শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই : আইনমন্ত্রী

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়েছিল, তাই তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়ে জানতে চাচ্ছিলাম, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হয়। সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় পাঠায়। আইন মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করে এ ব্যাপারটি।’
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি। খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১ এর ক্ষমতাবলে শর্তযুক্তভাবে সাজা স্থগিত হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে, সেটা প্রধানমন্ত্রীর মহানুভবতায়। এখন আইনের যে পরিস্থিতি তাতে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে খালেদা জিয়ার যে আগের শর্তযুক্ত মুক্তি, সেটাকে বাতিল করতে হবে। বাতিল করে সহাবস্থানে যাওয়ার পর আবার অন্য বিবেচনা করা যাবে।’
আনিসুল হক বলেন, ‘আমার মনে হয় আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই।’
এই ইস্যুতে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের ঠেলাঠেলি লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নেই। আমি পরিষ্কার করেছি, যদি কোনো আবেদন আসে সে আবেদন সরাসরি আইন মন্ত্রণালয় করা যায় না। এটি আইন। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে হবে আইন মোতাবেক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে। এর মধ্যে ঠেলাঠেলির কী দেখলেন আপনারা?’

বিএনপির আইনবিষয়ক সম্পাদক একটা কথা বলেছেন। ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি ঘোষণা আছে। সেখানে বলা আছে যদি কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয় তখন সে দেশের সরকার দায়িত্ব তাকে বিদেশে পাঠানো- এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘একটা কথা জাতিসংঘে বলা আছে। সেটা হচ্ছে আমাদের দেশের আইনটা অগ্রাধিকার পাবে এবং সে ক্ষেত্রে আমাদের দেশের আইনে যে অবস্থান তাকে ৪০১ ধারায় যে মুক্তি দেওয়া হয়েছে। আমি বহুবার বলেছি, এই আইনের অবস্থায় এটার কোনো পরিবর্তন করা যাবে না।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমাদের দেশে আইনের শাসন আছে। আমরা আদালতকে শ্রদ্ধা করি।’
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ছলচাতুরি করে লাভ নেই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ, অনেক অনেক বেশি অসুস্থ, চিকিৎসকরা বলেছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। বাংলাদেশে আর তার চিকিৎসা নেই। তাকে বিদেশে না নেওয়া গেলে বাঁচানো দুষ্কর হতে পারে।

নেতৃত্ব গর্বের ব্যাপার, উপভোগ করব : শান্ত

নিউজিল্যান্ড সিরিজে আগে থেকেই নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। যাকে দায়িত্ব দেওয়া হয় সিরিজের সেই লিটন দাসও থাকছেন না সিরিজের শেষ ম্যাচে। তাই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে নাজমুল হোসেন শান্তর।
আগামীকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হবে শান্তর। ছন্দে থাকা এই ক্রিকেটার নিজেও মুখিয়ে আছেন দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব উপভোগের জন্য।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) অধিনায়ক হয়ে সংবাদ মাধ্যমের সামনে আসেন শান্ত। নতুন দায়িত্ব নিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার মনে হয়, একজন ক্রিকেটার হিসেবে আমার জন্য এটা গর্বের ব্যাপার। আমার পরিবারের জন্যও এটা গর্বের বিষয়। ক্রিকেট বোর্ড অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে। আশাকরি আগামীকাল উপভোগ করব নেতৃত্ব।’
সামনের দিকে দেশকে নেতৃত্ব দেওয়ার আবারও সুযোগ পেলেও সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন নয়া অধিনায়ক। তিনি বলেন, ‘শুরু থেকে আমার জার্নিটা খুব ভালো যাচ্ছে। এখনও ভালো চলছে। কিন্তু আরও অনেক দূর যাওয়ার বাকি। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। সেটা ভালো হোক আর খারাপ আমি উপভোগ করি। আমার মনে হয় দেশকে নেতৃত্ব দেওয়া প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। আমার সামনে যদি সামনেও এই সুযোগ আসে আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’
শান্ত ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকালের ম্যাচের দলে ফিরেছেন নয় দলে ফিরেছেন বিশ্রামে থাকা অধিকাংশ ক্রিকেটার। এশিয়া কাপের শেষ ম্যাচের আগে ছুটি নিয়ে দেশে ফেরা মুশফিককে রাখা হয়েছে এই দলে। আগামীকাল ম্যাচ মাঠে গড়াবে যথারীতি দুপুর ২টায়।

