বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার গরিবের সরকার এবং শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী। তাই বর্তমান সরকার দারিদ্র্যতা দূরীকরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গ্রামে কিংবা শহরে বিদ্যুৎ সংযোগ নেই এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। দলমত নির্বিশেষে সকল মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। বিএনপি-জামায়াত করে বলে কাউকে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত করা হয়নি। সরকারের প্রচেষ্টা ছিল বলেই উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। উন্নয়নের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন টেকসই হবে।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিই কৃষি। জাতীয় আয়ের সিংহভাগ আসে এই কৃষি থেকে। ফলে চাষাবাদ পদ্ধতিকে আরও আধুনিকায়ন এবং উৎপাদনশীল করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার বিভিন্ন সময় নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভর্তূকি মূল্যে সার, ট্রাক্টর ও সেচসহ নানা প্রণোদনা দিয়ে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি-জামায়াত আগুন-সন্ত্রাস করে শত শত গাড়ি পুড়িয়েছে। দেশের সম্পদ নষ্ট করেছে। গাড়ির মালিকদের প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাকাল অতিক্রম করেছে দক্ষতার সঙ্গে। তারপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা অন্য কোনো সরকার পূর্বে করতে পারেনি। বিএনপি দেশে কোনো উন্নয়ন করতে পারিনি।
তিনি বলেন, তারা ভোটে আসবে না। তারা ভোট বানচাল করার চেষ্টা করলেও সফল হবেনা । ভোট বানচালের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে।
শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেনসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিওইল উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করছেন ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন বন্ধের আহ্বান জানানোর ছয়মাস পর নিজেই এখন সেই প্রযুক্তি এক্সে (টুইটারে) যুক্ত করছেন ইলন মাস্ক। চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআইয়ের তৈরি করা বট ‘গ্রক’কে এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত করেছেন তিনি। এটি ব্যবহার করতে পারবেন এক্স প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা।
সংবাদ মাধ্যম ডয়চে ভেলের তথ্য অনুযায়ী, টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই যোগ করতে যাচ্ছেন। চলতি সপ্তাহেই এক্সএআইয়ের তৈরি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বট গ্রককে এক্স এর সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
এক্স প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা এটি কাজে লাগানোর সুযোগ পাচ্ছে। এক্সএআই জানিয়েছে, বটটির সুবিধা হচ্ছে এতে গোটা দুনিয়া সম্পর্কে এক্সের মাধ্যমে হালনাগাদকৃত সকল তথ্য রয়েছে। ফলে এটি অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্লাটফর্ম যেসব প্রশ্নের উত্তর দিতে পারবে না সেগুলোরও উত্তর দিতে সক্ষম।
ছয় মাস আগে মাস্কসহ আরও কয়েকজন মানব কল্যাণের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ছয়মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। তবে, একইসময়ে তিনি তার নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই কার্যক্রম শুরু করেন। ইলন মাস্কের মালিকানাধীন টেসলাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও এক্সএআই যুক্ত রয়েছে।
মূলত জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ চ্যাটজিপিটির সাথে প্রতিযোগিতায় নামতেই নিজের এআইভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বট ‘গ্রক’ চালু করেছেন ইলন মাস্ক। যা এখন এক্স গ্রাহকরাও ব্যবহার করতে পারছেন।

