বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

ফের পেছাল মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের তারিখ

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের তারিখ ফের পিছিয়েছে। নতুন তারিখ ধরা হয়েছে আগামী ৪ নভেম্বর।
আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রীর শিডিউলের উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ ছাড়া আর অন্য কোনো কারণ নেই।
গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। পরে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন।
এরপর গত ৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল, এখন সেটা ২৯ অক্টোবর চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে। পেছানো হয়েছে, বিষয়টা তা না।
আর আজ জানা গেল, আগামী ২৯ অক্টোবরও উদ্বোধন হচ্ছে না মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ। এটি আগামী ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়।

হামাস ও পুতিনকে কখনোই জিততে দেওয়া হবে না: বাইডেন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‍তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হামাস ও পুতিনকে জিততে দেওয়া হবে না। অতীতের যেকোনও সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। গুরুত্বপূর্ণ এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইসরায়েল এবং ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন নিয়েও কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র এখনো সারা বিশ্বের জন্য একটি বাতিঘর বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, ‘হামাস ও পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে, কিন্তু তাদের লক্ষ্য একই; তারা উভয়ই প্রতিবেশী গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। ইউক্রেনের প্রকৃত রাষ্ট্র হিসেবে টিকে থাকার যে অধিকার আছে সেটিই অস্বীকার করেছেন পুতিন। ’
প্রেসিডেন্ট বাইডেন সরাসরি আমেরিকান জনগণকে সম্বোধন করে বলেন, ‘আমি জানি এই দ্বন্দ্ব-সংঘাতগুলো আমেরিকানদের জন্য অনেক দূরের ঘটনা বলে মনে করা হয়ে থাকে এবং এই প্রশ্ন জিজ্ঞাসা করা স্বাভাবিক, কেন এই সংঘাত আমেরিকানদের কাছে গুরুত্বপূর্ণ হবে?’
তার দাবি, ‘ইসরায়েল এবং ইউক্রেনের সফলতা নিশ্চিত করাটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ইউক্রেনে দখলদারিত্বের জন্য পুতিনের ক্ষুধা বন্ধ করতে না পারি, তবে তিনি নিজেকে আর ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ রাখবেন না। ’
ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত নিয়ে জো বাইডেন বলেন, ‘ঝুঁকি হচ্ছে চলমান সংঘর্ষ এবং বিশৃঙ্খলা বিশ্বের অন্যান্য অংশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। ’

জামিন পেলেন নওয়াজ, লাহোর ফিরছেন শনিবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জামিন দিয়েছে দেশটির উচ্চ আদালত। প্রায় চার বছর যুক্তরাজ্যে স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার (২১ অক্টোবর) পাকিস্তানের লাহোরে ফেরার কথা রয়েছে তার। গতকাল নওয়াজ শরিফকে এই জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আমজাদ পারভেজ। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে।
আইনজীবী পারভেজ বলেন, আগামীকাল নওয়াজ শরিফ তার শহর লাহোরে ফিরবেন।
হাইকোর্ট থেকে জামিনাদেশ পাওয়ার থাকায় এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না। তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ পিটিআইপ্রধান ইমরান খান এখন জেলে রয়েছেন। খবর এনডিটিভি।
আগামী বছরের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজকে (পিএমএল-এন) নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তার ছোট ভাই শেহবাজ শরীফ বর্তমান তত্ত্বাবধায়কের আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

