শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কেবলমাত্র আর্থিক অনিয়মই দুর্নীতি নয়, দায়িত্ব পালনে গাফিলতিও এক ধরনের দুর্নীতি। প্রত্যেককে দুর্নীতিমুক্ত থাকতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পিটিআইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক যদি দায়িত্ব অনুযায়ী শ্রেণিকক্ষে সময় না দেন, কেবল সময় কাটিয়ে যান—তাহলেও সেটি দুর্নীতি।
আপনি ৮ ঘণ্টা ক্লাস নেওয়ার জন্য স্কুলে গেছেন, কিন্তু ঠিকভাবে পাঠদান করলেন না—এটা কি দুর্নীতি নয়? এমন প্রশ্ন রাখেন তিনি।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, দেশের পরিবর্তন আনতে হলে শিক্ষাক্ষেত্রেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। নিজের সন্তানের মতো করে প্রতিটি ছাত্র-ছাত্রীকে গড়ে তুলুন। আমি অনেক জায়গায় দেখি, শিক্ষকরা নিজেদের সন্তানকে অন্য স্কুলে পড়ান।
তাহলে প্রশ্ন আসে—আপনি কি সত্যিকারের শিক্ষক?
তিনি আরো বলেন, শিক্ষকদের অন্তর্দৃষ্টি দিয়ে ভাবতে হবে তাদের দায়িত্ব কী এবং তারা কী করতে চান। আমরা শুধু খাওয়ার সময় হালাল-হারাম ভাবি, কিন্তু দায়িত্ব পালনের সময় তা ভাবি না।
দুর্নীতির প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, আমি পাঁচ বছর মন্ত্রী ছিলাম, আমার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলাও হয়নি। আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে সৎ থাকা।
তিনি বলেন, প্রাথমিক স্তরে প্রতিটি শিশুকে যত্নসহকারে শিক্ষা দেওয়া গেলে ঝরে পড়ার হার কমে আসবে। আগামী বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




