শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৪ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ২৫১২ পিস ইয়াবা, ১৫ কেজি ৭০ গ্রাম গাঁজা ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

ইউক্রেনে পৌঁছেছে আব্রামস ট্যাংক : জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের ভয়ংকর আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। ট্যাংকের প্রথম চালান হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি জানান, কিয়েভকে যে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো যুক্তরাষ্ট্র তার প্রথম চালান হাতে পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের কাছ থেকে সুখবর পাওয়া গেছে।
এরই মধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক। আমাদের সেনা ব্রিগেডগুলোর সক্ষমতা বাড়াতে সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে। ’
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেয়ার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। দেশটির কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিল খুঁজে পেলেন মিম!

ঢালিউড জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এই অভিনেত্রী নিজেকে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছেন।
সামনেই মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে।
সিনেমাটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার।
জানা গেছে, সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মিম। আর এই চরিত্রেই নিজেকে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছেন তিনি।
মিম বলেন, সিনেমাটির গল্প ও চরিত্র ভীষণ পছন্দ হয় আমার। পাশাপাশি নির্মাতা আমাকে আশ্বস্ত করেছিলেন যে ভালো কিছু হবে। শুটিংয়ের পরও আমারও সেটাই মনে হয়েছে। বিশেষ চরিত্রে হলেও এটি খুবই গুরুত্ব বহন করে।

বর্তমানে দেশ-বিদেশের অনেক সিনেমাতেই বড় তারকারা বিশেষ চরিত্রে অভিনয় করেন। এসব সিনেমায় তাদের উপস্থিতি কম সময়ের হলেও গুরুত্বটা অনেক বেশি থাকে। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে।
উদাহরণ দিয়ে নায়িকা বলেন, ‘জওয়ান’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের চরিত্রটি যে রকমভাবে গুরুত্ব পেয়েছে, আমারও তাই। এই সিনেমায় দীপিকার চরিত্রের সঙ্গে নিজের মিলটা পাচ্ছি আমি।
মিম আরও বলেন, এ ছবিটা আমার জন্য অসাধারণ একটা জার্নি। আমি অনেক কিছু শিখেছি। এসব অভিজ্ঞতা আমার পরবর্তী যে কোনো কাজে বেশ সহায়ক হবে।
প্রসঙ্গত, আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। গত সপ্তাহে ফেসবুক পেজে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম লুক পোস্টার।

ভিসা নীতিতে পোশাক রপ্তানিতে প্রভাব পড়বে না : বিজিএমইএ

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে দেশের পোশাক রপ্তানিতে কেন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। আকু পেমেন্টে কয়েকটি ব্যাংকে স্যাংশনস দেওয়ার বিষয়ে তিনি বলেন, যেকোনো স্যাংশনস দিলেই তা শঙ্কিত হওয়ার। এরপরও ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন, আকু পেমেন্ট অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি, সহসভাপতি শহিদুল্লা আজিম, সাবেক সভাপতি সালাম মুর্শিদী, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমেরিকার ভিসা নীতিটা যে কারও ওপর হতে পারে। আবার আমি গত ৩০ বছর ধরে ৫ বছর করে
আমেরিকার ভিসা পাই। এরপরও আমি আমেরিকা যাওয়ার পর আমাকে বলতে পারে তোমার ভিসা বাতিল করা হলো। এভাবেও কারও ভিসা বাতিল করা হয়।’
তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কারও ভিসা বাতিল হলেও তিনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আমরা কোভিড সময়ে কোনো দেশে যেতে পারিনি। এরপরও আমাদের ব্যবসা বন্ধ হয়নি। সেক্ষেত্রে বলা যায় ভিসা বাতিল হলেও বিকল্পভাবে তিনি তার ব্যবসা চালিয়ে নিতে পারবেন বলে আমার বিশ্বাস।’
আকু পেমেন্টে কিছু ব্যাংকের ওপরে স্যাংশনস বিষয়ে তিনি বলেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হচ্ছে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর পেমেন্ট কয়েকটি ব্যাংকের ওপর স্যাংশনস হয়েছে তবে সেটা অন্য কোনভাবে পেমেন্ট করা যাবে। সেভাবেই সরকার কাজ করবে। তবে যেকোনো স্যাংশনসই শঙ্কিত হওয়ার, তবুও আশাবাদী ব্যবসায়ী তার ব্যবসায় প্রভাব পড়বে না।

গতির জন্য বাবর আজমকে জরিমানা!

