প্রাক-মৌসুম সফরে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এ ম্যাচে একটি গোল এবং অ্যাসিস্ট করেছেন মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদশ সময় ভোরে ইকুয়েডরের কুইটোতে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের ৩১ তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে বার্সেলোনা রক্ষণভাগকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান মেসি। এটি ২০২৬ সালে করা তার প্রথম গোল।
তবে এর ঠিক ১০ মিনিট পর ম্যাচে ফেরে বার্সেলোনা। ম্যাচের ৪১তম মিনিটে ইকুয়েডরের দলটিকে সমতায় ফেরান জোয়াও রোহাস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও লিড নেয় ইন্টার মায়ামি।
এবার মেসির নিখুঁত ক্রস থেকে বল জালে পাঠান জার্মান বেরতেরামে। মন্টেরেই থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলারে ক্লাবে যোগ দেওয়ার পর এটি তার প্রথম ম্যাচের শুরু।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে মেসিকে বদলি করান কোচ হাভিয়ের মাশ্চেরানো। এ সময় তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেজ। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।
উল্টো ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর এই সুযোগ কাজে লাগায় বার্সেলোনা। এসময় গোল করে দলকে সমতায় ফেরান তোমাস মার্তিনেজ।
উল্লেখ্য, আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন আসর। এদিন উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসি’র বিপক্ষে মাঠে নামবে দলটি।




