আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জনিত কারণে বেনাপোল বন্দর দিয়ে টানা ৩ দিন বন্ধ থাকবে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য। একইসঙ্গে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বন্ধ থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাতে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ ব্যবস্থা গ্রহণ করেছেন।
এর আগে এদিন বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব কাজী আরিফুর রহমান সাক্ষরিত চিঠিতে বেনাপোলসহ দেশের সব বন্দর দিয়ে ভ্রমনের উপর নিষেধাজ্ঞার চিঠি আসে বন্দর ও ইমিগ্রেশনে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দিয়ে বৃহস্পতিবার দু’দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে-এমন নির্দেশনার একটি চিঠি আমার দফতরে এসেছে।’ তিনি আরও বলেন, ‘এছাড়া বুধ ও বৃহস্পতিবার আমদানি-রফতানিও বন্ধ থাকছে। ১৩ ফেব্রুয়ারি সকাল ৬ টার পর থেকে পুনরায় দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক হবে এবং ১৪ ফেব্রুয়ারি থেকে চালু হবে আমদানি-রফতানি।’




