জকোভিচ-নাদাল-ফেদেরারের পাশে এলিট লিস্টে জায়গা করে নিলেন আলকারাজ

SHARE

বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ ১৩,৬৫০ এটিপি পয়েন্ট সংগ্রহকারী চতুর্থ খেলোয়াড় হিসেবে নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের সঙ্গে এলিট লিস্টে যুক্ত হয়েছেন।

এ মাসের শুরুতে ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জেতেন আলকারাজ। এই জয়ের মাধ্যমে তিনি একাধিক রেকর্ড ও কীর্তি গড়েন। মেলবোর্ন পার্কে শিরোপা জয়ের পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্প্যানিশ তারকার পয়েন্ট দাঁড়ায় ১৩,৬৫০।

২০০৯ সাল থেকে চালু থাকা বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি অনুযায়ী, আলকারাজ টেনিসের মহাতারকাদের তালিকায় নিজের নাম লেখালেন, যেখানে আগে থেকেই রয়েছেন জকোভিচ, নাদাল ও ফেদেরার।

গত এপ্রিল থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন আলকারাজ। এই সময়ে তিনি আটটি শিরোপা জিতেছেন, যার মধ্যে ছয়টি ছিল বড় ও গুরুত্বপূর্ণ ট্রফি। ২২ বছর বয়সী এই তারকা টানা চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন। যার মধ্যে জিতেছেন তিনটি শিরোপা এবং পেরিয়ে গেছেন ‘ম্যাজিক’ ১৩,০০০ পয়েন্টের মাইলফলক।

এই সপ্তাহের রটারডাম এটিপি ৫০০ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় আলকারাজ ৫০০ এটিপি পয়েন্ট হারান।

তবে আগামী তিনটি টুর্নামেন্টে ভালো করলে তিনি আরও ওপরে উঠতে পারেন এবং ১৪,০০০ পয়েন্টের মাইলফলক ছুঁতে পারেন, কারণ সেখানে তার অর্জণ করার মতো পয়েন্ট রয়েছে মাত্র ৫১০।

১ ফেব্রুয়ারি রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জেতেন আলকারাজ এবং নিজেকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন।
২২ বছর বয়সে আলকারাজ আধুনিক যুগে সবচেয়ে কম বয়সে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। এর আগে তিনি উইম্বলডন এবং ফ্রেঞ্চ ও ইউএস ওপেনে দুটি করে শিরোপা জিতেছিলেন।

এই কৃতিত্বে তিনি কিংবদন্তি স্বদেশি রাফায়েল নাদালকে ছাড়িয়ে যান, যিনি একই কীর্তি গড়েছিলেন আরও দুই বছর বেশি বয়সে।

সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে আলকারাজ জন ম্যাকেনরো ও ম্যাটস উইলান্ডারের পাশে অবস্থান করছেন এবং আন্দ্রে আগাসি, জিমি কনর্স ও ইভান লেন্ডলের চেয়ে মাত্র এক ধাপ পেছনে রয়েছেন।