বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আইনে চাপে আছে অনেক দলই

বিশ্বকাপের শীর্ষ সাতটি দল সরাসরি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্ন ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হিসেবে আট দলের টুর্নামেন্টে তাদের সঙ্গে যোগ দেবে পাকিস্তান।
২০২১ সালেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাইপর্বের এই ফর্মেট আইসিসি বোর্ড অনুমোদন দিয়েছিল। এর আগে ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল খেলার যোগ্যতা অর্জন করেছিল।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তটি দুই বছর আগের হলেও এটি হঠাৎ করে আলোচনায় আসে সাকিব আল হাসানের মন্তব্যের পর। পরশু কলকাতায় নেদারল্যান্ডসের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করার জন্য শেষ তিনটি ম্যাচে ভালো খেলতে চান। পরে গতকাল লক্ষেèৗতে আইসিসির এক প্রতিনিধি সংবাদকর্মীদের নিশ্চিত করেন, চলমান বিশ্বকাপের লিগ পর্বের সেরা সাত দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলবে।
ইংল্যান্ড কোচ ম্যাথু মটসহ অনেকেরই এই প্রক্রিয়া সম্পর্কে জানা ছিল না। গতকাল ভারতের কাছে ১০০ রানে হেরে যাওয়া ইংল্যান্ড এখন পয়েন্ট তালিকার ১০ নম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে তার দলকে সাতের মধ্যে থাকতে হবে, এ বিষয়ে জানতেন কি না, জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ঘণ্টা দেড়েক আগে শুনেছেন। তবে ভারতের মাটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের যে দুরবস্থা, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ বড় কিছু নয় বলেও মন্তব্য মটের, ‘সত্যি কথা বলতে, আইসিসি প্রায়ই বাছাইয়ের নিয়ম পরিবর্তন করে। আমার মনে হয় না এটা আমাদের জন্য বড় প্রভাবক। এই টুর্ণামেন্টে আমরা যেভাবে খেলছি তাতে আগে বা পরে জানা আলাদা কোন বিষয় নয়।’
নতুন আইনানুযায়ী ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারাল্যান্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারছে না। আইসিসি জানিয়েছে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের ফর্মেটেই দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল ও পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

নিজ ফ্ল্যাট থেকে মালায়লাম অভিনেত্রীর মরদেহ উদ্ধার

মৃত অবস্থায় পাওয়া গেলো মালায়লাম অভিনেত্রী রেঞ্জুশা মেননকে। সোমবার (৩০ অক্টোবর) ৩৫ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী।
অভিনেত্রীকে কেরালার তিরভানন্তপুরমের করিয়ামে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
কেরালার পুলিশ কর্মকর্তারা তার মৃত্যুর তদন্ত চালাচ্ছেন। জানা গেছে, অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। মালায়লাম চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিয়ালে লাইন প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
সিনেমায় পা রাখার আগে রেঞ্জুশা একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এটি একটি তারকা টিভি শো, যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন অভিনেত্রী।
তিনি ‘স্ত্রী’, ‘নিজলাত্তম’, ‘মাগালুদে আম্মা’ ও ‘বালামনি’র মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন।
এরপর বড় পর্দায় অভিষেক হয় রেঞ্জুশার। অভিনেত্রী ‘সিটি অফ গড’, ‘বোম্বে ১২ মার্চ’, ‘লিসামায়ুদে ভিদু’, ‘অথভুথা দ্বীপু’ ও ‘কার্যস্থান’-এর মতো চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।

‘তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না’, কাকে ইঙ্গিত করলেন শ্রাবন্তী?

