বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লী‌গের সমাবেশ : কাদের

আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই। ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মস‌জি‌দের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌বে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভেন্যু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা কিছু বলতে চাই না। সেটা পুলিশ জানে। অনুমতি দেওয়ার মালিক পুলিশ। অনুমতি দেওয়ার মালিক যারা, তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে? এটা তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরাও অনুমতি চেয়ে নিয়েছি।
সাংবা‌দিক‌দের অপর এক প্রশ্নের জবা‌বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এত কথার তো দরকার নেই। কথা একটাই ব‌লে‌ছি দুপু‌রে। দ্যা আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না। আমি যা বলেছি, ভালোটা বলেছি।
প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক চিঠিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের পরিবর্তে পৃথক দুইটি ভেন্যুর নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। তবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট ছাড়তে নারাজ জা‌নি‌য়ে বৃহস্প‌তিবার লি‌খিত জবাব দি‌য়ে‌ছে আওয়ামী লীগ।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ চিঠি পল্টন থানায় জমা দি‌য়ে‌ছে।

যারা কখনও এ দেশকে চাই নাই, তাদের কাছে এ দেশ কখনও নিরাপদ নয় : স্বাস্থ্যমন্ত্রী

যারা কখনও এ দেশকে চাই নাই, তাদের কাছে এ দেশ কখনও নিরাপদ নয়। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (এমপি)।
তিনি বলেন, আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের এমপি অনেক কর্মঠ, যে কারণে আজ আপনাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিএনপি-জামায়াত জোটের কথা ভুলি নাই। তারা যখন ক্ষমতায় ছিল, দেশের সব কমিউিনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কারণ ক্লিনিকগুলো শেখ হাসিনা করেছিল। ওই ক্লিনিকে সেবা নিলে, ভোট সবাই আওয়ামী লীগে দিবে।
এখন তারাই আবার মাঠে নামছে, দেশের অরাজকতা সৃষ্টি করতে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানি দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব ডাঃ রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ রিজাওয়ানুল রহমান, পরিচালক স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ডাঃ মনজুরুল মরশিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল আহসান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার উঠছে মে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।
নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জড়ো হতে থাকেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্স আসার পর প্রথমে পুলিশ গার্ডওনার প্রদান করেন। এরপর তিনি ফিতে কেটে স্বাস্থ্য কমপ্লেক্সটি ১শ শয্যায় উন্নীতকরণের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘুরে দেখেন। এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের প্রেস বিফিং করেন।

তিনি বলেন, আমরা তাদেরকে ভোটে আসার জন্য, বার বার আহবান করা হচ্ছে। তাদেরকে সভা সমাবেশ করার অধিকার দেয়া হয়েছে। তবে আমাদের নীতিতে আছে, দেশের মানুষের ক্ষতি হোক, জানমালের ক্ষতি হোক, এটা সরকার হতে দিবে না। আমরা তাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করবো।
এরপর তিনি মহেশপুর উপজেলার ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন।

মিরপুরে সমর্থকদের রোষের মুখে সাকিব

দেশের মাটিতে এমন কিছু হয়ত কখনোই শোনা হয়নি সাকিব আল হাসানের। এর আগে বহুবারই বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কখনোই দর্শকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে। এবারই হয়ত এমন নেতিবাচক অবস্থানে আছেন সাকিব। যার প্রমাণ দেখা গেল মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।
মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেছেন দেশের পথ। নিজের রানখরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে এসেছিলেন টাইগার অধিনায়ক। গতকাল বুধবার অনুশীলন করেছেন। ছিলেন আজ সকালেও।
প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব। ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।
গতকালই একদফা অনুশীলন শেষ করেছিলেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার আবার এসেছিলেন গুরু ফাহিমের কাছ থেকে ব্যাটিং ঝালিয়ে নিতে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর। এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিম। এসময় তারা কেউই গণমাধ্যমের সামনে আসেননি। জানা গেছে বিকেল ৪ টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে দেশ ছাড়তে পারেন সাকিব।

