বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

তালাক দিলে কি কাউকে নিয়ে আসতে হয় : হাথুরু প্রসঙ্গে সালাহউদ্দিন

প্রথম মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এ কোচের অধীনে বেশ কিছু সাফল্য পেয়েছিল লাল-সবুজেরা। তবে সেই দফায় সুখকর ছিল না সাকিবদের ক্রিকেট পথচলা। এরপর দ্বিতীয় মেয়াদে আবারও লাল-সবুজ শিবিরের প্রধান কোচ হয়ে ফিরেছেন তিনি। তবে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর লঙ্কান এ মাস্টারের ফেরা নিয়ে সমালোচনা করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
ক্রীড়াভিত্তিক একটি অনলাইন পোর্টালে তার মন্তব্য, ‘ওইদিন একটা পিচ্চি একটা কথা বলছিল, তালাক দিলে কি কাউকে নিয়ে আসতে হয় কি না। কথাটা ভুল বলে নাই। আমার কোনো দরদ নাই। আমি একটা টিম ফালায় দিয়ে চলে গেলাম। আবার তাকেই আনি আবার এতো আদর যত্ন করে নিয়ে আসলেন। টিমটাকে আমি ফালায় দিয়ে চলে গেলাম, কোনো কারণ ছাড়াই চলে গেলাম।’
বাংলাদেশের সাবেক এ সহকারী কোচের ভাষ্য, আপনাকে যদি আমি একবার ছেড়ে দিতে পারি, তাহলে দশবারও ছেড়ে দিতে পারব। একটা হচ্ছে কাজের দরদ, আরেকটা হচ্ছে কেউ ছেড়ে দিলো, তাকে আদর-আপ্যায়ন দিয়ে নিয়ে আসলাম। সবকিছু চিন্তা করে কাজ করা উচিত।
বিশ্বমঞ্চে অপেক্ষাকৃত খর্বশক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এতে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে লাল-সবুজেরা। সাকিব বাহিনীর এমন শোচনীয় পরাজয়ের পর হতাশ টাইগার সমর্থকরা। টাইগারদের সামগ্রিক চিত্র নিয়ে নানান ধরনের মতামতও উঠে আসছে। তবে পুরো সমস্যাই দেশের ক্রিকেটের সিস্টেমে বলে দাবি মোহাম্মদ সালাহউদ্দিনের।
তার বক্তব্য, দেখেন ওয়ানডেতে আমাদের আশা করার জায়গা ছিল। মানুষের চাওয়া অনেক বেড়ে গিয়েছিল। যেহেতু আমরা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড সবার সঙ্গে জিতেছি। দেখা গেল কেউই আমাদের সঙ্গে পারে না। যে আসে সেই নাকানি-চুবানি খাচ্ছে। সেখান থেকে সবাই প্রত্যাশা করবে এটাই স্বাভাবিক। সেখান থেকে মানুষ মানতে পারবে না যে আপনি নেদারল্যান্ডসের সঙ্গে হারবেন।

বিএনপি কার্যালয়ে বক্তব্য দেওয়া সেই ব্যক্তি ইসরায়েলের এজেন্ট : তথ্যমন্ত্রী

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বক্তব্য রাখা সেই ব্যক্তি ইসরায়েলের এজেন্ট বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।
তথ্যমন্ত্রী বলেন, শনিবার তারা (বিএনপির নেতারা) সংবাদ সম্মেলনে এক ব্যক্তিকে ধরে এনে জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে গণমাধ্যমের সামনে কথা বলিয়েছেন। মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে, ওই ব্যক্তি বাইডেন সরকারের কেউ না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও বলেছেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। এখানে তারা স্পষ্টত জালিয়াতির আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে যে, সেই ব্যক্তি একজন ইসরায়েলের এজেন্ট। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিএনপি-জামায়াত কিছু বলেনি। এজন্য ইসরায়েল বিএনপির ওপর সন্তুষ্ট। তো অনেকে বলছে, একজন ইসরায়েলি এজেন্টকে তারা পাঠিয়েছে, যাকে নিয়ে শনিবার তারা (বিএনপি) সভা করেছে, এটি বিভিন্ন সূত্র বলছে।
এর আগে, শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ পরিচয়ে ইংরেজিতে বক্তব্য দেন মিয়ান আরাফি নামে এক ব্যক্তি। তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ কোন কোন ব্যক্তি বার্তা পাঠিয়েছেন সে তথ্য তুলে ধরেন। তবে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‌‘ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র সরকারের কেউ না।’ এর ফলে এ ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।