তিন দিনের সফরে বুধবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৭ সেপ্টেম্বর তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, তিনি সেখানে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনা যাবেন। তিনি সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।’
প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর এটি হবে পাবনায় তাঁর দ্বিতীয় সফর।
রাষ্ট্রপ্রধান জেলার সাথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব জনসমাবেশে ভাষণ দেবেন। তিনি পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগমন কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ। আগামী ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
খবর বাসস

মিয়ানমারে জান্তা সেনাদের হামলায় নিহত ২৫

মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির জান্তা সেনারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সরকারি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জান্তা-বিরোধী যোদ্ধা।
গত শুক্রবার রাতে সাগাইং অঞ্চলের মাইনমু শহরে চালানো অতর্কিত দুটি হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিয়ানমার নাউ।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে সাগাইং অঞ্চলের মাইনমু টাউনশিপে অতর্কিতভাবে চালানো দুটি হামলায় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-সহ সশস্ত্র জান্তাবিরোধী প্রতিরোধ গোষ্ঠীর পঁচিশ জন সদস্য নিহত হয়েছেন।
এর মধ্যে মাইনমু শহরের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চ্যা ইয়ার তাও গ্রামের কাছে জান্তা বাহিনীর প্রথম আক্রমণটি হয়। ১৮ জন গেরিলা যোদ্ধাকে বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
হামলার শিকার এই প্রতিরোধ যোদ্ধারা মাইনমু এবং মায়াংয়ে যাচ্ছিলেন। সাগাইং ডিস্ট্রিক্ট পিডিএফ-এর ৫ম ব্যাটালিয়নের মুখপাত্রের মতে, জান্তা বাহিনীর ওই হামলায় গাড়ির আরোহীদের সবাই নিহত হয়েছেন।
এর কয়েক মিনিট পর প্রতিরোধ বাহিনীর সাত সদস্যের আরেকটি মোটরসাইকেল কনভয়কে লক্ষ্য করে জান্তা বাহিনীর একই ইউনিট হামলা চালায়। পিডিএফ তথ্য কর্মকর্তা বলেন, ওই হামলায়ও কেউ বেঁচে নেই।
নিহত যোদ্ধারা সাগাইং ডিস্ট্রিক্ট পিডিএফের ৫ম ও ৬ষ্ঠ ব্যাটালিয়নের পাশাপাশি মাইনমু টাউনশিপের কিয়াউত মিন গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য ছিল। তারা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) দখলকৃত স্থান থেকে নিরাপদে পালাতে সাহায্য করার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

পিডিএফ মুখপাত্র বলেছেন, ‘যখন সামরিক বাহিনী ওই গ্রামগুলোতে আক্রমণ শুরু করে, তখন আমার ব্যাটালিয়নের কমরেডরা ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন, তারা এবং তাদের বন্ধুরা বাস্তুচ্যুত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাদের আক্রমণের প্রথম প্রচেষ্টার সময় তারা পালিয়ে যায়। এরপর বাকি বাস্তুচ্যুতদের সাহায্য করতে তারা ফিরে গেলে তাদের ওপর আবার হামলা করে হত্যা করা হয়।’
এদিকে অতর্কিত এই হামলার পর জান্তাপন্থি টেলিগ্রাম চ্যানেলের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। এসব ছবিতে জ্বলন্ত গাড়ি, রক্তাক্ত মরদেহ দেখা যায়। পরে নিহতদের মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া হয় এবং শনিবার বিকেলে তাদের স্বজন ও ব্যাটালিয়নের সদস্যরা দাফন করে।

লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটে লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট বেলা পৌনে ২টার ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৭ ইউনিট যোগ হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না : আইজিপি

