শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

নির্বাচনে আসার অপেক্ষায় অসংখ্য রাজনৈতিক দল : প্রাণিসম্পদমন্ত্রী

বিএনপি না এলে দ্বাদশ সংসদ নির্বাচন না এলেও হবে। অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে আসার জন্য অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে না মূলত বিজয়ী হতে পারবে না জেনে। ২০ দলীয় জোটে অনেক দল আছে তাদের নামও জানি না। ১২-দলীয় জোট হয়েছে সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া রুটির লোভে এখানে ওখানে যাবে।
আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই। ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিল তিনিও সরে গেছেন। এখন বিএনপি দিশেহারা অবস্থায়। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন বসে থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

নির্বাচন এলেই সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার অপচেষ্টা চালায় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপামর বাঙালি সাম্প্রদায়িক নয়। সবাই মিলে মিশে একাকার। সেই কারণে এদেশে সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই অপশক্তি অবদমিত হয়েছে।
কিন্তু সেই অপশক্তি নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দেখা যায়, যখন নির্বাচন আসে, তখন এই অপশক্তি আবার ফণা তোলার অপচেষ্টা চালায়। তাই এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’
আজ শনিবার সকালে রাজধানীর বনানী মাঠে স্থাপিত পূজামন্ডপে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শুভ মহালয়া ১৪৩০ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর ধর্মের পরিচয়। কিন্তু এই চেতনার বেদীমূলে আঘাতের ফলে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের মিলিত রক্তস্রোতে ৩০ লাখ শহীদ ও ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, লাল সূর্য খচিত সবুজ পতাকা ছিনিয়ে এনেছি।’
তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ১৯৭৫ সালের পর সেই সাম্প্রদায়িক ভাবধারা ফিরিয়ে আনা হয়েছিল।’
হাছান মাহমুদ বলেন, ‘আজ ও সেই সাম্প্রদায়িক অপশক্তি আমাদের দেশে আছে এবং তারা সময়ে সময়ে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দেয়।’
নির্বাচনকে সামনে রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত ১৫ বছরের পথচলায় চেষ্টা করেছি, ১৯৭৫ সালের পর বাংলাদেশের যে মূল চেতনা হারিয়ে গিয়েছিল তা ফিরিয়ে আনার। একটি রাষ্ট্রের কখনো ‘শত্রু সম্পত্তি আইন’ ধরনের মতো আইন থাকা বাঞ্ছনীয় নয়। সেটি বিলুপ্ত করে ভিন্ন আইন করা হয়েছে। এভাবে অনেক কাজ করা হয়েছে।’
দেশে সম্প্রীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আজ বাংলাদেশে সবকিছু ছাপিয়ে বড় উৎসব, বাঙালির উৎসব হয়ে দাঁড়িয়েছে পয়লা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশে যেভাবে বাংলা প্রতিবেশী কোনো দেশেও নেই।’
সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র ও সবার। আর সেটির প্রতিফলন আমরা দেখি দুর্গাপূজা, ঈদ, প্রবারণা পূর্ণিমাসহ সকল ধর্মীয় পার্বণে, যেখানে সব ধর্মের মানুষ উৎসব মুখর পরিবেশে শামিল হয়।’
‘মানুষের সামর্থ্য ও সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বিধানের কারণে প্রতি বছর পূজামন্ডপের সংখ্যা বাড়ছে’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আশা করি এই শুভ মহালয়ায় দেবী দুর্গার যে আগমনী বার্তা ধ্বনিত হচ্ছে, তা সকল ধর্মের যে মর্মবাণী, মানুষে-মানুষে শান্তি-সম্প্রীতি, তা আরও দৃঢ় করবে।’
শিল্পী মনোজ সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুলশান-বনানী পূজা উদযাপন ফাউন্ডশনের সভাপতি পান্না লাল দত্ত, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ঘোষ, সন্তোষ শর্মা প্রমুখ। শেষে ফাউন্ডশনের শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

গাজায় ইসরায়েলের উচ্ছেদ পরিকল্পনা সম্পূর্ণ অসম্ভব : বোরেল

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল আজ শনিবার বলেছেন, ইসরায়েলের এক দিনে উত্তর গাজা থেকে দশ লাখের বেশি লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ‘বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব’।
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের আগে এলাকার বাসিন্দাদের সরে যেতে সতর্ক করেছে।
চীনে তিন দিনের কূটনৈতিক সফরের শেষ দিনে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বোরেল বলেন, ‘আমি বলছি যে, ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিনিধিত্ব করে। উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব।’
তিনি বলেন, ‘গাজার মতো পরিস্থিতিতে আপনি ২৪ ঘন্টার মধ্যে ১১ লাখ লোককে স্থানান্তর করতে পারবেন তা কল্পনা করা কেবল একটি মানবিক সংকট হতে পারে।’

ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ কমান্ডার মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন। মুরাদ গোষ্ঠীর সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের ড্রোন ও এরিয়াল অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন।
আজ শনিবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েরের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
আইডিএফের সংক্ষিপ্ত সেই বার্তায় বলা হয়েছে, ‘গাজার যে গোপন ঘাঁটি থেকে ড্রোন ও অন্যান্য এরিয়াল হামলা পরিচলনা করে হামাস, শুক্রবার সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে (ইসরায়েলের) বিমান বাহিনী। এতে ঘটনাস্থলেই মুরাদ আবু মুরাদসহ হামাসের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।
এ ব্যাপারে হামাস থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।
দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি শেষে ৭ অক্টোবর শনিবার ভোর রাত থেকে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাসের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সূর্যের আলো পুরোপুরি ফোটার আগেই ৩ হাজারেরও বেশি রকেট ছোড়া হয়েছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে।

কাছাকাছি সময়ে মোটরচালিত প্যারাগ্লাইডারে চেপে হামাসের বেশ কয়েকজন যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমাণ্ডের কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তা ও সদস্যদের বন্দি ও জিম্মি করার পাশাপাশি ওই কমান্ডের সঙ্গে সেনাবাহিনীর মূল কমান্ড ও অন্যান্য শাখার কার্যালয়ের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তার প্রায় সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল ও জীপে করে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেন হামাসের আরও কয়েক শ যোদ্ধা।
গোয়েন্দা তথ্যের ঘাটতি ও পূর্বপ্রস্তুতি না থাকার কারণে হামাসের হামলার পর প্রথম দিকে খানিকটা অপ্রস্তুত অবস্থায় ছিল ইসরায়েল। কিন্তু অল্প সময়ের মধ্যেই যুদ্ধে পূর্ণ শক্তিতে ফিরে আসে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ হচ্ছে আল আকসা অঞ্চলে। ইসরায়েলের সরকার ইতোমধ্যে হামাসকে চিরতরে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
খবর এএফপি

আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’ : আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। গত নির্বাচনে আমাদের স্লোগান ছিল ‘গ্রাম হবে শহর’।
আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে দলের ইশতেহার কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, সব নির্বাচনের আগে আওয়ামী লীগ জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রতিশ্রুতি প্রণয়ন করে থাকে। অতীতে আমরা কি করেছি, কি আমাদের অর্জন, সেগুলো আমরা পর্যালোচনা করি। সে আলোকে আমরা সব নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করি। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের জন্য ইশতেহার কমিটি করা হয়েছে।
তিনি বলেন, ২০২০ সালে করোনা মহামারি এবং পরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির ওপর বিরাট আঘাত আসে। সেই আঘাতের কারণে আমাদের প্রবৃদ্ধির যেই লক্ষ্যমাত্রা ছিল, সেটি অর্জন করা সম্ভব হয়নি। আমাদের অর্থনীতিও টানাপোড়েনের মধ্যে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারেও কিছু পণ্যের অস্বাভাবিকভাবে দাম বেড়েছে। সেগুলো মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে। এবারও ৬ ভাগের মতো প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি। আমাদের লক্ষ্যমাত্রা আট ভাগ, সেটি সম্ভব হয়নি। অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে আমাদের আরও কিছু সময় লাগবে।
এ সময় ইশতেহার কমিটির সদস্যসচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯০৩ ইয়াবা, ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৪৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে।

চীনে ইসরায়েলি কূটনীতিককে ছুরিকাঘাত

চীনে ইসরায়েলের কূটনীতিকের ওপর হামলা হয়েছে। ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মকর্তা। চীন এই বিষয়ে এখন পর্যন্ত কিছু না জানালেও ইসরায়েল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে।
শুক্রবার ১৩ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতের মাধ্যমে জানায়, চীনে ইসরায়েলের কূটনীতিককে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতিবেদনে বলা হয়, ওই কূটনীতিকের অবস্থা এখন স্থিতিশীল। তবে ঠিক কী কারণে কূটনীতিকের উপর হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও স্পষ্ট নয়।
ইসরায়েল-হামাস সংঘাত চলাকালীন এমন ঘটনায় ইসরায়েল সরকার সতর্ক অবস্থান নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এমন পরিস্থিতিতে বিশ্বে ছড়িয়ে থাকা ইসরায়েলি ও ইহুদিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন।

ইসরায়েল থেকে সৌদি আরব সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ছড়িয়ে পড়া বন্ধের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরের অংশ হিসেবে তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
বিবিসি জানিয়েছে, যুদ্ধরত ইসরায়েল সফর শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরবে পৌঁছেছেন। মূলত হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি সৌদি আরব সফর করছেন।
ব্লিংকেন চাচ্ছেন আরব দেশগুলো হামাসের তীব্র সমালোচনা করুক এবং ইসরায়েলের প্রতি সংযত আচরণ করুক। তবে তিনি সৌদি আরবের রিয়াদে পৌঁছানোর পর পাল্টা হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে দেশটি।
সৌদি আরব বেশ কিছুদিন ধরে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইসরায়েলের সাথে আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু এখন কার্যত সেটি থমকে গেছে। চলতি বছরের শুরুতে তারা ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং সৌদি যুবরাজ হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর ইরানের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন।
অন্যদিকে অ্যান্টনি ব্লিংকেন চাইছেন ইরান যেন এখনকার সংঘাতে না জড়ায়। সৌদি আরব সফর শেষে মিশর যাবেন তিনি, কারণ এই দেশটির সঙ্গে গাজার সীমান্ত আছে। সেখানে তিনি মানবিক সাহায্যের জন্য একটি করিডর স্থাপন এবং গাজায় বেসামরিক নাগরিকদের জন্য একটি সেফ জোনের বিষয়ে আলোচনা করবেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। করোনাকালীন দুটি বছর দেশের উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে ওঠার জন্য সময়ের প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যধাগ্রস্ত হবে। যা বিগত দিনে হয়েছিল। বিএনপি জোট সরকার সাধারণ মানুষের জন্য আওয়ামী লীগের সরকারের প্রতিষ্ঠিত করা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। শুক্রবার স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী একতার হাটে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন বলে আজ আমরা উন্নতশীল দেশে পরিনত হতে যাচ্ছি। বিভিন্ন বড়বড় প্রকল্পের কথা উল্লেখ করে তিনি আরও বলেন এসব কাজের অগ্রগতি যাতে বন্ধ না হয় সেজন্য আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহব্বত আলী প্রমুখ।
মন্ত্রী এরপর বলদিয়া ইউনিয়ন পরিষদ অফিস-কাটাখালী হাট-ডুবি-চৌদ্দরশি বাজার সংযোগ সড়ক, ইন্দেরহাট-জিলবাড়ী ভায়া বিন্না বাজার সড়ক নির্মান কাজের ও সেহাংগল আর,এইচ,ডি-শশীদ বাজার ভায়া কুহুদাসকাঠি এবং অশত্থকাঠী সড়ক উন্নয়ন করন কাজের উদ্বোধন। বিকেলে তিনি সেহাংগলে মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ও মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগদান করেন।
এ সময় তার সাথে ছিলেন, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, নেছারাবাদ কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, নেছারাবাদ থানার ওসি মো. সরওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।

লেবাননে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

লেবাননে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আল জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রয়টার্স নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন এবং তার নাম ইশাম আব্দুল্লাহ।
রয়টার্সের এক মুখপাত্র বলেছেন, এ ঘটনায় তারা ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন।
এ ব্যাপারে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। আমরা এ মুহূর্তে আরও তথ্য সংগ্রহ করছি। ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং ইশামের পরিবারের পাশে দাঁড়িয়েছি।’
সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১৩ অক্টোবর) আহত সাংবাদিকরা দায়িত্ব পালন করতে ইসরায়েল-লেবানন সীমান্তের আলমা আস-সাবে গিয়েছিলেন। ওই সাংবাদিকরা রয়টার্স, আল জাজিরা এবং এপির ছিলেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী একটি ট্যাংক থেকে তাদের উপর সরাসরি গোলা ছোড়ে। সেখানকার অবস্থা ভয়াবহ ছিল।
আল জাজিরা আরও জানিয়েছে,হামলার শিকার সাংবাদিকরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। তারা একটি খোলা স্থানে ছিলেন এবং জায়গাটি একটি পাহাড়ের উপরে ছিল। যারা সেখানে নজরদারি চালাচ্ছিল, লক্ষ্য রাখছিল তারা সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন, ওই দলটি সাংবাদিকদের দল ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদক আলী হামেস লেবানন থেকে জানিয়েছেন, তার দুই সহকর্মী গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারা এক প্রিয় বন্ধুকে এই হামলায় হারিয়েছেন।