কথা দিলাম, পুলিশ হত্যার বিচার ত্বরিত গতিতে হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা দেখেছি এই বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে গতকাল একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করেছে। দেশে এখন আর কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কথা দিলাম, এটার বিচার ত্বরিত গতিতে করা হবে।
আজ রোববার (২৯ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরীর মারিয়ালীতে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বলেন।
তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটি অংশ। রাজনীতিতে দেশের উন্নয়নের কথা বলতে কারও বাধা নেই কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা করা হয় তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলবো। আপনারা দেখেছেন, প্রধান বিচারপতির বাসভবনের ফটকে লাথি মেরেছে। আমি মনে করি, এটা বিচার বিভাগের ফটকে লাথি মারা হয়েছে। আমি মনে করি, যারা বিচার বিভাগে কাজ করে তাদের বুকে লাথি মারা হয়েছে। এটির অবশ্যই বিচার করা হবে।
আইনমন্ত্রী বলেন, স্বার্থ এবং ক্ষমতা বিএনপির রাজনীতি হচ্ছে সেটাই। ২০০৮, ১৪ ও ১৮ সালে প্রধানমন্ত্রী আপনাদের ভোটে সরকার গঠন করলেন। তারপর থেকেই দেখেছেন বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশ এ উন্নয়ন ব্যহত করার জন্য, দেশ যেনো নিজের পায়ে দাঁড়াতে না পারে, ৪১ সালের মধ্যে দেশ যেনো মধ্যম আয়ের দেশ না হতে পারে এজন্য বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ব্যহত করতে দেওয়া হবে না।
আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত) উম্মে কুলসুম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাংসদ শামছুন্নাহার ভূঁইয়া, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।

কাল আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (২৯ অক্টোবর) ষষ্ঠ পর্বে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক উদ্বোধন করবেন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, ষষ্ঠ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন এবং জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণে শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ।
মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ওযুর জন্য আলাদা জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।
এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামী গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশী-বিদেশী অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে।
দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সকল পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মানে সরকার ২০১৭ সালে ৯,৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহন করে।
প্রধানমন্ত্রী দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন।
আগামীকাল নতুন আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়াবে তিন’শ।

যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ডে ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা জোরদার করার সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শনিবার ফিলিস্তিনিপন্থী হাজার হাজার বিক্ষোভকারী ব্রিটেনে মিছিল করেছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
গাজায় স্থল বাহিনীকে শক্তিশালী করে যুদ্ধ বাড়িয়ে ইসরায়েলের তীব্র হামলায় আরও হাজার হাজার বেসামরিক লোক মারা যাওয়ার আশঙ্কা করে সতর্ক করেছে জাতিসংঘ।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর ফিলিস্তিনি দল গাজা সীমান্ত পেরিয়ে হামলা চালিয়ে ১,৪০০ জনকে হত্যা ও ২২০ জনেরও বেশিকে জিম্মি করার পর ইসরাইল তার বোমা হামলা শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলার পর থেকে ৭,৭০৩ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ৩,৫০০ জনেরও বেশি শিশু।
লন্ডনে টানা তৃতীয় সপ্তাহান্তে ফিলিস্তিনিদের সমর্থনে বড় সমাবেশ আয়োজনে অংশগ্রহন করা বিক্ষোভকারী, ৩৬ বছর বয়সী দানি নাদিরি বলেন, গাজায় সাহায্য পৌঁছানো এবং জিম্মিদের মুক্তির লড়াইয়ে ‘মানবিক বিরতির’ জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আহ্বান যথেষ্ট নয়। নাদিরি এএফপিকে বলেন, ‘পূর্ণ যুদ্ধবিরতি হওয়া দরকার।’ ‘এখন আর বাড়তে না দিয়ে কিছু করার সময় এসেছে।’
বিক্ষোভকারীরা ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্যের পার্লামেন্টে যাওয়ার আগে দুপুরে টেমস নদীর তীরে একটি কেন্দ্রীয় পয়েন্টে জড়ো হয়।
ব্রিটিশ মিডিয়া অনুসারে প্রায় ১ লাখ লোক লন্ডনে ‘মার্চ ফর প্যালেস্টাইনে’ যোগ দেয়, পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবরও জানিয়েছে ব্রিটিশ মিডিয়া।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ‘মার্চ ফর প্যালেস্টাইন’ বিক্ষোভে টহল দেওয়ার জন্য এক হাজারের বেশি কর্মকর্তা মোতায়েন করেছে। পুলিশ এক বিক্ষোভকারীকে একজন অফিসারকে লাঞ্ছিত করার সন্দেহে এবং অন্য একজনকে বর্ণবাদী মন্তব্য ও হত্যার হুমকি দেওয়ার দায়ে গ্রেফতার করেছে।
প্যারিসে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল
শনিবার হাজার হাজার বিক্ষোভকারী ফ্রান্স জুড়ে সমাবেশে অংশ নেয়। বিক্ষোভকারীরা প্যারিসে জনসাধারণের অনুমোদনের ভিত্তিতে জারি করা আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এক বিক্ষোভে যোগ দেয়। পুলিশের বিশাল বাহিনী রাজধানীর কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের বাধা দেয়।
ফ্রান্সের অন্যান্য শহরেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। আয়োজকরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় নগরী মার্সেইতে ৪,০০০ জন মিছিল করেছে, পুলিশ এই সংখ্যাকে ১,৮০০ উল্লেখ করেছে।
সুইজারল্যান্ডে ৭,০০০ বিক্ষোভকারী জুরিখে জড়ো হয়। লুসানে ২,০০০, জেনেভাতে ১,৮০০ এবং বার্নে এক হাজারের বেশি লোক বিক্ষোভে যোগ দেয়।
খবর এএফপি

আলিয়া ভাটের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস!

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রীর ক্যারিয়ার এখন তুঙ্গে। সম্প্রতি বোনের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন আলিয়া। শাহিন ভাটের উপর কতটা নির্ভরশীল আলিয়া, স্ক্রিনশট শেয়ার করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী।
আলিয়া ভাটের বাবা নামী প্রযোজক মহেশ ভাট। তিনি দুই বিয়ে করেছেন। প্রথমে তিনি কিরণ ভাটকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে রয়েছে দুটি সন্তান পূজা ভাট ও রাহুল ভাট। অন্যদিকে আলিয়া ভাট তার দ্বিতীয় স্ত্রী সনি রাজদানের সন্তান। এই দম্পতির আরও এক সন্তান শাহিন ভাট।
আলিয়া ও শাহিন দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। প্রায়ই দুজনকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি, আলিয়া ভাটের ইউটিউব চ্যানেলে একটি ভ্লগও উপস্থিত হয়েছিলেন শাহিন, যেখানে দুই বোনকে ত্বকের যত্ন নিতে দেখা গিয়েছে। আলিয়া জানিয়েছিলেন, শাহিনই তার ত্বকের যত্ন নেওয়ার গুরু।
শাহিন ভাটের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন আলিয়া। এক সন্তানের মা হয়েও আলিয়া জানিয়েছেন এখনও তিনি শাহিনের উপর কতটা নির্ভরশীল। আড্ডায় খাওয়া-দাওয়া নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা হয়। শাহিন তাকে পরামর্শ দেন কোনটা খাওয়া উচিৎ আর কোনটা নয়।
পোহা খাওয়া কি উচিত হবে, এই বিষয় জানতে দিদি শাহিনকে মেসেজ করেন আলিয়া। শাহিন তাকে দই, ভাত এবং আলু ভাজি খাওয়ার পরামর্শ দেন। সকালে টিফিন খাওয়ার পরে সে পোহা খেতে পারে। ইনস্টাগ্রাম স্টোরিতে এই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন আলিয়া।

কনস্টেবল হত্যায় জড়িতরা বিএনপির সদস্য : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, গতকাল একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। সেখানে পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ২টায় রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজের জানাজা শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা গাইবান্ধা থেকে একজন ও ঢাকার ডেমরা থেকে একজনকে গ্রেপ্তার করেছি। খোঁজ নিয়ে ও জিজ্ঞাসাবাদে জানা গেছে- দুজনই বিএনপির রাজনীতিতে জড়িত। তাদের বিভিন্ন সময় মিছিল মিটিংয়ে দেখা গেছে।
কমিশনার বলেন, কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ পুলিশের গর্বিত সদস্য। তাকে কীভাবে পিটিয়ে ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার মৃত্যু নিশ্চিত করার পরও কীভাবে তাকে লাথি দেওয়া হয়েছে- যা তাকে শুধু অপমান নয়, পুরো পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে।
হাবিবুর রহমান বলেন, এই নৃশংস ঘটনার যেন ন্যায় ও যোগ্য বিচার হয়, এজন্য যা যা কিছু করা দরকার ডিএমপির পক্ষ থেকে করা হবে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের পর ছবি মিলিয়ে দুজনকে শনাক্ত করে গাইবান্ধা থেকে একজন এবং ঢাকার ডেমরা থেকে একজনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত ও কাদের ইন্ধন রয়েছে, তাদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। সেসময় একটি রাজনৈতিক দলের সমাবেশ হয়েছিল, সেখানে দলটির সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একাধিক স্থানে হামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও গেট ভাঙা হয়েছে।
এদিকে জানাজার নামাজ পূর্ব বক্তব্যে কমিশনার বলেন, বিএনপি মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও পুলিশ সদস্যকে হত্যা করেছে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় কর্মী বান্ধব। গতকাল বিএনপির মহাসমাবেশ কর্মসূচির নামে নৈরাজ্য চালিয়েছে। সেখানে ডিএমপির কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ নামে এক সদস্য জীবন দিয়েছেন। তার পরিবারের ক্ষত হয়তো পূরণীয় নয়। তবে আমরা ডিএমপি আমিরুলের পরিবারের পাশে থাকবো। তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার সব খরচ বহন করবে ডিএমপি।
জানাজা শেষে নিহত পুলিশ কনস্টেবল আমিনুলের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সহিংসতার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষকে রক্ষার দায় সরকারের। যারা এর উসকানিদাতা তারা দায়ী। সরকারের দায়িত্ব সারাদেশ থেকে এ ধরনের সন্ত্রাসীদের খুঁজে বের করা। এই ঘটনার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না
আজ রোববার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সামনে এই কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেছে। তারা যেখানে সমাবেশ করতে চেয়েছে সেখানেই পুলিশ পারমিশন দিয়েছে। কিন্তু তারা শান্তিপূর্ণ সমাবেশ না করে সহিংসতা শুরু করেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান বিচারপতির বাসায় হামলা হওয়ার নজির নেই। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তারপরও তারা এটা করার অর্থ হলো বিচার বিভাগকে তারা মানে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, সরকার সর্বাত্মকভাবে সহায়তা করেছে তাদের একটি শান্তিপূর্ণ সমাবেশের জন্য। বাংলাদেশের ইতিহাসে কোনও হাসপাতালে হামলার ঘটনা ঘটেনি। যা তারা গতকাল করেছে। একজন পুলিশ সদস্য মারা গেলেন। ১০০ এর বেশি পুলিশ আহত। এমন যখন তাণ্ডব চালাচ্ছিল তখন পুলিশ তাদের তাণ্ডব বন্ধ করার চেষ্টা করছিল। সে সময় তারা সমাবেশ বন্ধ করে চলে গেছে।
তথ্যমন্ত্রী বলেন, শামিম মিয়া নামে এক যুবদল কর্মী মারা গিয়েছেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেটা ডাহা মিথ্যা কথা। তার পরিবার বলেছে তিনি রাজনীতি করেন না। চিকিৎসক বলেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন।
বিএনপি-জামায়াতের হরতাল ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হরতাল ব্যর্থ হয়েছে কারণ জনগণ তাদের সঙ্গে নেই। সামনের দিনগুলোতে বিএনপি এ ধরনের ঘটনা যাতে আর না ঘটাতে পারে সেটা মোকাবিলা করার জন্য সরকার বদ্ধপরিকর। এমন ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
তথ্যমন্ত্রী বলেন, বাইডেনের উপদেষ্টা হিসেবে যিনি গতকাল বিএনপির অফিসে গিয়েছেন, তিনি ইসরায়েলের প্রতিনিধি।

