শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

মালিঙ্গার রেকর্ড ভাঙলেন মিচেল স্টার্ক

এবারের বিশ্বকাপের শুরুটা একদম ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তবে দলটির পেস বোলার মিচেল স্টার্ক এই ম্যাচ দিয়েই গড়েছেন দারুণ এক রেকর্ড। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেটের মালিক এখন তিনিই। এই কীর্তি গড়ার পথে তিনি ভেঙেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্কার রেকর্ড।
ত্রয়োদশ বিশ্বকাপ আসরের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে রোববার ভারতের বিপক্ষে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে ৬ উইকেটে ম্যাচ হারে অজিরা। তবে ইনিংসের প্রথম ওভারেই রেকর্ডটি গড়েন স্টার্ক। তার করা প্রথম ওভারের চতুর্থ বলেই স্লিপে ক্যাচ দেন ঈশান কিষান।

১৯ ইনিংসে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ ছুঁলেন স্টার্ক। মালিঙ্গার লেগেছিল ২৫ ইনিংস।
বলের হিসাবেও মালিঙ্গাকে পেছনে ফেলেন স্টার্ক। মালিঙ্গার লেগেছিল যেখানে ১ হাজার ১৮৭ বল, স্টার্কের লাগল ৯৪১ বল।
বিশ্বের পঞ্চম ক্রিকেটার আর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে এই মাইলফলক স্পর্শ করলেন স্টার্ক। বাকি চার জন- ওয়াসিম আকরাম (৫৫ উইকেট), মালিঙ্গা (৫৬ উইকেট), মুত্তিয়া মুরালিধরন (৬৮ উইকেট) ও গ্লেন ম্যাকগ্রা (৭১ উইকেট)।
স্টার্কের মাইলফলক ছোঁয়ার পরের ওভারে জোড়া শিকার ধরেন জশ হেইজেলউড। ভারতের প্রথম চার ব্যাটসম্যানের তিন জনই ফেরেন শূন্য রানে। তবে বিরাট কোহলি (৮৫) আর লোকেশ রাহুলের (৯৭*) ব্যাটে জয়ের হাসি হাসে ভারতই।
একই ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলিকে (২০ ইনিংস) টপকে বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড গড়েন ডেভিড ওয়ার্নার (১৯ ইনিংস)।

ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতায় চীনের উদ্বেগ

সপ্তাহান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধির ঘটনায় চীন ‘গভীরভাবে উদ্বেগ’ প্রকাশ করেছে এবং সব পক্ষকে ‘শান্ত’ হওয়ার আহ্বান জানিয়েছে।
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘চীন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বর্তমান ক্রমবর্ধমান উত্তেজনা ও সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন।’

তারা ‘এ সম্পর্কিত সকল পক্ষকে শান্ত থাকার এবং সংযম অনুশীলন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করার আহ্বান জানিয়েছে।’

সুখবর পেল বাংলাদেশ

এশিয়া কাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়েছিল আইসিসি র‌্যাঙ্কিংয়েও। আটে থাকা শ্রীলঙ্কার কাছে জায়গা হারিয়েছিল সাতে থাকা সাকিব আল হাসানের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে উড়ন্ত জয়ে একধাপ এগিয়ে আবারও সাতে ফিরেছে টিম টাইগার্স।
আজ রোববার সবশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশ অবস্থান করছে সপ্তম স্থানে। লাল-সবুজ জার্সিধারীদের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে লঙ্কানদের পয়েন্ট এখন ৯১।

১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে দুইয়ে, রেটিং পয়েন্ট ১১৫। এশিয়া কাপের শুরুতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

‘ইসরায়েল-হামাস সংঘাতের আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র’