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বর্তমানে ব্যস্ত নিজেকে দেবী চৌধুরানী হিসাবে গড়ে তুলতে। তলোয়ার চালানো, লাঠিখেলা, ঘোড় সওয়ার- সবই শিখছেন এ অভিনেত্রী।
তবে তারই ফাঁকে শ্রাবন্তী নাকি এ মুহূর্তে ছেলে ঝিনুক ও হবু বউমা দামিনীকে নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন শ্রাবন্তী। তবে এসবের মাঝে বিশেষ মানুষের নামও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
শ্রাবন্তীর জীবনে এই বিশেষ মানুষটি হলেন তার প্রিয় বান্ধবী, সঞ্চারী চক্রবর্তী। তারই জন্মদিনে পোস্ট করেছেন শ্রাবন্তী। যে ছবিতে সঞ্চারীর সামনে রয়েছে তার জন্মদিনের কেক।
ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন- আমি আমার এই প্রিয় বন্ধুটিকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারি না।
কিছু দিন আগে সঞ্চারী ও আরো এক বন্ধুর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীর পোস্টে নেটপাড়ার অনেকেই সঞ্চারী চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ব্যক্তিগতজীবন নিয়ে শ্রাবন্তী বরাবরই খোলামেলা। তার জীবন নিয়ে নানান কথা হলেও শ্রাবন্তীকে কোনো দিনই রূঢ়ভাবে জবাব দিতে দেখা যায়নি।
অভিনেত্রীর সাফ কথা- ‘নাম থাকলে, বদনামও থাকবে’। অর্থাৎ তার ব্যক্তিগতজীবন নিয়ে কে কী বলল, এসবে কোনো মাথাব্যথা নেই শ্রাবন্তীর।
এদিকে দেবী চৌধুরানী নিয়ে ব্যস্ততার ফাঁকেই থাইল্যান্ডে উড়ে গেছেন শ্রাবন্তী। এ নিয়ে অভিনেত্রীর হবু বউমা দামিনী নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন।
জানা যাচ্ছে, থাইল্যান্ড থেকে ফিরে ফের দেবী চৌধুরানী ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শ্রাবন্তী। নভেম্বরেই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২৮ অক্টোবরের সহিংসতার ঘটনা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ব্রিফিংয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংগঠিত সহিংসতা তাদের সামনে তুলে ধরা হয়েছে।
আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, মিশনপ্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ব্রিফিং করেন তিনি।
ব্রিফিংয়ে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন তিনি।ব্রিফিংয়ে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও-ভিডিও উপস্থাপন করা হয়েছে।

ব্রিফিংয়ে মোমেন ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা উপস্থিত রয়েছেন।

একক ভর্তি প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, পড়াশোনা ও চাকরির ক্ষেত্রেও পরিবর্তন করা হবে। একক ভর্তি প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে। ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠনের জন্য আরও দু-তিন বছর সময় লাগবে। নতুন শিক্ষাক্রমে যেসব শিক্ষার্থী অংশ নিচ্ছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগেই আমরা এ পরিবর্তন আনতে পারব।
আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লিখিত বক্তব্যে ডা. দীপু মনি বলেন, বিশ্বের ১০২টি দেশের মধ্যে ৭৬ দেশের শিক্ষাক্রমে সুনির্দিষ্টভাবে দক্ষতাভিত্তিক যোগ্যতাকে নির্ধারণ করা হয়েছে। ৫১টি দেশের শিক্ষাক্রম সম্পূর্ণ রূপান্তরমূলক দক্ষতা-ভিত্তিক করা হয়েছে। ওইসিডিভুক্ত দেশগুলোও পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী একটা সাধারণ শিক্ষাক্রম রূপরেখা তৈরি করেছে। বেশ কিছু উন্নয়নশীল দেশও এর অংশীদার। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালেও দেখা যায় ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশও তাদের শিক্ষাব্যবস্থার সংস্কারের কাজ শুরু করেছে।
তিনি বলেন, বাংলাদেশও একইভাবে শিক্ষাব্যবস্থায় একটি সার্বিক পরিবর্তনের তাগিদ অনুভব করছিল, যা একই সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় শিক্ষার লক্ষ্য শিখন-শেখানো প্রক্রিয়া, মূল্যায়ন, শিখন পরিবেশ, শিখন উপকরণ, শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকার জনগণসহ সব উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে একই পরিবর্তনের ধারায় নিয়ে আসবে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ সেই দীর্ঘ তাগিদ, পরিকল্পনা, গবেষণা ও অভিজ্ঞতার ফসল। কাজেই নিঃসন্দেহে এটি বাংলাদেশের ইতিহাসের একটি উল্লেখযোগ্য মাইলফলক।
শিক্ষামন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে কার্যক্রম হাতে নিয়েছেন, তারই অংশ হিসেবে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী নাগরিক তৈরির লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার রূপান্তর ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যাশা করা হয়েছে, শিক্ষাব্যবস্থার এ রূপান্তরের মধ্যে দিয়েই ভবিষ্যতের স্মার্ট শিক্ষার্থীর বুনিয়াদ রচিত হবে। এরই ধারাবাহিকতায় প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিরবচ্ছিন্ন শিক্ষার উদ্দেশ্যে শিক্ষাব্যবস্থার সব ধারাকে বিবেচনা করে প্রথমবারের মতো জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, এ রূপরেখা প্রণয়ন এবং তার ভিত্তিতে বিস্তারিত শিক্ষাক্রম, শিখন শেখানো সামগ্রী এবং প্রণয়নের ক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপ গৃহীত হয়েছে, যা এর আগে কখনই অনুসরণ করা হয়নি। শিক্ষাক্রম প্রণয়নের আগে ২০১৭-১৮ সালে এনসিটিবি কর্তৃক ১২টি গবেষণা পরিচালিত হয়, যার ভিত্তিতে এ রূপরেখা প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় নতুন শিক্ষাক্রম নিয়ে নানা-বিতর্ক এবং তাদের ব্যাখ্যা ও তথ্য তুলে ধরেন।

