বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বিএনপি মাঠে নেমেছে ভালো, তবে সন্ত্রাস করলে ছাড়বো না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি মাঠে নেমেছে ভালো কথা। তবে কোনোরকম সন্ত্রাস করলে একটাকেও ছাড়বো না। তখন কি করতে হবে জানা আছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলজিয়ামে এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। খাই খাই পার্টি যেন ক্ষমতায় আসতে না পারে তাই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। বেলজিয়াম সফর সফল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ৭টি চুক্তি করেছি ৪৭৭ মিলিয়ন ইউরো পাবো।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইবিএ (অস্ত্র ছাড়া সবকিছু) পরিকল্পনার আওতায় ২০৩২ সাল পর্যন্ত বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ব্রাসেলসে বৃহস্পতিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে পৃথক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
এসব বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। কোভিড-১৯ মহামারি এবং যুদ্ধের জন্য সমস্যায় রয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বেলজিয়ামকে বাংলাদেশে বিশেষ করে ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি এবং জাহাজ নির্মাণে বৃহত্তর বিনিয়োগ করার অনুরোধ জানিয়েছেন। উভয় নেতা ফার্মাসিউটিক্যাল খাতে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছেন। দুটি দেশই এই খাতে অনেক সমৃদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে ১১৭টি দেশে ওষুধ রপ্তানি করছে।
শেখ হাসিনা লুক্সেমবার্গের কাছে ব্যাংকিংসহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা চেয়েছেন। মোমেন জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসা বাড়াতে শিগগির বাংলাদেশ ও লুক্সেমবার্গের মধ্যে একটি এয়ার সার্ভিস চুক্তি হতে যাচ্ছে। এ ছাড়া বৈঠকে আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

সোনার দাম বেড়ে রেকর্ড

দেশের ইতিহাসে সোনার দাম বেড়ে রেকর্ড করেছে। দাম বেড়ে এবার ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ দুই হাজার ৮৭৬ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম বেড়েছে দুই হাজার ৩৩২ টাকা।
আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) সোনার দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭০ হাজার ১৫৯ টাকা করা হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা।
২১ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় এক হাজার ৫০ টাকা।
এর আগে চলতি বছরের ২৪ আগস্ট দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল সোনার। তখন ভালো মানের সোনা (২২ ক্যারেট) এর দাম হয়েছিল এক লাখ এক হাজার ২৪৪ টাকা।

মিরপুরে ‘দুয়োধ্বনি’ শুনে দেশ ছাড়ছেন সাকিব

গত দুদিনে বাংলাদেশের ক্রিকেটে নাটকীয়তা জমে উঠেছিল বেশ। বিশ্বকাপে নিজের ফর্ম নিয়ে চিন্তিত সাকিব আল হাসান দেশে ফিরে কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন। গতকাল কোচ বলেছিলেন, বৃহস্পতি ও শুক্রবার পুরো দুই দিন তার সঙ্গে কাজ করে তবেই কলকাতা যাবেন সাকিব।

কিন্তু টাইগার পোস্টারবয় সাকিব আর সেটা করেননি। কোচের সঙ্গে দুই সেশন কাজ করেই কলকাতার দিকে উড়াল দিচ্ছেন তিনি। আজ সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়ছেন টাইগার অধিনায়ক। এরপর রাতেই কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আজ মিরপুরের ইনডোরেও ঘণ্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেছেন।

সকালে এক সেশন ব্যাটিং অনুশীলন করে স্টেডিয়ামের ইনডোর থেকে বের হতেই উপস্থিত কিছু দর্শক ‘ভুয়া ভুয়া’ বলে ওঠে। তাই হয়তো সমালোচনা মেনে নিতে না পেরেই একদিন আগেই ঢাকা ছাড়ছেন তারকা এই ক্রিকেটার।

গতকাল বুধবার সাকিব অনুশীলন করতে এসেছেন মিরপুরে, অথচ বাংলাদেশ দল জানিয়েছে, দলের হেড কোচ চন্ডিকা হাতুরেসিংহের কাছ থেকে ব্যক্তিগত কারণের কথা বলে ছুটি নিয়েছেন অধিনায়ক। অনুশীলন ঐচ্ছিক বলে সে ছুটি আগামীকাল পর্যন্ত বর্ধিত ছিল।

বিশ্বকাপের মাঝে সাকিবকে দেশে ফিরতে হলে হাথুরুসিংহদের কাজ কী? এর মধ্যেই নাকি কলকাতা থেকে সাকিবকে দলে ফেরার বার্তা পাঠানো হয়েছে।

ছুটি সংক্ষিপ্ত করে সাকিবের কলকাতায় ফেরার খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তবে ছুটি কেন সংক্ষিপ্ত করা হলো, সে কারণটি জানানো হয়নি দলের পক্ষ থেকে। ফলে নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে আরেক সেশন কাজ না করেই আজ সন্ধ্যার ফ্লাইটে কলকাতায় ফিরছেন সাকিব।

