শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ৩০২৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৭ জন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

পিএসজি ছেড়ে আল-আহলিতে যোগ দিলেন ড্রাক্সলার

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে কাতারের আল-আহলিতে যোগ দিলেন জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার। ফরাসি ক্লাব সোমবার এ কথা জানিয়েছে।
২৯ বছর বয়সী ড্রাক্সলার স্থায়ী চুক্তিতে দোহা ভিত্তিক দলটিতে যোগ দিয়েছেন। যদিও চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি। ফরাসি জায়ান্টদের হয়ে চুক্তির এক বছর বাকি ছিল ড্রাক্সলারের।

গত মৌসুমে ১২ দলের কাতার স্টার্স লিগে অষ্টম স্থানে ছিল আল-আহলি। ২০২৫ সাল পর্যন্ত তাদের সাথে ড্রাক্সলারের চুক্তি হয়েছে। ইতালি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও আবদু দিয়ালোর পর তৃতীয় ইউরোপীয়ান খেলোয়াড় হিসেবে কাতারের কোন ক্লাবে যোগ দিলেন ড্রাক্সলার। ভেরাত্তি ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন। গত মাসে পিএসজি ছেড়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন সেনেগালিজ ডিফেন্ডার দিয়ালো।
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের সদস্য ছিলেন ড্রাক্সলার। ২০১৭ সালের জানুয়ারিতে পিএসজিতে যোগদানের আগে শালকে ও উল্ফসবার্গে খেলেছেন। গত মৌসুমে অবশ্য বেনফিকায় ধারে খেলেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন জেলেনস্কি

বিশ্ব নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের জন্য মঙ্গলবার জড়ো হবেন। সেখানে তারা বিশ্ব সংস্থাটিকে বিভক্তকারি ইউক্রেন যুদ্ধের ওপর আলোকপাত করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকবেন।
প্রেসিডেন্ট জো বাইডেন একই দিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দিবেন। জেলেনস্কি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার চলমান আগ্রাসনের নিন্দা জানিয়ে বিখ্যাত রোস্ট্রামে ভাষণ প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভাসহ ভিন্ন মতের নেতাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত। লুলা দ্য সিলভা এর আগে ইউক্রেনকে যুদ্ধের জন্য দায়ী করেন এবং কিয়েভকে বিলিয়ন ডলার সামরিক সহায়তায়তার প্রতি দোষারোপ করেন।
অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা জেলেনস্কি বুধবার নিরাপত্তা পরিষদে ইউক্রেনের ওপর একটি বিশেষ অধিবেশনেও অংশ নেবেন। নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া বাধ্যতামূলক পদক্ষেপের উপর ভেটো প্রদান করতে পারে।
ইউক্রেনীয় সৈন্যদের চিকিৎসা প্রদানকারি নিউইয়র্কের একটি হাসপাতাল পরিদর্শনকালে বৈঠক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেলেনস্কি বলেন, জাতিসংঘ এখনও ‘রুশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে’। তিনি এর আগে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ সম্মেলনে যোগ না দেয়া রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে একজন ‘দ্বিতীয় হিটলার’ বলে মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, বিশ্বকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা পুতিনকে থামাতে চাই নাকি বিশ্বযুদ্ধ শুরু করতে চাই।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের জন্য সাধারণ পরিষদে কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছে, তবে যুদ্ধের ওপর ফোকাস রাখা উন্নয়নশীল দেশগুলোর সমালোচনাও করেছে।
জেলেনস্কি জাতিসংঘে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছেন। পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথেও দেখা করতে পারেন।
জাতিসংঘে জার্মানির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শোলজ ‘বিশ্বে নতুন ফাটল উন্মোচন’ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাম্রাজ্যবাদ আবারও তাদের চিরাচরিত চেহারা দেখাচ্ছে।
এরদোয়ান মঙ্গলবার সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তিনি উন্নয়নশীল বিশ্বের জন্য একটি প্রধান রুটির বাস্কেট হিসেবে পরিচিত ইউক্রেনকে, কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে শস্য সরবরাহের রাশিয়ার স্থগিত করা জাতিসংঘ-সমর্থিত ব্যবস্থা পুনরুদ্ধার করার চেষ্টা করছেন।
জেলেনস্কি পরে বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করার জন্য ওয়াশিংটনে যাবেন।
খবর এএফপি

এসডিজি বাস্তবায়নে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করুন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিশ্ব নেতাদের বলেছেন, এসডিজি বাস্তবায়নে বৈশ্বিক অংশীদারিত্বে বিশাল ফাঁক রয়েছে এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য দোহা কর্মসূচির আওতায় প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সদর দপ্তরে দুই দিনব্যাপী এসডিজি শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে গোলটেবিল আলোচনায় তিনি এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের সমন্বিত প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের জন্য দুর্ভিক্ষ এখন অতীতের বিষয়।