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে পুলিশের ইমেজের সংকট হবে না বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব ঘটনা কোনো প্রভাব ফেলবে কি না, এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে আহত ভূবন চন্দ্র শীল সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামানে নির্বাচন, এমন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হয় না। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।
নির্বাচন সামনে এগিয়ে আসছে। শীর্ষ সন্ত্রাসীদের সংঘাতের জায়গা বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে আইজিপি মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। যেকোনো ঘটনা যখনই সংঘটিত হয় তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আগেও নেওয়া হয়েছে এখনও হচ্ছে। সন্ত্রাসী যে-ই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালন করবে।

বিশ্বের ৫০টি সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতা পরিমাপকারী এক নতুন গবেষণা অনুসারে বিশ্বের ৫০টি সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ দেশের মধ্যে একমাত্র পশ্চিমা দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উঠে এসেছে।
এই গবেষণা পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের ইউসকনসিন অঙ্গরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট বা এসিএলইডি-এর মতে সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকায় ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা এবং অতি-ডানপন্থী গোষ্ঠীর বিস্তারের কারণে দেশটি এই তালিকায় ঢুকে পড়েছে।

গবেষণা কাজে বিশ্বের ২৪০টি দেশ ও অঞ্চলের তথ্য সংগ্রহ করা হয়। সেপ্টেম্বরের শুরু থেকে পূর্ববর্তী এক বছরের তথ্য সংগ্রহ করে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গবেষণা বলছে পূর্ববর্তী বছরের তুলনায় এ বছর সহিসংতা ২৭ শতাংশ বেড়েছে। রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ১ লাখ ৩৯ হাজার। সংগৃহীত তথ্য বিশ্লেষণে দেখা যায় দেশগুলোতে রাজনৈতিক কারণে সহিংসতা বেড়েছে।
চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে এসিএলইডি। এই চারটি মানদণ্ড হলো (১) সহিংসতায় নিহতের ঘটনা, (২) জনসাধারণের জন্য ঝুঁকি, (৩) সহিংসতাপ্রবণ এলাকার আয়তন, (৪) সশস্ত্র গোষ্ঠীর সংখ্যা। এবারের গবেষণা বলছে গতবছর মোটামুটি সব দেশেই কমপক্ষে একটি হলেও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।
গবেষণা তালিকার ৫০টি সহিংসতাপ্রবণ দেশকে ‘এক্সট্রিম’ বা চরম, ‘হাই’ বা উচ্চ এবং ‘টার্বুলেন্ট ’ বা উত্তাল এই তিন ভাগে ভাগ করা হয়েছে। গবেষণা অনুসারে তালিকার শীর্ষে থাকা মিয়ানমারে সবচেয়ে বেশি সশস্ত্র সংগঠন রয়েছে। এরপর রয়েছে সিরিয়া ও মেক্সিকো। ‘উত্তাল’ ক্যাটাগরিতে রয়েছে লিবিয়া, ঘানা ও চাদ এবং যুক্তরাষ্ট্র। তালিকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এবং শ্রীলংকার অবস্থান হাই বা উচ্চ ক্যাটাগরিতে।

সহিংস দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া প্রসঙ্গে এসিএলইডির জনসংযোগ বিভাগের প্রধান স্যাম জোনস বলেন, যুক্তরাষ্ট্র তালিকার যে ধাপে স্থান পেয়েছে, সেই তালিকায় সাধারণত সহিংসতাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই ধাপে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের মতো দেশ রয়েছে। যুক্তরাষ্ট্র এই তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে বুঝা গেল যে রাজনৈতিক সহিংসতা শুধু দরিদ্র ও অগণতান্ত্রিক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই।
মারাত্মক মহামারি, সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিবাদ এবং একটি বিভক্ত রাষ্ট্রপতি নির্বাচন এই তিনে মিলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি নিখুঁত সংকটের বছর হিসেবে পরিচিত ২০২০ সাল থেকে এসিএলইডি মার্কিন রাজনৈতিক সহিংসতার ওপর নজর রাখছে। তবে কিছু মার্কিন বিশেষজ্ঞ এসিএলইডি’র তথ্য সংগ্রহ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

