রোমাঞ্চে ভরা এক ম্যাচে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হলো রিয়াল মাদ্রিদের। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন।
বায়ার্নের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ছিল গোলের বন্যা।
প্রথম মিনিটেই গোল করে ম্যাচে উত্তেজনার ইঙ্গিত দেয় রিয়াল মাদ্রিদ। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে রিয়ালকে লিড এনে দেন আর্দা গুলের। ৫ মিনিট পর আলেকসান্দার পাভলোভিচের গোলে সমতায় বায়ার্ন। ২৯ মিনিটে দূরপাল্লার ফ্রি-কিকে রিয়ালকে আবারও এগিয়ে দেন গুলের।
৯ মিনিট পরে কেইনের গোল। ৪২তম মিনিটে এমবাপ্পের গোলে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায় একটি গুরুত্বপূর্ণ ঘটনায়। ম্যাচটা যখন অতিরিক্ত গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনি ৮৬ মিনিটে লাল কার্ড দেখে রিয়ালকে ১০ জনের দল বানিয়ে দিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
শেষ মুহূর্তে সময় নষ্ট করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এই লাল কার্ডের পরই ভেঙে পড়ে রিয়ালের রক্ষণভাগ।
সংখ্যাগত ব্যবধানের সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে পরপর গোল করেন লুইস দিয়াজ ও মাইকেল ওলিসে। আর তাতে দুই লেগের লড়াইটা ৬-৪ গোলে জিতে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিতে উঠে যায় বায়ার্ন।
এই জয়ের ফলে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।




