মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

আজ তারেক রহমান বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমান আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্বের খ্যাতিমান অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি যমুনা এলাকায় অনুষ্ঠিত হবে।

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে ইসরানের সরকারি প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন।

গতকাল বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।”

এর আগের দিন মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জনতাকে ইরানের জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল করার নির্দেশনা দিয়ে সেই বার্তায় ট্রাম্প বলেছিলেন “ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এসব নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা-মেইক ইরান গ্রেট এগেইন)।”

পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানে বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত কতজন নিহত হয়েছেন— সে সম্পর্কিত নির্ভরযোগ্য কোনো তথ্য এখনও পায়নি মার্কিন প্রশাসন, তবে নিহতদের সংখ্যা যে অনেক উচ্চ— এ ব্যাপারে তিনি এবং তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা ওয়াকিবহাল।

ঋণখেলাপি বহাল মঞ্জুরুল আহসান মুন্সী

আপিল বিভাগের চেম্বার আদালতেও হতাশ হতে হলো কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে। ঋণখেলাপি হিসেবেই তাকে বহাল রাখলো এই আদালত। ফলে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে এখনও তার পথ খুলেনি।

বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন। এবং মামলার রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেয়া হয়েছে।

তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, তিনি ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন।

এর আগে, গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এই আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রতিদ্বন্দ্বী এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ বসছে পে-কমিশন, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ যা থাকছে আলোচনায়

নবম জাতীয় পে-স্কেল নিয়ে ফের সভায় বসতে যাচ্ছে পে-কমিশন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

আলোচনায় সদস্যরা একমত পোষণ করলে এ বিষয়গুলো চূড়ান্ত হতে পারে।

পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা শুরু হবে।

সভায় সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন ছাড়াও গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে। আলোচনায় যে বিষয়গুলোতে ঐক্যমতে পৌছানো যাবে কমিশন সেগুলো চূড়ান্ত করবে।

পে-কমিশনের এক সদস্য বলেন, কমিশন কেবল সুপারিশই জমা দেবে না। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করবে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্কই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হবে।

স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী

কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কে এম ফজলুল মন্ডলের করা আপিলের পর তার স্ত্রী, বাংলাদেশ সুপ্রিম পার্টি–সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে কে এম ফজলুল মন্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) রিটার্নিং কর্মকর্তার আগে দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়নপত্রের সিদ্ধান্ত বাতিল করে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে স্বামী-স্ত্রী দুজনই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।

একই সংসদীয় আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি এবং ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়।

এ বিষয়ে কে এম ফজলুল মন্ডলের দাবি, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগমের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আইনি দৃষ্টিতে কে এম ফজলুল মন্ডল এখনো তার স্বামী।

দীর্ঘদিন ধরে মনোমালিন্য থাকলেও তাদের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বহাল রয়েছে। জানা যায়, সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় শেফালী বেগমের মনোনয়নপত্র বাতিলের জন্য ইসিতে আবেদন করেন স্বামী কেএম ফজলুল মন্ডল।

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা বলছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে চলে যাওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট পেপার মুদ্রণের ক্ষেত্রে সরকারি গেজেটে প্রকাশিত প্রতীকগুলোর নির্ধারিত ক্রম ও ধারাবাহিকতা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

ধানের শীষ প্রতীক ব্যালটের ভাঁজে পড়ে যাওয়া প্রসঙ্গে সচিব বলেন, ‘ইট ইজ আ মিস, আমি (এখনই বিস্তারিত) বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়।

তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। এখনো পাঠানো হয়নি এমন ব্যালটগুলো সংশোধন করার দাবি জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘এটি নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্যে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। সর্বশেষ ক্রিকেটারদের বেতন নিয়ে মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েছেন ক্রিকেটাররা।

এ পরিস্থিতিতে তার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি জানিয়েছে, আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানিয়েছেন, ‘যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।’

এর আগে বিকেলে করা নাজমুলের মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।’

বিবৃতিতে বিসিবি আরও জানায়, ‘ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড আবারও পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান থাকবে।’

বুধবার বিকেলে বিশ্বকাপ না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

নাজমুল আরও বলেছিলেন, ‘(ক্ষতিপূরণ চাওয়া) এই প্রশ্ন তুলতেই পারবে না। কারণ হচ্ছে, আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি? প্রতিবারই তো বলতে পারি, তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করেছি নিতে থাকি। ফেরত দেও।’

পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিক নিয়ে নাজমুল জানান, ‘ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, পারফরম্যান্স বেইজড। আমার একার সিদ্ধান্তে হবে না। বোর্ডের সিদ্ধান্তে হবে। বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অব ভিউ হতেই পারে। কথা যেহেতু আসছে, সামনে এমন হতেই পারে। আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করছেন। আমি ২৫ জনের একজন, তবে আমিই ২৫ জন না।’

