মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষায় ইসির পরিপত্র জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনি সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপার, বিভিন্ন ধরনের সিলের (অফিসিয়াল সিল ও ব্রাস সিল) নিরাপত্তা কোড নম্বর সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষা, ভোটকেন্দ্রে নির্বাচনি দ্রব্যাদি প্রেরণ ও গ্রহণে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে, ভোটকেন্দ্রে ব্যবহৃত নির্বাচনি সামগ্রী, ফরম, প্যাকেট, নির্দেশিকা, পরিচয়পত্র, এবং প্রচার সামগ্রী বিতরণের সময়সূচি ও পরিকল্পনা সম্পর্কে ইতোপূর্বে অবহিত করা হয়েছে।

নির্বাচনি সামগ্রীর যাচাইকরণ: ভোটকেন্দ্রভিত্তিক বিতরণকৃত নির্বাচনি দ্রব্যাদি পৌঁছানোর পর ইতোপূর্বে জারিকৃত পরিপত্র-১৩ এর সাথে সংযোজিত নির্বাচনি সামগ্রীর বিতরণ তালিকা অনুসারে প্রেরিত ফরম, প্যাকেট, খাম ইত্যাদি চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। যদি কোনো সামগ্রী কম-বেশি থাকে তাহলে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষা: বিজি প্রেস/গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস/সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সরবরাহকৃত ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর পুনরায় ফরম-৫ অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক মিলিয়ে দেখে ব্যালট পেপার এবং অন্যান্য মালামাল প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত নিরাপদে সংরক্ষণ করবেন। সকল পর্যায়ে যাতে ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষিত হয়, তা নিশ্চিত করতে হবে।

অফিসিয়াল সিল ও ব্রাস সিলের নিরাপত্তা কোড নম্বর সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষা: ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনি দ্রব্যাদি যেমন-অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড, গালা ও তিন রকমের সিল (অফিসিয়াল সিল, মার্কিং সিল ও ব্রাস সিল) রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করা হবে। প্রেরিত তিনটি সিলের মধ্যে অফিসিয়াল সিল এবং ব্রাস সিলে নিরাপত্তামূলক নম্বর (কোড মার্ক) রয়েছে। সকল পর্যায়ে অফিসিয়াল সিল ও ব্রাশ সিল এর গোপনীয়তা রক্ষা করতে হবে।

এছাড়া এই দুইটি সিল প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণের সময় কোন ভোটকেন্দ্রে কোন কোড নম্বরের সিল সরবরাহ করবেন তা সহকারী রিটার্নিং অফিসারগণ বিতরণ রেজিস্টারে কেন্দ্রভিত্তিক লিখে রাখবেন এবং প্রত্যেক সিলের ছাপও রেজিস্টারে সংরক্ষণ করবেন। প্রিজাইডিং অফিসারগণও ভোটকেন্দ্রের কোন কক্ষে কোন কোড নম্বরের অফিসিয়াল সিল ব্যবহার করবেন তা একটি সাদা কাগজে কক্ষ নম্বর, সহকারী প্রিজাইডিং অফিসারের নাম ও তার পাশে সিলের ছাপ নিয়ে যে কোনো একটি খামে করে হেসিয়ান বড় ব্যাগে (বড় বস্তা) সংরক্ষণ করবেন।—বাসস

একই দিনে প্রার্থিতা বাতিল চেয়ে মঞ্জুরুল ও হাসনাতের পাল্টা আবেদন

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা বাতিল চেয়ে একইদিনে পাল্টাপাল্টি আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) মনোনয়ন বা প্রার্থিতা বাতিলের শেষ দিনে তারা এ আবেদন করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এ দুই আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১২৫টি আবেদন জমা পড়েছে বলে জানা যায়। বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও দীর্ঘ সারি দেখা যায় নির্বাচন কমিশনে।

তবে বিকেল পাঁচটার মধ্যে যারা এসেছেন সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা। এদিকে বিকেলে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশনে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশন ছেড়ে যান অ্যাটর্নি জেনারেল।