এশিয়া কাপে পারফরম্যান্স ভালো ছিল না। পাকিস্তান সেই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতেই শুরু হয়েছিল বিতর্ক। এবার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নামার আগে নতুন বিতর্কে জড়ালেন বাবর আজম। তবে সেটা ক্রিকেটের জন্য নয়। মাঠের বাইরের কাণ্ডের জন্য এবার পাক অধিনায়ককে জরিমানা দিতে হল। আসলে হাইওয়ের উপর বেলাগাম গতিতে গাড়ি চালাচ্ছিলেন বাবর। আর সেইজন্য পাকিস্তানের পাঞ্জাব মোটরওয়ে পুলিশ তাঁকে জরিমানা করেছে। সেই ছবি ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, লাহোরের হাইওয়েতে বাবর তাঁর অডি গাড়িটি কার্যত বেলাগাম গতিতে চালাচ্ছিলেন। তাই তাঁকে জরিমানা করেছে স্থানীয় পুলিশ। যদিও কয়েকটি সংবাদমাধ্যমের দাবি ছিল বাবরকে নাকি গ্রেপ্তার করা হয়েছিল। তবে অধিকাংশ সূত্রের দাবি, বাবরকে নাকি শুধুমাত্র চালান কেটেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু, বাবর আজমকে ঠিক কত টাকার চালান কাটা হয়েছে, সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানতে পারা যায়নি।

এর আগেও বাবর পুলিশের নজর এসেছিলেন। গত চার মাসে এই নিয়ে দ্বিতীয়বার পুলিশের হাতে এলেন বাবর। গত মে মাসে লাহোর পুলিশ তাঁকে ধরেছিলেন। সেই সময় বাবরের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাঁর গাড়ির নম্বর প্লেটের সাইজ একটি বেশিই ছোট। সেইজন্য মাঝরাস্তায় বাবরকে আটকানো হয়েছিল। পরে পুলিশ তাঁকে সতর্ক করে ছেড়ে দেয়।
অনেক সমস্যার পর ভারতে পা রাখার ভিসা পেয়েছেন মহম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিরা। আগামী ২৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল। প্রথমে তারা দুবাই যাবে। তারপর সেখান থেকেই রাতে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবে। আগামী ২৯ সেপ্টেম্বর তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে। এর আগে দলের অধিনায়কের এমন খবর সামনে এল।

শোষিত ও বঞ্চিত মানুষের প্রিয় ছিলেন বঙ্গবন্ধু : প্রধান বিচারপতি

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সারা দুনিয়ার শোষিত ও বঞ্চিত মানুষের প্রিয় ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে প্রধান বিচারপতি লিখেছেন—
‘বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে অনেক বীর রয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন তাদের সবার উপরে। অন্যরা হয়তো তাদের নিজ নিজ ক্ষেত্রে শীর্ষে পৌঁছেছেন, কিন্তু বঙ্গবন্ধুর বীরত্বগাঁথা সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের জন্য একটি দেশ এনে দিয়েছেন। বিশ্বে প্রতিষ্ঠা করেছেন বাঙালি জাতির একমাত্র জাতি রাষ্ট্র বাংলাদেশ। সারা দুনিয়ার শোষিত ও বঞ্চিত মানুষের প্রিয় মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একদিকে যেমন বিশ্বের সমগ্র বাঙালি জনগোষ্ঠির প্রাণের নেতা, অন্যদিকে শোষিত ও বঞ্চিত মানুষের নেতা, বিশ্ব মানবতার নেতা। আজ আমি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে সংবিধান রক্ষার শপথ গ্রহণ করেছি। এই সংবিধান যার হাত ধরে এসেছে সেই নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে তার প্রতি জানাই আমার অন্তরের অতল গহীন থেকে শ্রদ্ধা।’
এদিন বেলা ১১টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। গতকাল অবসরে যাওয়া সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিও বঙ্গভবনে ছিলেন। এর আগে শপথ নিতে সকাল ১১টার আগে বঙ্গভবনে প্রবেশ করেন ওবায়দুল হাসান।

গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির শপথ গ্রহণের তারিখ জানানো হয়।