২৮ অক্টোবর বিএনপি ঢাকা বিচ্ছিন্ন করতে পারবে না : কৃষিমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি যতই হুমকি দিক, তারা দেশটাকে অচল করবে, দেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করবে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, আমি মনে করি তারা পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী খুব দক্ষ ও সুশৃঙ্খল। আমরাও রাজনৈতিক দল হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করব না। আমাদেরও দায়িত্ব তাদের যে হুমকি, রাজনৈতিকভাবে তা মোকাবিলা করার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে তেল ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যদি সন্ত্রাসের দিকে যায়, তারা যদি আক্রামনত্মক হয়, তারা দেশকে যদি অস্তিশীল করার জন্য গাড়িতে আগুন দেয়, তারা যদি বিদ্যুতের লাইন কাটে এ দেশের মানুষ তার জবাব দিবে। বিএনপি দেশকে সন্ত্রাসের দিকে নিবে, আবার ৬০০ জায়গায় বোমা ফোটাবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। এটি মানবতার দেশ। এই দেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। ধর্ম নিরপেক্ষতাই আমাদের আদর্শ।

তিনি বলেন, বিএনপির শাসনামলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তারা সার দিতে পারেনি। সার চাইতে গিয়ে ১৮ জন মানুষকে জীবন দিতে হয়েছে। ১৮ জন কৃষককে তারা গুলি করে হত্যা করেছে। দেশে বর্তমানে দুর্ভিক্ষ নেই।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওযাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খলিদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

বিশ্বনেতারা শেখ হাসিনার পাশে আছেন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের দুই মাস পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণই প্রমাণ করে বিশ্ব নেতারা তার সঙ্গে আছেন।

বেলজিয়ামের ব্রাসেলসে স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) অপরাহ্নে গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলনের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নেতৃবৃন্দ প্রতিটি বৈঠক ও সভায় তার ভূয়সী প্রশংসা করেছেন। গ্লোবাল গেটওয়ে সম্মেলনের প্লেনারি সেশনের ‘ফোকাস’ বা মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমও বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেই ছুটে গেছে।

‘শুধু তাই নয়, প্লেনারি সেশনে যতোগুলো বক্তৃতা সেখানে হয়েছে সবচেয়ে হৃদয়স্পর্শী এবং বিষয়ধর্মী বক্তৃতাটি ছিল শেখ হাসিনার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন মাত্র দু’মাস সময়ের ব্যবধানে বাংলাদেশে নির্বাচন হবে এই সময়ে তাকে আমন্ত্রণ জানানো অত্যন্ত গুরুত্ববহ এবং বিশ্বনেতৃবৃন্দ যে প্রধানমন্ত্রীর সঙ্গে আছে এটা তারই সাক্ষ্য বহন করে।

উল্লেখ্য, বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কমিশন আয়োজিত ২৫ থেকে ২৬ অক্টোবরের গ্লোবাল গেটওয়ে ফোরামে ইউরোপীয় ইউনিয়ন এবং সারাবিশ্ব থেকে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং বেসরকারি খাত, সুশীল সমাজ, অর্থায়ন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি ও নেতৃস্থানীয় চিন্তাবিদরা অংশ নিচ্ছেন। সূত্র : বাসস

বিএনপি কৃষকের ভালো চায় না : খাদ্যমন্ত্রী

বিএনপি কৃষকের ভালো চায় না বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারের দাবি করায় কৃষককে গুলি করে মেরেছিল তারা। শেখ হাসিনার সরকারের আমলে সারের জন্য দাবি করতে হয় না। তিনি ভর্তূকি দিয়ে কৃষকের জন্য সার নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সাপাহার উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কৃষকবান্ধব সরকার। শেখ হাসিনা কৃষকের বন্ধু। কৃষি প্রণোদনা দিয়ে ভর্তূকি দিয়ে কৃষকের পাশে আছেন তিনি।