মন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সবার বা ‘সমগ্র সমাজের’ অংশগ্রহণে লক্ষ্য অর্জনে কাজ করছে বাংলাদেশ।’
এসডিজিকে বর্তমান সময়ের ‘ম্যাগনা কার্টা’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘বাংলাদেশ দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে নানামুখী প্রচেষ্টা চালিয়েছে। আমরা দুর্ভিক্ষকে অতীতের বিষয় বানিয়েছি।’
তিনি স্মরণ করেন, ২০২২ সালে দেশে চরম দারিদ্র্য হ্রাস পেয়ে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যা ২০০৬ সালে ২৫ দশমিক ১ শতাংশ ছিল।
মোমেন বলেন, ‘তবে এসডিজি বাস্তবায়নে বৈশ্বিক অংশীদারিত্বে বিশাল ফাঁক রয়েছে। আমরা স্বল্পোন্নত দেশগুলোর জন্য দোহা কর্মসূচির আওতায় অঙ্গীকার বাস্তবায়ন চাই।’
তিনি বলেন, বাংলাদেশ একটি নিয়মভিত্তিক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা চায়।
মন্ত্রী রেয়াতি ঋণ এবং জীবন রক্ষাকারী প্রযুক্তির জন্য ন্যূনতম শর্ত আরোপের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এসডিজি বাস্তবায়নে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে নিতে পর্যাপ্ত প্রণোদনা দিতে হবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
এদিকে, শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা এসডিজির বেশিরভাগ লক্ষ্যমাত্রার অগ্রগতি খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে বলে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষুধা ও চরম দারিদ্র্য দূরীকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০৩০ সালের উন্নয়ন লক্ষ্যমাত্রার সেট উদ্ধারে জরুরি পদক্ষেপ না নিলে বিশ্ব যে বিপদের সম্মুখীন হবে সে সম্পর্কে সতর্ক করেছেন।
তারা ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পদক্ষেপ ত্বরান্বিত করার জন্য একটি রাজনৈতিক ঘোষণাও গ্রহণ করেছে।
সশস্ত্র সংঘাত, প্রতিকূল জলবায়ু প্রভাব এবং কোভিড-১৯ মহামারির দীর্ঘস্থায়ী প্রভাবসহ বৈশ্বিক সংকট ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য হুমকি স্বরূপ, এমন এক সংকটময় সময়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত রাষ্ট্র ও সরকার প্রধান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের দ্বারা ১০ পৃষ্ঠার এই নথিটি গৃহীত হয়েছে।

২০২৩ সালের এসডিজি শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে।

জুভেন্টাসের বিরুদ্ধে রোনালদোর মামলা

দুই বছরের বেশি হতে চললো ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এখনো নিজের বকেয়া পাওনা বুঝে পাননি পর্তুগিজ তারকা। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা করবেন রোনালদো।
২০১৮ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির অন্যতম বড় ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। তিন বছর তুরিনের বুড়িদের সাথে থেকে ফেরত আসেন পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন এই তারকা।

ইতালি ছাড়লেও ক্লাবের কাছে রোনালদোর পাওনা বকেয়া রয়ে গেছে। জুভেন্টাসের কাছে করোনাকালীন মজুরি হিসেবে প্রায় ১৭ মিলিয়ন পাউন্ড পাওনা আছে তার। সেটাই আটকে রেখেছে ক্লাব। বাধ্য হয়ে রোনালদো মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
কোভিড-১৯ মহামারিতে আর্থিক ক্ষতির মুখোমুখি হয় জুভেন্টাস। তখন ক্লাবের দুরাবস্থা দেখে বেতন স্থগিত করতে রাজি হয়েছিলেন ‘সিআরসেভেন’। জুভেন্টাস রোনালদোকে কথা দিয়েছিল যে, দ্রুতই তারা প্রাপ্য অর্থ বুঝিয়ে দিবে। কিন্তু এরপর আর সেটা মনে রাখেনি ক্লাব।
এদিকে সিবিএস স্পোর্টস জানিয়েছে, পর্তুগিজ মহাতারকা এর মধ্যেই তুরিনে প্রসিকিউটর অফিসে যোগাযোগ করেছেন এবং এরপরই জুভেন্টাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জুভেন্টাসের আরেক সাবেক খেলোয়াড় পাওলো দিবালাও মহামারির পর তার বিলম্বিত বেতন দিতে ব্যর্থ হওয়ায় ওল্ড লেডিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন বলে জানা গেছে। শেষমেশ আর্জেন্টাইন স্ট্রাইকারকে ৩ মিলিয়ন ইউরো প্রদান করে বিষয়টি সমাধান করেছে তারা।

