বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না। শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর। সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপের প্রশ্নই নেই। বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য।

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।
২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি-জামায়াতের তাণ্ডবের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যে সাংবাদিকদের পিটিয়েছে তারা বেশিরভাগই তাদের নিউজ কাভার করতো। তারাও রক্ষা পায়নি।
এর আগে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বনানীতেও ১৫ আগস্ট ও ৩ নভেম্বর শহীদদের কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।

২০২৮ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন রদ্রিগো

ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগোর সঙ্গে চুক্তি নবায়ন করলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ইউরোপের সফলতম ক্লাবটিতেই থাকছেন এই তরুণ। বৃহস্পতিবার (২ নভেম্বর) ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।
রিয়ালের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপুর্ণ অংশ রদ্রিগোর বর্তমান চুক্তির মেয়াদ ছিলো ২০২৫ সাল পর্যন্ত। সেটা বাড়লো আরও তিন বছর। বিবিসির খবর অনুযায়ী, নতুন চুক্তিতে রদ্রিগোর ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো।
২০১৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান রদ্রিগো। ১৮ বছর বয়সী রদ্রিগোকে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে কিনে নেয় রিয়াল। স্প্যানিশ ক্লাবটির জার্সি গায়ে পাঁচ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৯টি।
রিয়ালের হয়ে ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রদ্রিগোর। নকআউট পর্বে বদলি হিসেবে নেমে করেছিলেন লড়াইয়ের ভাগ্য নির্ধারণী কয়েকটি গোল। এছাড়া দলটির হয়ে দুটি লা লিগা সহ মোট ৮টি শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
রদ্রিগোর আগে আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করে রিয়াল। গত মঙ্গলবার রিয়ালের সঙ্গে নিজের বাঁধনটা আরেকটু শক্ত করেন এই ফরোয়ার্ড। নতুন চুক্তিতে বোনাস সহ ১০ মিলিয়ন ইউরো পাবেন ভিনি। রিলিজক্লজ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো।

উত্তরা থেকে মতিঝিল ৪ ঘণ্টা চলবে মেট্রোরেল, উদ্বোধন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৪ নভেম্বর) এমআরটি লাইন-৬ (মেট্রোরেল)-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ এবং ঢাকা মহানগরীর প্রথম পূর্ব-পশ্চিম এমআরটি করিডোর ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫), নর্দার্ন রুটের নির্মাণকাজের উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন উপলক্ষে সেদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।আগামী রোববার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (চার ঘণ্টা ) আগারগাঁও-মতিঝিল এবং সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও সেকশনে মেট্রোরেল চলাচল করবে।
আগারগাঁও থেকে ফার্মগেট ভাড়া ২০ টাকা, ফার্মগেট থেকে সচিবালয় ৩০ টাকা, সচিবালয় থেকে মতিঝিল ২০ টাকা, ফার্মগেট থেকে মতিঝিল ৩০ টাকা, উত্তরা থেকে মতিঝিল ১০০ টাকা। তবে স্থায়ী পাস নিলে ১০ শতাংশ ছাড় মিলবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালন এম এ এন সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৭ জুলাই মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেনের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। এরপর উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম উদ্বোধন করা হয়। এরই মধ্যে এই অংশের সব স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ ও আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকায় পুরোদমে চালু হতে আরও কিছু সময় লাগবে। বর্তমানে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এতে প্রতিদিন গড়ে ৮৫ হাজার যাত্রী যাতায়াত করছেন। মতিঝিল-কমলাপুর পর্যন্ত পুরোদমে চালু হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৬ লাখ ৭৭ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন এ ট্রেনে। বিপুলসংখ্যক যাত্রী ট্রেনে যাতায়াত করলে মেট্রোরেলের নিচে অবস্থিত সড়কে ছোট-বড় যানবাহন সংখ্যা কমে আসবে। এতে একদিকে কর্মঘণ্টা বাঁচবে, অপরদিকে গাড়ির জ্বালানি এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতের ব্যয়ও কমে আসবে। এক সমীক্ষায় দেখা গেছে, সময় সাশ্রয়ের (টাইম কস্ট) কারণে দৈনিক প্রায় ৮ কোটি ৩৮ লাখ টাকা এবং গাড়ির অপারেশন খরচ বাবদ আরও ১ কোটি ১৮ লাখ টাকা সাশ্রয় হবে; যা জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।

নিজিল্যান্ডের ম্যাচের আগে পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদ

সাত ম্যাচ খেলে তিন জয়, চলমান বিশ্বকাপে সেমিফাইনালের আশা এখনো টিকে আছে পাকিস্তানের। দুই জয়ের পর টানা চার হারে কোনঠাসা হয়ে পড়ে দলটি। তবে সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাবর আজমরা। এতে নতুন করে সেমিফাইনালের স্বপ্ন বুনছে দলটি।
পাকিস্তানের হাতে রয়েছে আরও দুইটি ম্যাচ। এই দুই ম্যাচে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় তারা। যদিও এ দুটি ম্যাচে শুধু জিতলেই চলবে না, আরও অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপরও নির্ভর করতে হবে পাকিস্তান দলকে।
শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু এ ম্যাচের আগে অন্য একটা আশঙ্কা ঘিরে ধরেছে দলকে। আদৌ এই ম্যাচটি কি হবে! আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেদিন বেঙ্গালুরুতে বৃষ্টি নামতে পারে।
যদি সত্যি বৃষ্টি নামে তাহলে কপাল পুড়বে পাকিস্তানের। বৃষ্টির কারণে খেলা না হলে বা পয়েন্ট ভাগাভাগি হওয়ার মানে বাবর আজমদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় ধূলিস্যাৎ হয়ে যাওয়া।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ আবহাওয়ার এই পূর্বাভাস জানিয়ে বলেছে, শনিবার বেঙ্গালুরুতে বিকেলের দিকে বৃষ্টিপাতের শঙ্কা ৭০ থেকে ৮০ শতাংশ। বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার বেলা ২টা ৩০ মিনিটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
বৃষ্টির কারণে খেলা না হলে নিজেদের ভাগ্য পরীক্ষারই সুযোগ মিলবে না পাকিস্তান দলের। এতে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। তখন নেট রান রেটের কোনো ব্যাপারই আর আসবে না। এতে বিপাকে পড়বে পাকিস্তান।
এদিকে বুধবার (১ নভেম্বর) পুনেতে দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। কিউইদের এই হারে পাকিস্তানের কিছুটা সুবিধা হয়েছে, বলা যায়। তবে পাকিস্তানকে এখন নিউজিল্যান্ডকে তো হারাতে হবেই। প্রার্থনা করতে হবে, কিউইরা যেন শ্রীলঙ্কার সঙ্গেও হারে। নিউজিল্যান্ড তাদের বাকি দুটি ম্যাচে হারলে রাউন্ড রবিন লিগ পর্যায়ে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮–এ। পাকিস্তান বাকি দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০। এ মুহূর্তে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে পাকিস্তান।

হিলারি ক্লিনটনের ক্লাস বর্জন করলেন শিক্ষার্থীরা

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের সদস্য ও সিনেটর এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একটি ক্লাস চলাকালে সেখান থেকে বেরিয়ে যান একদল শিক্ষার্থী। গত বুধবার (১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। ইসরায়েল বিরোধী একদল বিক্ষোভকারী শিক্ষার্থীর অবমাননার প্রতিবাদে তারা এ ওয়াক আউট করেন।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হিলারি ক্লিনটন এবং কলম্বিয়ার স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ডিন কেরেন ইয়ারহি-মিলোর ‘শান্তি প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ততা’ বিষয়ক দুই ঘণ্টার একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল।
ওই বক্তব্য শোনার জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী বসে ছিলেন। ক্লাসের অর্ধেক না যেতেই ৩০ জনের মতো শিক্ষার্থী উঠে দাঁড়ান এবং তাদের কম্পিউটার ও ব্যাকপ্যাক গুছিয়ে ওয়াক আউট করেন। তারা ভবনের লবির কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।
এ দিন বিক্ষোভকারীরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিল্ডিংয়ের পাশের এলাকায় চুপচাপ বসেছিল। তাদের মধ্যে অনেকের মুখোশ পরা ছিল। তারা মূলত ছাত্রদের প্রকাশ্যে লজ্জা দেওয়ার ক্ষেত্রে স্কুলের ভূমিকার প্রতিবাদ করছিল। ক্যাম্পাসের কাছে গত সপ্তাহে একটি ট্রাকের ভিডিও স্ক্রিন প্যানেলে প্রদর্শিত হয়েছিল; স্ক্রিনে ‘কলাম্বিয়ার লিডিং অ্যান্টিসেমাইটস’ শব্দের নিচে ছাত্রদের মুখ দেখাচ্ছিল। শিক্ষার্থীরা বলেছে, ছবিগুলো স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের শিক্ষার্থীদের জন্য একটি ‘ব্যক্তিগত ও সুরক্ষিত’ অনলাইন প্ল্যাটফর্ম থেকে নেওয়া হয়েছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আক্রান্ত শিক্ষার্থীদের জন্য অবিলম্বে আইনি সহায়তা এবং ছাত্রদের নিরাপত্তা, সুস্থতা এবং গোপনীয়তার প্রতিশ্রুতি দাবি করেছে।
যে ছাত্রদের ছবি ও ভিডিও প্যানেলে প্রদর্শিত হয়েছে, তারা গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার বিষয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছিল। যে বিবৃতিতে লেখা ছিল ‘যুদ্ধ ও হতাহতের দায় নিঃসন্দেহে ইসরায়েলি চরমপন্থীদের ওপর বর্তায়। ’
ড. ইয়ারহি-মিলো এবং মিসেস ক্লিনটনের ক্লাস শেষ হয় বিকেল ৪টার দিকে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা আশা করছিলেন শিক্ষকদ্বয় তাদের কাছে আসবেন এবং কথা শুনবেন। কিন্তু ইয়ারহি-মিলো এবং হিলারি ক্লিনটন পাশের দরজা দিয়ে বেরিয়ে যান।
কলম্বিয়ার একজন মুখপাত্র বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোনো মন্তব্য নেই।

গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী, পাল্টা অ্যাকশনে হামাস

ফিলিস্তিনের গাজা শহর পুরোপুরি ঘিরে ফেলে অভিযোন জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে হামাসের বলেছে, যোদ্ধারা ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে ‘সফল অভিযান’ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গাজা ইসরায়েলের জন্য ‘অভিশাপ’ হয়ে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর জানায়, হামাসের প্রধান ঘাঁটি খ্যাত গাজা শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে তারা।
সেইসঙ্গে তারা অস্ত্র, সামরিক পোস্ট এবং হামাসের অন্য যেকোনো অবকাঠামো ধ্বংস করতে অভিযান জোরদার করেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, টানেল ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে দেশটির অনন্য কৌশল রয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা শহরকে ঘিরে রেখেছে এবং সামনের দিকে চাপ দিচ্ছে।
ইসরায়েলের মুখপাত্র ড্যানিয়েল হাগারির দাবি করেন, সামরিক বাহিনী ‘হামাস ফাঁড়ি, সদর দপ্তর, লঞ্চ পজিশন এবং লঞ্চ অবকাঠামোতে আক্রমণ করছে’ এবং ‘মুখোমুখি লড়াইয়ে’ নিয়োজিত। তারা বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরে যেতে বলেছে।
যদিও ইসরায়েলের ‘গাজা জয়ের স্বপ্ন’ অভিশাপ হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা বলেন, ‘কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে ‘সফল অভিযান’ চালিয়ে যাচ্ছে।
টেলিগ্রামে শেয়ার করা এক অডিওবার্তায় আবু ওবাইদা বলেছেন, হামাসযোদ্ধারা ‘বড় সংখ্যক’ ইসরায়েলি বাহিনীকে হত্যা করেছে। তারা ইসরায়েলি বাহিনীর ওপর ‘আর্মারবিরোধী ক্ষেপণাস্ত্র, সরাসরি সংঘর্ষ এবং ড্রোন হামলার’ মাধ্যমে আক্রমণ করছে। ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করতে ‘আমাদের যোদ্ধারা আবির্ভূত হয়। ’
এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার মিশরীয় রেড ক্রিসেন্ট থেকে রাফাহ ক্রসিং হয়ে ১০৬টি ত্রাণ সহায়তার ট্রাক গাজায় প্রবেশ করেছে। যেগুলোয় শুকনো খাবার ছাড়াও সুপেয় পানি এবং চিকিৎসা সামগ্রী রয়েছে। পিআরসিএসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মিশর থেকে গাজায় সফলভাবে পৌঁছানো মোট ট্রাকের সংখ্যা ৩৭৪টি। তবে অবরুদ্ধ গাজায় এখনো জ্বালানি সরবরাহের অনুমতি মেলেনি।
অন্যদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ হাজার ৬১ জন নিহত হয়েছেন। এরই মধ্যে তিন হাজার ৭৬০ জনই শিশু। পাশাপাশি নিহতদের মধ্যে দুই হাজার ৩২৬ জন নারীও রয়েছেন। এই সময়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ হাজার ফিলিস্তিনি।

