শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

রমজানে ৮ হাজার মানুষকে ইফতার সামগ্রী দেবেন ক্রিকেটার বিথি

পবিত্র রমজান মাসে জেলাজুড়ে ৮ হাজার রোজাদার দরিদ্র, এতিম ও অসহায় মানুষকে ইফতার সামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছেন রংপুরের ২৮ বছর বয়সী নারী ক্রিকেটার ও স্বেচ্ছাসেবক আরিফা জাহান বিথি।

গত বছর পবিত্র রমজান মাসে ৬ হাজার দরিদ্র ও দুস্থ মানুষকে উচ্চমানের স্বাস্থ্যকর ইফতার সামগ্রী সরবরাহ করেছিলেন তিনি।

উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি (ডব্লিউডিসিএ) রংপুর এবং হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিথি, কোভিড-১৯ মহামারির পর থেকে বহুমাত্রিক সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য খ্যাতি অর্জন করেছেন।

বিথি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে সমাজের নিম্ন, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের অবস্থা হতাশাজনক। একই সাথে ইফতার সামগ্রীর দামও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেণির মানুষসহ অসহায়, দুস্থ, বেকার, শ্রমিক এবং দিনমজুররা সমস্যায় পড়েছেন। যারা একদিনও কাজ করেন না, তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, আমি তাদের ইফতার সামগ্রী এবং খাদ্য সহায়তা প্রদানের মতো মানবিক কার্যক্রম হাতে নিয়েছি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.০৬ বিলিয়ন মার্কিন ডলার।

আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বকাপের সব টিকিট বিক্রি হয়ে গেছে : ইনফান্তিনো

২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, প্রায় ৭০ লাখ টিকিটের বিপরীতে চার সপ্তাহে ৫০৮ মিলিয়ন টিকিটের আবেদন জমা পড়েছে।

তিনি বলেন, জানুয়ারিতে মূল বিক্রয় পর্বে ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন এসেছে।

“এ রকম কিছু আমরা আগে কখনও দেখিনি, অবিশ্বাস্য,” বলেন ইনফান্তিনো। তিনি জানান, এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ জুলাই বিশ্বকাপের শেষ পর্যন্ত চলবে এমন শেষ মুহূর্তের বিক্রয়ের জন্য কিছু টিকিট সংরক্ষণ করে রাখা হয়েছে।

সমর্থক সংগঠনগুলো টিকিটের দামকে “অতিরিক্ত” বলে উল্লেখ করেছে এবং পুন:বিক্রয় সাইটগুলোতে ইতোমধ্যেই রেকর্ড দামে টিকিট বিক্রি হচ্ছে। এ বিষয়েও কথা বলেন ইনফান্তিনো।

তিনি বলেন, “আমার মনে হয় এটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হওয়ার কারণেই এমন হচ্ছে।

সবাই বিশেষ কিছুর অংশ হতে চায়। টিকিটের দাম নির্ধারিত আছে, তবে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ‘ডাইনামিক প্রাইসিং’ নামে একটি ব্যবস্থা আছে, অর্থাৎ দাম বাড়তেও পারে, কমতেও পারে। আপনারা অফিসিয়াল প্ল্যাটফর্ম বা সেকেন্ডারি মার্কেটে টিকিট পুন:বিক্রি করতে পারেন, ফলে দাম বাড়তে পারে। এটাই আমাদের বাজার ব্যবস্থার অংশ।”

ইনফান্তিনো ধারণা দেন, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপ থেকে ফিফার আয় হবে প্রায় ১১ বিলিয়ন ডলার বা তারও বেশি। তিনি বলেন, এই অর্থের প্রতিটি ডলার ফিফার ২১১টি সদস্য দেশে ফুটবল উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

তিনি জানান, বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে পর্যটন, হোটেল-রেস্টুরেন্ট খাত, নিরাপত্তা বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৩০ বিলিয়ন ডলারের প্রভাব ফেলবে।”

ইনফান্তিনোর মতে, প্রায় ৭০ লাখ দর্শকের পাশাপাশি বিশ্বকাপ ২ থেকে ৩ কোটি পর্যটক আকর্ষণ করবে এবং সৃষ্টি করবে প্রায় ১ লাখ ৮৫ হাজার স্থায়ী কর্মসংস্থান।

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে : পাটমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এত বছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে। নৈতিকতা ও সক্ষমতা নিয়ে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগী মনোভাব, সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা করেন।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব রায়না আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা -কর্মচারী এবং অধীনস্ত দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

সরকারি নয়, নিজের গাড়িতে স্বাচ্ছন্দ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এ কারণেই তিনি আজ তাঁর নিজের গাড়ি ব্যবহার করেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী আজ সন্ধ্যায় বাসসকে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে চড়ে, সেখান থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই।’

শিবলী বলেন, ‘যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকতো। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।’

শপথ নেওয়ার পর আজ বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তাঁর গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান তিনি।

শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।’

রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম সেটি বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে তিনি গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুই স্থানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হচ্ছে। ইতোমধ্যে মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে। এবার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদরাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ।

আজ থেকে নতুন সময়ে চলবে শেয়ারবাজারে লেনদেন

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ লেনদেনের সময় প্রায় এক ঘণ্টা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

রমজান মাসে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে। এই সেশনে নতুন দর প্রস্তাব করা যাবে না, তবে দিনের সমাপনী দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করতে পারবেন।

গতকাল পর্যন্ত প্রচলিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলেছে। রমজান শেষে ঈদের ছুটির পর আবার আগের সময়সূচি অনুযায়ী লেনদেন হবে।

এদিকে রমজান মাসে ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর অফিস সময়ও আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকবে।

সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক

ময়মনসিংসে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর এক সার্জেন্টসহ দুজন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নিহত সেনা কর্মকর্তার ছবি পোস্ট করে এই শোক জানান তিনি।

পোস্টে শফিকুর রহমান লিখেছেন, ‘ময়মনসিংহের ফুলপুর এলাকায় সরকারি দায়িত্ব পালন শেষে ফেরার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য সার্জেন্ট শেখ রেজাউল কবীর এবং বাসচালক আব্দুল বাসেতের ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

তিনি লিখেছেন, ‘প্রিয় দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

শফিকুর রহমান আরও লিখেছেন, ‘আমি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ফুলপুর ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।

নিহতরা হলেন- সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রেজাউল কবীর ও বাসচালক আব্দুল বাসেত। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ অন্তত আরও ৮ জন গুরুতর আহত হন।

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

পবিত্র রমজানের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।

রমজান মাসের অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এই নিয়মে মেট্রোরেল চলাচল করবে। এ সময়ে ইফতারের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার (মিলি) পানির বোতল বহন করতে পারবেন যাত্রীরা।

মেট্রোরেল সূত্র জানায়, রমজান উপলক্ষে ওই নির্দেশনাগুলো দিয়ে ১৬ ফেব্রুয়ারি একটি অফিস আদেশ জারি করেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।

ওই আদেশে বলা হয়, সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকেল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৫ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, পবিত্র রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

এ ছাড়া শনি-শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বশিরউদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়।

বশিরউদ্দীন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তাঁর অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে গত সোমবার শেখ বশিরউদ্দীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার আবেদন করেন। সেদিনই পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।