বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

এবার সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সোমবার (২৪ অক্টোবর) সিরিয়ায় তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে আনাদোলু সংবাদ সংস্থা জানায় দেইর ইজ-জোরের আল-ওমর তেলক্ষেত্রের কাছের মার্কিন ঘাঁটি এবং আল-শাদ্দাদি এবং আল-হাসাকাতে মার্কিন ঘাঁটিগুলোয় একই সময়ে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।
এর আগে সোমবার, পিকেকে ও ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠনের দখলে থাকা আল-হাসাকার আল-মালিকিয়া এলাকায় একটি মার্কিন ঘাঁটিতে সশস্ত্র ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। সোমবার সকালে, দক্ষিণ সিরিয়ার আল-তানফ অঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে তিনটি সশস্ত্র ড্রোন দ্বারা আক্রমণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের আইন আল–আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এই হামলার পর ইরাকের মার্কিন ঘাঁটিতে অবস্থানরত মেরিন সেনাদের অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার আল্টিমেটাম দেয় দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এই সংগঠনটি ইরানের মদদপুষ্ট বলে অভিযোগ রয়েছে।
এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে নিযুক্ত কোনো মার্কিন সেনার ওপর হামলা হলে তার বদলা নিতে ওয়াশিংটন প্রস্তুত আছে।

নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশে বহু জাতি স্বত্বার লোক আছেন এবং সব জাতি গোষ্ঠীর লোকজনই এ দেশের নাগরিক।
তিনি বলেন, দেশের সব সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় উৎসব পালন ও অধিকারে বিশ্বাস করে- সেটাই আজকে প্রমাণ হয়েছে। কিন্তু আমরা জানি যে, একটা দুষ্টু চক্র আছে- যারা সাম্প্রদায়িকতার বিষবাক্য ছড়াতে চায়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সোমবার রাতে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের এই অঞ্চলে হাজার হাজার বছর ধরে সব ধর্মের লোকজন এক সঙ্গে বসবাস করছেন। স্বাধীনতায় সকল ধর্মের মানুষের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। এই পবিত্র মাটিতে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিতে ও আনন্দে বসবাস করবে সেটিই আমাদের প্রত্যয়। যারা এই শান্তি বিনষ্ট করতে চায়- তাদের কঠিনভাবে প্রতিহত করা হবে।
এ সময় শিক্ষামন্ত্রী উপজেলার তেলির মোড় জগন্নাথ মন্দির, রায়ের বাজার দেওয়ান মন্দিরসহ বেশকিছু মন্দির পরিদর্শন এবং পূজামন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহল চৌধুরী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়াসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এ দেশে সব ধর্মের নাগরিকের সমান অধিকার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এ দেশে সব ধর্মের নাগরিকের অধিকার সমান। সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সবাই একসঙ্গে থাকলে আমরা সব ক্ষেত্রে অবশ্যই সফল হবো।’
পররাষ্ট্রমন্ত্রী সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে পূজামন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আনন্দিত এ জন্য যে সমাজের দুষ্ট লোকগুলোকে পরাজিত করেছি। শুধু পূজার সময় না, সারা বছরই আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই দুষ্ট লোকগুলোর আর কখনো উত্থান না হয়।’
সবার সহযোগিতায় বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার ও পূজা উদযাপন কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

