দুয়ে যাদুতে ৫ গোলের রোমাঞ্চে পিএসজির জয়

SHARE

ফ্রান্সের দুই জায়ান্ট ক্লাবের ইউরোপীয় দেখায় নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বদলি নেমে জোড়া গোল করে নায়ক বনে গেলেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড দিজিরে দুয়ে। তার যাদুতে ১০ জনের এএস মোনাকোকে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মোনাকোর মাঠে ম্যাচের শুরুটাই ছিল স্বাগতিকদের দাপটে।
প্রথম মিনিটেই ফোলারিন বালোগুনের হেডে এগিয়ে যায় মোনাকো। ১৮ মিনিটে আবারও ফোলারিন গোল করলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি। পিছিয়ে পরে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেকে উঠিয়ে দুয়েকে নামান কোচ লুইস এনরিকে।

নেমেই পার্থক্য গড়ে দেন দুয়ে।
২৯ মিনিটে তার শট পোস্টে লেগে জালে ঢোকে। বিরতির ঠিক আগে দুয়ের আরেকটি শট প্রতিহত হলেও ফিরতি বল থেকে হাফ-ভলিতে গোল করেন আশরাফ হাকিমি। এতে ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরপরই বড় ধাক্কা খায় মোনাকো।
বেপরোয়া ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলেকজান্দার গলোভিন। একজন কম নিয়ে খেলতে থাকা স্বাগতিকদের চাপে ফেলে ৬৭ মিনিটে ওয়ারেন জায়ার এমিরির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দুয়ে। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় প্যারিসিয়ানরা।

শেষ পর্যন্ত আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। চলতি মাসের ২৫ তারিখ ফিরতি লেগে মোনাকোর বিরুদ্ধে দ্বিতীয় লেগে মাঠে নামবে পিএসজি।