বিশ্বকাপে আজ পাকিস্তান-অস্ট্রেলিয়ার লড়াই

টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে হেরে কিছুটা অস্বস্তিতে রয়েছে পাকিস্তান। অপরদিকে, প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। যে কারণে বেশ ফুরফরা দলটি। তবে উভয় দলই অতীত ভুলে আজ শুধু চোখ রাখছে জয়ে। যে কারণে শুরুর আগেই ম্যাচটি উত্তাপ ছড়াচ্ছে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান চেজ করে জিতে বিশ্বকাপে রেকর্ড গড়ে দলটি। প্রথম দুই ম্যাচে পাওয়া জয়ের আত্মবিশ্বাস চিরপ্রতিন্দ্বী ভারতের বিপক্ষে কাজে লাগিয়ে সফল হতে পারেনি পাকিস্তান। আহমেদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় তারা।
তবে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে শেষ চারের জটিল সমীকরণ মেলানোর লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে ’৯২-র চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়াকে যথেষ্ট সমীহ করেও ভালো কিছু নিয়ে মাঠ ছাড়তে আত্মপ্রত্যয় ঝরল পেসার হাসান আলীর কণ্ঠে, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। সবাই আত্মপ্রত্যয়ী।
অস্ট্রেলিয়া মোটেও সহজ প্রতিপক্ষ নয়। তবে আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি। আশা করি, ভালো কিছু হবেও।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ফখর জামানকে পাচ্ছে না পাকিস্তান। প্রথম দুই ম্যাচে খেললেও ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না এই ব্যাটার।
এবার চোটের জন্য তাঁর একাদশে ফেরার কোনো সম্ভাবনা নেই। পাকিস্তান দলে শতভাগ ফিট খেলোয়াড় এখন ১৩ জন। তবে এ নিয়ে মোটেও বিচলিত নন হাসান আলী। ভারতের বিপক্ষে আগের ম্যাচে খারাপ খেলার প্রভাবও নেই তাঁর কণ্ঠে। হাসান স্পষ্ট জানিয়েছেন শিরোপা জেতার স্বপ্ন নিয়েই এসেছে পাকিস্তান, ‘অসুস্থতা এবং চোট কারোরই নিয়ন্ত্রণে নেই। আশা করি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। একটা বড় দলের বিপক্ষে ম্যাচ আমাদের। আমরাও বড় দল। আমরা বিশ্বকাপ জেতার জন্যই এসেছি এবং ভালো খেলার চেষ্টা করছি।’
এবারের বিশ্বকাপে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় অজিরা। এই জয়ে পাওয়া আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে অজিরা। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
তিনি জানান, ‘প্রথম দুই ম্যাচে হারলেও আমরা ভেঙে পড়িনি। খুব দ্রুতই জয়ের দেখা পেতে চেয়েছিলাম। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। পুরোপুরি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে দল আশাবাদী।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এরমধ্যে ৬৯ ম্যাচে জয় আছে অজিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। এমনকি বিশ্বকাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১০ বারের দেখায় ৬টিতে জিতেছে অজিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ্বকাপে জিতেছে অস্ট্রেলিয়া। তবে আজ আর তেমনটা হতে দিতে চায় না পাকিস্তান।

দুর্গাপূজা সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে ভূমিকা পালন করে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেওয়া বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপ্রধান।
রাষ্ট্রপতি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এ বছরও সারা দেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা, আনন্দ এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’
মো. সাহাবুদ্দিন বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সব স্তরের মানুষ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী নিয়ে একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন। এ সর্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।’
রাষ্ট্রপতি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আরও সুসংহত হোক, এ কামনা করি।’
রাষ্ট্রপতি আরও বলেন, ‘মানবতা সব ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশ্বব্যাপী দেখা দিয়েছে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। এর ফলে নিম্ন আয়ের অনেক মানুষ নানান সীমাবদ্ধতার মাঝে দিনাতিপাত করছে। আমি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
মো. সাহাবুদ্দিন বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে আমাদের সামগ্রিক অগ্রযাত্রায়। আবহমান বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ ও প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে কার্যকর অবদান রাখবে বলে আমার বিশ্বাস। বিশ্বে মানুষ ও মানবতার জয় হোক, এ প্রত্যাশা করি।”
রাষ্ট্রপতি শারদীয় দুর্গোৎসবের সব আয়োজনের সফলতা কামনা করেন।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
প্রধানমন্ত্রী বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি।
এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী-নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ তথা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

ফিলিস্তিনকে সমর্থন করায় মডেলকে হত্যার হুমকি

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করে বেশ বিপাকে পড়েছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। মানুষজনের কটাক্ষ সহ্য করার পাশাপাশি পেতে হয়েছে একের পর এক হত্যার হুমকি। তা এতটাই পীড়াদায়ক ছিল যে বাধ্য হয়ে ফোন নম্বর বদলাতে হলো জিজিকে।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনকে সমর্থন জানান জিজি। নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, এই হামলায় যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা মারা যাচ্ছে, তা আমাকে গভীরভাবে শোকাহত করেছে।
এদিকে নেটমাধ্যমে নিজের মত প্রকাশের পর থেকেই জিজিকে নিয়ে শুরু হয় কটাক্ষ। ইসরায়েল সরকারের পক্ষ থেকেও হতাশা প্রকাশ করা হয়। সেইসঙ্গে আসতে থাকে হত্যার হুমকি।

জিজি আরও বিপাকে পড়েন ইন্টারনেটে তার ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ায়। নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তার পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও নিজেদের ফোন নম্বর বদলে নেন।

