রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

দেশের বাজারে আজ শনিবার (৩১ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ৪ হাজার ৬৩৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকায়।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ২৯ জানুয়ারি সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৪ দফা।

আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আইআরএস ও মার্কিন ট্রেজারির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস) ও কোষাগার (ট্রেজারি) বিভাগের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন।

তাঁর অভিযোগ, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তাঁর করসংক্রান্ত গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়া ঠেকাতে ফেডারেল সংস্থাগুলো ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বাদী হিসেবে রয়েছেন ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ট্রাম্প অর্গানাইজেশন।

মামলার নথিতে বলা হয়েছে, ট্রাম্প ও ট্রাম্প অর্গানাইজেশনের গোপন কর নথি ফাঁসের ফলে ‘সুনাম ও আর্থিক ক্ষতি, জনসমক্ষে বিব্রতকর পরিস্থিতি, ব্যবসায়িক সুনাম অন্যায়ভাবে ক্ষুণ্ন হওয়া, ভ্রান্তভাবে উপস্থাপিত হওয়া এবং প্রেসিডেন্ট ট্রাম্পসহ অন্যান্য বাদীর জনসমর্থনে নেতিবাচক প্রভাব পড়েছে।’

২০২৪ সালে ওয়াশিংটন ডিসিভিত্তিক সাবেক আইআরএস ঠিকাদার চার্লস এডওয়ার্ড লিটলজন যিনি প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান বুজ অ্যালেন হ্যামিলটনে কাজ করতেন দোষ স্বীকার করার পর পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি ট্রাম্পসহ অন্যদের করতথ্য সংবাদমাধ্যমে ফাঁস করেছিলেন।

‘চ্যাজ’ নামে পরিচিত লিটলজন ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে দ্য নিউ ইয়র্ক টাইমস ও প্রোপাবলিকা-কে এসব তথ্য দেন। প্রসিকিউটররা জানান, আইআরএসের ইতিহাসে এ ধরনের তথ্যফাঁস ছিল ‘অতুলনীয়।’

এই ফাঁস আইআরএস কোড ৬১০৩ লঙ্ঘন করেছে, যা ফেডারেল আইনের অন্যতম কঠোর গোপনীয়তা বিধান।

২০২০ সালে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে জানায়, ২০২০ সালের আগে বহু বছর ট্রাম্প ফেডারেল আয়কর পরিশোধ করেননি। ২০২১ সালে প্রোপাবলিকা ট্রাম্পের কর নথিতে অসামঞ্জস্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। পরে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটি ট্রাম্পের ছয় বছরের কর রিটার্ন প্রকাশ করে।

ট্রাম্পের মামলায় বলা হয়েছে, সংবাদমাধ্যমে এসব তথ্য ফাঁস ‘বাদীদের সুনাম ও আর্থিক ক্ষতি করেছে এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ভোটারদের সমর্থনে নেতিবাচক প্রভাব ফেলেছে।’

লিটলজন ট্রাম্প ছাড়াও জেফ বেজোস ও ইলন মাস্কসহ আরও কয়েকজন শীর্ষ ধনকুবেরের কর নথি চুরি করেছিলেন।

এই মামলার আগেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ঘোষণা দেয়, তারা বুজ অ্যালেন হ্যামিলটনের সঙ্গে থাকা চুক্তি বাতিল করেছে। কারণ, ওই প্রতিষ্ঠানে কর্মরত লিটলজন দেশের হাজারো ধনকুবেরের প্রেসিডেন্টসহ করতথ্য সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগে অভিযুক্ত হয়ে পরে কারাবন্দি হন।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, প্রতিষ্ঠানটি ‘সংবেদনশীল তথ্য বিশেষ করে আইআরএসের সঙ্গে চুক্তির আওতায় প্রাপ্ত গোপন করতথ্য সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস, ট্রেজারি ডিপার্টমেন্ট ও আইআরএসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সরকার গঠন করলে কৃষি ঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করলে কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হবে।

রংপুর অঞ্চলসহ সারাদেশের সকল এনজিও ঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

রংপুরকে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে অভিহিত করে তিনি বলেন, রংপুরকে সত্যিকারের উন্নয়নের পথে নিয়ে যেতে হলে সঠিক নেতৃত্ব প্রয়োজন। আর সেই নেতৃত্ব আমরা দিতে প্রস্তুত।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, রংপুর বিভাগকে কৃষিজাত পণ্যের শিল্পকেন্দ্রে পরিণত করা হবে।

বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে সবাই ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আইটি কোম্পানির ক্ষেত্রে করের ছাড় দেওয়া হবে।

শহীদ আবু সাঈদের জন্মস্থান পীরগঞ্জে কয়লা খনির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এই কয়লা দিয়ে আমরা অনেক উন্নয়ন করতে পারব।

