বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শ্রীলংকার দ্বিতীয় শীর্ষ ক্রিকেট কর্মকর্তার পদত্যাগ

শ্রীলংকার একজন শীর্ষস্থানীয় ক্রিকেট কর্মকর্তা পদত্যাগ করেছেন। দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বিশ্বকাপে রেকর্ড হারের পর দুর্নীতির অভিযোগ এনে ক্রিকেট বোর্ডকে পদত্যাগ করার আহ্বান জানানোর পর আজ রোববার পদত্যাগ করেন লংকান বোর্ডের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা।
বোর্ডের দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাংকের এই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। যেখানে তিনি হৃদ রোগের চিকিৎসা নিচ্ছেন। গত সপ্তাহে বিশ্বকাপের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে শ্রীলংকা ৩০২ রানের অপমানজনক পরাজয়ের পর জনগনের পাশাপাশি ক্রীড়ামন্ত্রী রানাসিংহের ক্ষোভের মুখে পড়ে লংকান বোর্ড। লংকান মন্ত্রীর মতে পদে থাকার কোন নৈতিকতা বা নৈতিক অধিকার নেই লংকান ক্রিকেট কর্মকর্তাদের। তিনি বলেন,‘ তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’
ডি সিলভা বলেন, তিনি অস্ট্রেলিয়ায় নিয়মিত চেকআপে রয়েছেন এবং বোর্ডের নির্বাচিত পদ থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, বোর্ড নিয়ে বিতর্ক দানা বাঁধায় তার মধ্যে চাপ ও উদ্বেগ বেড়ে গেছে। পরিবারের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে মাত্র ১৪ রানে ৬ উইকেট হারায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ৫৫ রানেই অল আউট হয়ে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বনি¤œ রান করার রেকর্ডে নাম লেখায় দ্বীপরাস্ট্রটি।
এমন পরিস্থিতিতে শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্যদের কাছে চিঠি লিখেন রানাসিংহে। লংকান গণমাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে লংকান মন্ত্রী লিখেছেন, ‘খেলোয়াড়দের শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা, ব্যবস্থাপনা দুর্নীতি, আর্থিক অসদাচরণ এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিমজ্জিত শ্রীলংকান ক্রিকেট।’
এর আগে লংকান বোর্ডের ব্যাপক দুর্নীতি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের পরও আইসিসির চাপে পড়ে সেটি প্রত্যাহর করেন ক্রীড়ামন্ত্রী। বিষয়টিকে রাজনৈতিক হস্তক্ষেপ বলে মন্তব্য করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকের বোর্ডের একটি সুত্র জানায়, বিশ্বকাপে ভারতের কাছে এমন পরাজয়ের ব্যাখ্যা চেয়ে কোচিং কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছে লংকান কর্তৃপক্ষ।
উল্লেখ্য বছরের পর বছর ধরে দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের একাধিক অভিযোগে জড়িয়ে পড়েছে লংকান ক্রিকেট। আইসিসি নিজেই বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকে শাস্তি দিয়েছে। ১৯৯৬ সালে শিরোপা জয়ের পর বিশ্বকাপে আর কোন সাফল্য অর্জন করতে পারেনি শ্রীলংকা। খেলার মান কমার জন্য বোর্ডকে দায়ী করে আসছেন রোশান রানাসিংহে।

নেপালে ভূমিকম্পে হতাহতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নেপালে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিধ্বংসী ভূমিকম্প সম্পর্কে জানতে পেরে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত । এতে নেপালে অনেক মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে।’
প্রধানমন্ত্রী তার নেপালি সমকক্ষ পুষ্প কমল দাহল প্রচন্ডের কাছে পাঠানো শোক পত্রে লিখেছেন, বাংলাদেশের জনগণ তাদের গভীর শোক প্রকাশে তার সঙ্গে যোগ দিয়েছে।
তিনি বলন, ‘যারা তাদের প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছে আমরা সেসব শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি।’
প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে ভ্রাতৃত্ববোধ নিয়ে নেপালের জনগণের পাশে দাঁড়িয়েছে

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক

গাজায় আগ্রাসনের জেরে এবার, ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলো তুরস্ক। তেল আবিব অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় তুর্কি প্রশাসন। শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যোগাযোগ বন্ধের ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় বেসামরিকদের ওপর ইসরায়েলের অবিরাম হামলায় তীব্র মানবিক সংকটের জেরে নেয়া হয়েছে এ ধরণের পদক্ষেপ।
এর আগে, ২০১৮ সালেও ফিলিস্তিনিদের হত্যার দায়ে তেল আবিব থেকে কূটনীতিক সরিয়ে নিয়েছিলো তুরস্ক। চার বছর পর ২০২২ সালে নিযুক্ত করা হয় সাকির ওজকানকে। শনিবার ফিরিয়ে নেয়া হয় তাকে।
গত মাসে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তুরস্ক থেকে সরিয়ে নেয়া হয় ইসরায়েলি কূটনীতিকদের। পরবর্তীতে তেল আবিব জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে তাদের।