ভৈরবে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা : মন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ভৈরবে রেল দুর্ঘটনায় যে যাত্রীরা মারা গেছেন তাদের পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া যারা চিকিৎসারত রয়েছেন, তারা তাদের চিকিৎসার সব খরচ পাবেন রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
আজ (বৃহস্পতিবার) রেলভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট ৩ জনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে৷
রেলমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি আজ। আমি রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয় সেখানে ২১ জন নিহত হয়েছিল। দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটল। এ ঘটনায় গতকাল অবধি ১৯ জন এবং আজ ১ জন মিলে মোট ২০ জন মারা গেছেন।
এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। ভৈরব থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, পঙ্গুতে ৬ জন, চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে ১ জন, রেল হাসপাতালে ১ এবং ভৈরবে ১ জনসহ মোট ১০ জন এই মুহুর্তে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বাকি অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
নুরুল ইসলাম সুজন বলেন, ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর আমি দেশের বাইরে ছিলাম। আমার প্রাইভেট সেক্রেটারিও ছিলেন সে সফরে। আরও কয়েকজন গিয়েছিলেন। ২৭ অক্টোবর অবধি আমার সেখানে অবস্থানের কথা ছিলো। কিন্তু এ দুর্ঘটনার পর আমি যাত্রা বাতিল করে গতকাল রাতেই ঢাকা এসেছি।