যুক্তরাষ্ট্রে ট্রেনের ধাক্কায় ৩ শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রেলপথের ট্র্যাক অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় এসইউভিতে (প্রাইভেটকার) থাকা ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্লোরিডার হিলসবরো কাউন্টিতে এই ঘটনা ঘটে।

শনিবার একটি সংবাদ সম্মেলনে হিলসবারো কাউন্টি শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, এসইউভি গাড়িটি সাতজনকে নিয়ে কুইন্সিয়ার একটি পার্টিতে যাচ্ছিল। এ সময় ঘণ্টায় ৫৫ মাইল গতিতে চলা মালবাহী ট্রেনের ধাক্কায় এইউভিটি কোমল পানীয়ের ক্যানের মতো ভেঙে গেছে।
ট্রেনের সামনে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজের উদ্বৃতি দিয়ে শেরিফ বলেন, এসইউভির ড্রাইভার আশপাশে না দেখে ড্রাইভ করছিলেন। ক্রসিং পর্যন্ত পৌঁছানো গাড়িটি ধীর গতিতে চলছিল।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দ্রুত গাড়িটির সামনের সিটে থাক এক যাত্রী ও চালককে উদ্ধার করা হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন ডিএমপি কমিশনার, প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরি থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ৩০ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।
তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ১ অক্টোবর ২০২৩ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ১ বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।
এতে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

২২ দিনে এলো ১০৫ কোটি ডলারের রেমিট্যান্স

ব্যাংকিং চ্যানেলে ও বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ কমেছে। আগস্ট মাসের ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বর মাসেও নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে প্রবাসী আয়ে। রোববার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে দৈনিক আসছে ৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এ ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বর মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াবে ১৪৪ কোটি ডলার। যা আগের মাসের চেয়ে ১৬ কোটি ডলার কম হবে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৯৫ লাখ ডলার; যা ছিল তার আগের ছয় মাসে সর্বনিম্ন।

খাত সংশ্লিষ্টরা বলছেন, খোলা মুদ্রাবাজারে ডলারের দর বেশি। যে কারণে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন প্রবাসীরা। ফলে আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমে যাচ্ছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রেমিট্যান্স। কেননা এই সূচকের বাড়া-কমার ওপর অনেকটাই নির্ভর করছে রিজার্ভের উত্থান-পতন।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২২ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ৯৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আগস্টে আগের মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে ৩৭ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার।
বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

রেমিট্যান্স ও রপ্তা‌নি আয়ে ডলারের মূল্য এখন থেকে এক রেটে ধরা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে রপ্তানিকারকরা প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা পা‌চ্ছেন। আগে যা ছিল ১০৮ টাকা ৫০ পয়সা। রেমিট্যান্স বা প্রবাসী আ‌য়ে ডলারের মূল্য ৫০ পয়সা বা‌ড়ি‌য়ে ১০৯ টাকা ৫০ পয়সা করা হ‌য়ে‌ছে। এছাড়া আমদানিতে ডলারের দর হবে ১১০ টাকা। আগে যা ছিল ১০৯ টাকা ৫০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক ব্যবস্থায় ডলার লেনদেন হচ্ছে ১১০ টাকায়।
তবে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহক‌দের গুণ‌তে হচ্ছে ১১৭ টাকা থেকে ১১৮ টাকায়। চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য যারা বিদেশে যাচ্ছেন তাদের নগদ প্রতি ডলার কিনতে দেশি মুদ্রা খরচ করতে হচ্ছে ১১৮ টাকা পর্যন্ত।
ডলার রেটসহ সমসাময়িক অর্থনীতির বিভিন্ন ইস্যু নিয়ে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতারা। বৈঠকে বিএবির পক্ষ থেকে ডলার রেট বাড়ানোর প্রস্তাব দিলে তাতে সায় দেয়নি গভর্নর। ব্যাংক উদ্যোক্তাদের জানানো হয় বর্তমানের মূল্যস্ফীতি চাপ নিয়ন্ত্রণ এখন ডলার দাম বাড়ানো সম্ভব নয়।

বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রেমিট্যান্স। কেননা এই সূচকের বাড়া-কমার ওপর অনেকটাই নির্ভর করছে রিজার্ভের উত্থান-পতন।