রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

মাত্র ২০ হাজার টাকায় দেশে ফিরবেন সৌদিতে কর্মরত বাংলাদেশি কর্মীরা

প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা, যা প্রবাসী কর্মীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাতকে আরো সহজ ও সাশ্রয়ী করবে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বাংলাদেশ বিমান (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) আর্থিকভাবে উল্লেখযোগ্য লাভের মুখ দেখবে।

তিনি বলেন, ‘বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে।’

তিনি জানান, ‘এই বিশেষ ব্যবস্থায় মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০,৫০০ টাকা। মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২,০০০ টাকা।

বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত এবং বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে কার্যকর হবে ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে পদক্ষেপটি গ্রহণের জন‍্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরো সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘অতীতে দেখা গেছে প্রবাসীদের সুবিধা বিবেচনায় অনেক ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও সঠিক পরিচর্যার অভাবে কিছুদিন পর তা মুখ থুবড়ে পড়েছে।
তাই খেয়াল রাখতে হবে এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকর থাকে।’

এবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৭ হাজার ৪০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রংপুর যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন-এটি আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, ‘দলের প্রধানের রংপুর আগমনকে কেন্দ্র করে পুরো জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কালেক্টরেট মাঠে জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। তারেক রহমান এ জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

নির্বাচনী প্রচারণায় আজ ফেনী যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শুক্রবার ফেনী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া আজ লক্ষ্মীপুর ও কুমিল্লার তিন জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর ফেনী শাখা এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় আজ যোগ দেবেন জামায়াত আমির। এই জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরো একাধিক নেতা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

এ সময় জানানো হয়, জামায়াতের আমির ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরশুরামে সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় এবং দাগনভূঞায় পথসভায় বক্তব্য দেবেন। ফেনী থেকে ডা. শফিকুর রহমান আজ বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পরে রাতে তিনি কুমিল্লায় অবস্থান করবেন।

পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা, এরপর দুপুর ১২টায় নিমসার ও দুপুর ২টায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি।
বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১১ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

সংসদ নির্বাচন : ব্যবহার করা যাবে যে মাপের ব্যানার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যানার ব্যবহারের বিষয়ে স্পষ্টীকরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অনধিক ১০ ফুট বাই ৪ ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে বলে ইসির নির্দেশনায় বলা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করেছে।

(১) হরাইজন্টাল (আনুভূমিক) ও ভার্টিকাল (উলম্ব), যেভাবেই হোক, অনধিক ১০ (দশ) ফুট বাই ৪ (চার) ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরামের একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন। গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকটির প্রতিনিধিদলে চীনের প্রখ্যাত শিক্ষাবিদ, বিনিয়োগকারী, বায়োমেডিক্যাল, অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধি এবং শিল্পনেতারা অন্তর্ভুক্ত ছিলেন।

বৈঠকে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অব মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিকেল বিজ্ঞানী সিন-ইউয়ান ফু অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শিক্ষাবিদদের সঙ্গে যৌথভাবে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে ‘ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজি’র পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ড্রু জিলং ওং এবং ‘ওয়ালভ্যাক্স বায়োটেক (সিঙ্গাপুর)’-এর ব্যবস্থাপনা পরিচালক ইউচিং ইয়াও বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা ও আগ্রহের কথা জানান। অন্তত ২২টি দেশে টিকা রপ্তানি করা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয়ভাবে পিসিভি ও এইচপিভি টিকা উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখছে।
যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ায়তেও তাদের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিনিধিদলে আরো ছিলেন সিঙ্গাপুর রোবটিকস সোসাইটির সহসভাপতি জিনসং ওয়াং, ফোর্ডাল ল ফার্মের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইউয়ান ফেং, বেইজিং উতং অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক লি রান, চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রকল্প বিষয়ক সহসভাপতি গাও ঝিপেং, চায়না হুনান কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপের বিনিয়োগ পরিচালক শু তিয়ানঝাও, চায়না সিসিসি ইঞ্জিনিয়ারিং গ্রুপের সহ-সভাপতি হুয়া জিয়ে, পাওয়ার চায়না ওভারসিজ ইনভেস্টমেন্ট গ্রুপের বৈদেশিক বাজার বিষয়ক মহাব্যবস্থাপক চেন শুজিয়ান, ইউনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মা শিয়াওইউয়ান এবং চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরামের মহাসচিব অ্যালেক্স ওয়াং জেকাই।

