দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত্রী

SHARE

দুর্নীতিমুক্ত পরিবেশ-পরিস্থিতি তৈরি করা একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সমাবেশের আয়োজন করে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘মন্ত্রিপরিষদের দুটি সভায় তারেক রহমানের বক্তব্য শোনার সুযোগ হয়েছে।
তিনি বড় একজন পাহারাদার হিসেবে দেশের জন্য কাজ করবেন বলে আমার বিশ্বাস হয়েছে। তিনি সততাকে বেশি মূল্যায়ন করবেন বা করছেন। প্রথম দিন থেকেই তিনি প্রতিটি মন্ত্রণালয়-মন্ত্রী ও বিভাগের ব্যাপারে অ্যাকটিভ (সক্রিয়)।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক প্রভাব বা দলীয় প্রভাবের কারণে কোনো সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে—এই সুযোগ থাকবে না।

তিনি বলেন, ‘আমার ওপর ন্যস্ত দায়িত্ব, এটা একটা আমানত। এই কঠিন দায়িত্ব পালন করার জন্য আমি সজাগ ও সতর্ক আছি। আমাদের দেশে দুর্নীতি চেয়ে গেছে। আমাদের এই দুর্নীতিমুক্ত একটা পরিবেশ-পরিস্থিতি তৈরি করা আরেকটি কঠিন চ্যালেঞ্জ।

বিরোধী দলকে উদ্দেশ করে এ্যানি বলেন, ‘ভোট হওয়ার দিন থেকেই আমি যদি বলি ভোটটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ম্যানেজ ইলেকশন হয়েছে, এটা আমাদের আহত করে। এই বক্তব্যটি না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা একটা দৃষ্টান্ত হতে পারে।’

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ।