বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’–এর টিজার প্রকাশ করা হয়েছে। টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অ্যাকশনঘন এই টিজার দেখে অনেকেই মনে করছেন, ঈদুল ফিতরে বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত হচ্ছেন ঢালিউডের এই তারকা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার প্রকাশ করে শাকিব খান লিখেছেন, ‘আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’
টিজারে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে গল্পের আভাস পাওয়া গেছে। রহস্যময় চরিত্রে শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন দৃশ্য দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
সিনেমার কারিগরি দিকেও রয়েছে চমক। ভারতের আলোচিত চলচ্চিত্র ‘এনিমেলের’ সিনেমাটোগ্রাফার অমিত রায় ‘প্রিন্স’-এর ক্যামেরার দায়িত্ব সামলেছেন।
এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং কলকাতার একজন অভিনয়শিল্পী। ফলে দুই বাংলার শিল্পীদের উপস্থিতিতে সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ছবিটি ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ফার্স্টলুক পোস্টার ও অ্যাকশন দৃশ্য নিয়ে আলোচনা চলছে।




