শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আইসিসির অনুরোধে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান বোর্ড

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি।

এরই মধ্যে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উদ্যোগে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

আইসিসির অনুরোধে আগামী এক-দুই দিনের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

বৈঠকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত নির্দেশনা নেওয়া হবে। এ বিষয়ে শেষ সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী নিজেই।

পাকিস্তানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আইসিসি ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে একাধিক পর্যায়ে আলোচনা চলছে।

এর অংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান সফর করেন।

সেখানে আইসিসির প্রতিনিধি, পিসিবি চেয়ারম্যান এবং বিসিবি সভাপতির মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাও উপস্থিত ছিলেন। আলোচনায় বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সংশ্লিষ্ট মহল আশা করছে, আলোচনার মাধ্যমে চলমান জটিলতা নিরসনের একটি গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থ বিবেচনায় পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছিল যে, দল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির বিরুদ্ধে কিছু বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগও তোলে।

বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এখন পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

জামায়াত আমিরের যেসব জনসভা আজ

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সারা দেশে গণসংযোগ শেষে এবার ঢাকায় শেষ দিনে বড় ধরনের গণসংযোগের পরিকল্পনা গ্রহণ করেছে তারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমিরও করবেন বেশ কয়েকটি জনসভা।

এদিন ঢাকা-১৩ আসনে নির্বাচনী গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালাবেন তিনি।

এরপর বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে সভা করবেন জামায়াত আমির। পরে সন্ধ্যায় দোহার যাবেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, প্রার্থীদের সব ধরনের ভোটের প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ৬টি স্থানে জনসভা করেছেন তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে সকাল ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মাণ্ডা তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিকেল ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে গতকাল রবিবার বিএনপির চেয়ারম্যান ইসিবি চত্বরে দুপুর ২টায়, পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রোস্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকেল সাড়ে ৩টায়, মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য দেবেন।

ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি

নতুন এক বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পর নয়াদিল্লি ওয়াশিংটনের কাছে অতিরিক্ত ছাড় দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কৃষকেরা।

মুম্বাই থেকে এএফপি জানায়, শনিবার প্রকাশিত দুই দেশের যৌথ বিবৃতি অনুযায়ী, ভারত ‘যুক্তরাষ্ট্রের সব শিল্পপণ্য’ এবং বিভিন্ন খাদ্য ও কৃষিপণ্যের ওপর শুল্ক ‘বাতিল বা হ্রাস’ করবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ১৮ শতাংশ হারে সমমুখী শুল্ক আরোপ করবে। এর আওতায় বস্ত্র ও তৈরি পোশাক, চামড়া ও জুতা, প্লাস্টিক ও রাবার, জৈব রাসায়নিক এবং কিছু যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার পর। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে মোদি নতুন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি নতুন সুযোগ সৃষ্টি করবে এবং কর্মসংস্থান বাড়াবে।

তবে ভারতীয় কৃষক সংগঠনগুলো এতে সন্তুষ্ট নয়। তারা এ চুক্তিকে মার্কিন কৃষি করপোরেশনগুলোর কাছে ‘পূর্ণ আত্মসমর্পণ’ বলে আখ্যা দিয়েছে।

একাধিক কৃষক ইউনিয়নের জোট সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) এক বিবৃতিতে জানায়, ‘সস্তা আমদানির ফলে ভারতীয় শিল্প ও কৃষি এখন গুরুতর হুমকির মুখে পড়বে এবং এসব পণ্য ভারতীয় বাজারে ঢেলে দেওয়া হবে।’

সংগঠনটি ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী কৃষক বিক্ষোভে অংশ নেওয়ারও আহ্বান জানিয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারত ‘যুক্তরাষ্ট্রের বিস্তৃত পরিসরের খাদ্য ও কৃষিপণ্যের’ ওপর শুল্ক ‘বাতিল বা হ্রাস’ করবে।

এর মধ্যে গাছজাত বাদাম, কিছু তাজা ফল, সয়াবিন তেল, মদ এবং আরও কিছু ‘অতিরিক্ত পণ্য’ রয়েছে, যেগুলোর নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি।

ভারতের কৃষি মন্ত্রণালয়ের সাবেক শীর্ষ কর্মকর্তা সিরাজ হোসেন বলেন, ভারতীয় ভোক্তাদের মধ্যে বাদামের চাহিদা বাড়ছে, ফলে আমদানি স্থানীয় উৎপাদনে বড় প্রভাব ফেলবে না; বরং উচ্চ চাহিদা পূরণে সহায়তা করবে।

তবে আপেলের মতো পণ্যের ক্ষেত্রে সস্তা আমদানির প্রভাব নিয়ে দেশীয় উৎপাদকরা উদ্বিগ্ন।

এসকেএম জানায়, ‘আপেলের মতো তাজা ফল আমদানি কৃষকদের ক্ষতিগ্রস্ত করবে।’

কর্মকর্তারা আশা করছেন, আপেলের মতো পণ্যের ক্ষেত্রে আমদানি কোটা বা ন্যূনতম আমদানি মূল্য নির্ধারণের মতো সুরক্ষা ব্যবস্থা বিদেশি প্রতিযোগিতার প্রভাব কমাতে সহায়ক হবে।

এ ছাড়া পশুখাদ্যের জন্য শুকনো ডিস্টিলারস গ্রেইন এবং লাল সরগমের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতির ফলে দেশীয় সয়াবিন মিলের চাহিদা কমতে পারে।

বিরোধী দলের আইনপ্রণেতা জয়ারাম রমেশ বলেন, শুকনো ডিস্টিলারস গ্রেইন ও সয়াবিন তেল আমদানির বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মতো রাজ্যের ‘লাখ লাখ সয়াবিন চাষির’ ক্ষতি করবে।

কৃষকদের উদ্বেগ কমাতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখা হবে এবং নয়াদিল্লি যে ‘গুরুত্বপূর্ণ সীমারেখা’ নির্ধারণ করেছিল, তা অতিক্রম করা হয়নি।

তিনি বলেন, শস্য, মসলা, দুগ্ধ, হাঁস-মুরগি, মাংস এবং আলু, কমলা ও স্ট্রবেরিসহ বিভিন্ন সবজি ও ফলের মতো ‘সংবেদনশীল খাতে’ কোনো ছাড় দেওয়া হয়নি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জিনগতভাবে পরিবর্তিত (জিএম) ফসলও এই চুক্তির অংশ নয়। এর মধ্যে জিএম সয়াবিনও রয়েছে, যার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নতুন বাজার খুঁজছে।

ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ১৬ শতাংশ কৃষি খাত থেকে এলেও ৪৫ শতাংশের বেশি মানুষের জীবিকা এর ওপর নির্ভরশীল।

ফলে এই খাতটি একটি গুরুত্বপূর্ণ ভোটব্যাংক এবং রাজনৈতিক দলগুলো প্রায়ই কৃষকদের সমর্থন পাওয়ার চেষ্টা করে। অতীতে কৃষক সংগঠনগুলো বারবার শক্তিশালী জনআন্দোলন গড়ে তোলার সক্ষমতা দেখিয়েছে।

২০২১ সালে দীর্ঘমেয়াদি তীব্র বিক্ষোভের মুখে সরকার কৃষি সংস্কার পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হয়। সেই বিক্ষোভে জাতীয় রাজধানীর মহাসড়ক অবরোধ করা হয় এবং ট্রাক্টর নিয়ে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণে প্রবেশ করা হয়।

সাবেক কর্মকর্তা সিরাজ হোসেন বলেন, ‘ভারতের খামারগুলো খুবই ছোট, ফলে তারা উচ্চ ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষির সঙ্গে বাস্তবে প্রতিযোগিতা করতে পারে না।’

২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, যখন নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালাচ্ছিল, সে সময় যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়ে প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছায়।