যুদ্ধক্ষেত্রে অগ্রগতির জন্য মরিয়া জেলেনস্কি

রাশিয়া-অধিকৃত এলাকা পুনর্দখলের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য চান ইউক্রেনের প্রেসিডেন্ট। পূবে তীব্র সংঘাত সত্ত্বেও জমি ধরে রাখতে বদ্ধপরিকর ইউক্রেনের বাহিনী। কাতারের মধ্যস্থতায় রাশিয়া কিছু ইউক্রেনীয় বন্দিদের মুক্তি দিচ্ছে।
মধ্যপ্রাচ্য সংকটের দিকে বিশ্বের নজর সরে যাওয়ায় রাশিয়া যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে আরো বিপাকে ফেলছে, এমন আশঙ্কার মাঝে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন। রাশিয়ার হামলা শুরু হবার প্রায় ২০ মাস পরেও ইউক্রেন হানাদারদের দেশছাড়া করতে পারেনি। রোববারের ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ অধিকৃত এলাকা পুনর্দখল করার গুরুত্ব তুলে ধরেন। তার মতে, ইউক্রেনের প্রতিদিন সুফলের প্রয়োজন রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে লাগাতার অগ্রগতি অত্যন্ত জরুরি৷ জেলেনস্কি বলেন, ৫০০ মিটার হোক বা এক কিলোমিটার, ইউক্রেনকে এগিয়ে যেতেই হবে।
শুধু হামাস ও ইসরায়েল নয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যেও মধ্যস্থতার ক্ষেত্রে কাতারের ভূমিকার কথা শোনা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল তানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ার হাতে আটক ইউক্রেনীয় নাগরিকদের মুক্তির ক্ষেত্রে কাতারের ভূমিকা সম্পর্কে দুই নেতার কথা হয়েছে। সেই উদ্যোগের ফল হিসেবে গত সপ্তাহে চারজন ইউক্রেনীয় শিশু ও কিশোর মুক্তি পেয়েছে।
আপাতত ইউক্রেনের পূর্বে দনেৎস্ক শহরের কাছে আভদিভকা ও মারিয়িনকায় দুই পক্ষের মধ্যে জোরালো সংঘর্ষ চলছে। শুধু রোববারই রাশিয়ার ২০টি হামলা প্রতিহত করা হয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। হামলা সত্ত্বেও আভদিভকা শহরে নিজস্ব অবস্থান সুরক্ষিত আছে বলে ইউক্রেন দাবি করছে। ২০১৪ সালের হামলায় একবার রাশিয়ার দখলে এলেও তারপর থেকে ইউক্রেনই শহরটি নিয়ন্ত্রণ করছে। তবে সংঘাতের কারণে প্রায় ৩০ হাজার জনসংখ্যার শহরে মাত্র ১ হাজার ৬০০-এর মতো মানুষ অবশিষ্ট রয়েছে।
শনিবার উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। শহরের উপকণ্ঠে ডাক বিভাগের এক স্থাপনার উপর সেই হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর বার্তায় ঘটনাস্থলের একটি ভিডিও দেখান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী রোববার বাখমুত শহরের কাছেও এক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছে।
রাশিয়ার দাবি, রোববার অধিকৃত ক্রাইমিয়ার উপর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। আসন্ন শীতকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও জোরালো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গত বছরের মতো জ্বালানি অবকাঠামোর উপর রাশিয়ার আরো হামলার আশঙ্কা করছে ইউক্রেন।
যুদ্ধক্ষেত্রের বাইরেও রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে চায় ইউক্রেন। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে জেলেনস্কি শান্তির লক্ষ্যে এক শীর্ষ সম্মেলনের উদ্যোগের কথা বলেছেন। আগামী পদক্ষেপ হিসেবে চলতি মাসেই মাল্টায় অংশগ্রহণকারী দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হবে। তবে যে কোনো সমাধানসূত্রের মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়ে অটল।
সূত্র : ডয়চে ভেলে

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৫ হাজার ৯৫২টি ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি গাঁজা, ৪৭ গ্রাম হেরোইন, ৮ লিটার দেশি মদ ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

রামপালের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু

বাগেরহাটের রামপালে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য বাণিজ্যিক উৎপাদনে যাবে বিদ্যুৎকেন্দ্রটি।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম ইত্তেফাককে জানান, ভোর ৪টার সময় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) এই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন করে। দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে সফলভাবে যুক্ত হয়। এটি ৬৬০ মেগ্ওায়াটে পৌছাবে। সবকিছু ঠিক থাকলে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য বাণিজ্যিক উৎপাদনে যাবে বিদ্যুৎকেন্দ্রটি।
এদিকে গত ২৮ জুন সকাল ৮টা ৫১ মিনিটে দ্বিতীয় ইউনিট থেকে ২০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে সফলভাবে যুক্ত হয়। এদিকে কারিগরি ত্রুটির কারণে ৩০ জুন থেকে বন্ধ থাকে আরেকটি ইউনিট।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি ২০২২ সালের ডিসেম্বর থেকে চালু হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন চালু রাখতে কাজ করছেন তারা।

আজ রাতেই ঘূর্ণিঝড় ‘হামুন’ আঘাত হানতে পারে : দুর্যোগ প্রতিমন্ত্রী

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। ঘূণিঝড়টি আজ (মঙ্গলবার) রাত ১০টা থেকে আগামীকাল (বুধবার) কাল ১০টার মধ্যে উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
আজ দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ/ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ডের এ জরুরি সভা ডাকা হয়।
এ সময় এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় হামুনের ক্ষেত্রে ১০টি জেলাকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছি। আজ রাত ৮টার মধ্যে দুর্গত এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছি।
তিনি জানান, ঘূর্ণিঝড়টি আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল ১০টার মধ্যে উপকূলীয় এলাকা অতিক্রম করবে।
ত্রাণ প্রতিমন্ত্রী আরও জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা করতে ১০টি জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে সতর্ক করলো ওবামা

