বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

ইসরায়েল-হামাস যুদ্ধ তেলের দাম বাড়তে পারে : বিশ্বব্যাংক

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়লে জ্বালানি তেল এবং কৃষিপণ্যের মতো কাঁচামালের দাম বাড়তে পারে। বিশ্বব্যাংক সোমবার এক প্রতিবেদনে এ কথা বলেছে।
দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলি হামলার শুরুর পর থেকে তেলের দাম ইতিমধ্যে ৬ শতাংশ বেড়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের ৮ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে, যার প্রায় অর্ধেক নারী ও শিশু।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইতিমধ্যেই তেলের বাজারের ওপর চাপ সৃষ্টি করেছে। এই যুদ্ধ ‘১৯৭০-এর দশকের পর থেকে পণ্যের বাজারের জন্য সবচেয়ে বড় ধাক্কা।’ এর মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের বিরূপ ফলাফল সম্পর্কে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল সতর্ক করেছেন।
গিল একটি বিবৃতিতে বলেন, ‘এটি বিশ্ব অর্থনীতি বিঘিœত করার যে প্রভাব ফেলেছিল যা আজও অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘নীতিনির্ধারকদের সজাগ থাকতে হবে। যদি সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত উভয় থেকেই দ্বিগুণ ধাক্কার সম্মুখীন হবে।’
বিশ্বব্যাংক বলেছে, বিশ্বের তেলের দাম এবং রপ্তানি কি হবে তার ওপর অনেক সম্ভাব্য মূল্য বৃদ্ধি নির্ভর করবে।
একটি আশাবাদী পরিস্থিতিতে, তেল ৩ থেকে ১৩ শতাংশ বাড়তে পারে, এতে ব্যারেল প্রতি দাম বেড়ে দাঁড়াতে পারে ৯৩ থেকে ১০২ ডলার। একটি মধ্যম দৃশ্যকল্পে দাম ১২১ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তেলের দাম বেড়ে দাঁড়াতে পারে ১৪০ থেকে ১৫৭ ডলার।

গাজায় সীমিত ত্রাণ দিয়ে চাহিদা মেটানো অসম্ভব : জাতিসংঘ

ফিলিস্তিন শরণার্থীবিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) সোমবার সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার বাসিন্দাদের নজিরবিহীন মানবিক চাহিদা মেটাতে যে সীমিত সংখ্যক ত্রাণ বহর পাঠানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি গাজা ও মিশরের মধ্যে একমাত্র সীমান্ত ক্রসিংয়ের কথা উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, ‘রাফাহ দিয়ে মুষ্টিমেয় ত্রাণ বহরকে অনুমতি দেওয়া হচ্ছে। এসব ত্রাণ গাজায় আটকে পড়া ২০ লাখেরও বেশি মানুষের প্রয়োজনের তুলনায় কিছুই নয়।’
ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৫০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং ২৩০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরায়েল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।
গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় ৮ হাজারের ও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেক নারী ও শিশু।
সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, রোববার খাদ্য ও চিকিৎসাসামগ্রী এবং খাবার পানি নিয়ে ৩৩টি ট্রাক গাজায় প্রবেশ করেছে।
যুদ্ধের আগে প্রতিদিন ত্রাণসামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রায় ৫০০টি ট্রাকা গাজায় প্রবেশ করত।
খবর এএফপি

সিইসির সঙ্গে বৈঠকে পিটার হাস

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নিজ কক্ষে
এ বৈঠক শুরু হয়।

এর আগে, চলতি বছরের ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

তিনি ওই সময় জানান, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় প্রকটভাবে রয়েছে, সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন হবে।

ওই বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, আমি সিইসিকে জানিয়েছি, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রি-অ্যাসেসমেন্ট প্রি-ইলেকশন মনিটরিং টিম পাঠাবে। এ বিশেষজ্ঞ টিমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন। যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে। অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। এছাড়া, সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে গত ২৫ মে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ওইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, আজ আমি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে। তাদের মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত।

গাজায় প্রাণ হারিয়েছে ৩১ সাংবাদিক

গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ সাংবাদিক নিহত হয়েছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এ তথ্য নিশ্চিত করেছে। সিপিজের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি নাগরিক, ৪ জন ইসরায়েলি এবং একজন লেবাননের নাগরিক। খবর বিবিসির।