শীর্ষ আমদানির মধ্যে ছিল তুলা, সয়াবিন তেল, ইথানল এবং বাদামের মতো বিভিন্ন পণ্য। চুক্তি হওয়ার আগেই এই বৃদ্ধি ঘটে, যদিও কিছু মার্কিন পণ্যের ওপর ভারত শুল্ক কমানোর ফলে আংশিকভাবে এ প্রবৃদ্ধি হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, যৌথ বিবৃতিতে ঘোষিত সয়াবিন তেলের মতো পণ্যের ওপর শুল্ক আরও কমালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

মেসির গোলে বার্সেলোনাকে হারাল ইন্টার মায়ামি

প্রাক-মৌসুম সফরে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এ ম্যাচে একটি গোল এবং অ্যাসিস্ট করেছেন মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদশ সময় ভোরে ইকুয়েডরের কুইটোতে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ৩১ তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে বার্সেলোনা রক্ষণভাগকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান মেসি। এটি ২০২৬ সালে করা তার প্রথম গোল।

তবে এর ঠিক ১০ মিনিট পর ম্যাচে ফেরে বার্সেলোনা। ম্যাচের ৪১তম মিনিটে ইকুয়েডরের দলটিকে সমতায় ফেরান জোয়াও রোহাস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও লিড নেয় ইন্টার মায়ামি।

এবার মেসির নিখুঁত ক্রস থেকে বল জালে পাঠান জার্মান বেরতেরামে। মন্টেরেই থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলারে ক্লাবে যোগ দেওয়ার পর এটি তার প্রথম ম্যাচের শুরু।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে মেসিকে বদলি করান কোচ হাভিয়ের মাশ্চেরানো। এ সময় তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেজ। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।

উল্টো ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর এই সুযোগ কাজে লাগায় বার্সেলোনা। এসময় গোল করে দলকে সমতায় ফেরান তোমাস মার্তিনেজ।

উল্লেখ্য, আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন আসর। এদিন উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসি’র বিপক্ষে মাঠে নামবে দলটি।

জামায়াত প্রার্থী দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুসংবাদ পেয়ে শেষবারের মতো তাকে দেখতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার গ্রামের বাড়িতে ছুটে যান ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। সেখানে তিনি মরহুমের সহধর্মিণী অঞ্জলি রানী সেনকে সান্ত্বনা দেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় দেলাওয়ার হোসেনকে কাছে পেয়ে আবেগে ভেঙে পড়েন অঞ্জলি রানী সেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তুমি এসেছ বাবা। আমার আর কেউ নাই।”

তিনি আরও বলেন, নির্বাচনটা পর্যন্ত থাকলো না। কাল সন্ধ্যায় পরিবারের লোকজন বলেছিল আলমগীরের (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) কাছে তোমরা যাও। লোকটাকে (রমেশ চন্দ্র সেন) যেন একটু ছেড়ে দেয়। তারপর তোমার বোন আর বোন জামাই এসেছিল। তাদের কেউ আমি বলেছি দেলাওয়ার আসুক তাকেও বলব। এসময় জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন অঞ্জলি রানী সেনকে পানি খাইয়ে দেন।

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে বিএনপি প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর (রওশন)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে দলীয় প্রার্থীকে সমর্থন দেন।

এর আগে গত শুক্রবার রাতে আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুন বিএনপির প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর রওশন বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।

তবে জাতীয় পার্টির জন্য শ্রম দিয়েছি দল আমাকে সেভাবে মূল্যায়ন করেননি। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁঠাল প্রতীক নিয়ে নির্বাচন করছি।

তবে আমি বিএনপির রাজনীতিকে ভালোবেসে আজকে দলে যোগদান করলাম সেই সঙ্গে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আব্দুর গফুর সরকার বলেন, মামুন নামে এক স্বতন্ত্র প্রার্থী বিএনপিকে ভালোবেসে আমাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আজকেও রওশন নামে এক প্রার্থী বিএনপিকে ভালোবেসে সর্মথন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। রওশনের সঙ্গে জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।