হামাস রকেট হামলা চালানোর পর ইসরায়েল গাজার বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছে তার সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাকার ওবামা। সোমবার তিনি তার দেওয়া বক্তব্যে বলেন, গাজায় খাদ্য এবং পানি সরবরাহ বন্ধের ফলে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের খারাপ মনোভাব তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সমর্থন ইসরায়েলে প্রতি আরও কমে যাবে।
বাকার ওবামা আরও বলেন, ইসরায়েল বাহিনী যে কাজ করেছে তাতে তারা নিজেরাই তাদের ক্ষতি ডেকে এনেছে। গাজায় বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য, পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। এর ফলে ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রতি আর কঠোর হবে এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ হারায় ১৪০০ ইসরায়েলি।
যদিও বারাক ওবামা হামাসের হামলার সমালোচনা করলেও একই সঙ্গে তিনি বলেছেন, ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে।
বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সব সময় সমর্থন দিয়েছেন। তবে এ হামলায় ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওবামা ইসরায়েলকে সতর্ক করেছে।
যদিও এটা স্পষ্ট নয় বারাক ওবামা যে বক্তব্য দিচ্ছেন এটা প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সমন্বয় করেছেন কিনা। ওবামা প্রেসিডেন্ট থাকার সময় দীর্ঘ আট বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বাইডেন।
গাজার দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার। এখানে প্রায় ২৩ লাখ মানুষের বসবাস। ২০০৭ সাল থেকে এ উপত্যকা হামাস শাসন করে আসছে। হামাসকে সহযোগিতা করছে ইরান।

ফের ২ জিম্মিকে মুক্তি দিলো ফিলিস্তিনি যোদ্ধারা

কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় জিম্মি করে রাখা দুই ইসরায়েলি মহিলাকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের সংগঠন হামাস।
সোমবার (২৩ অক্টোবর) হামাসের মুখপাত্র আবু ওবেদার টেলিগ্রাম চ্যানেলের এক বিবৃতির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মানবিক এবং দুর্বল স্বাস্থ্যের কারণে গাজায় জিম্মি করে রাখা ইসরায়েলি নাগরিকদের মধ্যে দুইজনকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া দুইজনই নারী।
৮৫ বছর বয়সী ইউখেবেদ লিফশিতজ ও ৭৯ বছরের নূরিত কুপারের মুক্তির বিষয়টি আন্তর্জাতিক রেডক্রস কমিটিও (আইসিআরসি) এক বিবৃতিতে জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর এক টুইট বার্তায় আইসিআরসি জানায়, আমরা আশা করি তারা শীঘ্রই তাদের প্রিয়জনদের সঙ্গে ফিরে আসবে।
মিশরের গণমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মুক্তি পাওয়া দুই ইসরায়েলি নাগরিক স্থানীয় সময় সোমবার রাতে রাফাহ সীমান্তে পৌঁছায়।
ইসরায়েল জানিয়েছে, মিসরের রাফাহ ক্রসিংয়ে ওই দুই নারীকে মিসরীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। গত ৭ অক্টোবর যখন হামাস ইসরায়েলের কিব্বুতজ এলাকায় হামলা চালায় তখন এই দুজনকে জিম্মি হিসেবে ধরে এনেছিল। তবে এই দুই নারীকে মুক্তি দেওয়া হলেও তাদের স্বামীদের মুক্তি দেওয়া হয়নি।
এর আগে জিম্মি করে রাখা দুই মার্কিন নাগরিককে গত শনিবার মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন- জুডিথ রানান (৫৯) ও তার মেয়ে নাতালি রানান (১৭)। তাদের মুক্তির বিষয়টি জানিয়ে হামাস বলেছিল, মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে তারা মুক্তি দেওয়া হয়েছে। এবং দুজনকে মুক্ত করে হামাস আমেরিকান জনগণ এবং বিশ্বের কাছে প্রমাণ করতে চায় যে- বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।
এদিকে, হামাস আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার দিবাগত রাতে অব্যাহত বিমান হামলায় দক্ষিণ গাজার পৃথক পৃথক স্থানে অন্তত ৫৩ জন নিহত হয়েছে।

ধেয়ে আসছে ‘হামুন’, আঘাত হানতে পারে কাল

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুন’ আগামী বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি পটুয়াখালী ও চট্টগ্রামের মাঝ দিয়ে উঠে আসবে স্থলভাগে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।
ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই এটি প্রথমে সর্বোচ্চ শক্তি সঞ্চয় করবে।
এরপর এটি বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এবং শক্তি কিছুটা কমবে। বুধবার সন্ধ্যায় এটি বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসবে।
বাংলাদেশের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়ের একটি অংশ স্থলভাগে আঘাত করবে। স্থলভাগে আঘাতের আরও পরে হামুন গভীর নিম্নচাপে রূপ নেবে।
ইতোমধ্যে ঝড়ের প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে।
ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি এলে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এজন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌকা, ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।