হামাস ও ইসরায়েলি সামরিক বাহিনীর লড়াই নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি এ পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের নীতিকেই একতরফা দায়ী করেছেন। বলেছেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত গত কয়েক যুগ ধরে চলমান। এর আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র। ’
পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেদভেদেভ রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান। তিনি ২০০৮-২০১২ সালের রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে নতুন করে আলোচনায় আসেন সাবেক এই রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, ফিলিস্তিন-ইসরায়েলের পরিস্থিতি কার্যকরভাবে সমাধান না করার পরিবর্তে নির্বোধের মতো তারা আমাদের দেশে ঢুকে পড়ছে। সেই সঙ্গে নব্য-নাৎসিদের সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি। দুজন ঘনিষ্ঠ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা।
এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরাইলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেন, ইসরাইলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত ওয়াশিংটন।
আকাশ, স্থল ও জলপথ থেকে শনিবার ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। ছেড়ে কথা বলছে না ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। পালটা গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুপক্ষের পালটাপালটি হামলায় ইসরাইল-ফিলিস্তিনের অন্তত ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
খবর বিবিসি

বিএনপি মায়াকান্নার মাধ্যমে বিদেশিদের কাছে করুণা ভিক্ষা করছে : কাদের

বিএনপি দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য মায়াকান্নার মাধ্যমে বিদেশিদের কাছে করুণা ভিক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে আজ সুষ্ঠু নির্বাচনের কথা, যা শুনে ঘোড়াও ডিম পাড়ে।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিএনপি জন্মলগ্ন থেকেই দেশের জনগণের সঙ্গে তামাশা করে আসছে। অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী স্বৈরশাসক জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ঐতিহ্যগত ও প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীনতা-গণতন্ত্র সংবিধান ও নির্বাচনবিরোধী একটি রাজনৈতিক দল। স্বাধীন বাংলাদেশে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে।
তিনি বলেন, দেশের সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারির মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবারের মতো ‘কারফিউ মার্কা গণতন্ত্র’ প্রবর্তন করে। মার্শাল ল বলবৎ থাকাবস্থায় ১৯৭৭ সালের ৩০ মে তথাকথিত হ্যাঁ/না ভোট, ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচন ও ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের আয়োজন করে। সে সময় একই সঙ্গে রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক পদে থেকেই জিয়াউর রহমান প্রহসনের মাধ্যমে সকল নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করে। এমনকি জিয়াউর রহমান হত্যাকা-ের পর বিএনপি নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তৎকালীন উপ-রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে পদে বহাল রেখেই রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য দেশের পবিত্র সংবিধান সংশোধন করেছিল। তারই পদাঙ্ক অনুসরণ করে বেগম খালেদা জিয়াও ক্ষমতায় থাকাবস্থায় প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করতে বিএনপির আজ্ঞাবহ ব্যক্তিদের নিয়ে সাদেক আলী ও আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশনে ছাত্রদলের চিহ্নিত ক্যাডারদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করে নির্বাচন কমিশনকে একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দেশবাসী ভুলে যায়নি, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর গবেষণা ও তদন্তে বিএনপির ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টির জালিয়াতি উন্মোচিত হয়। ক্ষমতায় থাকতে মরিয়া বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলুষিত করে ২০০৬ সালে তাদের দলীয় রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের অপচেষ্টা চালায় এবং জনগণের আন্দোলনের মুখে ২০০৭ সালের ২২ জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিল করতে বাধ্য হয়।
তিনি বলেন, বিএনপি বরাবরই হত্যা-ক্যু-ষড়যন্ত্র ও রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবীর অন্তরালে বিএনপি পুনরায় হত্যা-ক্যুÑষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে।
বিবৃতিতে সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। জনগণের রায় ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেনি। স্বাধীন বাংলাদেশে একমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই সাংবিধানিক ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘ স্বৈরশাসনের অবসান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য বাংলার জনগণ ভালোবেসে তাকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ অভিধায় অভিষিক্ত করেছে। দেশরতœ শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও রাজনীতির গতিপথ কোনো বিদেশি শক্তির ইচ্ছায় নির্ধারিত হবে না; একইভাবে দেশবিরোধী কোনো অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির হুমকির মুখে বিচ্যুত হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে সুমহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনা, কষ্টার্জিত গণতন্ত্র, উন্নয়ন-অগ্রগতির চলমান অভিযাত্রা, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও দেশের জনগণের স্বার্থ সুরক্ষায় যে কোনো ধরনের আত্মত্যাগে প্রস্তুত রয়েছে।