চীনা প্রতিনিধিদলটি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৈঠকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মাইক্রোক্রেডিট আন্দোলনের সূত্র ধরে চীনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, চীনের প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি মানুষের জীবনে পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। পরে সেই ধারণা অনুসরণ করে চীন নিজস্ব কর্মসূচি চালু করে।

গত বছরের মার্চে চীন সফরের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ওই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, আমার বই তিনি পড়েছেন এবং নীতিগুলো অনুসরণ করেছেন, যা আমার জন্য আনন্দের মুহূর্ত ছিল।

শিগগির নতুন সরকার দায়িত্ব নিলেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন, তবে বাংলাদেশ ও চীনের মধ্যকার কাজ চলমান থাকতে হবে।

স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয় বৈঠকে। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, স্বাস্থ্য খাতই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসক ও রোগীর সংযোগ, চিকিৎসা ইতিহাসের ডিজিটাল সংরক্ষণ এবং সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য। পাশাপাশি, ওষুধ খাতে সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

অধ্যাপক ইউনূস জানান, অল্প খরচে উৎপাদিত ওষুধ উচ্চমূল্যে বিক্রি হয়, এ অবস্থা বদলাতে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া সামাজিক ব্যবসাভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাঁরা।

কভিড-১৯ মহামারির সময় পেটেন্টমুক্ত টিকার পক্ষে বাংলাদেশের অবস্থানের কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, মানুষ মারা যাচ্ছিল, অথচ কেউ কেউ লাভ করছিল, এটা লজ্জাজনক। এ সময় উত্তরাঞ্চলে ‘হেলথ সিটি’ গড়ার ভাবনার কথাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, সেখানে ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ, গবেষণা কেন্দ্র, টিকা উৎপাদন ও ওষুধশিল্পসহ স্বাস্থ্যসংশ্লিষ্ট সব কার্যক্রম এক জায়গায় গড়ে তোলা হবে। এতে প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানের মানুষও উপকৃত হতে পারবেন।

বৈঠক শেষে অধ্যাপক ইউনূস ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবকে ফেরাতে চায় বিসিবি

দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার পথে সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই তাকে আবার মাঠে ফেরানোর পরিকল্পনা করছে।

আগস্ট ২০২৪ সালের পর থেকে দেশে না ফেরা সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে আগ্রহী থাকলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। পাকিস্তান ও ভারত সফরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।
অবসর ঘিরে যে আলোচনা চলছিল, তা-ও শেষ পর্যন্ত অনিশ্চয়তায় পড়ে।

বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, সাকিবের জন্য আলাদা করে কোনো বিদায়ি সিরিজ আয়োজনের চিন্তা আপাতত নেই। বরং বোর্ড চায়, পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি আরো কিছু সময় জাতীয় দলের হয়ে খেলুন।

এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।
আমরা আশাবাদী, মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে পাওয়া যাবে।’

সম্প্রতি আরেকটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব নিজেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘আমি এখনো চাই, একটি সিরিজ ভালোভাবে খেলে অবসর নিতে। সে কারণেই আমি এখনো ক্রিকেট খেলছি।
একটা সিরিজ শেষ করে অবসর নিতে পারলে সেটাই আমার কাছে সঠিক মনে হবে।’

২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবের প্রত্যাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর নিশ্চিত করেন, বিষয়টি বাস্তবায়নে সরকারকেও যুক্ত করা হয়েছে।