অনুমতি ছাড়া মধ্যরাতে কলেজে ঢুকে বিতর্কে আমির খান-অরিজিৎ সিং

ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একটি সরকারি কলেজে মধ্যরাতে অনধিকার প্রবেশের অভিযোগে সংগীতশিল্পী অরিজিৎ সিং ও বলিউড অভিনেতা আমির খানকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ এবং সেখানে সময় কাটানোর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ৪ ফেব্রুয়ারি। ওই দিন গভীর রাতে, রাত ১টার পর অরিজিৎ সিং ও আমির খান প্রায় ২০ জন সঙ্গী এবং ১০টি মোটরসাইকেল নিয়ে জিয়াগঞ্জের রানী ধন্যা কুমারী সরকারি কলেজে প্রবেশ করেন।

কলেজ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই মধ্যরাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করায় বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

কলেজ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আমির এবং অরজিৎ ওই কলেজে প্রায় দেড় ঘণ্টার মতো অবস্থান করেন। ই সময় কলেজের ইনডোর গেমস হলে ব্যাডমিন্টন খেলেন এবং কিছু ভিডিও ধারণ করেন। রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তারা কলেজ চত্বর ত্যাগ করেন।

জিয়াগঞ্জের ওই কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে প্রতিবাদ জানান।

তিনি বলেন, অনুমতি ছাড়া রাতের বেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ গ্রহণযোগ্য নয়। খ্যাতিমান ব্যক্তিরা কি নিয়মের বাইরে গিয়ে এমন কাজ করতে পারেন? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি এতটাই অবহেলার পাত্র?

অধ্যক্ষ আরও দাবি করেন, স্থানীয় নাইট গার্ডকে প্রভাবিত করে কলেজে প্রবেশ করেছেন এই দুই তারকা। বাণিজ্যিক উদ্দেশ্যেই রাতের বেলায় কলেজ প্রাঙ্গণ ব্যবহার করা হয়েছে, যা আইনবিরোধী।।

সিসিটিভি ফুটেজসহ দেওয়া অধ্যক্ষের দুটি পোস্ট দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা তৈরি হয়। যদিও কিছুক্ষণ পরেই সেই পোস্ট সমূহ মুছে ফেলেন অধ্যক্ষ।

পরবর্তী এক পোস্টে তিনি জানান, বিশেষ একটি মহলের চাপ ও অনুরোধের কারণে পোস্টগুলো সরাতে বাধ্য হয়েছেন। যদিও কারা বা কী কারণে সেই চাপ দিয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের গ্রামের বাড়ি জিয়াগঞ্জেই অবস্থিত। সেখানেই তার স্টুডিও ও বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন আমির খান। দুজনের একসঙ্গে সময় কাটানো, ঘুড়ি ওড়ানো কিংবা আড্ডার ছবি ভক্তদের মধ্যে আনন্দের সাড়া ফেললেও, সরকারি কলেজে মধ্যরাতে অনধিকার প্রবেশের ঘটনাটি স্থানীয় একাংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

এই বিষয়ে এখন পর্যন্ত আমির খান বা অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পীরের কারণে ভোট দেন না রূপসার নারীরা, জামায়াতের উঠান বৈঠক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা বাজারে যাওয়া, কেনাকাটা, চাকরি-বাকরি, পড়াশোনাসহ সব কাজ করেন। কেবল তারা গত ৫৬ বছর ধরে ভোটকেন্দ্রে যান না।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে এলাকাটি। প্রতিবারের মতো এবারও তাদের ভোটকেন্দ্রে আনতে প্রশাসন জোর প্রচেষ্টা চালাচ্ছে।

দেশজুড়ে ভোটকেন্দ্র মানে নারী-পুরুষের লম্বা সারি। সেখানে এই ইউনিয়নের ভোটকেন্দ্র মানে পুরুষদের উপস্থিতি। নারীরা কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দেননি।