কোল্ডস্টোরেজ মালিকরা সিন্ডিকেট করে আলুর দাম বাড়াচ্ছেন : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, কোল্ডস্টোরেজ মালিকরা একটি সিন্ডিকেট করে আলুর দাম বাড়াচ্ছেন। অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আলুর দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তদের অনেক কষ্ট হচ্ছে। দেশে আলুর উৎপাদন বেড়েছে প্রচুর। আমরা বলি, আলু উদ্বৃত্ত থাকে। আধুনিক কৃষিপ্রযুক্তি ও উন্নত জাত প্রবর্তনের কারণে উৎপাদন বেড়েছে। আবহাওয়া আলু উৎপাদনের অনুকূল। আন্তর্জাতিক বাজারে আলু রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছি।
কৃষিমন্ত্রী বলেন, এ বছর অস্বাভাবিকভাবে আলুর দাম বেড়েছে। দাম এতো বেড়ে যাওয়া কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এতে নিম্ন আয়ের মানুষের অনেক কষ্ট হচ্ছে। গত দুদিনে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।
কোল্ডস্টোরেজে মোটামুটি আলু আছে, তাহলে দাম এত বাড়বে কেন— এ প্রশ্ন রেখে আব্দুর রাজ্জাক বলেন, আমরা আলুর যে দাম স্থির করে দিয়েছিলাম, তাতেও তাদের লাভ হওয়ার কথা। কিন্তু সেই দামের ধারেকাছেও তারা থাকছে না। কোল্ডস্টোরেজ মালিকরা একটি সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় দাম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু পরিস্থিতি এমন যে কোল্ডস্টোরেজ মালিকরা আলু বের করেন না, তারা আলু লুকিয়ে রাখেন। আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে, এই পরিস্থিতি আলু আমদানি করতে চায় তারা। আমরাও সার্বিক দিক বিবেচনা করে দেখেছি, এত দাম দিয়ে মানুষ আলু কিনতে পারছে না। যদিও আন্তর্জাতিক বাজারে আলুর দাম কম। তবুও তারা আলু আনতে চাচ্ছে। আমরা সম্মতি দিয়েছি। আজকে থেকেই আইপিও ইস্যু করা শুরু হবে। এতে দাম কমবে, মানুষ কিছুটা স্বস্তি পাবে।
তিনি আরও বলেন, আমার সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারা নিজেদের তৎপরতা আরও বাড়াবে, যেন বাজারে কোল্ডস্টোরেজ সিন্ডিকেট যেভাবে আলুর দাম বাড়াচ্ছে তা কমিয়ে আনা যায়। আড়ত ও কোল্ডস্টোরেজ মিলেই দাম বাড়াচ্ছে। এটা কমিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয় আরও তৎপরতা শুরু করবে।

ইসরায়েল স্থল অভিযান জোরদার করায় গাজায় তুমুল যুদ্ধ : হামাস

হামাস বলেছে, তারা রোববার গাজার উত্তরাঞ্চলের অভ্যন্তরে ইসরায়েলের সঙ্গে ‘তুমুল যুদ্ধে’ জড়িয়ে পড়েছে। এদিকে গাজার অবরুদ্ধ হয়ে পড়া বাসিন্দাদের দক্ষিণ দিকে পালিয়ে যাওয়ার ব্যাপারে ফের সতর্ক করা হয়েছে।
এএফপির খবরে বলা হয় কয়েক সপ্তাহের ভয়াবহ বিমান হামলার পর ইসরায়েল যুদ্ধের এক নতুন ‘ধাপের’ ঘোষণা দিয়েছে। আর এ যুদ্ধ ‘দীর্ঘ এবং কঠিন’ হবে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন।
রোববার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে ফিলিস্তিনে উল্লেখযোগ্যসংখ্যক ট্যাঙ্ক, পদাতিক বাহিনী এবং কামান দেখা যায়।
সামরিক বাহিনী ‘অপারেশন কমান্ড সেন্টার, পর্যবেক্ষণ ফাঁড়ি এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল লঞ্চ কেন্দ্রসহ ৪৫০টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে।
হামাস বলেছে, তাদের ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড ইতোমধ্যে ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়েছে।
সেখানে ভয়াবহ ডোর টু ডোর যুদ্ধ হতে পারে উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনীর মুখাপত্র ড্যানিয়েল হাগারি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণাঞ্চলে ‘নিরাপদ এলাকায়’ চলে যেতে বলেছেন।
ইসরায়েলের অভ্যন্তরে হামাসের বন্দুকধারীদের রক্তাক্ত আন্তঃসীমান্ত অভিযান শুরু করার ২৩ দিন হয়ে গেছে।
ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৫০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং ২৩৯ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরায়েল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।
গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেক শিশু।
সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে আরও পাঁচজন গ্রেফতার