মহাসমাবেশ ঘিরে কোনো শঙ্কা নেই, জামায়াতকে অনুমতি নয় : বিপ্লব

সমাবেশ-মহাসমাবেশ কেন্দ্র করে এখনো কোনো শঙ্কা নেই দাবি করে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বলেছেন, জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ড অত্যন্ত জঘন্য। তারা সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। পুলিশকে আগুনে পুড়িয়ে মেরেছে। তাদের কোনোভাবেই সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, যারা ঢাকা শহরে সভা-সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে তাদের রাস্তায় নয়, রাস্তা বাদ দিয়ে অন্যত্র উন্মুক্ত স্থানে সমাবেশ করার কথা বলা হয়েছে। সেটা খোলা স্থান বা মাঠও হতে পারে। ঢাকা একটা মেগা সিটি। এখানে যদি লাখ লাখ লোকের সমাবেশ হয়, তাহলে দুই আড়াই কোটি নগরবাসীর সমস্যা হয়, যারা অসুস্থ তাদের হাসপাতাল বা ডাক্তারের কাছে যেতে সমস্যা হয়। ঢাকা নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য রাজনৈতিক দলগুলোকে রাস্তা বাদ দিয়ে অন্য কোনো জায়গা করার সিদ্ধান্ত জানিয়েছেন ডিএমপি কমিশনার। অন্য কোথায় সমাবেশ তারা করবেন। সেটা তারাই নির্ধারণ করুক।
বৃহস্পতিবার (২৬) দুপুরে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ ও বিএনপিকে একই রকম চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভিন্ন কোনো সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্যত্র সমাবেশ করার কোনো সিদ্ধান্ত জানাননি। আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো নগরবাসীর ভোগান্তি বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।
বিএনপি মহাসচিব বলেছেন, পল্টনেই তারা সমাবেশ করবেন। যদি তারা তাদের সিদ্ধান্তেই অটল থাকেন তাহলে ডিএমপির অবস্থান কী হবে? এ ব্যাপারে জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, রাজনৈতিক নেতারা অনেক সময় মাঠ গরম করা বা কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে অনেক ধরনের কথা বলেন। সেটা আমরা বিবেচনায় নিচ্ছি না। আমরা বিবেচনা করছি আইনসঙ্গত কথা। ঢাকা মহানগরে সমাবেশ করতে হলে অর্ডিন্যান্স অনুযায়ী ডিএমপি কমিশনারের অনুমতি নিতেই হবে। এটা আইনগতভাবেই বাধ্যতামূলক। কেউ যদি সেটা না করে তবে সেটা আইনের বরখেলাপ হবে। সুতরাং আমরা আশা করবো, আইনের প্রতি বাধ্য থেকে সভা-সমাবেশ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন, পুলিশকে সহযোগিতা করবেন।
একই দিনে (২৮ অক্টোবর) শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তারা অনুমতি না চেয়ে শুধু সহযোগিতা চেয়েছে পুলিশের কাছে। ডিএমপি বলছে জামায়াতকে কোনোভাবেই সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।
জামায়াতে ইসলামীর ডাকা শাপলা চত্বরের সমাবেশের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, জামায়াতের ব্যাপারে ডিএমপির অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার। জামায়াতকে ঢাকা শহরের কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। জামায়াত স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধে অভিযুক্ত দল। যে দলটির নিবন্ধন হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বাতিল করেছে। সুতরাং জামায়াতকে কোনো ধরনের স্পেস দেওয়ার সুযোগ নাই।
জামায়াত সমাবেশ করা নিয়ে অনঢ় অবস্থানের বিষয়ে জানতে চাইলে ডিএমপির এ যুগ্ম কমিশনার বলেন, তারা কোনো স্পেস পাবে না। তাদের ব্যাপারে সহযোগিতা নয়, শূন্য সহিষ্ণুতা নীতি। এরপরও যদি তারা অনুমতি ব্যতিরেকে সমাবেশ করতে হয়, তাহলে আইন তার গতিতে চলবে। জামায়াতের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে তাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ব্যাপারে বিপ্লব বলেন, এটা মিথ্যে কথা। কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ ঘিরে ডিএমপি কাউকে গ্রেপ্তার করে না। আমাদের ক্রাইম ডিভিশনের প্রত্যেক থানার ওসি ও ডিসিকে বলা আছে, যারা ওয়ারেন্টের আসামি, সন্দেহজনক আসামি, মামলা বা তদন্তর্ভুক্ত আসামি, নাশকতা হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে। এর বাইরে অন্য সাধারণকে হয়রানি বা গ্রেপ্তার করার সুযোগ নেই।
‘মহাসমাবেশ ঘিরে এখন পর্যন্ত নাশকতার হুমকির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে থ্রেট যে আসবে না সেটা তো বলতে পারছি না। আমাদের গোয়েন্দা ইউনিটগুলো কাজ করছে। প্রত্যেকটি ঘটনা সময় আমরা পর্যালোচনা করছি।’
রাজনৈতিক কর্মসূচি ঘিরে ডিএমপি অতিরিক্ত জনবল মোতায়েন করবে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সক্ষমভাবে ডিএমপিকে গড়ে তুলেছেন। সুতরাং আমাদের অতিরিক্ত জনবল নিয়োগ বা মোতায়েন করার প্রয়োজন নেই। আমরা যেকোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জ মোকাবিলার করার জন্য প্রস্তুত রয়েছি।

তফসিল ঘোষণার পর থেকে এ সরকার নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

তফসিল ঘোষণার পর থেকেই এই সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই জানিয়ে আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে।
আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে না
আনসার ব্যাটালিয়নের সদস্যদের অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে কি না— এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে এ সব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এই আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেই সব ব্যাপার দেখা হয়েছে। তদন্তের কথা বলা হয়েছে, পুলিশ বাহিনীর বক্তব্যগুলো প্রাধান্য দিয়ে এই আইনটা পাস হবে।
আইনটিতে বলা হয়েছে, কোনো অপরাধ যদি আনসার বাহিনীর সামনে ঘটে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধরে পুলিশে সোপর্দ করতে পারবে— একজন সাংবাদিক এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি যেটা জানি… কিছু কিছু জায়গায়… যেখানে প্রশ্ন ছিল, সেটা যখন স্থায়ী কমিটিতে যাবে, সেগুলো স্পষ্ট করা হবে।

