শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে। বেসরকারিভাবে বিএনপি জয়লাভ করলেও আদালতের নির্দেশে স্থগিত রাখা হয়েছে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা।

সরকার গঠন কবে, যা জানালেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশব্যাপী বিভিন্ন আসনের বেসরকারি ফলাফলে দলটির প্রার্থীরা ২১২ আসনে জয় নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে রোববারই (১৫ ফেব্রুয়ারি) সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির ভূমিধস বিজয় জনগণের ভালোবাসা। বিএনপি জনগণের দল। বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। সবসময় জনগণের রাজনীতি করেছে। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। অন্তর্বর্তী সরকার বলেছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে।’

যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যজুড়ে বইছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে পারে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হয়ে যোগ দিতে পারে ইসরায়েলও। এমন পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য আরেকটি বিমানবাহী রণতরি প্রস্তুত করছে মার্কিন বাহিনী। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা কমাতে এবং ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যে আরও রণতরি পাঠানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন শেয়ার করেছেন। সেখানে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দ্বিতীয় বিমানবাহী রণতরি প্রস্তুত করছে পেন্টাগন।’

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়, পেন্টাগন মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য একটি বিমানবাহী রণতরিকে প্রস্তুত করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। এই রণতরিটি ওই অঞ্চলে মোতায়েন করা ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যোগ দেবে। আল জাজিরা জানিয়েছে, ওই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পর ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের ওপর জোর দিয়েছেন। এদিকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমি শুধু ইরানের সঙ্গে চুক্তি সম্ভব, নাকি সম্ভব নয়; তা যাচাই করতে দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছি।’

বিএনপির জয়ের পর বিশ্বনেতাদের “তারেক রহমান” কে অভিনন্দন বার্তা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পৃথক বার্তায় তারা বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে অগ্রসর হওয়া বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী প্রধান উপদেষ্টার ভূমিকায় ড. মুহাম্মদ ইউনূস-এর অবদানের কথাও উল্লেখ করেন তিনি। মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে চায় বলে বার্তায় উল্লেখ করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করেন এবং দুই বাংলার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে এবং দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ফেসবুকে দেওয়া এক বার্তায় বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানান। তিনি মালদ্বীপ ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের অংশীদারত্ব আগামী দিনে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানায়। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে দেওয়া বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণকে নির্বাচন সম্পন্ন করার জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়। দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। একই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও পৃথক বার্তায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, প্রতিবেশী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পাশাপাশি পশ্চিমা শক্তির অভিনন্দন বার্তা বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক আগ্রহের প্রতিফলন। বিশেষ করে বাণিজ্য, শ্রমবাজার, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা—এই চারটি খাত আগামী সময়ে দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব পেতে পারে। মালয়েশিয়া ও মালদ্বীপের ক্ষেত্রে প্রবাসী কর্মসংস্থান ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ; ভারতের সঙ্গে রয়েছে বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও যোগাযোগ অবকাঠামো সহযোগিতা; আর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও অর্থনৈতিক ইস্যুগুলো প্রাধান্য পেতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক মহল থেকে ধারাবাহিকভাবে আসা এসব বার্তা বাংলাদেশের নতুন সরকারের জন্য কূটনৈতিক যোগাযোগ জোরদারের একটি প্রাথমিক ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী দিনগুলোতে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ, শুভেচ্ছা বিনিময় এবং সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এসব প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয়, সেটিই হবে পর্যবেক্ষণের বিষয়।

যারা বোরকা কিনতে বলেছিল, ছবিটা বিশেষ করে তাদের জন্য: অভিনেত্রী বাঁধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরগরম এখন সারা দেশ। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেন শোবিজ অঙ্গনের তারকারা। ইতোমধ্যে ভোট গণনাও প্রায় শেষ, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া নির্বাচনের ফলাফলও প্রায় চূড়ান্ত। এমন সময়ে, ভোটের পরদিন শুক্রবার সকালে একটি পোস্ট দেন বাঁধন।