সূত্র : টিএমজেড

বিদেশি প্রভুদের দিয়ে কাজ হবে না, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশে করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেনা ছাউনি থেকে গড়ে ওঠা একটি দল দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। অতীতে তাদের অত্যাচারে দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে জনগণ যাদের নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দেশের মানুষকে ভালোবাসেন বলেই দেশে এতো উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যালেন, মেট্রোরেলসহ দেশের উন্নয়নে এমন কোনো জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রীর ছোঁয়া লাগেনি। বিদেশী সংস্থা জরিপ করে দেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ। তাই বিএনপি ভীত হয়ে নানা ষড়যন্ত্র করছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উন্নয়ন জনসভায় আরও বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।
এরআগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করেছি। এখন যারা নির্বাচনে আসবেন তারা জনপ্রিয়তা যাচাই করার জন্য আসবেন। আমরা বিগত নির্বাচগুলোতে দেখেছি কেউ যদি সন্ত্রাসবাদ করে তার জবাব জনগণই দেবে। এখন জনগণ কোন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে পছন্দ করে না। জনগণ চায় সকল দলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন। যেখানে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে।
তিনি আরও বলেন, আগীম নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ আনন্দ মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহন করবে। তিনি বলেন, বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত পুলিশ শুধু তাদের গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল কে অন্য দল পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কর্মকান্ড চালাচ্ছে।

ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের পরদিনই সেখানে গেলেন তিনি। দুই দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েল ছাড়া আরও কয়েকটি দেশ সফর করবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠকের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। খবর-বিবিস
তেলআবিবের উদ্দেশে ঋষি সুনাক লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। এ ছাড়া অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। এর পাশাপাশি তিনি সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন বলেও জানানো হয়েছে।
ডাউনিং স্ট্রিট আরও জানিয়েছে, গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে ইসরায়েলকে অনুরোধ করবেন ঋষি সুনাক। এ ছাড়া আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা যাতে ফিলিস্তিন থেকে নিরাপদে বের হতে পারে সে বিষয়েও আলোচনা করবেন।
এদিকে ইসরায়েল সফরের আগে এক বিবৃতিতে ঋষি সুনাক বলেছেন, ‘প্রতিটি বেসামরিক নাগরিকের মৃত্যু একটি ট্র্যাজেডি। হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অনেকের প্রাণহানি হয়েছে।’

‘শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন’

গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, অতীতের সকল সরকার শেখ হাসিনার ১০ ভাগের এক ভাগও উন্নয়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
১৯ অক্টোবর, বৃহস্পতিবার চট্টগ্রামের কাজির দেউরিস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুর্নগঠনে মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। এরপর অনেকে সরকার গঠন করেছে- কিন্তু গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন অতীতের সকল সরকার মিলে তার ১০ ভাগের এক ভাগও করতে পারেনি। শেখ হাসিনা ইতোমধ্যে যা করেছেন আগামীতে শেখ হাসিনার বাইরে সরকার এসে ১০০ বছরেও সে উন্নয়ন করতে পারবে না।
তিনি বলেন, কর্ণফুলী টানেল শুধু চট্টগ্রাম জেলার জন্য গুরুত্বপূর্ণ নয়; এটা বাংলাদেশের উন্নয়নের ঐতিহ্য হিসেবে বিবেচিত হবে। উন্নয়নে এটি একটি মাইলফলক। শেখ হাসিনা গত ১৫ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। দেশকে বিশ্বের বুকে মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। কর্ণফূলী টানেল তার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
হানিফ বলেন, যে বাংলাদেশ এক সময় সারা বিশ্বের কাছে দরিদ্র, সন্ত্রাস, জঙ্গিবাদের ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল সেই বাংলাদেশকে আজকে শেখ হাসিনা আলোয় উদ্ভাসিত করেছেন।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে এই বিএনপি-জামায়াত রাষ্ট্রক্ষমতায় যখন ছিল, তখন তারেক রহমান সরকারের ভেতর সরকার গঠন করেছিল। হাওয়া ভবনকে দুর্নীতির দোকান বানিয়েছিল। দেশকে সন্ত্রাসের চারণভূমি বানিয়েছির। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। মা-বোনদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। তারা এখন সরকার পতনের দাবিতে আন্দোলন করছে।
তিনি বলেন, তারা সরকারের পতন চায়। তাদের নেতা তারেক রহমান বলেছিল টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক মানে তো পিছনে নিয়ে যাওয়া। তারা বাংলাদেশকে আবার পিছনে নিয়ে যেতে চায়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে চান আর তারা পিছনে নিতে চায়। দেশের মানুষ কী চায়? দেশের মানুষ আর পিছন ফিরে যেতে চায় না।