গাজা নিয়ে পোস্ট করায় অভিনেত্রী গ্রেপ্তার

ইসরায়েলে ফিলিস্তিনের হামাস সংগঠনের চালানো হামলাকে সমর্থন করার অভিযোগে আরব-ইসরায়েলের জনপ্রিয় অভিনেত্রী মাইসা আবদেল হাদিকে (৩৭) গ্রেপ্তর করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
মাইসা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাজারেথে থাকেন। ইসরায়েলে হামাসের ধ্বংসাত্মক হামলাকে সমর্থন ও প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন মাইসা। এ ঘটনায় নাজারেথ ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেত্রীর হেফাজত বাড়ানোর চেষ্টা করবে পুলিশ।
সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে সোশ্যালে পোস্ট দেয়ার অভিযোগে মাইসা ছাড়াও আরও কয়েকজন অভিনেত্রীকে আটক করেছে ইসরোয়েলি আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের হামাস সংগঠন। এ ঘটনায় সোশ্যালে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী মাইসা। তার পোস্ট করা ছবিতে গাজা-ইসরায়েলের সীমান্তবেড়া ভেঙে একটি বুলডোজার প্রবেশের দৃশ্য দেখা যায়। যা মূলত গত ৭ অক্টোবর হামাসের হামলার সময়ের।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের ওই হামলায় ১৪০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। তারপর থেকে গাজায় হামলা করে যাচ্ছে ইসরায়েলের সেনা বাহিনী। এমনকি পুরো গাজা উপত্যকা অবরোধ করা হয়েছে। এতে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে।
আরব-ইসরায়েলের অভিনেত্রী মাইসা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘বার্লিন স্টাইলে চলুন।’ এখানে বার্লিন প্রাচীরের বিষয়টি বুঝিয়েছেন মাইসা। বার্লিন শহরের মাঝখান দিয়ে প্রাচীর দেয়ার মাধ্যমে জার্মানিকে পুঁজিবাদী-সমাজতান্ত্রিক দুইভাবে বিভক্ত করা হয়েছিল। ১৯৮৯ সালে সেই প্রাচীর ভেঙে বিভক্ত জার্মানকে এক করা হয়।
অভিনেত্রী মাইসা টেলিভিশন সিরিজ ও সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছেন। সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধে সংগীতশিল্পী দালাল আবু আমনেহও সোশ্যালে পোস্ট দিয়ে আটক হয়েছিলেন।

ইসরায়েলি হামলা : গাজায় আল-জাজিরার সাংবাদিকের পরিবার নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই সেখানে শত শত মানুষ নিহত হচ্ছে। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তাদের গাজা প্রতিনিধির স্ত্রী এবং দুই শিশু ইসরায়েলি বিমান হামলা নিহত হয়েছে।
তারা গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসে দক্ষিণে আশ্রয় নিয়েছিলেন। তবে বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী।
আল জাজিরার গাজা প্রতিনিধি ওয়ায়েল আল-দাহদুহ তার স্ত্রী আর ছেলে মেয়ের মরদেহ নিয়েই সরাসরি সম্প্রচারে যোগ দেন। আল-জাজিরা বলছে, তারা গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল যেখানে ইসরায়েলের বিমান হামলা চালানো হয়। তারা ইসরায়েলি নির্দেশনা মেনে গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলে চলে আসেন।
এক বিবৃতিতে আল-জাজিরা বলছে, আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক আমাদের সহকর্মী ওয়ায়েল আল-দাহদুহের প্রতি সমবেদনা জানাচ্ছে। তার পরিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
এদিকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসার হাসপাতাল থেকে মাত্র ২০০ মিটার দূরের একটি তিন তলা ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে।
ওই হামলায় অন্তত ৫০ জন হতাহত হয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত নয়। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ছুটে গেছে। খান ইউনিস গাজার দক্ষিণে অবস্থিত এবং উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণাঞ্চলেই সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এই স্থান নিরাপদ হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার এক তৃতীয়াংশ এই অঞ্চলকে লক্ষ্য করেই চালানো হচ্ছে।