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবীরা।

তারেক রহমানের নির্দেশে জুনায়েদ সাকিকে আসন ছাড়লেন বিদ্রোহী প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে (জোনায়েদ সাকি) ছেড়ে দিয়েছে বিএনপি। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক একজন হেভিওয়েট প্রার্থী। অবশেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল খালেককে ডেকে নিয়ে গত মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকায় বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ হয়। এরপরই নির্বাচন থেকে তাঁর সরে দাঁড়ানোর বিষয়ে গুঞ্জন শুরু হয়।

জোনায়েদ সাকিসহ ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন জোনায়েদ সাকি, জামায়াতে ইসলামীর মো. মহসীন ও ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিএনপি নেতা মো. সাইদুজ্জামান কামালসহ ১০ জন প্রার্থী।

নেতাকর্মীরা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপির কার্যকরী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টার পদ থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক এবং উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতির পদ থেকে মেহেদী হাসান ওরফে পলাশকে বহিষ্কৃত করে বিএনপি। তারা দুজনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন। যাচাই-বাছাইয়ে ১ শতাংশ ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপরই আবদুল খালেককে সমর্থন দেন মেহেদী হাসান।

জানতে চাইলে সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক বলেন, চেয়ারপারসন ডেকেছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে দলের সঙ্গেই আছি, একবার এমপিও ছিলাম। আরেকজনকে এখানে মেনে নিতে চাইছে না লোকজন সেটা জানিয়েছি। দলের চেয়ারম্যান বলেছেন, আমরা সবাই মিলে সহায়তা করলে নির্বাচনটা ভালো হবে। তা না হলে মুশকিল হয়ে যাবে। তিনি সহযোগিতা কামনা করেছেন। আমাকে একটি সম্মানিত পোস্টে রাখবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, দলের চেয়ারম্যান আমাদের সহযোগিতা চেয়েছেন। দলের সবাইকে একত্র করতে বলেছেন। চেয়ারপারসন যখন আদেশ দেন, সেটি মানতে হবে। চেয়ারপারসনের কথা রাখতে হবে। তাকে সহায়তা করতে হবে।

তিনি আরও বলেন, আমি এলাকায় যাচ্ছি। নেতাকর্মীসহ লোকজনের সঙ্গে কথা বলব। তাদেরকে বোঝানোর চেষ্টা করব। দলের বাইরে গিয়ে তো আর পারা যাবে না। চেয়ারপারসনকে সম্মান করতেই হবে।

আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার অনুসৃত আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক আটক করার ঘটনার পর দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

ট্রাম্প জানান, তার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে কেবল তার ‘নিজস্ব নৈতিকতা’। আন্তর্জাতিক আইন মানা না মানার বিষয়টি তার সংজ্ঞার ওপর নির্ভর করে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার। আমি মানুষের ক্ষতি করতে চাই না।’

গত শনিবার ভোরে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী কারাকাস ও বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। অভিযানের একপর্যায়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়। সমালোচকদের মতে, এ পদক্ষেপ জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন, যেখানে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে।

হামলার পর ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির বিপুল তেলসম্পদ কাজে লাগাবে। যদিও হোয়াইট হাউস বলছে, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতা করবে, তবে একই সঙ্গে জানানো হয় যে ওয়াশিংটন দেশটির নীতিনির্ধারণে প্রভাব খাটাবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন নির্দেশনা না মানলে দ্বিতীয় দফা সামরিক হামলা চালানো হতে পারে।

ভেনেজুয়েলার পাশাপাশি ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধেও সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি ডেনমার্কের অধীন গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টা জোরদার করেছেন। এর আগে জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যুক্ত হয়ে দেশটির তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশও দেন তিনি।

ট্রাম্প প্রশাসনের এই অবস্থান আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক মার্গারেট স্যাটারথওয়েট সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করা অত্যন্ত বিপজ্জনক এবং বিশ্বকে আবার ‘সাম্রাজ্যবাদের যুগে’ ফিরিয়ে নিতে পারে। তার মতে, এতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোও আগ্রাসী পথে হাঁটতে উৎসাহিত হবে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের অন্যান্য সব জেলায় একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার প্রার্থী।

পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে।

আজ বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

পরীক্ষা শুরু হবে বিকাল ৩টায়। তবে পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ২টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটের পর কেন্দ্রের সব গেট বন্ধ করে দেওয়া হবে এবং এরপর কাউকে আর প্রবেশ করতে দেওয়া হবে না।