আদালত থেকে পলাতক জঙ্গির একজন অল্পের জন্য হাতছাড়া : সিটিটিসি

গত বছরের ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে পলাতক আনসার আল ইসলামের দুই জঙ্গি এখনো গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযানের মধ্যে একজন অল্পের জন্য হাতছাড়া হওয়ার কথা জানাল ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গত বছরের ২০ নভেম্বর ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গন থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে করে জঙ্গি সদস্য মইনুল হাসান শামিম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান (২৪) ও আবু সিদ্দিক সোহেলকে (৩৪) ছিনিয়ে নেয় সহযোগীরা।

এর পর থেকে প্রায় এক বছর ধরে সংগঠনের নেতৃত্বপর্যায়সহ অনেককেই গ্রেপ্তার করা হলেও ছিনতাই হওয়া দুই জঙ্গি এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে।
সিটিটিসি জানায়, সম্প্রতি একটি বাসায় অভিযান চালিয়ে সিটিটিসি জানতে পারে মাত্র ২ দিন আগে আদালত থেকে পলাতক এক জঙ্গি ওই বাসা থেকে চলে গেছে। তিনি প্রায় এক মাস ওই বাসাতেই অবস্থান করছিলেন।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা থেকে আনসার আল ইসলামের নায়েবে আমির ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
গ্রেপ্তাররা হলেন আনসার আল ইসলামের নায়েবে আমির সাখাওয়াতুল কবির ওরফে আনিস ওরফে রফিক (৪৫), সংগঠনের আশকারী বিভাগের ঢাকা অঞ্চলের কমান্ডার ইহসানূর রহমান ওরফে মুরাদ ওরফে সাইফ (২৬), বখতিয়ার রহমান ওরফে নাজমুল (৩০), ইউসুফ আলী সরকার (৩১) ও জাহেদুল ইসলাম ওরফে আশ্রাফ (৩৫)।
এ বিষয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, বর্তান সময়ে জঙ্গি সংগঠনগুলোর মধ্যে আনসার আল ইসলামই সাধারণত সক্রিয়। সংগঠনটি ঘিরে সামনে যে চ্যালেঞ্জ ছিলো, আমরা মনে করি সংগঠনের আমিরসহ নেতৃত্বপর্যায়ের ৫ জনকে গ্রেপ্তারের মাধ্যমে আমরা তা অনেকটাই নিউট্রাল করতে পেরেছি।

গ্রেপ্তারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্রেপ্তারদের কাছ থেকে আদালত থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গির বিষয়ে কোন তথ্য পাওয়া গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। এরমধ্যে একটি বাসায় অভিযান চালিয়ে জানতে পেরেছি ওই বাসা থেকে একজন মাত্র দুইদিন আগে চলে গেছে। ওই বাসায় সে এক মাসেরও বেশি সময় অবস্থান করছিল।
গ্রেপ্তার এই ৫ জনের কাছ থেকেও আমরা কিছু তথ্য পেয়েছি। আরো ২ এক জনের সংশ্লিষ্টতা পেয়েছি। গ্রেপ্তারদের রিমান্ডে এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুকি চিনের সহায়তায় মাথাচাড়া দিয়ে ওঠা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান শামিন মাহফুজকে আগে আনসার আল ইসলামের সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। সে জেলখানায় বসে যখন নতুন সংগঠনের পরিকল্পনা করে তখন সমমনা আরো জঙ্গি সংগঠনের সদস্য ছিল। মতাদর্শ ও পূর্ব পরিচয়ের সূত্র ধরে তারা একত্রিত হয়ে নতুন নামে কার্যক্রম শুরু করে। এজন্যই পরে আনসার আল ইসলামের পক্ষ থেকে শামিন মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি বলেন, শারক্বিয়ার ৯৫ ভাগেরও বেশি সদস্যদের গ্রেপ্তার করেছি। নেতৃত্ব পর্যায়ে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি শামিন মাহফুজকে গ্রেপ্তারের মাধ্যমে শারক্বিয়ার যবনিকা টানতে পেরেছি।

কুকি চিন ও তাদের নেতৃত্বপর্যায়ের সদস্যদের নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আনসার আল ইসলামের বাইরে এখন কোন সংগঠনের তৎপরতা আছে বলে মনে হয়না। আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
কিছুদিন আগে ইমাম মাহমুদের কাফেলা নামে একটি সংগঠন শারক্বিয়ার মতো পাহাড়ি অঞ্চলে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। কিন্তু সংগঠিত হওয়ার পূর্বেই তাদেরকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা এমন সংগঠন অঙ্কুরেই বিনষ্ট করে দিতে সক্ষম হচ্ছি।
নির্বচন সামনে রেখে আনসার আল ইসলামের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো। তবে এটা ঠিক জঙ্গি সংগঠনগুলো এ পরিস্থিতি কাজে লাগাতে চায়। যখন আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য কাজে মনোযোগ দেয় তখন তারা সদস্য সংগ্রহসহ সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু এখন আগের মতো পরিস্থিতি নেই, আগে সিটিটিসির মতো ইউনিট ছিলোনা যারা শুধু জঙ্গিদের নিয়েই কাজ করবে। তবে আমরা তৎপর আছি, গ্রেপ্তারদেরকে তাদের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

টানা দ্বিতীয় জয়ের দেখা পেল চেলসি

কয়েক বছর আগের চ্যাম্পিয়ন দল চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে এখন নিজেকে হারিয়ে খুঁজছে। প্রতিনিয়ত নিচের দিকে নামছে। এরই মাঝে সাবেক চ্যাম্পিয়ন দলটি টানা দুই ম্যাচ জয়ের কীর্তি গড়েছে। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে ৪-১ গোলে হারিয়েছে। গত মার্চের পর প্রথমবারের মতো দলটি টানা দুই ম্যাচ জিতল।
বড় ব্যবধানে ম্যাচ জিতলেও আরও একটা হারের শঙ্কা ঠিকই চেপে ধরেছিল চেলসিকে। ম্যাচে গোলটা আগে করেছিল বার্নলি। ১৫ মিনিটের সময় উইলসন ওডোবার্টের গোল থেকে বার্নলি এগিয়ে গিয়েছিল। এ ম্যাচের আগে নিজেদের মাঠে টানা চার ম্যাচ হেরেছে বার্নলি। ফলে এ গোলে সেই হারের একটা বিরতির স্বপ্ন দেখছিল তারা। অন্যদিকে আরো একটা হারের শঙ্কায় পেয়ে বসেছিল চেলসিকে। কেননা গত ১৯ ম্যাচে আগে গোল হজমের পর হার এড়াতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা।

অবশেষে আত্মঘাতী গোলে হার এড়ানোর পথের সন্ধান পায় চেলসি। বিরতির তিন মিনিট আগে আমিন আল দাখিলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ব্লুজরা। এ গোল আত্মবিশ্বাসী করে তোলে চেলসিকে। তারই সুবাদে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল আদায় করে নেয় দলটি। ৫০ মিনিটে কোল পালমার পেনাল্টি থেকে চেলসিকে এগিয়ে নেন। ৬৫ মিনিটে রহিম স্টারলিং স্কোরশিটে নাম লেখান। ৭৪ মিনিটে তাদের সঙ্গে যোগ দেন নিকোলাস জ্যাকসন।
এ জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে চেলসি ১১তম স্থানে উঠে এসেছে। ৮ ম্যাচে তাদের তিন জয় ও তিন হার। দুই ম্যাচে ড্র করেছে। এক পয়েন্ট বেশি নিয়ে ঠিক তাদের উপরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৮ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বার্নলি রয়েছে নিচের দিক থেকে তৃতীয় স্থানে।

মূল স্বার্থের ইস্যুতে চীন-বাংলাদেশ পরস্পরকে সমর্থন করে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চীন ও বাংলাদেশের অবিচল পারস্পরিক আস্থা নিয়ে আমরা সব সময়ই সন্তুষ্ট। ২০১৬ সালে সহযোগিতা কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয় এবং ২০১৯ সালে গভীরতা পায় দেশ দুটির সম্পর্ক। নিজস্ব স্বার্থ ও উদ্যোগের বিষয়ে একে অপরকে সমর্থন করে চীন ও বাংলাদেশ।
আজ রোববার (৮ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে গণচীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চালনা সিল্ক রোড ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হাজার বছর আগেও চীনের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীনে গিয়েছিলেন। ১৯৫৭ সালে রাষ্ট্রীয় সফরে চীনে যান। এই সফরে চীনের মহান নেতা মাও সেতুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তার দেখা চীন নিয়ে আমার দেখা নয়া চীন বইটি লিখেন। চীনকে আরও কাছ থেকে আমরা জানতে পারি।
তিনি বলেন, ২০১০, ২০১৪ ও ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। ২০১৬ সালে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন। তাদের এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীরতর করেছে। তারপর থেকে আমাদের উন্নয়ন প্রকল্পে চীন সহযোগিতা করে চলেছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সম্প্রতি ২০২৩ সালে ব্রিকস সম্মেলনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট দুই দেশের অবকাঠামোগত উন্নয়ন, তথ্য প্রযুক্তি, নতুন জ্বালানি, কৃষি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং দুই দেশের সম্পর্কের অধিকতর কৌশল নিয়ে আলোচনা করেন। চীন-বাংলাদেশের সম্পর্ক আরও গাঢ় করার জন্য প্রয়াস রয়েছে। আমাদের বন্ধুত্ব আরও বাড়বে বলে আমরা মনে করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল

‘ইসরায়েলের ভূখণ্ডে কয়েক মিনিট আগে গুলি চালানোর’ পরে লেবাননে আর্টিলারি হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ কথা বলেছে।
এদিকে গাজার সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, গাজায় নিহত মানুষের সংখ্যা ২৩০-এরও বেশি। আহত হয়েছেন আরও ১ হাজার জন।

ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজার সাতটি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে।
বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজায় অনেক পরিবার ঘর ছেড়ে পালানো শুরু করেছে। তারা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোয় আশ্রয় নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গাজাবাসী ইসরায়েলের বিমান হামলার বর্ণনা দিয়েছেন। তারা বলছেন, ইসরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে।

নির্বাচনকালীন সরকার ছোট করার বাধ্যবাধকতা নেই : তথ্যমন্ত্রী

নির্বাচনকালীন সরকার ছোট করার কোনো বাধ্যবাধকতা সংবিধান অনুযায়ী নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার (৮ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত ‘পূর্ব পাকিস্তান সংকট শ্বেতপত্র’ পুনঃমুদ্রণের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট হবে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। সংবিধান অনুযায়ী এটি করার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারেন। ২০১৮ সালের নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার ছোট করা হয়নি। যে সরকার ছিল সেই সরকারই দায়িত্ব পালন করে যাচ্ছিল।
বিএনপি এত দিনে বুঝতে পেরেছে কেউ তাদের মুখে ফিডার দিয়ে ক্ষমতায় বসাবে না, এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, মার্কিন ভিসানীতিতে বিএনপি খুশি ছিল। কিন্তু এখন তারা বলছে যে ভিসানীতি নিয়ে ভাবনার কিছু নেই, আন্দোলন করেই সরকারের পতন ঘটাব।
এ বিষয়ে আপনার মন্তব্য কি, এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও একটি কথা বলেছেন, ‘আমাদের কোলে করে কেউ ক্ষমতায় বসাবে না’। এত দিন পর তার সেই উপলব্ধি হয়েছে। তারা বুঝতে পেরেছে কেউ তাদের মুখে ফিডার দিয়ে ক্ষমতায় বসাবে না। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের সবার ওপর ভিসানীতি প্রয়োগ করা হবে। সেটিও অনুধাবন করতে পেরেছে বিএনপি। এ জন্য কর্মীদের আন্দোলন করতে বলছে তারা। তাদের অনুরোধ করবো, নির্বাচন বাধাগ্রস্ত করার পথ পরিহার করে নির্বাচনে আসার জন্য।

তিনি বলেন, বিএনপি ভেবেছিল, তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দেবে। ফখরুলের সেই উপলব্ধি ছিল হয়ত। এ জন্য তার খুব উৎফুল্ল ভাব ছিল। কিন্তু ধীরে ধীরে তার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে, যথা সময়ে নির্বাচন হবে এবং অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপিরও অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতোমধ্যে তৃণমূল বিএনপির কয়েকজন বিএনপি নেতা জয়েন করেছে। তাদের অনুরোধ জানাবো বাস্তবতা বিবর্জিত না হওয়ার জন্য। বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের পথে আসতে তাদের প্রতি অনুরোধ জানাব।