লন্ডনের পুলিশ বলেছে, এক দিন আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজনকে গ্রেফতারের পর রোববার আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ওই বিক্ষোভে গাজায় মানবিক যুদ্ধবিরতির জন্য হাজার হাজার মিছিল করতে দেখা যায়।
মেট্রোপলিটন পুলিশ নয় জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দুইজনকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার সন্দেহে ও সাতজনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়।
মেট এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ট্রাফালগার স্কোয়ারে একটি ঘটনার পর জাতিগত বিদ্বেষকে উসকে দেয়ার সন্দেহে রোববার সকালে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত পাঁচজনের মধ্যে, ১৬ ও ৫১ বছর বয়সী দুজনকে হুমকি ও বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে জাতিগত বিদ্বেষ উসকে দেয়ায় অভিযুক্ত করা হয়।
অন্যদের বিরুদ্ধে একজন বিক্ষোভকারীর দিকে বিয়ারের ক্যান নিক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাদের ওপর মৌখিক ও শারীরিক হামলার অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ মিডিয়া অনুসারে, প্রায় ১ লক্ষ লোক শনিবার লন্ডনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’-এ যোগ দেয়। মিডিয়া, বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষের খবরও জানিয়েছে। তবে, আয়োজকরা দাবি করেছে, এক সপ্তাহ আগে ৩ লক্ষের মতো এবং এই শনিবার ৫ লক্ষ লোক বিক্ষোভে অংশ নেয়।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ মার্চে টহল দেওয়ার জন্য এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করেছে।
এএফপির একজন ফটোগ্রাফার জানান, রোববার বিকেলে হামাসের হাতে জিম্মিদের প্রতিকৃতি ধারণ করে প্রায় ২০০ জন লোক লন্ডনে কাতারি দূতাবাসের বাইরে তাদের মুক্তির আহ্বান জানাতে জড়ো হয়।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ফিলিস্তিনি যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলায় গাজা সীমান্ত পেরিয়ে ১,৫০০ জনকে হত্যা করে ও ২৩০ জনকে অপহরণ করে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রতিশোধমূলক ইসরায়েলি বোমাবর্ষণে ৮ হাজারেরও বশি মানুষ নিহত হয়েছে। এদের বেশির বেসামরিক নাগরিক এবং অর্ধেক শিশু।
খবর এএফপি

গাজায় ইসরায়েলের হামলায় ৩ হাজারের বেশি শিশু নিহত

গাজায় ইসরায়েল আগ্রাসন চালিয়ে তিন সপ্তাহে তিন হাজার ৩২৪ জন শিশুকে হত্যা করেছে। রবিবার (২৯ অক্টোবর) এমন তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েল বোমা হামলা চালিয়ে তিন হাজার ৩২৪ জন শিশুকে হত্যা করেছে। যা ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে যত শিশু মারা গেছে তার চেয়ে বেশি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে রবিবার বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় ইসরায়েলের তিন সপ্তাহের বোমা হামলায় তিন হাজার ৩২৪ জন শিশু নিহত হয়েছে। এদের মধ্যে পশ্চিম তীরে নিহত হয়েছে ৩৬ জন শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আরও এক হাজার শিশু নিখোঁজ রয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। গাজায় নিহত ৮ হাজারের মধ্যে ৪০ শতাংশের বেশি শিশু। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ছয় হাজারের বেশি শিশু আহত হয়েছে।
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সেভ দ্য চিলড্রেন কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেছেন, গাজায় শিশু নিরাপত্তার এক মাত্র উপায় হলো যুদ্ধবিরতি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রাজনীতির আগে মানুষের কথা ভাবতে হবে। এই সংঘাতে প্রতিদিন শিশু নিহত ও আহত হচ্ছে। শিশুদেরকে সুরক্ষিত রাখতে হবে।
শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন অনুযায়ী সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২২ সালে ২৪টি দেশে মোট দুই হাজার ৯৮৫ শিশু নিহত হয়েছে। ২০২১ সালে দুই হাজার ৫১৫ জন শিশু নিহত হয়েছে। ২০২০ সালে ২২টি দেশে দুই হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ২৪তম দিনে গড়িয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। ২৩০ জনকে জিম্মি করেছে হামাস।

পরীমণির বিরুদ্ধে মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ১৪ নভেম্বর

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার (৩০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এদিন ধার্য করেন। সোমবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে হাজিরা দেন এবং মামলাটি উচ্চ আদালতে স্থগিতাদেশ শুনানি শেষে আদেশ না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেন।
এর আগে, গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করে। তদন্ত শেষে গত বছরের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর চলতি বছরের ৫ জানুয়ারি আদালত পরীমণিসহ তিন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনও কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। পরীমণি এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।