শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

দেশে আরও ৭ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে আরও সাত জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৭৪১ জন।
আজ সোমবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৬৮টি।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৩৭১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দুইজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে একজন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ৮০৭ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৫৭৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৩৪ জন।

তারবার্তা ফাঁস মামলায় অভিযুক্ত ইমরান খান

কূটনৈতিক তারবার্তা ফাঁস মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে মূল অভিযুক্ত হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বিশেষ আদালতে গত শনিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে এ অভিযোগপত্র জমা দেয়। এতে সাবেক মুখ্যসচিব আজম খান ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আসাদ উমরের নামও রয়েছে।

এ মামলায় দোষী সাব্যস্ত হলে ইমরান খান ও কোরেশির মৃত্যুদণ্ড কিংবা ১৪ বছর করে কারাদণ্ড হতে পারে।
অভিযোগপত্রে ২৭ জন সাক্ষীর কথা জানিয়েছে তদন্ত সংস্থা। তবে তাদের মধ্য থেকে ১২ জনকে শুনানিতে হাজির করা হতে পারে।
সবচেয়ে আলোচিত সাক্ষী আজম খান ইতোমধ্যে ইমরান খানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, ইমরান খান কূটনৈতিক তারবার্তা জনসমক্ষে প্রদর্শন করবেন এবং স্থানীয় অংশীদারদের নিয়ে একটি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এমনটি সামনে এনে সুবিধা নেবেন বলে তাকে বলেছিলেন।
এদিকে জিজ্ঞাসাবাদে ইমরান খান তারবার্তাটি নিজের কাছে রাখার কথা স্বীকার করেন। তবে তারবার্তাটি ঠিক কোথায় রেখেছেন, তা মনে করতে পারছেন না বলে তদন্ত কর্মকর্তাদের জানান তিনি।
গত বছরের ৭ মার্চে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মধ্যকার ওই কথোপকথনটি রেকর্ড করা হয়।

বিশ্বকাপে ৩-৪টি সেঞ্চুরি করবেন বাবর : গৌতম গম্ভীর

বর্তমানে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ ওডিআই ব্যাটার পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজম। ব্যাট হাতে তার ধারাবাহিকতায় নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। এরই মধ্যে চলতি বছরে ১৫ ইনিংস খেলে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটি এসেছে বাবরের ব্যাট থেকে।
আসন্ন বিশ্বকাপে সেই বাবর আজমের ব্যাট থেকে আসবে আরও অন্তত ৩-৪টি সেঞ্চুরি। এমন মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। যে লড়াইয়ে রোহিত, কোহলির থেকেও বাবরকে এগিয়ে রাখছেন তিনি। গম্ভীরের মতে, বিশ্বকাপে আগুন লাগিয়ে দেবেন পাকিস্তান দলের অধিনায়ক।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক রান করে যাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের ২৯ বছর ছুঁই ছুঁই এই তারকা ক্রিকেটার ইতোমধ্যে ৩১ সেঞ্চুরির সাহায্যে সাড়ে ১২ হাজার রান করেছেন। বাবর আজমের ধারাবাহিকতা দেখে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই ভারতীয় তারকা ক্রিকেটার ভিরাট কোহলির সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছেন।
স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় গৌতম গম্ভীর বলেন, বাবর আজমের যে ধরনের কৌশল আছে, তাতে আমি মনে করি সে এই বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ৩ বা ৪ সেঞ্চুরি করবে। বাবর আজমের যে সকল গুণ রয়েছে, তাতে সে এই বিশ্বকাপে আগুন ধরিয়ে দিতে পারে। আমি খুব কম খেলোয়াড় দেখেছি যাদের ব্যাটিং করার জন্য প্রচুর সময় দিচ্ছেন। আমি বিশ্বাস করি যে, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট এবং ডেভিড ওয়ার্নারও ভালো খেলবেন। কিন্তু বাবর আজমের মান ভিন্ন স্তরে।
২০১৯ বিশ্বকাপে ৮ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে বাবর করেছিলেন ৪৭৪ রান, যা ছিল টুর্নামেন্টের অষ্টম সর্বোচ্চ। গত চার বছরে বিশ্ব ক্রিকেটে বাবর নিজেকে আরও ওপরে তুলেছেন। কিছু দিন আগেই দ্রুততম পাঁচ হাজার রানে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে পেছনে ফেলেছেন এই পাকিস্তানি তরুণ।

শিশুদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের শিশুরা জ্ঞানবিজ্ঞান, মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয় উঠলেই আগামী দিনের বিশ্ব তার সুন্দর প্রভাব ও ফল পাবে; বিশ্ব হয়ে উঠবে আরও সুন্দর, আরও শান্তিময়। তাই সবার আগে আমাদের শিশুদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে। শিশুদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। একজন শিশুও যেন শিক্ষার বাইরে না থাকে সেটি আমাদের নিশ্চিত করতে হবে।
আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশুদের জন্য খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, খেলাধুলা বেড়ে ওঠার একটি অপরিহার্য অংশ। শুধু লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি আমরা যেন আমাদের শিশুদের খেলাধুলার যথেষ্ট সুযোগ করে দিতে পারি সেটিও দেখতে হবে। এছাড়া যে বিষয়টি এখন প্রত্যেকটি শহরেই খেলার মাঠ সেভাবে পাওয়া যায় না, সে বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে।
শিশুদের উদ্দেশে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তোমাদের মনে রাখতে হবে তোমরা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছ। কিন্তু এদেশে এখনও অনেক শিশুরা আছে যারা দারিদ্র্যের মধ্যে থাকে এবং অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের দেশে এখনও শিশুশ্রম আছে। টাকা দেওয়ার মাধ্যমে তার পরিবারকে সহায়তা করে শিশুশ্রম থেকে প্রত্যাহার করে নিয়ে আসার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তবে এ পরিধি আরও বাড়াতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে যে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়টি নিয়েও কাজ চলছে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সেই স্মার্ট বাংলাদেশের নাগরিকদের এখনই সেভাবে গড়ে তুলতে হবে। জ্ঞানবিজ্ঞান, গণিত চর্চাসহ বিভিন্নভাবে তাদের এগিয়ে নিতে হবে যেন তারা পিছিয়ে না পড়ে। সব থেকে বড় যে বিষয়, একজন শিশু যেন একজন মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে, দেশকে ভালোবাসতে পারে, এভাবেই তাদের এখন থেকে গড়ে তুলতে হবে।
আয়োজনে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে শিশুরাই রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। শিক্ষা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে উন্নত-সমৃদ্ধ নতুন বিশ্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা ১৯৭২ সালে সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিত করেন। জাতিসংঘ ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ ঘোষণার ১৫ বছর আগে ১৯৭৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শিশুদের অধিকার সুরক্ষার জন্য শিশু আইন প্রণয়ন করেন। সদ্য স্বাধীন দেশে শিশুর শিক্ষা, সুরক্ষা ও উন্নয়নে কল্যাণকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শিক্ষা, পুষ্টি, সুরক্ষা অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। এ সময় উপস্থিত ছিলেন- ইউনিসেফের প্রতিনিধি ডেলা বিহাম ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। আলোচনা শেষে শিশু একাডেমির শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

করোনার টিকায় অবদান রাখায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান। কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা।
সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে চিকিৎসায় সর্বোচ্চ পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।

ঘোষণায় বলা হয়েছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনে আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিনী বিজ্ঞান এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী।
তারা যেই প্রযুক্তিটি আবিষ্কার করেছেন করোনা মহামারীর আগে পরীক্ষামূলক ছিল। এখন তা ব্যবহার করে বহু মানুষকে প্রাণঘাতী করোনার প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার করোনা টিকা এমআরএনএ প্রযুক্তির। একই প্রযুক্তি ক্যানসারের পাশাপাশি অন্যান্য গবেষণা কাজেও ব্যবহার হচ্ছে।
ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি।

করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির নাম ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্নার করোনা টিকা এমআরএনএ প্রযুক্তির। এই প্রযুক্তিতে টিকা প্রস্তুতে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণু ব্যবহার করা হয় না। বরং ব্যবহার করা হয় এক ধরনের প্রোটিন, যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম সার্স-কোভ-২ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে সাধারণভাবে এই ভাইরাসটি পরিচিতি পায় নতুন বা নভেল করোনাভাইরাস নামে। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল উহানেই।

১৯০১ সাল থেকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। তারপর থেকে এ পর্যন্ত মোট ১১৩ জন এই খাতে বিশেষ অবদানের জন্য নোবেল জিতেছেন। এই নোবেলজয়ীদের মধ্যে ১২ জন নারী।
এই শাখায় নোবেলজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ চিকিৎসাবিজ্ঞানীর নাম ফ্রেডরিখ জি. ব্যান্টিং। ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য অতি জরুরি উপকরণ ইনসুলিনের আবিষ্কারের সুবাদে ১৯২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে নোবেল জেতেন ব্যান্টিং।
আর সবচেয়ে বেশি বয়সে এই শাখায় নোবেলজয়ীর নাম পিটন রাউস। দেহে টিউমার সৃষ্টিকারী ভাইরাস শনাক্তের সুবাদে ১৯৬৬ সালে যখন পিটন নোবেল পুরস্কার জয় করেন, সে সময় তার বয়স ৮৭ বছর।
এ বছর ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হবে নোবেল বিজয়ীদের নাম। সোমবার (২ অক্টোবর) জানা যাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম। মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থে, বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
১৯০১ থেকে ২০২২ সাল পর্যন্ত ১১৩ বার মোট ২২৫ জনকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল জিতেছিলেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে প্যাবো। আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
তার আগের বছর (২০২১ সাল) তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌসিয়ান।
ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। সেময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। যদিও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

