শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হওয়া কাম্য নয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হওয়া কাম্য নয়। আমরা শুধু তফসিলের পরে নয়, এর আগেও পরিবেশ রক্ষায় কাজ করতে পারি।

আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এই সুযোগ ইসির আছে।

তিনি বলেন, নির্বাচনের সময় কারও আচরণ যদি পক্ষপাতমূলক হয় তাহলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। এটা জনগণের আস্থার স্বার্থে, নির্বাচনের স্বার্থে। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চাই জেলা প্রশাসকরা নিরপেক্ষ আচরণ করুক। প্রধানমন্ত্রীসহ অন্য যারা ভোট চাচ্ছেন তারা ভোট চাইতে পারেন কি না তা নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। কারণ বিষয়টি কেউ নজরে আনেনি। তফসিল ঘোষণার পর কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কি না আমরা তখন দেখব।

পশ্চিমা বিশ্ব মানেই খারাপ, এই ধারণা কাটিয়ে উঠতে হবে: জয়শঙ্কর

পশ্চিমা বিশ্ব মানেই খারাপ নয়। দীর্ঘ সময় ধরে যে এই ধারণা বয়ে বেড়ানো হচ্ছে, তা এবার পরিত্যাগ করা উচিত। এমনটাই বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, পশ্চিমা বিশ্ব ‘খারাপ লোক’ নয় এবং পশ্চিমাদের নেতিবাচক উপায়ে দেখার ‘সিনড্রোম’ কাটিয়ে উঠতে হবে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মালায়ালাম নিউজ চ্যানেল এশিয়ানেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, তিনি পশ্চিমাদের হয়ে ব্যাটিং করছেন না।

সাক্ষাৎকারে এস জয়শঙ্কর বলেন, ‘পশ্চিমা বিশ্ব খারাপ নয়, কারণ তারা এশিয়া ও আফ্রিকার বাজারে বিপুল পরিমাণ পণ্য এনে ভাসিয়ে দিচ্ছে না। এই নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসা উচিত এবার।’

তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্ব এশিয়া ও আফ্রিকার বাজারে বিপুল পরিমাণ পণ্য দিয়ে ভাসিয়ে দিচ্ছে না। আমার মনে হয়, ওই পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসা উচিত যে, পশ্চিমা বিশ্ব খারাপ এবং উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে। বর্তমানে বিশ্ব পরিস্থিতি জটিল হয়ে গেছে এবং সেই সঙ্গে সমস্যাগুলো আরও জটিল হয়ে গেছে।’

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কেন আসেননি এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিনপিং আসেননি কারণ তারা (চীন) চায়নি ভারতকে গ্লোবাল সাউথের নেতৃত্বে দেখতে।’

সাক্ষাৎকারে চীনের বাণিজ্যনীতি নিয়েও পরোক্ষভাবে কটাক্ষ করেছেন জয়শঙ্কর। তিনি দাবি করেন, বিগত ১৫-২০ বছরে বিশ্বায়নের বৈষম্যের জন্য বিভিন্ন দেশের পণ্য, উৎপাদন ও কর্মসংস্থান চাপের মুখে পড়েছে, কারণ সেসব দেশের বাজার সস্তা পণ্যে ভরে যাচ্ছে।

এছাড়া করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়ছে বলেও জানান ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং অন্য দেশের অর্থনীতিতে যুক্ত হয়ে তাদেরকে কেবল সম্পদ আহরণকারী হিসাবে ব্যবহার করা নিয়ে বিভিন্ন দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর জন্য পশ্চিমকে দোষ দেওয়া উচিত নয়। অবশ্য জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পশ্চিমা বিশ্বের জন্য ব্যাটিং করছেন না।

চন্দ্রযান-৩ এবং করোনা মহামারির সময় ‘ভ্যাকসিন উৎপাদনের সাফল্যের’ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘বিগত কয়েক বছরে ভারত যেভাবে উৎপাদন ও বিজ্ঞান ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, তা আফ্রিকান ইউনিয়নসহ গ্লোবাল সাউথের মধ্যে একটা ধারণা তৈরি করেছে যে- আমাদের মধ্যে কেউ একজন উঠে দাঁড়ালে সকলেরই উন্নয়ন ও অগ্রগতি হবে।’

জয়শঙ্কর দাবি করেন এই কারণে তারা (কিছু দেশ) আমাদের সাথে এমনভাবে নিজেদের শনাক্ত করতে পারছে যা তারা অন্যদের সাথে পারে না। তিনি বলেছেন, গ্লোবাল সাউথের কাছে উদাহরণ হয়ে উঠেছে ভারত। আফ্রিকা ও অন্যান্য দেশের মধ্যে বিশ্বাস গড়ে তুলেছে ভারতের এই উন্নতি।