রংপুরের সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। আমরা আবু সাঈদের স্বপ্ন পূরণ করব। তার আত্মত্যাগ বৃথা যাবে না।

দেশের নারী ও কৃষকদের সহায়তার বিষয়ে তিনি বলেন, নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সকল মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।

কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। সকলের হাতে সহযোগিতা পৌঁছাবে। প্রত্যেক কৃষকের হাতে একটি ফসলের বীজ পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে বিএনপিকে নির্বাচিত করতে হবে। এই অঞ্চলের উন্নয়ন করবে; এমন প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

এ সময় সকলের সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সহযোগিতা খুবই দরকার। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা রংপুরকে বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত অঞ্চলে পরিণত করব।

এর আগে সন্ধ্যা ৬টায় পীরগঞ্জের জাফর পাড়ায় ২৪ এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর – ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিভাগীয় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় বিভাগীয় নেতারা।

ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ব্যালট ভোট ছাড়াই ফেরত এসেছে। শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট-সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট ভোটারের হাতে পৌঁছেছে। ভোটাররা ৪ লাখ ৫৪ হাজার ৮৭২টি ব্যালটে ভোট দিয়েছেন। পরে সেগুলো থেকে ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ব্যালট ডাকযোগে ফেরত এসেছে।

ইসি জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে সরবরাহ করতে না পারায় ১১ হাজার ২২৬টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।

দেশে ও দেশের বাইরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন প্রবাসী।

আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ বছর পর আজ শনিবার টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে দুই জেলাতেই নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তিনি দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকাল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় মুখিয়ে আছেন টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম রাজনৈতিক জনসভা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপি নিয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভাস্থল নির্ধারণ ও একাধিকবার পরিদর্শনের পাশাপাশি নেতাকর্মীদের দিকনির্দেশনায় সার্বিক তদারকি করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

সমাবেশস্থলে শতাধিক মাইক, বড় মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ২টা (৬ ঘণ্টা) পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আগে ২৪ জানুয়ারি ৬ ঘন্টা বিদ্যুৎ ছিল না এ এলাকায়।

পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

এ কারণে উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

মতলব উত্তরের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, এখলাপুর ইউনিয়ন, জহিরাবাদ ইউনিয়ন, গজরা ইউনিয়ন, ষাটনল ইউনিয়ন, কালিপুর ইউনিয়ন, ফরায়জিকান্দি ইউনিয়ন, আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, ইসলামাবাদ, দূর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকা।

বিদ্যুৎ বন্ধের ফলে সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এম. ডি. ওয়াহিদুজ্জামান এ বিষয়ে প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিএনপি ও জামায়াতের আজকের কর্মসূচি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।

তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শনিবার (৩১ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রেসক্লাবের জহুর হোসেন অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৩টায় ‘নারীর ভোট ও ভবিষ্যতের রাষ্ট্রে কর্মজীবী নারীর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বেইলি রোডে অফিসার্স ক্লাবে সকাল ১০টায় ‘জাকাত ফেয়ার ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিএনপির কর্মসূচি

মিরপুর-১৪-তে উঠান বৈঠকে বিকেল ৩টায় ভাষানটেকের নারী প্রতিনিধি ও স্থানীয় নেতারা অংশগ্রহণ করবেন।

এদিকে, বেলা ১১টা থেকে গেন্ডারিয়া থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

জামায়াতের কর্মসূচি

বিকেল ৪টায় গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে; তা আর এদেশের জনগণ দেখতে চায় না। মেধা ও যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন।’

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশে সবচেয়ে মজলুম দলের নাম জামায়াত। বিচারের নামে আর কোনো দলের সিনিয়র নেতাদের খুন করা হয়নি, অফিস তালা মেরে রাখা হয়নি, নিবন্ধন কেড়ে নেওয়া হয়নি, নিষিদ্ধ করা হয়নি। এগুলো চলেছে জামায়াতে ইসলামীর ওপর। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্ট আল্লাহ তাআলার এক অশেষ নেয়ামত। আমরা প্রতিশোধপরায়ণ হব না ঘোষণা দিয়েছিলাম। তবে ভিকটিম পরিবার আইনি লড়াই করলে আমরা সহযোগিতা করব। আমরা জুলাই শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, তাদের দুঃখের ভাগ নিয়েছি।
জুলাই শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা এই ময়দানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি।

চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি—কেউই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। আমরা চাই না আবার চাঁদাবাজি ফিরে আসুক, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসুক। এ জন্য জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের অস্তিত্ব রাখব না।

‘বিগত সময়ে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও দেশ ছাড়িনি’ বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব ইনশাআল্লাহ। আমরা মজলুম ছিলাম, মজলুমের দুঃখ আমরা বুঝি। এ জন্য আমরা কখনো জালিম হব না।

দেশব্যাপী নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, আর যদি কোনো মা-বোনের গায়ে হাত দেওয়া হয় তাহলে আমরা তাদের ছেড়ে কথা বলব না। মা-বোনরা কোনো জুজুর ভয় পাবেন না। কোনো ভয়-ভীতিতে থেমে যাবেন না। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিন।

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দেব না। যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে সম্মানের জায়গায় বসাব।

সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, মিডিয়া জাতির চোখ, জাতির দর্পণ। কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন, কেউ যেন দুর্নীতির পক্ষে না থাকেন। আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকেন। কিছু মিডিয়া হাউজ নিয়ে কথা হচ্ছে। তাদেরকে বলব আপনারা নিউজ ঘুরিয়ে দিয়েন না, সত্যটা তুলে ধরেন।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেত্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধান।

এ সময় কুমিল্লা ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল, ৩ আসনের প্রার্থী ইউসুফ সোহেল, ৫ আসনের প্রার্থী ড. মোবারক হোসেন, ৮ আসনের প্রার্থী ড. শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি হলো মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল। আমরা মুক্তিযোদ্ধাদের দল। এই দলটি প্রতিষ্ঠা করেছেন এদেশের স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন।

তিনি বলেন, আজ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নতুন রূপে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছে। তারা দাবি করছে—তাদের দলে একজন মুক্তিযোদ্ধা যোগ দিয়েছেন এবং আরো কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে।
বাস্তবে এসব দাবি জনগণকে বিভ্রান্ত ও প্রতারণা করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই এক পরিচয়ে বাংলাদেশি এবং সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকারভোগী—এটাই বিএনপির অঙ্গীকার। সব ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বিএনপিই গণমানুষের দল, যারা বাংলাদেশের পক্ষে নীতি, কর্মসূচি, ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনীতি করে।

জনসভায় জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

৫ সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে স্বপ্নের ফাইনালে জোকোভিচ

বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে হারিয়ে স্বপ্নের পথে ২৪টি গ্র‍্যান্ড স্লামজয়ী কিংবদন্তি নোভাক জোকোভিচ। এই জয়ে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের সঙ্গে এক ব্লকবাস্টার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল নিশ্চিত করেন তিনি। এর আগে আলকারাজ নিজেও আলেকজান্ডার জ্ভেরেভের সঙ্গে পাঁচ সেটের কঠিন লড়াইয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছান।

৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা বয়সকে জয় করে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার লক্ষ্যে এগিয়ে থাকার স্বপ্ন জিইয়ে রাখেন।
রড লেভার অ্যারেনায় ৪ ঘণ্টা ৯ মিনিটের এক ম্যারাথন ম্যাচে তিনি ইতালিয়ান সিনারকে ৩–৬, ৬–৩, ৪–৬, ৬–৪, ৬–৪ ব্যবধানে পরাজিত করেন।

ম্যাচ শেষে কোর্টে হাঁটু গেড়ে বসে পড়েন জকোভিচ। আর যে মাত্র এক ম্যাচ তারপরই ইতিহাস। জয়ের পর জোকোভিচ বলেন, ‘এই মুহূর্তে সত্যি বলতে আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।
এটা অবাস্তব মনে হচ্ছে।’

জোকোভিচ জানান, সিনারের বিপক্ষে আগের পাঁচটি সাক্ষাতে হারের পর তিনি তাকে ‘গত কয়েক বছরে অন্তত একটি জয় পেতে দেওয়ার জন্য’ ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে, সে আমাকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘তীব্রতার মাত্রা এবং সম্ভবত টেনিসের মান ছিল অত্যন্ত উঁচু, আর আমি জানতাম—আজ জয়ের সুযোগ পেতে হলে এটাই একমাত্র পথ।

এই জয়ে জোকোভিচ তার ক্যারিয়ারের ৩৯তম গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছলেন এবং ওপেন যুগে মেলবোর্নে শিরোপা ম্যাচে ওঠা সবচেয়ে বয়স্ক পুরুষ খেলোয়াড় হলেন—যেখানে তিনি এর আগে ১০ বার শিরোপা জিতেছেন। ২০২৪ সালের উইম্বলডনের পর এটিই তার প্রথম ফাইনাল উপস্থিতি।

স্টেডিয়ামে উপস্থিত মার্গারেট কোর্টকে ছাড়িয়ে ঐতিহাসিক ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে জোকোভিচ ২০২৩ সালের ইউএস ওপেনের পর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সিনার ও আলকারাসের উত্থানের ফলে কাজটি ক্রমেই কঠিন হয়ে উঠেছে। তাদের দুজনই এরপর থেকে সব গ্র্যান্ড স্লাম শিরোপা ভাগাভাগি করে নিয়েছেন।