এ বছর অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের। গতবারের চেয়ে এ বছরের বিজয়ীরা ১০ লাখ সুইডিশ ক্রোনা বেশি পেতে চলেছেন।
নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ক্রোনা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যতটা উদ্বিগ্ন তার চেয়ে এটাকে রাজনীতি ইস্যু বানাতে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা এটা নিয়ে ব্যস্ত। এ নিয়ে তারা কথাবার্তা বলছে, সভা সমাবেশ করছে কিন্তু আদালতে যাচ্ছে না। কিন্তু এটা একটা আদালতের প্রক্রিয়া কিন্তু তারা সেদিকে যাচ্ছে না। উদ্দেশ্য একটাই বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি আসলে রাজনীতি করতে চায়।
আজ সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাবের- কেপিসির নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও বেগম জিয়ার নামে আরও মামলা আছে কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তার মানে দুর্নীতির ঘটনা সঠিক।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহসভাপতি মিলন উল্লাহ, সহসভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা মিনিময় করেন মাহবুবউল আলম হানিফ এমপি।

ফের বিয়ের পিঁড়িতে বসলেন মাহিরা খান

পাকিস্তানে তিনি দারুণ জনপ্রিয়। বলিউডের ‘রইস’ সিনেমার মাধ্যমে তা আরো বিস্তৃত হয়। সেই অভিনেত্রী মাহিরা খান আবারো বিয়ে করেছেন।
হিন্দুস্তান টাইমস জানয়, প্রেমিক সেলিম করিমের সঙ্গে মালাবদল করেছেন মাহিরা।

ম্যানেজার অনুশা তালহা খান ইনস্টাগ্রামে মাহিরা ও সেলিমের বিয়ের একটি ভিডিও পোস্ট করেন, যা রীতিমত ভাইরালে পরিণত হয়েছে।
বিয়ের দিন অভিনেত্রী প্যাস্টেল রঙের লেহেঙ্গা ও ওড়না পরেছিলেন। সঙ্গে ছিল ম্যাচ করা হিরের গয়না। অন্যদিকে সেলিমের পরনে ছিল কালো শেরওয়ানি ও নীল পাগড়ি।

পেশায় ব্যবসায়ী সেলিম করিম পাকিস্তানের উদ্যোক্তা জগতে বেশ পরিচিত মুখ। তিনি সিম্পাইসা নামের একটি স্টার্টআপ কোম্পানির সিইও, যেটি ১৫টির বেশি দেশে অনলাইন পেমেন্ট সলিউশন নিয়ে কাজ করে। এছাড়া তিনি পেশাদার ডিস্ক জকি বা ডিজে।
পাকিস্তানের পর্যটন শহরে মুরিতে তারা তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রিয় নায়িকার বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছাসের শেষ নেই। ভক্তদের শুভেচ্ছা বার্তায় রীতিমত ভেসে যাচ্ছেন মাহিরা। তার এক ভক্ত লেখেন, ‘দারুণ পছন্দ হলো। মাহিরা একাধিক বিষয়কে ভীষণ সুন্দরভাবে ধারণ করেছে। আশা করি, এতে অনেক মেয়েই নতুনভাবে বিয়ে নিয়ে ভাববেন।’
২০০৬ সালে ভিডিও জকি হিসেবে শোবিজে পা রাখেন মাহিরা খান। এরপর রোমান্টিক ঘরানার টিভি সিরিজ ‘হামসফার’ তাকে জনপ্রিয় করে তোলে। একাধিক পুরস্কারও পান। সিরিজের তার বিপরীতে ছিলেন ফাওয়াদ খান। পর্দায় জুটি হিসেবে তারা এখনো জনপ্রিয়। ২০১১ সালের আতিফ আসলামের বিপরীতে অভিনীত ‘বোল’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি সিনেমা। এছাড়া বিন রায়, হো মন জাহান, সুপারস্টার ও দ্য লিজেন্ড অব মওলা জাটের মতো ব্যবসাসফল সিনেমার নায়িকা তিনি। গত বছর ওয়েব সিরিজ প্রযোজনায়ও নাম লেখান মাহিরা খান।
এর আগে ২০০৭ সালে বিয়ে করেন মাহিরা। তার বরের নাম আলী আসকার। তাদের ছাড়াছাড়ি হয় ২০১৫ সালের। তারা এক ছেলে সন্তানের মা-বাবা।