সরকারের উন্নয়নের সাথে তৃণমৃল পর্যায়ে মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে : রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সরকারের উন্নয়নের সাথে তৃণমূল পর্যায়ে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি বলে, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎসহ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। এ সব উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরতে স্থানীয় সরকার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য বর্তমান সরকার স্থানীয় সরকারের সাথে তৃণমূল মানুষের যোগাযোগ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে দেশব্যাপী স্থানীয় মেলার আয়োজন করেছে।
তিনি গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা আগে রেলপথমন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, কৃষি অধিদপ্তর, মৎস ও সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন স্টল স্থান পেয়েছে। সব শেষে রেলপথমন্ত্রী মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষে নিহত ২০

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মূলত বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডি বিয়ার্স মাইনিং কোম্পানির অন্তত ২০ শ্রমিক নিহত হয়।
রোববার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও, দেশটিতে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের পরিবহণ করছিল। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো মাইন রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের লিমপোপো প্রদেশের পরিবহণ কর্মকর্তা ভোনগানি চাউকে।
জিম্বাবুয়ে এবং বোটসওয়ানার সঙ্গে লাগোয়া ভেনেতিয়া মাইনটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে মাইনিং জায়ান্ট ডি বিয়ার্স।
দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই কোম্পানি থেকে। সেখানে স্থানীয় মানুষসহ প্রায় ৪ হাজার ৩০০ কর্মী কাজ করেন।
হীরা উৎপাদনের জন্য ডি বিয়ার্স ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। গ্রুপটি প্রতি বছর ৪০ লাখ ক্যারেট হীরা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিএনপি জঙ্গিবাদ-অগ্নিসন্ত্রাস ছাড়া কিছুই পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি দেশে জঙ্গিবাদ ও ধ্বংস ছাড়া কিছুই করতে পারে না। তারা পারে না কোনো উন্নয়ন করতে। নির্বাচন এলে বিএনপি কীভাবে অগ্নিসন্ত্রাস করবে, কীভাবে দেশকে অচল করবে, কীভাবে দেশকে অন্ধকার করবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এদেশের মানুষ এটা ভালো করেই বুঝে গেছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ আর বিএনপির অন্ধকারে ফিরে যেতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ আলোকিত বাংলাদেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় চায়। এ দেশের মানুষ ভালো করে জানে, দেশকে এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগের মূল শক্তি দেশের জনগণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসাইন প্রমুখ।
এর আগে মন্ত্রী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ ছাড়া চরফ্যাসন সদরে জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, খাসমহল জামে মসজিদ, দৃষ্টিনন্দন বাস টার্মিনাল পরিদর্শন করেন।

ঘণ্টায় ১১৭ কি.মি বেগে আঘাত হেনেছে হারিকেন লি

কানাডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় লি। আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান করার পর ঝড় লি স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দেশটির নোভা স্কটিয়া প্রদেশের সুদূর পশ্চিমাঞ্চলে হারিকেনের মতো ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। প্রদেশটির ৯৪ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ রোববার সকাল ১০টা পর্যন্ত বিচ্ছিন্ন ছিল।
এই ঝড়ের আঘাতে উত্তর আটলান্টিক উপকূলে বহু রাস্তা বন্যার পানিতে প্লাবিত হয়ে, অসংখ্য গাছ উপড়ে গেছে এবং লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ঝড়-সম্পর্কিত অন্তত একটি প্রাণহানির ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে একটি গাড়ির ওপর গাছ পড়ে চালক মারা যান বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) তার সর্বশেষ সতর্কতায় বলেছে, শনিবার হ্যালিফ্যাক্সের দক্ষিণ-পশ্চিমে ছোট দ্বীপ লং আইল্যান্ডে আছড়ে পড়ার পর ঝড় লি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। শক্তিশালী এই ঝড়ে এখনো জোরালো দমকা হাওয়াসহ ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
এক সপ্তাহ আগে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন লি শক্তিশালী হয়ে নিউ ইংল্যান্ড এবং কানাডার আটলান্টিক অঞ্চলে আছড়ে পড়বে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার। ম্যাসাচুয়েটস থেকে নোভা স্কোটিয়া পর্যন্ত সুদীর্ঘ উপকূলীয় এলাকাজুড়ে হারিকেনের সতর্কতা জারি করা হয়। এর সতর্ক বার্তায় বলা হয়েছে, এই ঝড়ের কারণে ৯০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের শিয়ালদা আদালত। টাকা নিয়েও অনুষ্ঠানে না আসার অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো অভিনেত্রীর বিরুদ্ধে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ রুপি নিয়েছিলেন জেরিন খান।

উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালী পূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উল্টো যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন। শুধু তাই নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনে জেরিন খান হুমকি দেন, কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!
জেরিনের এই হুমকির পর মুম্বাইয়ে কাজ পেতেও বেশ অসুবিধা হয় সংস্থাটির। এরপর ভারতের নারকেলডাঙা থানায় জেরিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। এরপর শিয়ালদহ আদালতে জেরিন ও তার ম্যানেজারের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়। এবার কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নায়িকার বিরুদ্ধে।
২০১০ সালে ‘ভীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক জেরিন খানের। সালমান খানের হাত ধরেই নায়িকা হন তিনি। গুঞ্জন আছে, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর সালমান এমন কাউকে খুঁজছিলেন যে কিনা অবিকল তার মতো দেখতে হবে। সেসময় তিনি পেয়ে যান জেরিন খানের দেখা। হঠাৎ করে দেখলে যে কেউই জেরিনকে ক্যাটরিনার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। সালমানের সঙ্গে জেরিনের প্রথম সিনেমা বেশ প্রশংসিত হয়।

নিউ ইয়র্কের পথে লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট লন্ডনে পৌঁছেছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে ফ্লাইটটি লন্ডন বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে এখান থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে ছেড়ে যাবে এটি।
বাইডেনের নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে এদিন সকাল ১০টা ৫ মিনিটের সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

২৭ মিনিটেই চ্যাম্পিয়ন ভারত!

বোলিং দিয়ে কাজটা আগেই সেরে রেখেছিল ভারত। শ্রীলঙ্কাকে আটকে দিয়েছিল মাত্র ৫০ রানে। যেটা এশিয়া কাপের ইতিহাসে সর্বনিন্ম। বল হাতে এত অল্প রানে গুঁটিয়ে দিয়ে ব্যাটিংয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। মাত্র ৫১ রানের লক্ষ্যে নেমে মাত্র ২৭ মিনিটেই জয় তুলে নেয় ভারত।
রান তাড়া করতে নেমে ভারত সময় নেয় ২৭ মিনিট। এই সময় খেলে ৩৭টি বল। অর্থাৎ ২৬৩ বল হাতে রেখে ১০ উইকেটে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।

এশীয় শ্রেষ্ঠত্বের আসরে যা ভারতের অষ্টম শিরোপা। তাদের চেয়ে বেশি শিরোপা আর জেতেনি কেউ। শেষ ২০১৮ সালে বাংলাদেশকে হারিয়ে সপ্তম শিরোপা জিতেছিল তারা। ৫ বছর পর আবারও তাদের ঘরে উঠল এশিয়া মুকুট।
ফাইনালের আগে দুদলের পক্ষেই বাজি ধরার মানুষের অভাব ছিল না। কারণ শ্রীলঙ্কাও ছিল গেলবার চ্যাম্পিয়ন। এবারের টুর্নামেন্টও তাদের কেটেছে দুর্দান্ত। কিন্তু ফাইনালে তাদের যে এভাবে নাস্তানাবুদ হতে হবে তা কল্পনাতেও ভাবেনি কেউ।
৫১ রান তাড়া করতে নেমে ভারত একটি উইকেটও হারায়নি। দুই ওপেনার ইষান কিষান ও শুভমান গিল মিলে লিখে ফেলেন জয়ের পথ। দুজনের অবিচ্ছেদ্য জুটিতে এশিয়ার সেরা হওয়ার মুকুট পরে ভারত। দলকে জেতানোর পথে ইষান কিষান খেলেন ১৮ বলে ২৩ রানের ইনিংস। তাঁর সঙ্গে গিল করেন ১৯ বলে ২৭ রানের ইনিংস।
এর আগে শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। যার শুরুটা করেছিলেন জাসপ্রীত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলেই বিদায় করেন লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে। এরপরের চমক মোহাম্মদ সিরাজের। বল হাতে এসে রীতিমতো কাঁপিয়ে দেন স্বাগতিকদের। মাত্র ১২ রানের মধ্যে তুলে নিলেন লঙ্কানদের ৫ উইকেট। এমন ভয়ংকর শুরুর পর এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫১ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি শ্রীলঙ্কা।

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ১৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে রেকর্ড

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২২ জন। যা একদিনে হাসপাতালে ভর্তিতে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ জনে।

রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৪৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৩৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৩ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯৪ হাজার ৪৫১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ৪২৫ জন। ঢাকায় ৬৮ হাজার ৬০৩ এবং ঢাকার বাইরে ৮৭ হাজার ৮২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।