এছাড়া এই সংঘাতে আরও ৮ সাংবাদিক আহত হয়েছে। সিপিজে জানিয়েছে, এখন পর্যন্ত ৯ জন সাংবাদিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা হয় নিখোঁজ হয়েছেন অথবা তাদের আটক করা হয়েছে।

ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা রোশদি সররাজ নিহত হয়েছেন। এছাড়া সংঘাতে প্রাণ হারানো ইসাম আবদুল্লাহ ছিলেন রয়টার্সের বৈরুতভিত্তিক ভিডিওগ্রাফার। তিনি লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি হামলায় নিহত হন।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলের হামলায় কমপক্ষে ১২৪ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালের ২৫টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেগুলো এখন আর কাজে লাগানো যাচ্ছে না।

জ্বালানির অভাবে হাসপাতালগুলোর কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই সেখানে ৩০টির বেশি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সেখানে আর চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রসা বলেন, ৩২টি মেডিকেল সেন্টার এখন আর সেবা দিতে পারছে না। বিভিন্ন স্থানে হাসপাতালগুলোকে টার্গেট করে হামলার সংখ্যা বাড়ছেই।

জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনি শাখার আঞ্চলিক পরিচালক জেসন লি বলেছেন, গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে। জেরুজালেম থেকে বিবিসির সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেখানে আহত ২০ হাজার বেসামরিক নাগরিকের তিনজনের মধ্যে একজনই শিশু।

গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত : ইউনিসেফ

টানা ২৫ দিনে গড়াল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের সংঘাত। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, প্রতিদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪২০ জনের বেশি শিশু হতাহত হচ্ছে। এমন তথ্য সামনে এনেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইসরায়েলের হামলায় গাজায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে। গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে। সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। আর গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আমি এই অঞ্চলের শিশুদের ভাগ্য নিয়ে শঙ্কিত।

এসময় ক্যাথরিন রাসেল নিরাপত্তা পরিষদকে ‘অবিলম্বে’ একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। সেখানে যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া এবং অবিলম্বে বন্দি শিশুদের মুক্তির বিষয়টি উল্লেখ করেন তিনি।

এদিকে মধ্য গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার রাতে আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন।

দুপুরে পাক মিশনে নামছে বাংলাদেশ

বাংলাদেশের বিশ্বকাপ মিশন কাগজে-কলমে শেষ না হলেও কার্যত শেষই বলা যায়! ভারত বিশ্বকাপ থেকে সাকিবদের এখন আর পাওয়ার খুব বেশি কিছু নেই। যা হারানোর সবই যে হারিয়ে ফেলেছে টাইগাররা! টানা পাঁচ ম্যাচ হেরে শেষ চারের সমীকরণ থেকে আরও আগেই ছিটকে গেছে বাংলাদেশ।
চলমান বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ এবার পাকিস্তান। যদিও বিশ্বকাপে বাংলাদেশের মতো ভরাডুবি অবস্থায় রয়েছে বাবর আজমের দল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এই ম্যাচের আগে দুই দলই আত্মবিশ্বাস ম্যাচ জয়ের ব্যাপারে। গতকাল পাকিস্তান দলের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে এবং আমাদের তিনটি বিভাগকে একসঙ্গে জ্বলে উঠতে হবে। দেশের মানুষকে আনন্দ দিতে আমরা মুখিয়ে আছি। আমরা এই ক্রিকেট দলের মাধ্যমে দেশকে গর্বিত করতে চাই।’
‘পাশাপাশি আমরা এটাও জানি যে শেষ চার ম্যাচে আমাদের সবকটি বিভাগ একসঙ্গে জ্বলে উঠতে পারিনি। আবার এমনও নয় যে এই চারটি হার খেলোয়াড়, কোচ বা দল হিসেবে আপনি কেমন সেটা নির্ধারণ করে দেবে। তাই আমরা এখন সেসব বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছি যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং পরবর্তী তিন ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই। এরপর টুর্নামেন্টের বাকি অংশে কি হবে তা ভাগ্যের ওপর ছেড়ে দিতে চাই।’-যোগ করেন তিনি।