কোনো অপশক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পবিত্র সংবিধান অনুযায়ী যথা সময়েই অনুষ্ঠিত হবে। কোনো অপশক্তিই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। অসাংবিধানিক ও বেআইনিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশের জনগণ ঐক্যবদ্ধ। সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রাকে সুমন্নত রেখে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।
আজ সোমবার এক বিবৃতিতে বিএনপি নেতাদের দুরভিসন্ধি ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং নির্বাচনী পরিবেশ বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অতীতের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান করে নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। একই সাথে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের চলমান অভিযাত্রাকে ব্যাহত করতে চায়। বিগত দিনে দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীতেও সেই ধারাবাহিকতায় পবিত্র সংবিধানের বিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচন বানচালের লক্ষ্যে সারাদেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। নির্বাচন প্রতিরোধের নামে বিএনপি ৩ হাজারের বেশি মানুষ পুড়িয়েছিল, ৫ শতাধিক ভোটকেন্দ্র ও স্কুলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জ¦ালিয়ে দিয়েছিল, এজলাসে বসা বিচারককে বোমা মেরে হত্যা ও আইনজীবীকে হত্যা করেছিল, রেল লাইন উপড়ে ফেলেছিল, হাজার হাজার গাছ কেটে ও রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে মধ্যযুগীয় কায়দায় নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।
বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল নিজ দেশের মানুষের ওপর এমন প্রতিহিংসামূলক আচরণ করতে পারে! বিএনপির কর্মকা-ে তা বিশ^বাসী অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করেছিল। ২০১৮ সালের নির্বাচনে তাদের নেতা দুর্নীতির বরপুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামী তারেক রহমান ল-নে বসে রমরমা মনোনয়ন বাণিজ্যে মেতে ওঠেছিল; ৩০০ আসনে প্রায় ৭৫০ মনোনয়ন প্রদান করেছিল। আজ তারা যখন বলে ‘নির্বাচন হতে দেবো না’ তখন দেশের মানুষ স্পষ্টতই বুঝতে পারে, দেশের জনগণ, গণতন্ত্র, সংবিধান ও আইন কোনো কিছুর প্রতি বিএনপির দায়বদ্ধতা নেই।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি অবৈধ রাজনৈতিক দল। অসাংবিধানিক ও অবৈধভাবে বন্দুকের নলের মুখে ক্ষমতাদখলকারী স্বৈরশাসক জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির রাজনৈতিক ইতিহাস গণতন্ত্রবিরোধী, অসাংবিধানিক ও বেআইনি কর্মকা-ের ইতিহাস। ক্ষমতাকে কেন্দ্রবিন্দু করেই পরিচালিত হয়ে আসছে বিএনপির রাজনীতি। হ্যাঁ/না ভোটের প্রহসন, জাতিকে কারর্ফিই মার্কা গণতন্ত্র উপহার, ১৫ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, সাদেক-রউফ-আজিজ মার্কা নির্বাচন কমিশন প্রস্তুত, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং একুশে আগস্টের মতো গণহত্যার মধ্য দিয়ে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে ক্ষমতাকে নিষ্কণ্টক করার অপচেষ্টাসহ এমন কোনো অপকর্ম নেই যা বিএনপি সংঘটিত করেনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কখনো জনকল্যাণ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নের রাজনীতি করেনি। সেজন্য বিএনপির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর! জনগণ, গণতন্ত্র এবং কল্যাণকর রাজনীতির প্রতি বিএনপির ন্যূনতম বিশ^াস থাকলে এদেশের গণতন্ত্রে কোনো সংকট সৃষ্টি হতো না।

প্রথমবারের মতো ঘরোয়া বাজারে বলি সিনেমার ৬০০ কোটি রুপি আয়

মুক্তির ২৫তম দিনে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এমন রেকর্ড গড়েছেন যা সহসা ভাঙা মুশকিল বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি গতকাল রোববার (১ অক্টোবর) দেশীয় বাজারে ৬০০ কোটি রুপির ঘর পেরিয়ে গেল। বলিউডে এটিই একমাত্র ৬০০ কোটি রুপি ক্লাবের সিনেমা।
হিন্দুস্তান টাইমস জানায়, এর আগে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার তকমা ছিল ‘পাঠান’-এর কাছে, শাহরুখের এ সিনেমার আয় ৫৪০ কোটি রুপি।

মুক্তির চতুর্থ রোববারে ‘জওয়ান’ আয় করেছে ৮ কোটি ৮০ লাখ রুপি। সব মিলিয়ে আয় দাঁড়িয়েছে ৬০৪ কোটি রুপি বেশি। আর বৈশ্বিক বাজারে হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে গত সপ্তাহেই।
‘পাঠান’ ও ‘জওয়ান’ চলতি বছরে পরপর দুটো হিট দিয়েছেন শাহরুখ খান। কিন্তু এখানেই শেষ হচ্ছে না বলিউড বাদশার জাদু। বছর শেষে আরও এক বড় ধামাকা নিয়ে আসছেন। ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। ‘থ্রি ইডিয়টস’ পরিচালকের সঙ্গে এটাই শাহরুখের প্রথম কাজ। এই সিনেমায় কিং খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। আরো আছেন ভিকি কৌশল ও ধর্মেন্দ্র।
অবশ্য একই দিনে মুক্তি পাবে প্রশান্তনীল পরিচালিত ও প্রভাস অভিনীত ‘সালার’। এ ছবির কারণে ‘ডাঙ্কি’র ব্যবসা প্রভাবিত হতে পারে।

দেশের সরকারি হাসপাতালগুলোয় বিশ্বমানের সেবা মিলছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হয়েছে, যার ফলে প্রতিটি হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বেড়েছে। এমনকি সেগুলোয় আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যাচ্ছে, ফলে দেশের বাইরে থেকেও অনেকেই সেবা নিতে আসছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর নিপসম অডিটরিয়ামে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আয়োজিত জরায়ুমুখ ক্যানসারের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোয় এখন ৭০ হাজারের বেশি শয্যা, যা আমি দায়িত্ব নেওয়ার আগে ৪০ হাজারও ছিল না। শুধু শয্যাই বাড়াইনি, অক্সিজেন সাপ্লাইসহ সব ধরনের সুযোগ-সুবিধা বেড়েছে। যে কারণে সরকারি চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা এসেছে এবং তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। আমরা চিকিৎসক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে মেডিকেল কলেজগুলোতে সিট সংখ্যা বাড়িয়েছে। বর্তমানে মেডিকেল কলেজে সিট আছে ৫ হাজারের বেশি, যা আগে ছিল ৩ হাজারের মতো।
জরায়ুমুখের ক্যানসারের টিকা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ইপিআইয়ের মাধ্যমিক ১৩টি ভ্যাকসিন দেওয়া হয়। আর এই কার্যক্রমের মাধ্যমেই প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। জরায়ুমুখের ক্যানসারের এই টিকাদানের মাধ্যমে আমরা দেশে আরও একটি মাইলফলক অর্জন করছি। এই জরায়ুমুখ ক্যানসার নীরব ঘাতক। প্রতি বছর দেশে পাঁচ হাজার নারীর মৃত্যু হয়। সারাবিশ্বের তিন লাখের মতো নারী এই রোগের কারণে মারা যায়। যেহেতু একটি ভাইরাস দ্বারাই এই ক্যানসার হয়ে থাকে, তাই এই ভ্যাকসিন নারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি করবে।
তিনি বলেন, আমরা দেখেছি এই ভ্যাকসিন নিরাপদ। সাইড ইফেক্ট নেই। এই ভ্যাকসিন নিয়ে সারাজীবনের জন্য ক্যানসার থেকে মুক্তি লাভ করতে পারে। তবে তার মানে এই না যে স্ক্রিনিং করা লাগবে না। নারীদের নিয়মিত স্ক্রিনিং করা প্রয়োজন।
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সারাদেশে এক কোটি কিশোরীকে বিনা মূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নয় থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এক ডোজ এইচপিভি টিকা দেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে পুরো কার্যক্রম চলবে। প্রাথমিক অবস্থায় রাজধানীতে দেওয়া হবে। পরে অন্যান্য জেলায় দেওয়া হবে। এই টিকা দিয়েছে গ্যাভি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু ভ্যাকসিন তৈরির কার্যক্রম চলছে। আমাদের দেশে যে টিকা আনার চেষ্টা হচ্ছে তা এখনো ট্রায়াল অবস্থা চলছে। আইসিডিডিআরিবি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এর আগেও কলেরা টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠানটি। তাদের এই ডেঙ্গু ভ্যাকসিন নিয়েও যে সহযোগিতা চাইবে তা আমরা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।