যেকোনো ধরনের ডিজিটাল প্রতারণা ঠেকাতে পরীক্ষার্থীদের দুই কান খোলা রাখতে হবে। প্রয়োজনে তল্লাশির সময় টর্চলাইট ব্যবহার করে পরীক্ষা করা হতে পারে।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, হাতঘড়ি, পার্সসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ। এসব সামগ্রীসহ ধরা পড়লে পরীক্ষার্থীকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় অংশ নিতে হলে রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবশ্যই সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণে কেবল কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের সতর্ক করে জানিয়েছে, নিয়োগের নামে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেনে জড়ানো যাবে না। কর্তৃপক্ষের মতে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) মাধ্যমকি ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণসংক্রান্ত সূত্রোক্ত স্মারকের পত্রটি এ সঙ্গে প্রেরণ করা হলো। উক্ত পত্রে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন
নবম পে-স্কেলে বেতনের অনুপাত চূড়ান্ত করা হয়েছে

এর আগে স্মারকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে (৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত) প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইল (jahida.net@gmail.com) ঠিকানায় পাঠানো হবে।

এর মধ্যে রয়েছে উপজেলা, থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ ইত্যাদি তথ্য।

৪ দিনে ইসিতে ৪৬৯ আপিল

নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে গত চার দিনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, শুক্রবার আপিলের সময় শেষ হবে। এরপর শনিবার থেকে শুরু হবে আপিল শুনানি। প্রতিদিন ৭০টি আবেদনের শুনানি করবে ইসি।

জানা যায়, প্রথমদিন ৪২, দ্বিতীয় দিন ১২২, তৃতীয় দিন ১৩১টি ও চতুর্থ দিন গতকাল বৃহস্পতিবার ১৭৪টি আবেদন জমা পড়েছে। ইসিতে দায়ের করা আপিলের শুনানি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিলো সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলতি আসরে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। ১৮০ রানের লড়াকু পুঁজি সংগ্রহের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় তুলে নেয় সিলেট টাইটান্স। এটি সিলেটের আট ম্যাচে চতুর্থ জয়, বিপরীতে ছয় ম্যাচে ঢাকার এটি চতুর্থ হার।

বৃহস্পতিবার সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে সিলেট টাইটান্স।

তবে সিলেটের ইনিংসের দৃশ্যপট বদলে দেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ১৮ ওভার শেষে দলটির সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৫ রান। তবে ১৯তম ওভারে নাসির হোসেনের ওপর রীতিমতো তাণ্ডব চালান মঈন।

সেই ওভারে তিন ছক্কা ও দুই চারে তিনি তোলেন ২৮ রান। মাত্র ৮ বলে ২৮ রানের এই ঝড়ো ক্যামিওতে ভর করেই ১৮০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সিলেট। এ ছাড়া আরিফুল হক ৩৮, আজমতউল্লাহ ওমরজাই ৩৩ ও পারভেজ ইমন ৩২ রান করেন।

ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জিয়াউর রহমান, ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া ইমাদ ওয়াসিম ও নাসির হোসেন একটি করে উইকেট শিকার করেন।

তবে বড় লক্ষ্য তাড়ায় ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ। ১১ বলে ২৪ রান করে মামুন ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার গুরবাজ করেছেন ৫১ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাসির হোসেন। ৭ বলে ৩ রান করেন তিনি। চারে নেমে ব্যর্থ শামিম হোসেন। সাজঘরে ফেরেন এক রানে। এরপর সাইফ হাসান, সাব্বির রহমানরা ভালো শুরু পেলেও প্রয়োজনীয় রান রেট অনুযায়ী রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি ঢাকা।

সিলেটের বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালমান ইরশাদ। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। মঈন আলী বল হাতেও কার্যকর ছিলেন, ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

ক্রিকেটারদের নিরাপত্তা-দেশের মর্যাদার প্রশ্নে আপস করব না : আসিফ নজরুল

হঠাৎ করেই গত পরশু মধ্যরাতে খবর ছড়িয়ে পড়ে যে ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া বাংলাদেশকে নিজেদের অনমনীয় অবস্থানের কথা জানিয়েছে আইসিসি। বিশ্বকাপ খেললে ভারতে গিয়েই খেলতে হবে, না হলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে রাত পেরোতেই ইএসপিএন-ক্রিকইনফোর করা সেই প্রতিবেদনের দাবি নাকচ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসিকে বোঝানোর অপেক্ষায় বিসিবিএর মধ্যেই জানা যায়, বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালকদের সঙ্গে বৈঠকে বসতে পারেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