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ রোববার (৫ নভেম্বর) ভোর সোয়া ৬টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল)- ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, উৎপাদন বন্ধ হওয়ার খবর পেয়েছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।
এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছিল।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়।

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’

বিতর্ক ছাড়াই আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘টাইগার ৩’। সালমান খানের সিনেমাটি দেখা যাবে বাংলাদেশেও। মণীশ শর্মা পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে রয়েছে ক্যাটরিনা কাইফ।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেন্সর বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পায় ‘টাইগার ৩’। অর্থাৎ সব বয়সীরাই প্রেক্ষাগৃহে গিয়ে ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি দেখতে পারবে। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে।
এবার জানা গেল, আগামী ১২ নভেম্বর ভারতসহ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে। জাজ মাল্টিমিডিয়া আমদানির মাধ্যমে বাংলাদেশে ‘টাইগার ৩’ মুক্তি দিতে যাচ্ছে।
জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করা হয়। পরে সিনেমাটি দেশে মুক্তির অনুমতি পেয়েছে বলেই জানা গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সূত্রমতে, জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানির অনুমতি পেয়েছে। এখন সেন্সর হয়ে গেলে তারা যেকোনো সময় এটি মুক্তি দিতে পারবে।
এর আগে ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর এখন আসছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিল সালমানভক্তরা। সিনেমাটিতে অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।

গাজায় মানবিক যুদ্ধবিরতিতে অগ্রগতি : বাইডেন

ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধে তথাকথিত ‘মানবিক বিরতি’তে অগ্রগতি অর্জিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এ কথা বলেছেন।
মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও একই ইস্যুতে কাজ করে যাচ্ছেন।
দেলওয়ারে চার্চ থেকে বের হওয়ার পথে বাইডেনকে যখন জিজ্ঞেস করা হয়েছে, গাজায় মানবিক যুদ্ধবিরতির বিষয়ে কোন অগ্রগতি হয়েছে কিনা? তার জবাবে তিনি বলেছেন, হ্যাঁ। তবে বিস্তারিত তিনি কিছু উল্লেখ করেননি।

মেট্রোরেল : ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল

উত্তরা উত্তর থেকে সাড়ে সাতটায় মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে প্রথম মেট্রোরেল। সাতটা সাইত্রিশ মিনিটে সেটি ছাড়ে পল্লবী থেকে। আর আটটা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় রেলটি। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে আনন্দিত, উচ্ছ্বসিত যাত্রীরা।
রোববার (৫ নভেম্বর) সকালে দেখা গেছে এ চিত্র। গতকাল (শনিবার) উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের।
রোববার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ। মতিঝিলে নামার পরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিল আসতে দেড় থেকে ২ ঘণ্টা সময় লেগে যায়। সে জায়গায় আমি মাত্র ২০ মিনিটে এসেছি। এটা খুবই ভালো ব্যাপার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।
ব্যাংক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, সার্ভিসটা অত্যন্ত সুন্দর। মাত্র ৩০ মিনিটে মতিঝিল এসেছি। যাত্রী হিসেবে এটা আমার দীর্ঘদিনের চাওয়া ছিল। আমার আগে ২ ঘণ্টা মিনিমাম লাগতো। বিকেলের যাত্রাটা চালু হলে সবার জন্য আরও ভালো হবে।
মতিঝিল-উত্তরা রুটে চলবে ৪ ঘণ্টা
সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, মেট্রোরেল শুরুতে মতিঝিল-উত্তরা রুটে চলবে চার ঘণ্টা। এই রুটে ট্রেন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে।
আর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশে চলাচল করবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। ধীরে ধীরে মতিঝিল-উত্তরা রুটেও সময় বাড়ানো হবে।
উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল নির্মাণের প্রকল্প সরকার ২০১২ সালে হাতে নেয়।
মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। এমআরটি লাইন-৬ শীর্ষক এ প্রকল্পের মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা এবং সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

ম্যানইউ’র স্বস্তির জয়

লিগে আগের ম্যাচে ম্যানসিটির কাছে হারা ম্যানইউ পেয়েছে স্বস্তির জয়, ফিরেছে জয়ের ধারায়। পয়েন্ট ভাগাভাগি করার খুব কাছে গিয়েও পারেনি ফুলহ্যাম। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রুনো ফার্নান্দেসের গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের। ১-০ গোলে জয়ে ফেরে ইউনাইটেড।
ফুলহ্যামের মাঠে আক্রমণাত্মক মেজাজে শুরু করে এরিক টেন হাগ শিষ্যরা। সাত মিনিটে অফসাইডে বাতিল হয়ে হ্যারি ম্যাগুয়েরের গোল। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ফুলহ্যাম। তবে গোলরক্ষক আন্দ্রে ওনানার দৃঢ়তায় সুরক্ষিত থাকে ম্যানইউ’র জাল।
ম্যাচের শেষ দিকে ব্রুনো ফার্নান্দেসের গোলে স্বস্তির জয় পায় রেড ডেভিলসরা। আর তাতে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান এরিক টেন হ্যাগের শিষ্যদের।

বোর্নমাউথের জালে সিটির গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) স্বাগতিক ম্যানচেস্টার সিটির কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে এএফসি বোর্নমাউথ। শনিবার (৪ নভেম্বর) রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৬-১ গোলে জিতেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। গোল উৎসব করে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে গিয়েছে তারা।
প্রথমার্ধের ৩০, ৩৩ ও ৩৭, এই সাত মিনিটের মধ্যে তিন গোল করে ম্যানসিটি। জেরেমি ডকুর নৈপুণ্যে ম্যাচের ৩০তম মিনিটে প্রথম গোলের মাধ্যমে উৎসব শুরু হয় পেপ গার্দিওয়ালা শিষ্যদের। পরে করিয়েছেন আরও দুটি গোল। দ্বিতীয়ার্ধেও দুটি গোলে অ্যাসিস্ট করেন বেলজিয়ান ফরোয়ার্ড। ৬ গোলের ম্যাচে ৫ গোলেই অবদান ছিলো তার!
৩০ মিনিটে বক্সের প্রান্তে রদ্রির সঙ্গে ওয়ান-টু পাসের মাধ্যমে গোলমুখ খোলেন ডকু। তিন মিনিট পর দারুণ পাসে বোর্নমাউথের রক্ষণকে নিষ্ক্রিয় করে বার্নার্দো সিলভাকে দিয়ে গোল করার তিনি। ৩৭তম মিনিটে তার বাঁ পায়ের শট সতীর্থ মানুয়েল আকনজির গায়ে লেগে জালে জড়ায়।
প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি হাল্যান্ড। হাফ টাইমে তার বদলি নামা ফিল ফডেন ৬৪তম মিনিটে স্কোর ৪-০ করেন। এই গোলেও ছিল ডকুর অ্যাসিস্ট।
লুইস সিনিসতেরা বোর্নমাউথের হয়ে একটি গোল শোধ দিলেও সিলভা ও নাথান ম্যানসিটির জয়ের ব্যবধান আরও বাড়ান।
এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো ম্যানসিটি। আগামী ৬ নভেম্বর ঘরের মাঠে চেলসির মুখোমুখি হতে যাওয়া টটেনহ্যাম হটস্পারের (২৬) চেয়ে এক পয়েন্টে এগিয়ে তারা।

বার্সার কষ্টার্জিত জয়

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নেমে আক্রমণ করতেই যেন ভুলে গেল বার্সেলোনা। অনেকটা সময় আধিপত্য দেখাল সোসিয়েদাদ। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল চিত্র। রোনালদ আরাউহোর যোগ করা সময়ের গোলে নাটকীয় জয় পেল জাভি হের্নান্দেসের দল।
শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। সোসিয়েদাদের মাঠে দ্বিতীয়ার্ধে ৯২ মিনিটে গোলটি করেছেন আরাউহো। এক ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল শিরোপাধারীরা। গত রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা হেরেছিল ২-১ গোলে।
শুরুর দিকে বার্সেলোনাকে কোণঠাসা করে রাখে সোসিয়েদাদ। দলটির দুটি ভালো সুযোগ নষ্ট করে দেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। প্রথমার্ধের শেষ সময়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে বক্সে পড়ে যান জোয়াও ফেলিক্স। পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা, তবে রেফারির সাড়া মেলেনি।
বিরতির আগে গোলের জন্য সোসিয়েদাদের যেখানে আট শটের চারটি লক্ষ্যে, বার্সেলোনার তিন শটের একটি লক্ষ্যে ছিল। একাদশে ফিরে প্রথমার্ধে নিজের ছায়া হয়ে ছিলেন রবের্ত লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধেও সুযোগ বুঝে বার্সেলোনার রক্ষণে হানা দিতে থাকে সোসিয়েদাদ। বার্সেলোনাও চালায় আক্রমণ। তিন মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাতালান ক্লাবটিকে কাঙ্ক্ষিত গোল এনে দেন আরাউহো। ইলকাই গিনদোয়ানের ক্রসে বক্সে হেডে বল জালে পাঠান উরুগুয়ের এই ডিফেন্ডার। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি। উল্লাসে মাতে সফরকারীরা।