দীর্ঘ ২১ বছর আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ ২১ বছর আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছিল। অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর প্রকৃত ইতিহাস তুলে ধরা শুরু করি। ১৫ আগস্টের পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল। কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই ভাষণ বাঁজিয়েছিল এবং তা মানুষকে শুনিয়েছিল।
আজ রোববার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন চেয়েছিলেন তেমন বাংলাদেশ গড়াই আমার একমাত্র লক্ষ্য। আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কিছু না। প্রধানমন্ত্রী হলে বহু আগেই হতে পারতাম। কিন্তু আমি সেভাবে চাইনি। আমার একটাই লক্ষ্য ছিল, ক্ষমতা হবে জনগণের কল্যাণ সাধন করার। জাতির পিতা যেভাবে চেয়েছেন সেভাবেই দেশকে গড়ে তোলা। সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। জাতির পিতার আদর্শ নিয়ে পথ চলায় আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। যা বাস্তবায়ন হবে ২০২৬ সাল থেকে। জাতির পিতার আদর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে এই বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। অনেক দেশই আমাদের সঙ্গে হয়েছিল, অনেকেই পিছিয়ে গেছে। আমরা কিন্তু পিছিয়ে যাইনি।
তিনি বলেন, আমি জানি না পৃথিবীর কোনো দেশে কোনো ভাষণ এতোবার শোনা হয়েছে কি না। আজকে সেই ভাষণ ইউনেসকো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক বিশ্ব প্রামাণ্য দলিলে মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে; যা বাঙালি জাতির ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছে।
সরকারপ্রধান বলেন, আমি চাই আমাদের ছাত্র-ছাত্রী ও শিক্ষক সবাই আমাদের এই যে অর্জনগুলো ধরে রাখেন। এর মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। জাতির পিতা এই বাংলাদেশের জন্য যে মহান আত্মত্যাগ করে গেছেন, সেটি আমাদের ভুললে চলবে না। কারণ তার ভাষা আন্দোলন, তার ইতিহাস আপনারা জানেন।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে আমরা সরকার ক্ষমতায় আছি। ২০০৯ সাল থেকে আজকে ২০২৩, এটি এখন এক বদলে যাওয়া বাংলাদেশ। আজকের ছাত্র-ছাত্রীরা উপলদ্ধি করতে পারবে না ২০ বছর আগে কেমন বাংলাদেশ ছিল। সেখানে ক্ষুধা-দারিদ্র ছিল, বৈজ্ঞানিক কোনো কিছু ছিল না। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা চালু করি।
প্রধানমন্ত্রী বলেন, আমার একটাই লক্ষ্য ছিল, ক্ষমতা হবে জনগণের কল্যাণ সাধন করার জন্য। জাতির পিতা যেভাবে চেয়েছেন সেভাবেই দেশকে গড়ে তোলা। সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। জাতির পিতার আদর্শ নিয়ে পথ চলায় আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। যা বাস্তবায়ন হবে ২০২৬ সাল থেকে। জাতির পিতার আদর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এই বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। অনেক দেশই আমাদের সঙ্গে ছিল, অনেকেই পিছিয়ে গেছে। আমরা কিন্তু পিছিয়ে যাইনি।
তিনি বলেন, দীর্ঘ ২১ বছর আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছিল। অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর প্রকৃত ইতিহাস তুলে ধরা শুরু করি। ১৫ আগস্টের পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল। কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই ভাষণ বাজিয়েছিল এবং তা মানুষকে শুনিয়েছিল। আমি জানি না পৃথিবীর কোনো দেশে কোনো ভাষণ এতবার শোনা হয়েছে কি না। আজকে সেই ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক বিশ্ব প্রামাণ্য দলিলে মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাঙালি জাতির ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছে।
শেখ হাসিনা বলেন, আমি চাই আমাদের ছাত্র-ছাত্রী ও শিক্ষক সবাই আমাদের এই যে অর্জনগুলো ধরে রাখুক। এর মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। জাতির পিতা এই বাংলাদেশের জন্য যে মহান আত্মত্যাগ করে গেছেন, সেটি আমাদের ভুললে চলবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১০ সালের ১৪ আগস্ট এ বিশ্ববিদ্যালয় জাতির পিতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছিল। আজকে জাতির পিতাকে ডক্টর অব লজ ভূষিত করেছে। আমি জানি না আপনাদের কীভাবে ধন্যবাদ জানাব। আমি কন্যা হিসেবে কৃতজ্ঞতা জানাই।