স্মার্ট কৃষি ব্যবস্থা দরকার। কৃষির যান্ত্রীকিকরণ করা হচ্ছে। স্বল্প সময়ে সীমিত জমিতে অধিক ফসল ফলাতে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাপাহার উপজেলা পরিষদ পুকুরের চারপাশে হাটার পথ পদাঙ্ক এর উদ্বোধন করেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোলো বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ ফুটবল দল। মাঠের পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব পড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়েও। আগের অবস্থান থেকে ছয় ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৯ থেকে এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩।
১৮.৩৭ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।
বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে এগোলেও র‍্যাঙ্কিং তালিকায় শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের দুইয়ে জয়ে ৯.৮৮ রেটিং পয়েন্ট বেড়েছে মেসিদের। দুইয়ে রানার্সআপ ফ্রান্স। এমবাপ্পেদের পয়েন্ট বেড়েছে ১২.৩৫।
আর্জেন্টিনার (১৮৬১.২৯) চেয়ে ৮.১৮ পয়েন্টে পিছিয়ে ফরাসিরা। ব্রাজিল আগের মতো তিন নম্বরে থাকলেও হারিয়েছে ২৫.৪১ পয়েন্ট। ইংল্যান্ড, বেলজিয়াম, পর্তুগালের অবস্থান যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে। নেদারল্যান্ডস ও স্পেন আছে যথাক্রমে ৭ ও ৮-এ। ইউরো ২০২০ শিরোপাজয়ী ইতালির অবস্থান নবম। ক্রোয়েশিয়া ১০-এ।
দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে ভারত। গত মাসের মতোই ১০২ নম্বরে আছে দলটি। বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়া মালদ্বীপ ছয় ধাপ পিছিয়ে নেমে গেছে ১৬১ নম্বরে। দুই ধাপ এগিয়ে নেপাল উঠেছে ১৭৩-এ।
ভুটান বাছাইপর্ব থেকে বিদায় নিলেও ফিরতি লেগে হংকংকে হারানোয় দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ১৮২-তে। চার ধাপ এগিয়ে ১৯৩ নম্বরে আছে দ্বিতীয় রাউন্ডে ওঠা পাকিস্তান। শ্রীলঙ্কা আছে আগের মতোই ২০২ নম্বরে।
এ মাসে বিশ্বব্যাপী ১৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ফিফা সদস্যদেশগুলো। এর মধ্যে বিভিন্ন মহাদেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ড। বাংলাদেশ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে মালেতে ১-১ গোলে ড্র করে আসার পর ঢাকার কিংস অ্যারেনায় তাদের ২-১ গোলে হারিয়ে পৌঁছে গেছে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে।
সেপ্টেম্বরে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ড্র করেছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ২১ নভেম্বর ঢাকায় প্রথম হোম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে লেবাননের।

ইংল্যান্ডকে উড়িয়ে দিলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সামনেও পাত্তা পেলো না বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে লঙ্কানরা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশদের। প্রায় ২৫ ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
টানা তিন হারে বিশ্বকাপ শুরুর পর এটি শ্রীলঙ্কার টানা দ্বিতীয় জয়।
অপরদিকে, এ নিয়ে টানা তিন ম্যাচ হারলো ইংল্যান্ড। আফগানিস্তানের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা – দুই দলের কাছেই রীতিমতো উড়ে গেল জস বাটলারের দল।
চিন্নাস্বামী স্টেডিয়ামে পুঁজি কম থাকলেও ইংল্যান্ড শুরুতে ভালো লড়াইয়ের ইঙ্গিত দেয়। ২৩ রানেই কুশল পেরেরা এবং কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন ডেভিড উইলি। এরপর দলকে আর কোনো বিপত্তির মুখে পড়তে দেননি পাতুম নিশাঙ্কা এবং সাদিরা সামারাবিক্রমা। তৃতীয় উইকেটে রেকর্ড ১৩৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।
অথচ রান তাড়ায় শ্রীলঙ্কা যে দাপট দেখাবে তা উইলির বোলিং দেখে শুরুতে মনে হয়নি। ৪ রানের পেরেরা এবং ১১ রানে মেন্ডিসকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। কিন্তু এরপরই খুঁটি গেড়ে দাঁড়িয়ে যান নিশাঙ্কা এবং সামারাবিক্রমা। দুজনেই তুলে নেন ফিফটি। নিশাঙ্কা ছক্কা মেরে ম্যাচ শেষ করেন, অপরাজিত থাকেন ৭৭ রান করে। সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৬৫ রান।
নিশাঙ্কা-বিক্রমার এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে শেষ পাঁচ দেখায় অপরাজিতই থাকলো শ্রীলঙ্কা। অপরদিকে, ১৯৯৬ বিশ্বকাপের পর এই প্রথম টানা তিন হার দেখলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডেঙ্গুতে মৃত্যু ১৩শ’ ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৩০৬ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪০৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫৪ হাজার ১৮০ জন। মারা গেছেন ১ হাজার ৩০৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৯৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৫১৩ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

এবার সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে সিঙ্গাপুরের দুটি সিনেমা হলে চলবে সিনেমাটি। জানা যায়, সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্সের কার্নিভাল সিনেমা হল ও সিটি স্কয়ার মলের গোল্ডেন ভিলেজ সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।
সিঙ্গাপুরে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে রাদুগা প্রোডাকশন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও অমিতাভ নাগ এক সংবাদমাধ্যকে বলেন, ‘আমরা ছবিটির মুক্তির বিষয়ে সব প্রস্তুতি শেষ করেছি। দুটি সিনেমা হলে প্রতিদিন দুটি করে শো রাখা হয়েছে। আমাদের বিশ্বাস এখানে বাংলাদেশী প্রসাবী যারা আছেন তারা তো বটেই অনেক বিদেশীও সিনেমাটিও দেখবেন।’
তিনি জানান, আগামী ২ নভেম্বর পর্যন্ত সিনেমাটি ওই দুটি সিনেমা হলে চলবে।
এদিকে গেল শুক্রবার ১৫৩ টি হলে বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। তারই ধারাবাহিকতায় আগামীকাল ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
আরও অভিনয় করেছেন, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।