বেকারত্ব বাড়াচ্ছে বর্তমান শিক্ষাব্যবস্থা -শিক্ষামন্ত্রী

SHARE

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থা কাক্সিক্ষত কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারছে না, বরং বেকারত্ব বাড়াচ্ছে। শিক্ষা বেকারত্ব বাড়ানোর জন্য নয়। তাই দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যম হিসেবেই এর পুনর্গঠন জরুরি।

গতকাল শনিবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির

বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যে শিক্ষাব্যবস্থা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে না, তা থেকে বেরিয়ে এসে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা কাঠামো গড়ে তুলতে হবে। নতুন কলেজ, নতুন বিষয় বা প্রতিষ্ঠান স্থাপনের দাবি উঠলেও সেগুলো অনুমোদনের ক্ষেত্রে বাজারের চাহিদা ও কর্মসংস্থানের বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি।

শিক্ষাক্ষেত্রে নৈতিকতা ও দুর্নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, কেবল অর্থনৈতিক দুর্নীতি নয়, নৈতিক দুর্নীতিও দূর করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে সরকারের অর্থ গ্রহণ করবে, অথচ শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিত করতে ব্যর্থ হবে এটি গ্রহণযোগ্য নয়। ভাষা প্রসঙ্গে তিনি বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, চিন্তা ও অনুভূতির প্রধান বাহন। একুশের চেতনা কর্মজীবন ও রাষ্ট্রীয় কার্যক্রমে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষতা অর্জনও অপরিহার্য। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও বিকাশেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।