শেষ পর্যন্ত বিসিবিতে না গেলেও তাঁর সঙ্গে দেখা করতে মন্ত্রণালয়ে যান বিসিবি সভাপতি ও পরিচালকরা। বৈঠক শেষে যে সারসংক্ষেপ উঠে এসেছে সেটি হচ্ছে, ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের পাঠানো ই-মেইলের জবাবে আইসিসি যে প্রতিক্রিয়া জানিয়েছে, এর উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, গত রাত কিংবা আজ সকালের মধ্যেই আইসিসিকে উত্তর পাঠানো হবে।

সেখানে ভারতের সার্বিক পরিস্থিতি যে বাংলাদেশের জন্য নিরাপদ নয়, সেটি পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করা হবে। বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা আইসিসি থেকে যে চিঠি পেয়েছি, সেটি পড়ে আমার মনে হয়েছে, ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যে গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, সেটি তারা পুরোপুরি অনুধাবন করতে পারেনি। আমার কাছে বিষয়টি শুধু নিরাপত্তার নয়, জাতীয় মর্যাদার প্রশ্নও। তবে আমরা নিরাপত্তা ইস্যুকেই প্রাধান্য দিচ্ছি।

একই সঙ্গে ভারতের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে আসিফ নজরুল বলেন, ‘যখন ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেরাই বলছে, কলকাতা নাইট রাইডার্সের এই খেলোয়াড়কে (মুস্তাফিজুর রহমান) নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এবং তাকে দল থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, তখন তো পরিষ্কার বোঝা যায় যে সেখানে নিরাপদ পরিবেশ নেই।’ আইসিসিকে নিজেদের অবস্থান বোঝাতে পারার ব্যাপারে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা। তাঁর কথা, ‘আমরা ভারতে বড় পরিসরের সাম্প্রদায়িক পরিস্থিতির কথা তুলে ধরতে চাই না। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করব না। আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চাই।

তিনি আরো জানান, আইসিসি যদি বাংলাদেশের প্রস্তাব গ্রহণ না করে, তবে সে পরিস্থিতি তখন বিবেচনা করা হবে। আপাতত মূল লক্ষ্য আইসিসিকে বোঝানো, ‘আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাব। আমাদের অবস্থানের মূলনীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদা। এখানে আমরা আপস করব না। কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তারপর পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও একই সুরে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আইসিসিকে আমাদের অবস্থান ব্যাখ্যা করব। আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিরাপত্তা ইস্যু এসেছে। হাইব্রিড মডেলে বিশ্বকাপ আয়োজনের মূল কারণই তো নিরাপত্তা। আশা করি, আমাদের যুক্তিগুলো আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারব।’

ঢাকায় গোপন আইফোন কারখানার সন্ধান, চীনা নাগরিকসহ তিনজন গ্রেপ্তার

চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে সেখানে ভুয়া আইফোন সংযোজন করে তা স্থানীয় বাজারে সরবরাহ করা হতো।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় বছর ধরে চলা এ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, আইফোনের যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

তিনি বলেন, গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টি আইফোনসহ একজনকে এবং নিকুঞ্জ-১ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোনসহ দুইজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় অবৈধ মোবাইল ফোন ছাড়াও আইফোনের বিভিন্ন পার্টস, সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি আইফোনের বিভিন্ন পার্টস আলাদাভাবে বিদেশ থেকে অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে। সেখানে যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসেবে বাজারে বিক্রি করা হতো।

তিনি আরো জানান, প্রায় দেড় বছর ধরে এই চক্রটি তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল এবং এ সময়ে বিপুল পরিমাণ ভুয়া আইফোন বাজারে সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চক্রটির সঙ্গে কোনো বাংলাদেশি জড়িত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

এ সময় ডিবি কর্মকর্তা সাধারণ জনগণকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কম দামে ‘অরিজিনাল আইফোন’ বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনুমোদিত ও অফিশিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।