পোস্টে দেখা যায়, দুটি ছবি কোলাজ করে শেয়ার করেন বাঁধন। তাতে দেখা যায়, একটা তে বোরকা পরে আছেন, অন্যটি মডার্ন পোশাকে। দুটি ছবির পার্থক্য বুঝিয়ে দেন এক ইঙ্গিতপূর্ণ বার্তাও।

বহুবার ট্রলিংয়ের শিকার হয়েছেন এই অভিনেত্রী। অনেকে তাকে বোরকা কিনে পরার পরামর্শও দেন। এবার সেই বার্তায় সেসব সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। বিশেষ করে নির্বাচনের আগে যারা তাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। জানিয়ে রাখি, ছোটবেলা থেকেই আমি আমার দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরে আসছি।

বাঁধন লেখেন, আমার কাছে এটি (বোরকা) শুধু একটি পোশাক, এর চেয়ে বেশি কিছুও নয়, কম কিছুও নয়। কখনো কখনো এটি পায়জামা ঢাকা দেওয়া বা তেলের চটচটে মাথা লুকানোর মতো সাধারণ কাজ কিংবা জনসম্মুখে ভিড়ে মিশে যাওয়ার জন্য দারুণ কার্যকর। বিষয়টি এতটাই সাধারণ।

এদিকে, নির্বাচনে জয়ী ও বিজিত সবার প্রতি সম্মান জানিয়ে বাঁধন তার বার্তা শেষ করেন ইতিবাচকভাবে। বলেন, যারা জয়ী হয়েছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতা নিজেই একটি বিজয়। এটি আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি আমার দেশকে ভালোবাসি।

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নের বিষয়ে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে ভোটাররা ব্যাপক সমর্থন জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানান, এ গণভোটে অংশ নিয়েছেন মোট ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন ভোটার। এর ভিত্তিতে ভোটের হার দাঁড়িয়েছে ৬০.২৬ শতাংশ।

ইসি সচিবের তথ্য অনুযায়ী, ভোটে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ রায় দিয়েছেন, যা মোট ভোটের ৬৮.০৬ শতাংশ। অন্যদিকে, ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার সংবিধান সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছেন, যা ৩১.৯৪ শতাংশ।

নেতাকর্মীশূন্য জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য দেখা গেছে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে। সেখানে শুক্রবার নেতাকর্মী নেই বললেই চলে।

নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ।

বৃহস্পতিবারও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই ভেতরে চলে যান।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।

আজকের এই বিজয় বাংলাদেশের বিজয় : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ফেসবুক পোস্টে দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর ‘বিজয়’ অর্জনের কথা উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের।
আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতা কর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।

তিনি আরো লিখেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান, আমার দলের নেতা কর্মী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে। দায়িত্ব অনেক বেড়ে গেল।
আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।’

যত ভোট পেলেন মেঘনা আলম

শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত থেকে বেসরকারিভাবে শুরু হয় ফলাফল প্রকাশ।

ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মেঘনা আলম।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায় ট্রাক প্রতীকে সর্বমোট ৬০৮টি ভোট পেয়েছেন তিনি। এ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে হাইতুল্লা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদিব কুমার সাহা কাঁস্তে প্রতীকে পেয়েছেন ৭১৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জুবের আলম খান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৩১ ভোট।

এছাড়া ইসলামিক ফ্রন্টের এসএম সাখাওয়াত মোমবাতি প্রতীকে পেয়েছেন ৩২৬ ভোট।
জনতার দলের মাহমুদ গুলাম সারোয়ার কলম প্রতীকে পেয়েছেন ১৩৯ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রাসেল কবির সরীসৃপ প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট।

বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। এ পরিস্থিতিতে দলের চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি কোনো ধরনের বিজয় মিছিল বা সভা-সমাবেশ করতেও নিষেধ করেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

কর্মসূচির বিষয়ে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বাদ জুমা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোথাও কোনো বিজয় মিছিল ও সভাুসমাবেশ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৬টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে ভোট গণনা শেষে ২৩৪টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দেড় শতাধিক আসনে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে।