বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে আফগানিস্তান

ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়েছে রশিদ খানরা। ইংলিশদের হারানোর পর পাকিস্তানকে স্তব্ধ করে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম দুইটি ম্যাচ জিতল আফগানরা। এমন পারফরম্যান্সের পর এবার সেমিফাইনালের স্বপ্ন দেখছে জায়ান্ট কিলার খ্যাত দলটি। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান। দুই দলের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পুনেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
আফগানিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেছে যেখানে দুই দলের ঝুলিতে দুটি করে জয়। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে তারা। যেখানে ৭বার জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা, ৩টিতে জয় পেয়েছে আফগানিস্তান ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানরা রয়েছে সপ্তম স্থানে। পুনেতে আজ গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে লঙ্কানরা।
আগের ম্যাচের সেরা ক্রিকেটার লাহিরু কুমারা চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন পেসার দুশ্মন্ত চামিরা। অপরদিকে ওপেনার কুশল পেরারার বদলে একাদশে ফিরেছেন দিমুথ করুনারতেœ। আফগানিস্তান একাদশে জায়গা হারিয়েছেন স্পিনার নূর আহমেদ, তার বদলে দলে জায়গা পেয়েছেন পেসার ফজল হক ফারুকি।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে , কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।
আফগানিস্তান একাদশ
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকি।

কাজাখস্তানে খনি দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৫

কাজাখস্তানের মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়বহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। রোববার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কারাগান্ড শহরের আর্সেলরমিত্তাল তামিরতাউ কোম্পানির কোস্টেনকো কয়লা খনিতে অগ্নিকা-ের ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। এ নিখোঁজ খনি শ্রমিকের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
এর আগে শনিবার কাজাখ সরকার এ খনি দুর্ঘটনায় হতাহতদের জন্য বোরবার জাতীয় শোক দিবস পালন করে।
অগ্নিকান্ডের সময় খনিতে ২৫২ জন কাজ করছিল। সেখানে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই ২০০ জনেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত চলছে।

কোনো ছেলেমেয়ে যেন জঙ্গিবাদে জড়িত হতে না পারে : প্রধানমন্ত্রী

ইমামদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশের কোনো ছেলেমেয়ে যেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক প্রভৃতিতে সম্পৃক্ত না হয়, সেদিকে আপনারা (ইমাম) খেয়াল রাখবেন। তাদের সেভাবেই গড়ে তুলবেন।’
আজ সোমবার (৩০ অক্টোবর) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনায় অবস্থিত মসজিদে-আন-নববীর ইমামুল খতিব শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। এই ধর্ম যেন প্রশ্নবিদ্ধ না হয়। ইসলামের যে সম্প্রীতি এবং মানবতাবোধ- এটাই আমাদের আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ।
তিনি বলেন, যার যার ধর্ম সে সে পালন করবে- এই পরিবেশটাই আমরা রক্ষা করতে চাই। কোনোরকম সন্ত্রাস, জঙ্গীবাদ, কোনোরকম অন্যের ওপর অত্যাচার, অবিচার যেন না হয়- সেটাই আমরা দেখতে চাই। কারণ ইসলাম ধর্ম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম।
সরকারপ্রধান বলেন, ইসলামের যে সম্প্রীতি এবং মানবতাবোধ- এটাই আমাদের আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এটাই আমাদের নবী করিম (সা.) ও আমাদের সেই শিক্ষা দিয়েছেন। নিরীহ মানুষকে হত্যা করা, তাদের ওপর অত্যাচার করা- এটা আমাদের দেশে যেন না হয়, আমি আপনাদের সহযোগিতা চাই।
বিশ্বব্যাপী চলমান যুদ্ধের প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি ভাইবোনদের ওপর ইসরায়েলির অত্যাচার, নারী শিশু হত্যা আমরা কখনো চাই না। ইতোমধ্যে আমরা ফিলিস্তিনে শুকনো খাবার-ওষুধ পাঠিয়েছি। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করুক। বেলজিয়ামে গিয়েছিলাম, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। আমি সবাইকে অনুরোধ করেছি- এই যুদ্ধ যেন থামে।
এর আগে ইমাম সম্মেলনে পৌঁছে প্রথমেই মঞ্চের নির্দিষ্ট স্থানে গিয়ে প্রধানমন্ত্রী মসজিদ-ই-নববীর ইমামকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওইসময় বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকার জন্য ইমামদের কাছে দোয়া চান সরকারপ্রধান।

আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় ইমাম সম্মেলনে এ উদ্বোধন ঘোষণ দেন।
দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে ২০১৭ সালে ৯,৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অধীনে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়।
এখন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে ২৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ নতুন আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ সংখ্যা দাঁড়াবে তিনশটিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বশর মাইজভান্ডারী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাফিলুদ্দিন সরকার সালেহী, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ সারাদেশ থেকে প্রায় এক লাখ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এ সম্মেলনে যোগ দেন।
এদিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