মেসির হাতে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর

প্যারিসের তিয়াটর দু শাতলে ব্যালন ডি’অর ২০২৩ এর বিজেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা আগে থেকেই ফুটবল প্রেমীরা জানতো কার হাতে উঠছে এবারের পুরস্কার। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক, সবাই এক বাক্য লিওনেল মেসির নাম জানিয়ে দিয়েছিলেন অনেক আগেই। অপেক্ষা ছিল কেবলই আনুষ্ঠানিক ঘোষণার।
অবশেষে সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হয়, অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নাম।
ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চবার ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন মেসি।

ইন্টার মায়ামির তারকা এদিন সাদা শার্টের ওপর কালো কোট এবং কালো বো টাই পরে অনুষ্ঠানস্থলে আসেন মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন তিন ছেলে ও স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। লিও লিও ধ্বনির মধ্যে প্রথমে স্ত্রী-সন্তানদের সঙ্গে এবং পরে একক ছবিও তোলেন মেসি।
এবারের ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবা এবং ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট। ফুটবলের নক্ষত্রদের ভিড়ে আলাদাভাবে দৃষ্টি কেড়েছে টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ। মেসির ৮ম ব্যালন ডি’অর জেতার ঘোষণা দেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম।
কে কোন পুরস্কার জিতছেন
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়- লিওনেল মেসি
বর্ষসেরা নারী খেলোয়াড়- আইতানা বোনামাতি
বর্ষসেরা ক্লাব (পুরুষ)- ম্যানচেস্টার সিটি
বর্ষসেরা ক্লাব (নারী)-বার্সেলোনা
লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক)- এমিলিয়ানো মার্তিনেজ
জার্ড ‍মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার)- আর্লিং হলান্ড
সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা)- ভিনিসিয়ুস জুনিয়র
কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম

আজ বিকালে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাঁর সাম্প্রতিক তিন দিনের সরকারি সফরের ফলাফল সম্পর্কে জানাতে আজ সংবাদ সম্মেলন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে যোগ দিতে গত ২৪ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে যান প্রধানমন্ত্রী। সফর শেষে গত ২৭ অক্টোবর দেশে ফেরেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।
সফরকালে ২৫ অক্টোবর সকালে তিনি ইসি’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বিকালে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিন ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেন।
২৬ অক্টোবর সকালে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সাথে দুটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন। একই দিন বিকেলে শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

এবার ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধে নতুন মাত্রা

চলতি মাসের ৭ তারিখ গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম ভিন্ন মাত্রায় হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাদের ওপর। আজ সোমবার ( ৩০ অক্টোবর) চালানো ওই হামলা হামাস সদস্যরা নয় চালিয়েছে তাদের প্রতি সংহতি জানানো লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা।
সামরিক বিশেষজ্ঞ এলিজা ম্যাগনিয়ার আল জাজিরাকে জানিয়েছেন, `ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে হিজবুল্লাহ দুই/চার কিলোমিটার দূরত্বের রকেট নিক্ষেপের পরিবর্তে এখন নতুন মাত্রায় ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন এই যুদ্ধ ধাপে ধাপে একটি নতুন মাত্রায় যাওয়া শুরু করেছে।`
এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আল-কুদসে ইসরায়েলি হামলার শঙ্কা আরও তীব্র হয়েছে। এর আগে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয় ইসরায়েল সেনাবাহিনী। হাসপাতালটিতে হামলা চালানোর উদ্দেশ্যে তারা এটি খালি করার নির্দেশ দেয়। তবে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট এমন সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছে, এই অনৈতিক নির্দেশ মানা অসম্ভব।
গত চার দিন গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ট্যাংক নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দিনরাত স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এদিকে, সিরিয়া ও লেবাননে সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের বিরুদ্ধে তাদের কার্যক্রম মধ্যপ্রাচ্যে বিস্তৃত হতে পারে। সোমবার (৩০ অক্টোবর) সকালে সিরিয়ায় এবং হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবানেন জেট ফাইটার থেকে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা ইসরায়েলের ভূখণ্ডের মধ্য থেকেই চালানো হয়েছে।

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭০৮

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে এই জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭০৮ জন।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গু জ্বরে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৪১ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৯ হাজার ৩৮৮ জনে।