জাতির প্রধান দুশমন বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির প্রধান দুশমন বিএনপি। বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে নিরাপদ রাখতে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। আবারও বাস ভাঙচুর, পোড়ানোর জন্য অবরোধ দিয়েছে দলটি।
জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) সকালে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
দলের সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর ২৪ জন সাংবাদিক নৃশংস হামলার শিকার হয়েছেন, একজন পুলিশকে কীভাবে হত্যা করেছে, হাসপাতালে হামলা চালিয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, পার্কিং করা গাড়িতে ঘুমন্ত হেলপারসহ কীভাবে পুড়িয়েছে- এসব অপকর্ম যারা নেতৃত্ব দিয়েছে তাদের গ্রেপ্তার করা কি দমনমূলক? যারা এসব করেছে তারা কি দায় এড়াতে পারবে? বিচার হবে না? অপরাধ করলে অপরাধীদের বিচার হতেই হবে।
ওবায়দুল কাদের বলেন, পচাত্তরের ১৫ আগস্ট, ৩ রা নভেম্বর একইসূত্রে গাথা এবং একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এদিকে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ঢাকায় তারা যে রক্তপাত, তাণ্ডব ঘটিয়েছে এটা তারই প্রমাণ। এরপর এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা তারা সংলাপ করলে এটা তাদের বিষয়। বিএনপির ফের অবরোধ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সতর্ক পাহারায় আছি। পাহারা জোরদার করা হবে।

ইউরেনিয়ামের ষষ্ঠ চালান রূপপুরে

নিউক্লিয়ার ফ্রেশ ফুয়েল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় পৌঁছেছে। নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়ির বহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
ইউরেনিয়ামের পঞ্চম চালানের গাড়ি বহর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছালে প্রকল্পের ঊর্ধতন কর্মকর্তারা গাড়িগুলোকে স্বাগত জানান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আনার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয় ছিল।
নিরাপত্তার জন্য ভোর থেকে সংশ্লিষ্ট মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ইউরেনিয়াম পৌঁছার পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্রকল্প সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা প্রটেকল বজায় রেখে এই ইউরেনিয়াম পরিবহন করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান ৬ অক্টোবর দ্বিতীয়, ১৩ অক্টোবর তৃতীয়, ২০ অক্টোবর চতুর্থ ও ২৭ অক্টোবর পঞ্চম চালানের পর আজ ষষ্ঠ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছালো।
পর্যায়ক্রমে আরও একটি চালান দেশে আসবে। প্রাথমিক পর্যায়ে মোট সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে নিরবচ্ছিন্নভাবে এক বছর ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দু’টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গ্রহীতাদের সময় ও খরচ কমাবে স্মার্ট কন্স্যুলার সেবা : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, স্মার্ট কন্স্যুলার সেবা সেবাগ্রহীতাদের সময় ও খরচ লাঘব করবে। এখন থেকে সেবাগ্রহীতারা সহজে এই গুরুত্বপূর্ণ সেবা পাবেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্স্যুলার লাউঞ্জে ‘স্মার্ট কন্স্যুলার সেবা’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, আগামীতে বিদেশে বাংলাদেশের সব মিশনে গুণগত সেবার মান আরও বাড়ানো হবে। এজন্য সার্ভার আপগ্রেডেশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়েমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মর্যাদা নতুন উচ্চতায় আসীন হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কন্স্যুলার সেবা স্মার্ট হবার কারণে সাধারণ মানুষ দালালদের খপ্পর হতে বাঁচবেন। তিনি বলেন, প্রবাসীদের সুবিধার্থে ইংল্যান্ড, সৌদি আরব, ইতালিসহ ৮টি দেশে অবস্থিত বাংলাদেশের মিশনে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করা হয়েছে।

গার্মেন্টস মালিকদের প্রস্তাবিত বেতন অযৌক্তিক : শ্রম প্রতিমন্ত্রী

শ্রমিকদের জন্য গার্মেন্টস মালিকরা যে ন্যূনতম বেতন প্রস্তাব করেছে তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন ।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, নতুন বেতন কাঠামোতে শ্রমিকদের জন্য ১০ হাজার ৩৯৯ টাকার যে প্রস্তাব মালিকরা করেছেন তা অযৌক্তিক। আগামী ৭ নভেম্বর নতুন বেতন কাঠামো নিয়ে মজুরি বোর্ডের নতুন সভা হবে। সেখানে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হবে।

তিনি বলেন, বর্তমান বাজারে একজন শ্রমিক দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এমন একটি বেতন কাঠামো করতে হবে। সেটা না হলে শ্রমিকরা সন্তুষ্ট হবে না। তাই বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বেতন কাঠামোর বিষয়ে আজ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আগামী ৭ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠক রয়েছে। সেখানে আশা করি চূড়ান্ত হতে পারে। যদি না হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া হবে। আশা করি শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী মালিক-শ্রমিকদের ডেকে একটি সিদ্ধান্ত দেবেন।

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, এর আগেও যে কয়কটি মজুরি বোর্ড হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছিল। এবারও হয়তো তার হস্তক্ষেপে একটি যৌক্তিক পর্যায়ে যেতে পারব।

শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।