আজ জো বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিতব্য ৭৮তম সাধারণ অধিবেশনের প্রথম দিনের উচ্চপর্যায়ের সাধারণ আলোচনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নৈশভোজে যোগ দেবেন।
একইদিনে সরকারপ্রধান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবাবিষয়ক উচ্চপর্যায়ের পার্শ্ব কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং জানায়, জাতিসংঘ সদরদপ্তরে সিআর-১৬তে স্পেনের প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সভাপতির ‘টুওয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকেও ভাষণ দেবেন শেখ হাসিনা।
একইদিন শেখ হাসিনা জাতিসংঘ সদরদপ্তরে সিআর-১১তে বাংলাদেশ, অ্যান্টিগা, বারবুডা, ভুটান, চীন, মালয়েশিয়া, চ্যাথাম হাউস ও সূচনা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে চিকিৎসা পরিষেবাভিত্তিক কমিউনিটি ক্লিনিকের একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও যোগ দেবেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

হাথুরুর অনুপস্থিতিতে প্রধান কোচ নিক পোথাস

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই সিরিজের ম্যাচগুলো। তবে এই সিরিজের প্রথম দুই ম্যাচে থাকছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়ে দলের দায়িত্বে থাকবেন সহকারী কোচ নিক পোথাস।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার দাবি, পারিবারিক কারণে কয়েক দিন ছুটিতে আছেন হাথুরুসিংহে।
জালাল ইউনূসের ভাষ্যমতে, তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। ২৫ তারিখে আসবে। ২৬ তারিখ যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।
এদিকে ভারতে বসতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজের জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের বদলে নেতৃত্বে থাকছেন লকি ফার্গুসন। ব্ল্যাক-ক্যাপস দলে রয়েছেন অনেকদিন পর ফেরা ট্রেন্ট বোল্ট। অন্যদিকে টেস্ট সিরিজ খেলতে বিশ্বকাপের পর কিউইরা আবার আসবে বাংলাদেশ সফরে।
অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা লাল-সবুজের প্রতিনিধিদের। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ।
বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। তবে এর আগে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

এর আগে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সাকিবের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে। তবে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ, পেস অলরাউন্ডার সৌম্য সরকার ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

সার্বিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রোস আধানম গেব্রিয়াসিস সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করায় সরকারের গৃহীত পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাত্যহিক কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘ডব্লিউএইচও’র মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ গ্রহণের ভূয়সী প্রশংসা করেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ভাবন। সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ওষুধ পাচ্ছেন।
তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। সুতরাং, এতে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে।’
মোমেন বলেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশগুলোর সাথে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে চায়।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৭২১ পিস ইয়াবা, ১৩৪ গ্রাম ৫১০ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।

এবার কানাডার কূটনীতিককে বহিষ্কার করল ভারত

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার জন্য দিল্লির দিকে আঙুল তুলেছে ট্রুডো প্রশাসন। এর জেরে কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কার করেছে তারা। পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে নিযুক্ত কানাডার কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত সরকার।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

নাম প্রকাশ না করে ভারতীয় গণমাধ্যমটি জানায়, কানাডার একজন জ্যেষ্ঠ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার ওই কূটনীতিককে ভারত ছাড়ার জন্য পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে। পাশাপাশি মঙ্গলবার সকালে ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ক্যামেরুন ম্যাককে তলব করা হয়।
কানাডায় ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের কয়েক ঘণ্টা পরেই দক্ষিণ এশিয়া দেশটি থেকে এ প্রতিক্রিয়া দেখানো হলো।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি শিখ মন্দিরের বাইরে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। কানাডার নাগরিক নিজ্জারকে হত্যার জন্য ভারতের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে কানাডার সরকার। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সম্প্রচার মাধ্যম সিবিসি জানিয়েছে, বহিষ্কৃত কূটনীতিক পবন কুমার রাই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) মিশন প্রধান।
হাউস অব কমন্সে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থার মনে করছে, নিজ্জারকে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাই হত্যা করেছে। কানাডার গোয়েন্দারা নিজ্জারের মৃত্যু ও ভারতের মধ্যে একটি ‘বিশ্বাসযোগ্য’ যোগসূত্র শনাক্ত করেছে। কানাডার মাটিতে একজন কানাডার নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের যেকোনো ধরনের সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা অগ্রহণযোগ্য।’

বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। দেশটির সরকারের একটি সূত্র সিবিসিকে বলেন, ‘কানাডার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানিয়েছেন ট্রুডো।’ এছাড়া নিজ্জার হত্যার ঘটনায় চলমান তদন্তে ভারতকে সহযোগিতা ও অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কানাডা সরকার।
তবে, অভিযোগ অস্বীকার করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘খালিস্তানপন্থি সন্ত্রাসীদের কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে। তারা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে হুমকি দিয়ে চলেছে। খালিস্তানপন্থিদের থেকে নজর সরানোর জন্যই এই ধরনের অপ্রমাণিত অভিযোগ করা হয়েছে।’