কথিত আছে, ১৯৬৯ সালে ভারতের জয়নপুর থেকে পীর মওদুদ হাসান জয়নপুরী (রহ.) এখানে আসেন। সেই সময় দেশে কলেরা মহামারি ছিল। ওই প্রেক্ষাপটে পীর সাহেব নাকি নারীদের পর্দা রক্ষা ও ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। যদিও এ তথ্যের কোনো প্রমাণ নেই। আর মহামারি বহু আগে শেষ হলেও তাঁর সেই নির্দেশ সামাজিক রীতিতে পরিণত হয়েছে।

নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট না দেওয়ার বিষয়টি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। পারিবারিক চাপ, পীরের কথা অবমাননা বা ক্ষতির আশঙ্কায় তারা ভোটকেন্দ্রে যেতেন না। অনেক নারী জানান, ভোটের দিন তারা ঘরে থাকেন।

এক নারী বলেন, পুরুষরা খুব একটা জোর দেন না। আবার কেউ অনুরোধ করলেও অনেকে নিজের ইচ্ছায় ভোট দেন না। কারণ, ওই পীরের আদেশ অমান্য করলে যদি কোনো অনিষ্ট হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেল, রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২৯৯ জন। স্থানীয় নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন পুরুষদের ভোটে।

এ বিষয়ে সংরক্ষিত সদস্য হাজেরা বেগম বলেন, সময় বদলেছে। এখন নারীরা আগের চেয়ে সচেতন। অনেক নারী ভোট দেওয়ার কথা বলছেন। আমিও চাই, নারীরা অধিকার প্রয়োগ করুক।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নারীদের ভোট দিতে উদ্বুদ্ধ করছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। সভা-সমাবেশ করেছেন। গত বুধবার রূপসা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় নারীদের ভোটদানে উদ্বুদ্ধকরণে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে সভা করেন। ওই সভায় জেলা প্রশাসক বলেন, ইসলামের দৃষ্টিতে পর্দা মেনে ভোট দেওয়া নিষিদ্ধ বা অপরাধ নয়।

চাঁদপুর-৪ আসনে এবারের নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী মো. হারুনুর রশীদ বলেন, ভোট দেওয়া সাংবিধানিক অধিকার। নারীরা কেন্দ্রে এলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। আমরা তাদের সঙ্গে কথা বলছি, আস্থা তৈরির চেষ্টা করছি।

জামায়াতের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ইসলামে নারীদের ভোট দেওয়া নাজায়েজ বা নিষিদ্ধ এমন কোনো কথা নেই। নারীদের কেন্দ্রে আনতে জামায়াত জোর চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে দলের নারী কর্মীরা এলাকায় গিয়ে ৮-১০টি উঠান বৈঠক করেছেন।

পাকিস্তানে আইসিসির জরুরি বৈঠক, গেলেন বিসিবি সভাপতি

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তা উদ্বেগ জানিয়ে ভারতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দল পাঠাতে বিসিবি অস্বীকৃতি জানালে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বাংলাদেশকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে আখ্যা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এমনকি পুরো বিশ্বকাপ বয়কটের হুমকিও দেয় তারা। যদিও পাকিস্তান ক্রিকেট দলকে শেষ মুহূর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের বিপক্ষে ‘ওয়াক ওভারের’ নির্দেশ দেয় দেশটির সরকার।

ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি এবং সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থা, স্পনসর ও বাণিজ্যিক অংশীদারদের বিপুল আর্থিক স্বার্থ জড়িত রয়েছে। ফলে বিষয়টি সমাধানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আইসিসি।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যম জানিয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোর পৌঁছান। আজ রোববার আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।

প্রসঙ্গত, বিশ্ব ক্রিকেটেরর ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচকে অন্যতম আকর্ষণীয় হিসেবে ধরা হয়। এই ম্যাচ না হলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। বিভিন্ন হিসাব অনুযায়ী, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলে, তাহলে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি।