শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

বিশ্বকাপে আজ ইংল্যান্ড-আফগানিস্তান লড়াই

চলতি বিশ্বকাপের শুরুটা ভাল না হলেও পরের ম্যাচে জিতে স্বরূপে ফেরে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে দাপটে জয় তুলে নেয় তারা। সেই ধারাবাহিকতা আজ আফগানিস্তানের বিপক্ষেও ধরে রাখতে চাইছে তারা। এদিকে এ টুর্নামেন্টে নিজেদের শুরুর দুই ম্যাচেই হেরেছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই দলটি জয়ে ফিরতে মরিয়া। দিল্লিতে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের ম্যাচটি।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপে সিডনিতে ৯ উইকেটে এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের আসরে ম্যানচেস্টারে ১৫০ রানের বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপের তৃতীয় সাক্ষাৎ আজ তাদের।

জয়ের ধারা আজও ধরে রাখতে চায় ইংল্যান্ড। এ ব্যাপারে দলটির তারকা ব্যাটার ডেভিড মালান জানিয়েছেন, ‘প্রথম ম্যাচের ধাক্কা সামলে আমরা জয়ের পথে ফিরছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। আফগানিস্তানের বিপক্ষেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে আছে দল। আগ্রাসী ক্রিকেটে আফগানদের ধরাশায়ী করার পরিকল্পনা আছে আমাদের। পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগলে জয় অসম্ভব কিছু না।’

ইনজুরির কারণে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারছেন না স্টোকস। এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি।

আগামী ২১ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচের জন্য স্টোকসকে প্রস্তুত করছে ইংলিশদের টিম ম্যানেজমেন্ট। মালান জানান, ‘ইনজুরি থেকে সুস্থ হচ্ছে স্টোকস। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও তাকে বিশ্রাম দেয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য স্টোকসকে পুরোপুরি ফিট রাখতে চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।’

এদিকে জয় পেতে মরিয়া আফগানিস্তান। এ ব্যাপারে দলটির কোচ জনাথন ট্রট বলেন, আফগানিস্তান দলের প্রধান কোচ ইংলিশম্যান জনাথন ট্রট জানান, ‘বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই আমরা হেরেছি। হারের বৃত্ত থেকে আমাদের বের হতে হবে। তিন বিশ্বকাপ মিলিয়ে ইতোমধ্যে টানা ১৪টি ম্যাচ হেরেছে আফগানরা। এ জন্য জয়ের জন্য পুরো দল ক্ষুধার্ত হয়ে আছে। ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ক্ষুধা মেটাতে চায় ছেলেরা।’

ইংল্যান্ড ও আফগানিস্তান একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র ২ বার মুখোমুখি হয়েছে এবং দুটি ম্যাচেই জিতেছে ইংল্যান্ড। তারা শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯-এর বিশ্বকাপে।, ওই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৫০ রানে। এ বার জস বাটলারদের সামনে কেমন হয় আফগানদের ইনিংস সেটাই এখন দেখার।

ইসরায়েলের হামলায় গাজায় ৭২৪ শিশুসহ নিহত ২২১৫

টানা নয়দিন থেকে ইসরায়েলি বাহিনী ও গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এতে উভয়পক্ষে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।
গাজার স্বাস্থ্যমন্ত্র ণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দুই হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ৭২৪ জন শিশু রয়েছে। সেই সঙ্গে নিহত নারীর সংখ্যা ৪৫৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৪ জনে। তাদের মধ্যে দুই হাজার ৪৫০ জন শিশু এবং এক হাজার ৫৩৬ জন নারী।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। সংগঠনটির দাবি, ২০ মিনিটের মধ্যে তারা ইসরায়েল অভিমুখে পাঁচ হাজার রকেট ছুড়েছিল। সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত অতিক্রম করে অতর্কিত হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছে কয়েক হাজার।
হামাসের হামলার পরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনী শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি। গাজায় খাবার সরবরাহ, বিদ্যুৎ ও জ্বালানিও বন্ধ করে দিয়েছে। জিম্মিদের মুক্তি না দিলে এগুলোর কোনো কিছুই গাজায় সরবরাহ না করার অঙ্গীকার করেছে তারা। ফলে গাজায় মানবিক সংকট গভীর থেকে আরও গভীর হয়েছে। হাসপাতালগুলো মর্গে পরিণত হচ্ছে। নির্বিচারে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।

