারের মতো ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

এদিকে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তাকেও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ না নেন, তাহলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি। তিনি বলেন, ভেনেজুয়েলার নতুন নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, মাদুরোকে আটক করার সময় তার নিরাপত্তা দলের একাধিক সদস্য নিহত হয়েছেন, যদিও তিনি নির্দিষ্ট সংখ্যা জানাননি।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাদের আঘাত গুরুতর নয়।

সন্তানের সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

গাজীপুরে ১১ বছরের সন্তানের সামনে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবু নাহিদ ওরফে হাসান নাহিদ (৩৫) মহানগরীর হাড়িনাল উত্তরপাড়া এলাকার মহন মিয়ার ছেলে।

রোববার দুপুরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এর আগে গত ২৮ ডিসেম্বর রাতে ১১ বছর বয়সী সন্তানের সামনে প্রকাশ্যে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে থাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।

গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও দুঃসময়ের রাজপথের সাহসী সৈনিক গাজীপুর সদর মেট্রো থানা যুবদল নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদকে গত ২৮ ডিসেম্বর রাত সোয়া ৯টায় হাড়িনাল বাজারে তার ১১ বছরের সন্তানের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মৃত্যুবরণ করেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে যুবদল নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদকে খুবই গুরুতর আহত করার পরদিনই মহানগর শ্রমিক দল নেতা নজরুল ইসলামকে প্রধান আসামি করে গাজীপুর সদর মেট্রো থানা একটি মামলা দায়ের করা হয়।

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন কেন্দ্র স্থাপন করা হয়েছে আপিল দায়ের সংক্রান্ত ১০টি বুথ

১নং বুথে খুলনা অঞ্চলের জেলা : মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।

২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলা : জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।

৩নং বুথে রংপুর অঞ্চলের জেলা : পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।

৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা : চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান।

৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলা : ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।

৬নং বুথে সিলেট অঞ্চলের জেলা : সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।

৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলা : টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।

৮ নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা : জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।

৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলা : বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ।

১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলা : রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, মনোনয়নপত্র বাছাই শেষে রাতে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন।

যেভাবে আপিল দায়ের করতে হবে

» মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল : আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে।

» আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সম্বলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

» আপিল আবেদনের ১টি মূলকপিসহ সর্বমোট ৭ টি কপি দাখিল করতে হবে।

» আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।

» আপিল আবেদন ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে দাখিল করতে হবে।

» আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি পেতে নির্ধারিত ফরম-এ আবেদন দাখিল করতে হবে। ওই ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ হতে সংগ্রহ করা যাবে। আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারীর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

আপিল নিষ্পত্তি : মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিলসমূহ নির্বাচন কমিশন আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।

নির্বাচনী আচরণ বিধি অনুসরণ : সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এবং সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।’