বেলজিয়াম সফর নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল (৩০ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নুরে এলাহি মিনা এ তথ্য জানিয়েছেন।
বেলজিয়াম সফর শেষে শুক্রবার (২৭ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিয়েছিলেন।
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান।
সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। ২৫ অক্টোবর সকালে, তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই দ্বিপাক্ষিক বৈঠকের পর, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি সই হয়।
ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও সই হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি সই হয়। এছাড়া সফরে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি সই হয়েছে।
শেখ হাসিনা একই দিন ২৫ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন এবং বক্তৃতা করেন। বিকেলে ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সন্ধ্যায়, প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেয়েনের দেওয়া নৈশভোজে যোগ দেন।
২৬ অক্টোবর সকালে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দুটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

গাজায় ৩৩ ট্রাক ত্রাণ প্রবেশ করেছে : জাতিসংঘ

গাজা উপত্যকায় রোববার ৩৩টিরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এক সপ্তাহ পর ফের ত্রাণ বিতরণ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে এটি ছিল সর্ববৃহৎ ত্রাণ বহর। জাতিসংঘ এ কথা জানিয়েছে।
জাতিসংঘ মানবিক সংস্থা ওসিএইচও জানায়, মিশরের সঙ্গে লাগোয়া রাফাহ সীমান্ত দিয়ে রোববার ৩৩ ট্রাক পানি, খাদ্য ও চিকিৎসা সামগ্রী গাজায় প্রবেশ করেছে।
ওসিএইচও সোমবার পাঠানো গাজার পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্যে বলেছে, ‘এটি হচ্ছে ২১ অক্টোবরের পর গাজায় পাঠানো মানবিক সহায়তার বৃহত্তম চালান। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে লড়াই শুরু হওয়ার পর ২১ অক্টোবর প্রথমবারের মতো সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ ফের শুরু করা হয়।’
তারা জানায়, ফের ত্রাণ সরবরাহ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১১৭ ট্রাক ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করেছে। গাজা উপত্যকা একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং অবিরাম ইসরায়েলি বোমাবর্ষণের মুখোমুখি হচ্ছে।
খবরে বলা হয়, অবরুদ্ধ হয়ে পড়ার আগে গাজায় প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক সাহায্য এবং অন্যান্য পণ্য প্রবেশ করতো।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১৫শ’ লোক নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং ২৩০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরায়েল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।
গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেক শিশু। আহত হয়েছে প্রায় ৩ হাজারের বেশি।
সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।
খবর এএফপি

ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৩

ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, বিশাখাপত্তম থেকে যাওয়া একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন আলামানদা ও কণ্টকাপাল্লের মাঝে কোথসাভাতসালায় অবস্থান করছিল। ট্রেনটির কাছে অন্য একটি ট্রেন আসার কোনো সংকেত পাঠানো হয়নি। ফলে বিপরীত দিক থেকে আসা ট্রেনটির সাথে সংঘর্ষ হয় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
রেলওয়ে সূত্র বলছে, মানুষের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলছে, ট্রেন চালককে কোনো সংকেত দেওয়া হয়নি।
জানা গেছে, যাত্রীবাহী ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। এতে যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ভারতের পূর্ব মধ্য রেলের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। তাতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

প্রকাশিত দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে ট্রেনের বগি। সেখানে জড়ো হয়েছে বহু মানুষ। উদ্ধারকাজে হাত দিয়েছে স্থানীয়রাও।
ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
মুখ্যমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছে, মুখ্যমন্ত্রী বিজয়নগরম জেলার ট্রেন দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে এবং আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নিকটবর্তী জেলাগুলো থেকে যতটা সম্ভব অ্যাম্বুল্যান্স পাঠাতে এবং কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন।

বিএনপি এখন সন্ত্রাসী দল, আলোচনার প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল না, তারা এখন সন্ত্রাসী দল। তাদের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খণ্ড’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারা স্পষ্টত নৈরাজ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিন দিনের অবরোধ ডেকেছে। তাদের উদ্দেশ্য অবরোধ করা নয়। তারা জানে তাদের পক্ষে দেশে অবরোধ কার্যকর করা সম্ভবপর নয়। কিন্তু তারা চোরাগোপ্তা হামলা, নৈরাজ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে অবরোধ ডেকেছে।
মন্ত্রী বলেন, আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার। যারা মানুষের সহায়-সম্পত্তিতে, সরকারি সম্পত্তিতে আগুন দেবে, ধ্বংস করবে তারা চোর-ডাকাতের চেয়েও খারাপ। সুতরাং তাদের বিরুদ্ধেও জনগণ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
হাছান মাহমুদ বলেন, গত শনিবারের সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানিয়েছে। আমরা মনে করি এই সহিংসতা বন্ধ করার ক্ষেত্রে এটি সহায়ক হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এটিও বলা হয়েছে সহিংসতার ভিত্তিতে ভিসা নীতি নিয়েও তারা ভাববে। যারা হাসপাতালে হামলা চালিয়েছে, পুলিশ হত্যা করেছে, জনগণের সম্পত্তি পুড়িয়েছে, হাসপাতালের অ্যাম্বুলেন্স জ্বালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করে বিএনপির অবরোধ ঘোষণা নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, এতেই প্রমাণিত হয় বিএনপি নেতারা আসলে কত ভীতু। ২৮ অক্টোবর কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়ে গেছে। নেতারা পালিয়ে যাওয়ার সাথে সাথে কর্মীরাও পালিয়ে গেছে। আমরা বিরোধী দলে ছিলাম, আমরা রক্তাক্ত হয়েছি, আমরা পালিয়ে যাইনি। বিএনপি নেতারা আসতেই ভয় পায়। সেজন্য তারা ভার্চুয়ালি কর্মসূচি ঘোষণা করেছে।
আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে কি না, এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানোর অর্থ বিচার ব্যবস্থার ওপর হামলা। যারা হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, যারা পুলিশ হত্যা করে তারা কখনও রাজনৈতিক দল হতে পারে না। বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে কারও সাথে রাজনৈতিক দল হিসেবে আলোচনা করতে পারে। যারা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে, যারা দেশের সংবিধান মানে, আইন ও বিচার ব্যবস্থাকে মানে তাদের সাথে আলোচনা হবে। তারেকের নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করেছে, তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে মসজিদে নববী ইমামের সাক্ষাৎ