আক্রমণ করলে পাল্টা হামলা : বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিশোধ নেবে প্রতিরোধ করে। এর অর্থ তারা সহিংসতায় যাবে। একাত্তরের চেতনা ধারণ করে না দলটি। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ ‘৭৫ এ নিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর বনানী সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রতিশোধ নেয়ার বিএনপির যে লক্ষ্যে এর শেষ কোথায়? তা আমাদের বোধগম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোই কি তাদের শেষ লক্ষ্য? সেটাই জানতে চাই আমরা।
২৮ অক্টোবর ঘিরে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা শান্তি সমাবেশ করব। বিএনপিও সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে। আওয়ামী লীগ বিএনপির কোনও সমাবেশে হামলা করেনি। যদি দলটির নেতাকর্মীরা গায়ে পড়ে আক্রমণ করতে আসেন, আমাদের কর্মীরা কী শান্ত থাকবে? তারা বসে থাকবে না, পাল্টা হামলা অবশ্যই করবে।
মন্ত্রী বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা দেশ চালাচ্ছি, উসকানি দেব কেন? আজকের উন্নয়ন তারা স্বপ্নেও দেখেনি। তাদের সমালোচনার জবাব আমরা কাজ দিয়ে দিচ্ছি।
বুধবার (২৫ অক্টোবর) রাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাঁসের সঙ্গে আওয়ামী লীগ নেতার (ভূমিমন্ত্রী) নৈশভোজের বিষয়ে কাদের বলেন, এ নিয়ে কিছুই জানি না আমরা। এটা আনঅফিসিয়াল অর্থাৎঅনানুষ্ঠানিক। উনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।
তিনি বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ হচ্ছে কিনা বিদেশিরা পর্যবেক্ষক হিসেবে দেখতে পারে। এখানে চাপ আসবে কেন? প্রধানমন্ত্রী ও তার কন্যার সঙ্গে যখন দুইবার আমেরিকার প্রেসিডেন্ট সেলফি তোলেন, তখন ভেতরে ভেতরে কোন কথা হয়েছে। আমি সেটাই বুঝাতে চেয়েছি। এটা সুসম্পর্কের লক্ষণ।
সেতুমন্ত্রী বলেন, পরিবহনের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন, ওয়ান সিটি টু টাউন হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন হবে। ২৮ অক্টোবর এ টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতেঙ্গা প্রান্তে। আনোয়ারা ইপিজেডের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
পরে ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী।

মার্কিন কংগ্রেসের নতুন স্পিকার ট্রাম্প-ভক্ত মাইক জনসন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্ত হিসেবে পরিচিত মাইক জনসন। ডেমোক্রেট ও রিপাবলিকান কংগ্রেস সদস্যদের বাগবিতণ্ডায় বিপর্যস্ত ও অচলাবস্থা কাটিয়ে নির্বাচিত হয়েছেন লুইসিয়ানা অঙ্গরাজ্যের এই আইনপ্রণেতা। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেয়ার অপচেষ্টায় সংক্রিয় রিপাবলিকান ছিলেন মাইক জনসন। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) ২২০ ভোট পেয়ে ডেমোক্রেট প্রার্থী হাকিম জাফরিসকে মাত্র ১১ ভোটে হারিয়ে স্পিকার নির্বাচিত হন মাইক জনসন। তিনি রিপাবলিকান পার্টির রক্ষণশীল অংশের শীর্ষ নেতা এবং ট্রাম্পের ভক্ত হিসেবেও পরিচিত। খবর সিএনএন।
সেপ্টেম্বরের শেষ দিকে নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি।
সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে গত ৩ অক্টোবর হাউস অব রিপ্রেজেনটেটিভসের ভোটাভুটির মাধ্যমে পদচ্যুত হন ম্যাকার্থি। দেশটির কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র স্পিকার হিসেবে পদচ্যুত হন ম্যাকার্থি।
এরপর থেকেই নিম্নকক্ষে স্পিকার নির্বাচন নিয়ে ভোটাভুটি হচ্ছিল। কিন্তু কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিলেন না। অবশেষে বুধবার ১১ ভোটের ব্যবধানে স্পিকার নির্বাচিত হন মাইক জনসন। নির্বাচিত হওয়ার পরপরই ইসরায়েলের পক্ষে সমর্থন ব্যক্ত করে একটি বিল পাস করেছেন নয়া স্পিকার।