সূচি অনুযায়ী, মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
এই সিরিজ দিয়েই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হতে পারে বলে মনে করছে বিসিবি।

মিমিকে প্রকাশ্যে মঞ্চে হেনস্তা, গ্রেপ্তার সেই যুবক

মিমি চক্রবর্তীকে প্রকাশ্যে মঞ্চে হেনস্তাকারী যুবককে বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার মিমির করা অভিযোগের ভিত্তিতেই বনগাঁ থানার পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে।

গত ২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্তা ও অপমানের অভিযোগ উঠেছিল।
মিমি চক্রবর্তী শ্রী তনয় শাস্ত্রীর নামে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মিমি জানিয়েছেন, যে দোষ করে, সে শাস্তি পাবে। আর এতদিন ধরে আমার যে হেনস্তা হচ্ছিল, আমার নামে বারবার মিথ্যা অপবাদ দেওয়া, প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা মিডিয়ায়।

সেটা জ্বলজ্বল করে প্রত্যেকটা জায়গায় ধরে তুলছে। চুপ থাকার তো একটা সীমা থাকে তাই না! আর একটা মেয়ে হেনস্তা হচ্ছে, সেটাকে গুরুত্ব না দিয়ে, সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা মিথ্যা অপবাদ দিয়ে যে আমি লেট করেছি।
মিমির বিরুদ্ধে ওঠা দেরি করে অনুষ্ঠানে যাওয়ার অভিযোগ নিয়ে বলতে গিয়ে, মিমি বলেন, আমি ক্যারিয়ার শুরু করেছি প্রায় ২০১০-এর আগে থেকে।

ইন্ডাস্ট্রিতে কেউ, কখনো বলতে পারবে না যে আমি পাঁচ মিনিট দেরি করে এসেছি। বরং দশ মিনিট, পনেরো মিনিট আগে ঢুকে যাই প্রত্যেকটা জায়গায়। আজকে একটা মেয়ে হেনস্তা হয়েছে, সেটাকে পেছনে রেখে যদি মিথ্যা প্রচার করে কেউ, তাহলে তার তো এটাই হবে। আর আমি এটাই বলতে চাই, এটা শেষ নয়, এটা শুধু শুরু। আমি এটার শেষ দেখব বলেছিলাম, আমি এবার এটার শেষ নিশ্চয়ই দেখব।
রবিবার বনগাঁর নয়াগ্রামে একটি অনুষ্ঠান ছিল মিমি চক্রবর্তীর। উদ্যোক্তা নয়াগোপাল গুঞ্জ যুবক সঙ্ঘ ক্লাব। রাত পৌনে ১২টায় স্টেজে উঠেছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন। মিমির গানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি। অভিযুক্ত তনয় শাস্ত্রী ক্লাবেরই কর্মকর্তা বলে জানা গিয়েছে। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি।

নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো : প্রেসসচিব

বিগত বছরগুলোর চেয়ে এ বছর এখনো নির্বাচনের পরিবেশ ভালো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চার জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রেসসচিব শফিকুল আলম।

বিগত সরকারের আমলে হওয়া নির্বাচনগুলোর চেয়ে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো জানিয়ে প্রেসসচিব বলেন, ২০১৪ সালের আগে নির্বাচনে সহিংসতায় ১১৫ জন নিহত হয়েছেন। সেই হিসেবে নির্বাচনী পরিবেশ ভালো। রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলেও দাবি করেন তিনি।

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনা সরকার পর্যবেক্ষণ করছে বলে জানান উপ প্রেসসচিব আজাদ মজুমদার।

তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতারের কাজ করছে পুলিশ। সেইসঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনো বাধা থাকল না। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এই আদেশ দেন বিচারক।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে গত বুধবার পরীক্ষার্থীদের পক্ষে রিটটি করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

পিএসসি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।