ঢাকায় সফররত সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববী ইমাম শেখ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াজান বাংলাদেশকে তার দ্বিতীয় দেশ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, দুই দেশের ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও বাংলাদেশ ও সৌদি আরবের জনগণ ধর্মীয় বন্ধনের কারণে অত্যন্ত ঘনিষ্ঠ।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শেখ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াজান এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, মদিনায় পবিত্র মসজিদে নববীর ইমাম বলেছেন বাংলাদেশ তার দ্বিতীয় দেশ।
শেখ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াজান বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের মঙ্গল ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন।
প্রেস সচিব বলেন, তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং তাকে পবিত্র ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমত করার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
শেখ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াজান প্রধানমন্ত্রীকে জানান, মসজিদে নববীতে কর্মরত খাদেমদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক।
সারাদেশে নির্মিত মডেল মসজিদ প্রসঙ্গে পবিত্র মসজিদে নববীর ইমাম বলেন, যারা মসজিদ নির্মাণ করে মহান আল্লাহ তাদের অনেক নেয়ামত দান করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় মসজিদে নববীর ইমামকে স্বাগত জানিয়ে বলেন, ২০২৩ সালের জাতীয় ইমাম সম্মেলনে তার উপস্থিতি বাংলাদেশের মানুষকে ইসলামের প্রকৃত মর্মের প্রতি উৎসাহিত করবে।
তিনি বলেন, তাকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছিল এবং তিনি সর্বশক্তিমান আল্লাহর রহমতে বেঁচে গেছেন।
হজ পালনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৯৮৪ সালে প্রথম হজ করেন এবং পরে তিনি তার পিতা বঙ্গবন্ধু ও মা বঙ্গমাতার পক্ষ থেকেও হজ করেন।
এ সময় শেখ হাসিনা বলেন, তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দেবেন এবং মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারকের জিয়ারত করবেন।
জবাবে শেখ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াজান বলেন, তিনি মদিনার পবিত্র মসজিদে নববীতে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রতীক্ষায় থাকবেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, অ্যাম্বাসেডর-এ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, ধর্ম বিষয়ক সচিব মো. এ হামিদ জমাদ্দার এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইল উপস্থিত ছিলেন।
এর আগে গ্লোবাল সেন্টার অন এ্যাডাপশন (জিসিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা অথ্যাপক ড. প্যাট্রিক ভি ভারকুইজেন একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রেস সচিব জানান, প্যাট্রিক ভি ভারকুইজেন আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি ভাসমান পানির গাড়ির মতো দেখতে নেদারল্যান্ডস হেড কোয়ার্টার অফিসের মডেল দেখান এবং প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি কনভেনশন সেন্টার নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।
জিসিএ প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তন ইস্যুতে এ পর্যন্ত প্রায় ৩২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে।
জবাবে শেখ হাসিনা বলেন, তার সরকার বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় অঞ্চলে সবুজ বেল্ট তৈরি করতে কাজ করছে, অন্যদিকে তার দল আওয়ামী লীগ ১৯৮৫ সাল থেকে বনায়নের জন্য চারা রোপণ করে আসছে।
এ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, ক্লাইমেট ভালরারেবল ফোরামের প্রেসিডেন্সির বিশেষ দূত আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

আজ আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (২৯ অক্টোবর) ষষ্ঠ পর্বে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক উদ্বোধন করবেন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, ষষ্ঠ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন এবং জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণে শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ।
মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ওযুর জন্য আলাদা জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।
এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামী গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশী-বিদেশী অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে।
দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সকল পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মানে সরকার ২০১৭ সালে ৯,৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহন করে।
প্রধানমন্ত্রী দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন।
আজ নতুন আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়াবে তিন’শ।