ইসরায়েল-হামাস যুদ্ধ : নিরাপত্তা পরিষদে ভোটের আহ্বান রাশিয়ার

ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে জোরালো হয়ে উঠছে রুশ দূতালি। অসম এই যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলো দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের পক্ষ নিলেও মস্কো এখনো পর্যন্ত এই সংঘাতে সুনির্দিষ্ট করে কোনো পক্ষ নেয়নি। বরং এই সংঘর্ষের জন্য ক্রেমলিন পশ্চিমের দেশগুলোর ‘ভ্রান্ত মধ্যপ্রাচ্যনীতিকে’ দায়ী করেছে।
আজ রোববার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে ‘মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়ে আগামী সোমবার রাশিয়ার একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটগ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন যে গত শুক্রবার নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে যে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে এখন পর্যন্ত তাতে কোনো পরিবর্তন আনা হয়নি।
তিনি আশা করেন, আগামী সোমবার নিউইয়র্ক সময় বিকেল ৩টায় ভোট হবে।
এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে বন্দিদের মুক্তি, মানবিক সহায়তার পথ খুলে দেওয়া ও বেসামরিক ব্যক্তিদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের কথা উল্লেখ করা হলেও সরাসরি হামাসের নাম বলা হয়নি।
নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস বা প্রত্যাখ্যাত হতে নয়টি ভোটের প্রয়োজন হয়। স্থায়ী সদস্যদের কেউ একজন ভেটো দিলে প্রস্তাব বাতিল হয়ে যায়।
সাধারণত নিরাপত্তা পরিষদের যে কোনো উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষা করে থাকে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের অন্য স্থায়ী সদস্যদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাত ধোয়ার সামাজিক আন্দোলন বেগবানের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধোয়ার সামাজিক আন্দোলন আরও বেগবান করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমসহ দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আাহ্বান জানিয়েছেন। রোববার (১৫ অক্টোবর) ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে জনস্বাস্থ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গ্রামীণ ও পৌর জনপথে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিন বলেন, গত ১৪ বছরের বেশি সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৩টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। স্কুলজীবন থেকেই যাতে শিক্ষার্থীরা নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয় সম্পর্কে জ্ঞানলাভ ও অভ্যাস গড়ে তুলতে পারে সেজন্য ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত ৩২ হাজার ৪২২টি প্রাথমিক বিদ্যালয়ে ৬২ হাজার ওয়াশ ব্লক এবং প্রায় ৬২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পানির উৎস ও ২২ হাজার ৫২৮টি ওয়াশ বেসিন নির্মাণ করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, আমরা জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ অর্জনের লক্ষ্যে টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও এর প্রয়োগ, সংশ্লিষ্ট ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যবিধি পরিপালন, পরিবেশবান্ধব উন্নত টয়লেট নির্মাণ ও ব্যবহার এবং নিরাপদ স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।
তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং নিরাপদ পানির উৎসের আওতায় আনা সম্ভব হয়েছে, ২০০৩ সালে যা ছিল মাত্র ৩৩ শতাংশ। অন্যদিকে খোলাস্থানে মলত্যাগকারীর হার ২০০৩ সালের ৪৪ শতাংশ থেকে প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। বাংলাদেশের এ সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে।
সরকারপ্রধান বলেন, দেশের প্রায় সব জেলায় আধুনিক পানি পরীক্ষাগার স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্ভাবনী ও জনবান্ধব প্রযুক্তির প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে এসডিজি অর্জন সম্ভব হবে বলে আমি মনে করি। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সেবা নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসসহ অন্যান্য মহামারি ও রোগব্যাধি থেকে সুরক্ষাসহ এসব রোগব্যাধির বিস্তাররোধে সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হলো সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া এবং নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সঠিকভবে মেনে চলা।
তিনি বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপে করোনাভাইরাস নিয়ন্ত্রণসহ জনগণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী আশা করেন ‘সবার জন্য উন্নয়ন’ এই নীতিকে ধারণ করে স্যানিটেশন খাতের বিভিন্ন অংশীজনের সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা সফল হবেন।

নির্বাচন প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ওপর সতর্কতা জারি করা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ‘কৌশল’ হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা নেই তারপরও আমেরিকা তাদের নাগরিকদের জন্য যে সতর্কতা দিয়েছে তা তাদের নিজস্ব বিষয়।
তিনি বলেন, একটি দেশের নির্বাচনের আগে কোনো কোনো দেশ এসব সতর্কতা জারি করে মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য।
বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হালনাগাদ সতর্কতা জারি করেছে। হালনাগাদ করা ওই ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, অপরাধ, সন্ত্রাসবাদ এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গোষ্ঠীগত সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদী তৎপরতা, অপহরণসহ নিরাপত্তাজনিত অন্যান্য ঝুঁকি থাকার কথা উল্লেখ করে সেখানে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মার্কিন ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারির আগে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ এবং নির্বাচনকেন্দ্রিক অন্যান্য তৎপরতা এরইমধ্যে শুরু হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সভা-সমাবেশের সংখ্যা বাড়তে পারে এবং এগুলোর গতি তীব্রতর হতে পারে। বাংলাদেশ ভ্রমণকারীদের সতর্কতা মেনে চলা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভগুলো যেকোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে, এগুলো মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ড. অরূপরতন চৌধুরীর মিউজিক ভিডিও প্রকাশনা উৎসবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক না পাঠালে বাংলাদেশের কিছু আসে যায় না।
মন্ত্রী বলেন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো বিশ্ব রাজনীতির একটা খেলা। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে আমেরিকা পর্যবেক্ষক না পাঠালে তাতে বাংলাদেশের কিছু আসে যায় না।
তিনি বলেন, মানবাধিকার, ফ্রিডম অব স্পিচের বিক্রেতা যারা সাজে তারাই আবার ফিলিস্তিনে লাখ লাখ মানুষকে বাড়িছাড়া করার তৎপরতায় সমর্থন দেয়। যেটা খুবই আপত্তিকর বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে এ দেশের জনগণের সার্টিফিকেট ছাড়া অন্য কোনো দেশের সার্টিফিকেট প্রয়োজন নেই।’

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২০৪৭

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৭ জন।
শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়। দেশে নির্বাচন করার কাজ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলো জনকল্যাণে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলে, বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়।
আজ শনিবার চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প (২য় পর্যায়) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, স্থানীয় সরকার সচিব মুহম্মদ ইবরাহিম, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে, ওয়াসার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
চট্টগ্রাম ওয়াসার এই প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের জাইকাকে ধন্যবাদ জানিয়ে তাজুল ইসলাম বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর থেকে জাপান সবসময় বাংলাদেশের পাশে আছে। জাপান সরকার জাইকার মাধ্যমে যেসব প্রকল্পে অর্থায়ন করে সেসব প্রকল্পের সুনাম রয়েছে।
তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নানামুখী সুবিধা ভোগ করছে এবং তাদের জীবন মান উন্নত হচ্ছে। তাই বাংলাদেশের টেকসই উন্নয়নে জাপানের ভূমিকা অপরিসীম।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এক সময় চট্টগ্রামে পানির কোন ব্যবস্থা ছিল না। পানি সরবরাহ নিয়ে ওয়াসার অবস্থা ছিল নাজুক। বর্তমান সরকার চট্টগ্রামে পানি সংকট নিরসনে একের পর এক প্রকল্প নিয়েছে। যার ফলে চট্টগ্রামে এখন পানির সমস্যা নেই।
তিনি আরও বলেন, বিএনপি সরকার চট্টগ্রামে পানি সংকট নিরসনে কোনো প্রকল্প গ্রহণ করেনি। রাস্তায় রাস্তায় পানির জন্য কলসি মিছিল করেছে চট্টগ্রামের মানুষ। আর এখন পানির জন্য চট্টগ্রামে হাহাকার নেই।

বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা দেশের উন্নতি সহ্য করে না। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জিয়া বা খালেদা জিয়ার কোনো অবদান নেই। বরং তারা ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয়, এটা আজ আমরা প্রমাণ করেছি। গত ২৯ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের জন্য কী করেছে? কিছুই করেনি। যা করেছে আওয়ামী লীগই করেছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা আওয়ামী লীগকে ধ্বংস করা আর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানোর কাজ করেছে। সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তাদের জন্ম হয়েছে হত্যার মধ্য দিয়ে। জিয়া ও এরশাদের ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেছে আদালত। ওই অবৈধ দখলদারদের দোসর বিএনপি-জামায়াত আজ বাংলোদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বাংলাদেশের উন্নতি সহ্য করে না।
তিনি বলেন, ১৯৯৬ সালে ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মাত্র দেড় মাসে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। জনগণের আন্দোলনের মাধ্যমে আমরা এ দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি। নির্বাচনী ব্যবস্থার সংস্কার করেছি। আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেছে।

শেখ হাসিনা বলেন, আমার একটা প্রশ্ন, বিএনপি নেতাদের কাছে। আপনারা অনশন করেন, কেমন ছেলে সে (তারেক রহমান) অসুস্থ মাকে (খালেদা জিয়া) দেখতে আসে না। মা নাকি মরে মরে। আমি তো বলব, মাকে দেখতে আসুক।
তিনি বলেন, খালেদা জিয়ার এক ছেলে কোকো মারা যায়। আমি একজন মা। আমারও সন্তান আছে। আমি খালেদা জিয়াকে সহানুভূতি দেখাতে গিয়েছিলাম। আমি যখন সেই বাসার সামনে যাই, বাসার গেট তালা দিয়ে বন্ধ করে দেয়। কত বড় অপমান, চিন্তা করে দেখেন। খালেদা জিয়া ভুলে গেছেন, স্বাধীনতার পর কতবার ওই ৩২ নম্বরে গেছে। আমার বাবা আর মা যদি সহযোগিতা না করতো তাহলে নিজেকে বেগম জিয়া বলে পরিচয় দিতে পারত না।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বোন আমার কাছে এসে কান্নাকাটি করল। আমি সাজা স্থগিত করলাম। এখন নাকি তারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য অনশন করছে।
শেখ হাসিনা বলেছেন, অনশনের নামে বিএনপি নাটক করছে। আমার একটা প্রশ্ন, বিএনপি নেতাদের কাছে। আপনারা অনশন করেন।
‘অনশনের আগে কী দিয়ে নাস্তা করে এসেছে? শেষে কী দিয়ে ভাত খাবে? নাটকের একটা সীমা থাকে। কয় ঘণ্টার অনশন?’-যোগ করেন সরকারপ্রধান।
খালেদা জিয়ার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ছিল দাবি করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি তৈরি করেছিলেন। তিনি (খালেদা জিয়া) নিজে পড়াশোনা করতে পারেনি বলে অন্যরা পড়াশোনা করুক সেটাও চায় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সে (বেগম জিয়া) একবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল। দুইটা বিষয়ে পাস করেছিল। উর্দু আর অংক। সারাদিন পেয়ারে পাকিস্তান বলে জপ করে। সেই জন্য উর্দুতে পাস করেছিল। আর টাকা পয়সার হিসাব করতে হয়, তাই অংকে পাস করেছিল।’
সমাবেশে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকার ঘরে বিদ্যুৎ দিয়েছে। এক্ষেত্রে অনেক বেশি খরচ করতে হয়। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। একইভাবে পানি উৎপাদনেও সরকার ভর্তুকি দিয়েছে। পানি ব্যবহারেও সবাইকে সাশ্রয়ী হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গ্রামে গেলাম, সেখানে দেখি সকলের হাতে মোবাইল ফোন। সবাই ছবি তুলছে। অথচ বিএনপির আমলে কম্পিউটার ছিল না।’
সরকার ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রশিক্ষণ দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, অন্য কেউ যদি ক্ষমতায় আসে সব ধ্বংস করে দেবে।’
তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে ক্ষমতার দাপট দেখিয়েছি। বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। এখন সে না প্রধানমন্ত্রী, না বিরোধী দলে।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি করেছে। খালেদা জিয়া বলেছিল, গোপালগঞ্জের নাম মুছে ফেলবে। জয় বাংলা স্লোগান প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাস মুছতে চাইলেই মুছে ফেলা যায় না।
আওয়ামী লীগ অনেক সংগ্রামের পথ বেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতা থাকলে যে দেশের জন্য উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীগের সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতা ও কর্মীরা।

দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয় : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। উন্নয়নের সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার। দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয়।
পাবনার ঈশ্বরদীতে ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে ‘রূপপুর গ্রীনসিটি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এ সময় তিনি বেলুন উড়িয়ে সুসজ্জিত ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির উদ্বোধন করেন।
শামসুল হক টুকু আরও বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল গ্রাম হবে শহর। সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দুর্যোগ প্রতিরোধ ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনকল্যাণে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে। এর পাশাপাশি বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সরকার পর্যাপ্ত সরঞ্জামাদি ও আধুনিক স্টেশন নির্মাণ করছে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, প্রকল্প পরিচালক উপসচিব মো. শহীদ আতাহার হোসেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছহাক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরিফ প্রমুখ বক্তব্য রাখেন।

আমরা আরও ভালো জায়গায় যেতে চাই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব দেশ আমাদের ওপর চোখ রাঙায় হিসাব করলে দেখবেন, আইনের শাসন থেকে শুরু করে সব জায়গায় আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি। আমরা আরও ভালো জায়গায় যেতে চাই।
তিনি বলেন, আরও ভালো জায়গায় যেতে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভালোভাবে। আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ। আমরা কোন সিদ্ধান্ত নেব? উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমরা কি সেটা চাই নাকি এর সব কিছু থেমে যাবে তা চাই। আমাদের সন্তানেরা পড়াশোনা করবে গবেষণা করবে সেটা চাই নাকি গবেষণা পড়াশোনার দরকার নেই, ক্লাস এইট পর্যন্ত পাশ করে নানা রকম ধান্ধা করে বেড়াবে সেটা চাই।
আজ শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে শামসুন্নাহার হলের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই না দেশে একসঙ্গে ৫০০ বোমা পড়ুক। আমরা চাই দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত থাকবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে নৌকায়। ভোটটা দিতে হবে নৌকায়। আমাদের ভালোর জন্য। আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য।
তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। যেন আমাদের সন্তানদের ভবিষ্যত আরো সুন্দর হয়। আমাদের সন্তানদের আরো সুন্দর ভবিষ্যতের জন্য নৌকায় ভোটটা দিতে হবে।
শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশিনের সভাপতি আভা দত্তর সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন শামসুন্নাহার হল প্রভোস্ট অধ্যাপক ড. লাফিফা জামাল ও শামসুন্নাহার হল অ্যাসোসিয়েশনের সদস্যরা।
অনুষ্ঠানে শামসুন্নাহার হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। প্রতিবছর অ্যালামনাই হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দিবে বলে ঘোষণা করে শামসুন্নাহার হল অ্যালামনাই।