‘না’ কে ‘হ্যাঁ’ করানোর চেষ্টা আইসিসির, যা বলল বিসিবি

বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার স্পষ্টভাবে পড়েছে ক্রিকেট অঙ্গনেও। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট জটিল পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও সংবেদনশীল করে তোলে, যার রেশ গিয়ে লাগে ক্রিকেটে। এর ফলে নিরাপত্তা ও পরিবেশগত শঙ্কা সামনে এনে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই অবস্থান থেকে বিসিবিকে সরাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। মঙ্গলবার দুপুরে আইসিসির সঙ্গে বিসিবির এক ভিডিও বৈঠক অনুষ্ঠিত হলেও সেখান থেকে কোনো কার্যকর সমাধান বেরিয়ে আসেনি। বরং বিসিবি আবারও তাদের সব ম্যাচ ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে আইসিসিকে অনুরোধ জানানো হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন করার জন্য। অন্যদিকে আইসিসি চায়, বিসিবি যেন তাদের অবস্থান নতুন করে ভাবনা-চিন্তা করে।

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় স্থান পরিবর্তন করা কঠিন—এমন বক্তব্য দিয়েছে আইসিসি। তবে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছে। বিসিবি জানিয়েছে, তারা খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং এ বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। হাতে সময় কম থাকায় এই সংকট কীভাবে সমাধান হবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারত ক্রিকেট খেললেও সাম্প্রতিক কিছু ঘটনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের উদ্বেগকে যদি সম্মানের সঙ্গে বিবেচনা করা হয় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি হবে না—এমন নিশ্চয়তা পাওয়া যায়, তাহলে আলোচনার মাধ্যমে খেলার পথ খোলা থাকতে পারে।

আরেক সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দ্বন্দ্বে না গিয়ে সমঝোতার পথ খোঁজাই উত্তম। পারস্পরিক ছাড় ও ভারসাম্যের মাধ্যমেই এমন জটিল পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

ভিডিও বৈঠকে অংশ নেওয়া বিসিবির এক পরিচালক জানান, আলোচনা ছিল ইতিবাচক। আইসিসি তাদের ভারতে খেলার যৌক্তিকতা ব্যাখ্যা করেছে, আর বিসিবি নিরাপত্তা সংশ্লিষ্ট শঙ্কাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছে। আলোচনা এখনো চলমান এবং আশাবাদের জায়গা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

এই সংকটের সূত্রপাত ঘটে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায়। কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে সরিয়ে দিলে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এর জেরে তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা কমিটি বিসিবির সামনে তিনটি শর্ত দিয়েছে, যার একটি হলো—মোস্তাফিজকে বাদ দিয়েই ভারতে গিয়ে খেলতে হবে। বিসিবির মতে, এসব শর্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একটি দল বেহেস্তের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে: রুমী

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, একটা দলের লোক আমাদের মেয়েদের কাছে বাড়ি বাড়ি গিয়ে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলছে, এই খানে একটা ভোট দিবেন, বেহেস্তে পাঠায় দিবনে। অথচ স্বয়ং নবী (সঃ) বলেছেন বেহেস্তে পাঠানোর ক্ষমতা আমার নেই। বেহেস্তের মালিক আল্লাহ। তো এখানে এই সব কাঠ মৌলবিদের কোথা থেকে ক্ষমতা আসলো? এটা আল্লাহর সাথে প্রতারণা, নবীর সাথে প্রতারণা, ইসলামের সঙ্গে প্রতারণা, ধর্মের সঙ্গে প্রতারণা, জনগণের সঙ্গে প্রতারণা। এই প্রতারণায় দায়ে তাঁরা জ্বলে পুড়ে খান খান হয়ে যাবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর কয়া বাজার এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে ফেসবুকে খুচায়তেছেন। বিএনপি ছিল বলেই এই দল এখনও ঠিকে আছে, এই দেশ এখনও ঠিকে আছে। বিএনপি না থাকলে আপনার অস্তিত্ব থাকতো না। যে কলের মধ্যে আপনি পড়েছিলেন। যাইহোক আমাদের দেশের সেনাবাহিনী ভাল। তাই আপনাকে সেফটি পৌছে দিয়েছেন। আপনার মত লোককে পৌছে দিয়ে অন্তত দেশের লোককে বাঁচায়ছে। আমি এটুকু বলতে চাই। হাসিনার সাজা হবে। আওয়ামী লীগের অন্য নেতারা যাঁরা অপরাধ করেছে। তাঁদেরও সাজা হবে।

রুমী আরও বলেন, জাতীয়তাবাদী দল আমাকে নমিনেশন দিয়েছে। সেই দলের প্রতিনিধি হয়ে এই টুকু বলতে চাই আপনাদের কাছে, আমার ভুলত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দিবেন। ১২ তারিখে ভোটের দিন মা বোনদের সাথে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দিবেন। তরুণ তরুণীর প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। প্রবাসীদেরও ফোন করে ধানের শীষে ভোট দিতে বলবেন।

এসময় দোয়া মাহফিলে কয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটি’র সাবেক সভানেত্রী অধ্যাপক সৈয়দ ফাহিমা বানু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমূখ।

আ.লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন— ভোলাহাট ১নং (ভোলাহাট) ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে শামিল হন।

যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে তারা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুনদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।