শেখ হাসিনা বলেন, এ জাতিকে নিয়ে সবসময় একটা স্বপ্ন ছিল জাতির পিতার। তিনি নিজের জন্য কিছু চাননি, এই জাতির জন্য চেয়েছেন সবসময়। অসমাপ্ত আত্মজীবনী পড়লে তার সম্পর্কে অনেক কিছু জানা যাবে। আমি চাই শিক্ষার্থীরা যেন এ বইগুলো ভালোভাবে পড়ে। এই বইগুলো পড়লে একদিন আন্তর্জাতিক রাজনীতি এবং আমাদের দেশের অবস্থান জানতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, অনেক ত্যাগের বিনিমিয়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষণা দিয়েছিলাম, সেটি বাস্তবায়ন করেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করার আমরা করে যাচ্ছি।
অনুষ্ঠানে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সমাবর্তনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকন্যা ও সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর এই ডিগ্রি তুলে দেন।

‘দি এক্সরসিস্ট: বিলিভার’ এখন ঢাকায়

১৯৭৩ সালে মুক্তি পায় হলিউডের সিনেমা দি এক্সরসিস্ট। সে সময় সাড়া ফেলেছিল সিনেমাটি। আজও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু এ সিনেমা। এটি একটি ভৌতিক ঘরানার এবং প্রথম হরর সিনেমা, যা সেরা চলচ্চিত্র বিভাগে একাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন পায়। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল দি এক্সরসিস্ট। মূলত উইলিয়াম পিটার ব্ল্যাটি রচিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল এ সিনেমা। লেখক নিজেই এর চিত্রনাট্য লিখেছিলেন আর সেরা চিত্রনাট্য বিভাগে অস্কার ট্রফিটি সে বছর তার ঘরেই যায়। দি এক্সরসিস্টের সাফল্যে পরবর্তী সময়ে এ সিরিজের বেশ কয়েকটি সিকুয়াল নির্মিত হয়। এবার পর্দায় এসেছে ‘দি এক্সরসিস্ট: বিলিভার’। এক্সরসিস্ট ফ্র্যাঞ্চাইজির এটি ষষ্ঠ সিনেমা। ৬ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি।
বালাদেশের হরর সিনেমা ভক্তদের জন্য সুখবর হলো বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘দি এক্সরসিস্ট: বিলিভার’। গত শুক্রবার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটি মুক্তি পায়।
‘দি এক্সরসিস্ট: বিলিভার’ পরিচালনা করেছেন ডেভিড গর্ডন গ্রিন। পৃথিবীর আদিকাল থেকে নানা প্রান্তের সভ্যতায় চালু রয়েছে এ আচার। সময় গড়িয়েছে, কিন্তু সভ্যতার যতই বয়স হয়ে যাক, এক্সরসিজম আজও টিকে রয়েছে। এক্সরসিজমকে কেন্দ্র করেই এ সিনেমা। দুটি কিশোরীকে কেন্দ্র করে এগিয়ে গেছে এর গল্প। তাদের মধ্যে একই সঙ্গে অপশক্তির ভর হয়। আর তারপর শুরু হয় নানা অদ্ভুতুড়ে ঘটনা। ক্রমেই অ্যাঞ্জেলা ও ক্যাথরিন নামের দুটি মেয়ে যেন সম্পূর্ণ অন্য দুই অস্তিত্বে পরিণত হতে থাকে। দেখা মেলে ক্রিস ম্যাকনেলের। প্রেতাবিষ্ট কিশোরী রেগানের মা তিনি। তিনি সাহায্য করতে এগিয়ে আসেন অ্যাঞ্জেলা ও ক্যাথরিনকে।
সিনেমাটিতে অভিনয় করেছেন লেসলি ওডম জুনিয়র, লিডিয়া জুয়েট, অলিভিয়া ও’নিল, জেনিফার নেটলস, নরবার্ট লিও বাটজ, রাফেল বারজ ও ড্যানি ম্যাকার্থিসহ আরো অনেকে।