গভীর রাতে পাপনের বাসায় সাকিব-হাথুরুর দেড় ঘণ্টার বৈঠক

বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণার আগের রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার রাতে বিসিবি প্রেসিডেন্টের বাসায় প্রবেশ করেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক শেষে রাত পৌনে ১টার দিকে বেরিয়ে যান তারা।

তবে এ সময় গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি কোচ ও অধিনায়ক।
বৈঠকে দল গঠন নিয়ে শেষ সময়ের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও দেশ সেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরি ও সেই সাথে সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এমন গুঞ্জনও আছে ক্রিকেটে।

দেশের অর্জন তুলে ধরতে প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের উন্নয়ন ও অর্জন তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধেরও আহ্বান জানান মোমেন।
সোমবার সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ শান্তিরক্ষী ও প্রবাসীদের মাধ্যমে ব্রান্ডিং’ শিরোনামের এই কনফারেন্স বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এসময় প্রবাসী ও শান্তি রক্ষীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান। এসময় ড. মশিউর রহমান বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সতেজ রেখেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান আজ স্বীকৃত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, জাতিসংঘে নিযুক্ত আমেরিকার শান্তি বিষয়ক রাষ্ট্রদূত ড. সীমা কারাতনায়া ও সম্মানিত অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা।
এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মাহমুদ হাসান এমবিই ও শেখ আলিউর রহমান ওবিই।

শেষ ওয়ানডের দলে আফিফ-খালেদ

নিউ জিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। তার আগে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও ব্যাটার আফিফ হোসেনকে যুক্ত করা হয়েছে স্কোয়াডে। তাদের নিয়ে স্কোয়াডের সদস্য এখন ১৫ জন।
এর আগে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শেষ ওয়ানডের জন্য ১৪ জনের দল দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হওয়া খালেদ তাতে বাদ পড়েছিলেন। তাসকিন আহমেদ কিছুটা অসুস্থ থাকায় তাকে ফিরিয়ে আনা হয়েছে।

অনেকটা চমক হিসেবেই তৃতীয় ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর দলে জায়গা হারিয়েছিলেন তিনি। আবার তাকে নেওয়া হয়েছে বিবেচনায়। যদিও তার দলে ফেরাও আরেকজনের চোটে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ফেরার কথা ছিল তাসকিন আহমেদের। তবে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আপাতত তাকে বিশ্রামে পাঠিয়েছেন চিকিৎসকরা। তাই তার বিকল্প খালেদই ছিলেন।
ব্যাটার কারো সমস্যা না থাকলেও আফিফকে নেওয়া হয়েছে। গত এশিয়া কাপে প্রত্যাশিত পারফর্ম না করায় নির্বাচকরা তাকে বাদ দিয়েছিলেন। দুই ম্যাচ পরই ফিরে এলেন বাঁহাতি ব্যাটার। আফিফের একাদশে সুযোগ মিলবে কিনা তা অবশ্য কৌতূহলের।
মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টি জিতে এরমধ্যে সিরিজে এগিয়ে আছে সফরকারীরা।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

এবার চার দেশের ২৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ

বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্র বরাবরের মতো নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। সাধারণত নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দেয়ার জন্য এমন নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞা জারি করা হয় যেসব দেশে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাতায়াত, বিনিয়োগ বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আবার অনেক সময় এক দেশ আরেক দেশের ওপর প্রতিশোধ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করে। সর্বশেষ আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) রাশিয়া, চীনসহ চারদেশের মোট ২৮টি প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। খবর রয়টার্স।
অন্যান্য দেশের মতোই বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্রের রপ্তানি সম্পর্কিত নীতিমালার দেখ-ভাল করে থাকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার রাশিয়া,চীন, ফিনল্যান্ড ও জামার্নির মোট ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এদের মধ্যে রাশিয়াকে ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ সরবরাহ করায় ১১টি চীনা ও পাঁচটি রুশ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। রাশিয়া দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানিও তালিকাভুক্ত হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠানের কাছে প্রযুক্তি রপ্তানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা।

এ বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান এস্তেভেজ বলেছেন, যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করবে তাদের বিরুদ্ধে দ্রুত ও অর্থপূর্ণ ব্যবস্থা নিতে আমরা কোনো দ্বিধা করব না।
এর আগে গত মঙ্গলবার তেহরানের ড্রোন ও সামরিক বিমান নির্মাণকে কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।