এখন নির্বাচনের সময় নয় : জেলেনস্কি

২০২৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জোরালো বিতর্কের মধ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, তিনি মনে করেন না যে এখন নির্বাচনের সঠিক সময়। কারণ, দেশটি এখন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।
আগামী বছরের মার্চে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনসহ সকল নির্বাচন টেকনিক্যালি সামরিক আইনের অধীনে বাতিল করা হয়েছে যা গত বছর সংঘাত শুরু হওয়ার পর থেকে কার্যকর হয়েছে।
জেলেনস্কি তার দৈনিক ভাষণে বলেন, ‘আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে এখন প্রতিরক্ষার সময়। যুদ্ধের সময় যার উপর রাষ্ট্র এবং জনগণের ভাগ্য নির্ভর করে।’
এটা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময় বিভক্তি নয়-এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে এখন নির্বাচনের (সঠিক) সময় নয়।’
রাশিয়ান বাহিনী দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে দখল ধরে রাখার কারণে ইউক্রেনীয় পাল্টা আক্রমণের পরও প্রায় এক বছর ধরে যুদ্ধরত পক্ষের মধ্যে ফ্রন্টলাইন বেশিরভাগই স্থির ছিল।
কিয়েভের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কর্মকর্তারা ২০ মাস পুরনো সংঘাতের অবসান ঘটাতে আলোচনার জন্য পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
তবে জেলেনস্কি তীব্রভাবে অস্বীকার করেছেন যে, ইউক্রেনের পাল্টা আক্রমণ অচলাবস্থায় পড়েছে বা পশ্চিমা দেশগুলো আলোচনায় প্রবেশের জন্য কিয়েভের দিকে ঝুঁকেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সমর্থকরা প্রকাশ্যে বলেছে যে, তারা রাশিয়াকে পরাজিত করতে যতদিন লাগবে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে কিয়েভকে সমর্থন দিতে প্রস্তুত।
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বিশ্বব্যাপী মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে চলে গেছে এবং জেলেনস্কি ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়েছে।
জেলেনস্কি ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সেপ্টেম্বরে বলেছিলেন তিনি প্রয়োজনে আগামী বছর জাতীয় নির্বাচন করতে প্রস্তুত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার পক্ষে ছিলেন।
বিদেশে বিপুলসংখ্যক ইউক্রেনীয় এবং ফ্রন্টে যুদ্ধরত সৈন্যদের কারণে ভোট প্রদান করা যৌক্তিকভাবে কঠিন হতে পারে।
যুদ্ধ শুরু হওয়ার পরে জেলেনস্কির সমর্থন আকাশচুম্বী হয়েছিল। কিন্তু যুদ্ধের ঐক্যবদ্ধ শক্তি সত্ত্বেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর হয়েছে।
রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের ধীর গতির সমালোচনা করে প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী ওলেক্সি আরেস্টোভিচ ঘোষণা করেছেন তিনি তার প্রাক্তন বসের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামবেন।

হাতের আঙুলের ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিবের

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা গেছে, সেই চোটে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বকাপ-যাত্রা শেষ। তবে দলের সঙ্গে আজ মঙ্গলবার তাকে পুনেতে যেতে দেখা গিয়েছে।
গতকাল সোমবার লঙ্কানদের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব। এরপরও নিজের পূর্ণ বোলিং কোটাই পূরণ করেছিলেন তিনি, যেখানে গুরুত্বপূর্ণ ২ উইকেটও পেয়েছিলেন। এরপর ব্যাট হাতে খেলেছিলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে পাওয়া রিপোর্ট তার বিশ্বকাপ-যাত্রা শেষ বলে জানিয়েছে। ফলে আজই দেশে ফিরে আসছেন টাইগার অধিনায়ক।
সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল।’
বিশ্বকাপ চলাকালে এর আগেও একবার ইনজুরিতে পড়েছিলেন সাকিব। মিস করেন ভারতের বিপক্ষে ম্যাচ।
ফলে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। টুর্নামেন্টজুড়ে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকালই প্রথম ফিফটি পেয়েছিলেন। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এরপরই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ!

গাজায় ইসরায়েলের আরও ট্যাংক ও সামরিক যান ধ্বংস

ফিলিস্তিনের ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলের আরও একটি ট্যাংক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে।
হামাসের এই সামরিক শাখা সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে, গাজার ‘আশ-শাতি’ শরণার্থী শিবির ও ‘আশ-শেইখ রেজোয়ান’ এলাকার আশেপাশে চার সাজোয়া যানকে ধ্বংস করা হয়। এগুলো ধ্বংস করতে ‘ইয়াসিন-১০৫’ রকেট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, দক্ষিণ গাজায় ইসরায়েলের একটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতেও ‘ইয়াসিন-১০৫’ ট্যাংক ব্যবহার করা হয়েছে।
অবশ্য হামাসের আল-আকসা টিভি চ্যানেল ইসরায়েলের আরো ১০টি সাজোয়া ধ্বংসের খবর দিয়েছে। কোনো কোনো সূত্র গাজায় ইসরায়েলের আরও ২০ জন সেনাকে হত্যার খবরও দিয়েছে।
গাজায় গত ৩১ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া সেখানে এখন স্থল অভিযান চালাচ্ছে তারা। তাদের বিমান হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : রাশিয়া

পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ মন্তব্য করেছেন।
সোমবার মস্কোতে এক অনুষ্ঠানে ল্যাভরভ বলেন, ‘এখন আমরা দেখছি যে কীভাবে অ্যাংলো-স্যাক্সনরা (পশ্চিমা বিশ্ব) মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে তারা ইউক্রেন, ইরাক ও সিরিয়াতেও একই ভূমিক নিয়েছিল।’
তিনি বলেন, ‘তাদের এই নীতির কারণে যুদ্ধের প্রাণহানি ক্ষয়ক্ষতি তো রয়েছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদ, শরণার্থী সমস্যা, অভিবাসী সংকট ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা।’
ল্যাভরভ বলেন, ‘পশ্চিম যুদ্ধের বিস্তার চায়, কারণ তারা নিজেদের সমস্যা মেটানোর জন্য অন্যদের অর্থ-সম্পদ ব্যবহারে অভ্যস্থ হয়ে পড়ছে; কিন্তু এটা সম্ভব নয়। আপনি নির্লজ্জভাবে কারো ওপর অবিরত আধিপত্য বিস্তার করতে পারবেন না। সেই সময় আর নেই।’
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন দেড় হাজার মানুষ। এ ছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে প্রায় আড়াইশ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা।
অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। এই নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে।
ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত এক মাসে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১৫ লাখ মানুষ। তাদের মধ্যে প্রায় ৬ লাখ ৭০ হাজার মানুষ আনরোয়া পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন।
খবর আনাদোলু এজেন্সি

প্রেমে পড়েছি : সোহানা সাবা

প্রেমে পড়েছেন অভিনেত্রী সোহানা সাবা, এই মুহূর্তে যার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন; তাকে কিছু ছাড়া কিছুই ভাবতে পারছেন না তিনি।
সম্প্রতি তার অভিনীত ‘অসম্ভব’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সাবা।
তিনি জানান, জীবনে লাভ অ্যাট ফার্স্ট সাইট যার সঙ্গে হয়েছে তার সঙ্গেই এই মুহূর্তে সম্পর্কে আছেন। তারা দুজন জীবন গোছানোর সিদ্ধান্তও নিয়েছেন।
সাবা বলেন, সে আমার প্রেমে পড়েছি কি না জানি না। কিন্তু তাকে দেখে আমি প্রথম দিনে প্রেমে পড়ে যাই। আমি তার সাথে আজীবন থাকতে চাই। আমি তাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না।
কবরী সারোয়ার পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সোহানা সাবার। পরে বেশকিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছন।
সোহানা সাবা ও পরিচালক মুরাদ পারভেজ বিয়ে করেছিলেন ভালোবেসে। তবে বোঝাপড়ার সব পাট চুকে যাওয়ায় ২০১৫ সাল থেকে আলাদা থেকে পরের বছর বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

ঢাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৫৫৮ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার ২৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।

গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

গত ১ মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ২২ জনে উপনীত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১০৪ জনই শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক ফিলিস্তিনি আটকে রয়েছেন এবং ইসরায়েলের অবরোধের মুখে খাদ্য, জ্বালানি ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
আশঙ্কা করা হচ্ছে, ইসরায়েলের হামলা চলতে থাকলে নিহতের এই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যেতে পারে। দক্ষিণ গাজার বাসিন্দা খান ইউনূস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি হানি মাহমুদকে বলেন, ‘উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে লাশ সরাতে পারছে না।’
এদিকে নিহতের সংখ্যা ক্রমবর্ধমান হলেও যুদ্ধ বিরতির কোনো সদিচ্ছা নেই ইসরায়েলের। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর পরই গাজায় হামলা শুরু হয়। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) পর্যন্ত চলমান হামলায় আহত হয়েছেন ২৫ হাজার ৪০৮ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কয়েক ঘণ্টায় ১৮টি বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ২৫২ ফিলিস্তিনি।
তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ১১০ জনেরও বেশি লোক গত কয়েক ঘণ্টায় নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেক্ট বলেন, ‌‌‘আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি।’
এদিকে, সেন্ট্রাল জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার যোদ্ধা ইব্রাহিম বারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাসের একজন যোদ্ধা বলেন, ‘আমরা খবর পেয়েছি, তাকে হত্যা করা হয়েছে।’
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে গাজাকে শিশুদের জন্য ‘কবরস্থান’ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারও সেখানে যুদ্ধ বিরতির প্রস্তাব এনেছেন। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল উভয়পক্ষের কেউই এই প্রস্তাবে নারাজ। হামাসের ভাষ্য, ফিলিস্তিনকে ইসরায়েলি অবরোধমুক্ত না করা পর্যন্ত তারা যুদ্ধ বিরতিতে যাবে না। অন্যদিকে তেলআবিব কর্তৃপক্ষের ভাষ্য, হামাসের বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে যাবে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘আমরা যুদ্ধের মধ্যে আছি। আমরা হামাসকে নিশ্চিহ্ন করবোই।’

গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও অবিলম্বে যুদ্ধ-বিরতির জন্য আমি সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি এই ভয়াবহ যুদ্ধ, নির্বিচার হত্যাযজ্ঞ ও অবৈধ দখলদারিত্ব বন্ধে ভুমিকা রাখার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি এখানে ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অবশ্যই একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আমার ভূমিকা অব্যাহত রাখব।’
প্রধানমন্ত্রী বলেন, শান্তির জন্য তাদের মুসলিম নারীদের আওয়াজ শুনতে হবে। তিনি বলেন, ‘আমরা গাজায় নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরাইলি নৃশংসতার নিন্দা করছি। গাজার এ নৃশংসতা, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় অমানবিক নির্যাতনের শিকার দুই লাখ নারীর কথা মনে করিয়ে দিচ্ছে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এ নৃশংস ঘটনাগুলো আমাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার বাবা-মা এবং নারী ও শিশুসহ পরিবারের অন্যান্য সদস্যের নৃশংস হত্যাকা-ের কথা মনে করিয়ে দিচ্ছে।’ তিনি বলেন, ‘এটি মিয়ানমারের হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুর নির্যাতনের দৃশ্যকেই ফুটিয়ে তোলে- যারা নৃশংসতার শিকার হলে ২০১৭ সালের আগস্টে আমাদের সীমান্তে আশ্রয় চেয়েছিল।’
প্রধানমন্ত্রী মুসলিম নারীদের জন্য এক গুচ্ছ পরামর্শ দিয়েছেন।
পরামর্শগুলো হল :
প্রথমত, ফিলিস্তিনে অবিলম্বে সংঘাতের অবসান এবং সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের- বিশেষ করে নারী ও শিশুদের উপর অপরাধের বিচার।
দ্বিতীয়ত, সমস্ত অপরাধ, সহিংসতা, বৈষম্য ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়াকে ‘না’ বলুন।
তৃতীয়ত, এসডিজি-৫ পূরণের লক্ষ্যে লিঙ্গ সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিন।
চতুর্থত, মুসলিম নারীরা যেন ইচ্ছেমতো স্বাধীনভাবে জনসমক্ষে নিজেদের উপস্থাপন করতে পারেন- তা নিশ্চিত করুন।
পঞ্চমত, নারী ক্ষমতায়ন ও মূল স্রোতে নারীদের ভূমিকার উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ, বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্রগুলোর সাথে এ সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত।
প্রধানমন্ত্রী বলেন, ওআইসি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে এই বহুল প্রতীক্ষিত ইস্যুগুলোতে সংলাপ প্রত্যাসিত।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে এর সম্ভাবনা উপলব্ধি করে খুব তাড়াতাড়ি ওআইসি’র নারী উন্নয়ন সংস্থায় (ডব্লিউডিও) যোগ দেয়। তিনি বলেন, ‘ডব্লিউডিও এর যাত্রা শুরু করেছে এবং আমি আশা করি, ইসলামকে আরও ভালভাবে বোঝার মাধ্যমে আজকের চাহিদাগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য এ ম্যান্ডেটকে প্রসারিত করা যেতে পারে। আর তবেই আমরা একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্বের স্বপ্ন দেখতে পারি। আমি এই আন্তর্জাতিক সম্মেলনের সাফল্য কামনা করছি।’
শেখ হাসিনা এই আন্তর্জাতিক সম্মেলনে ইসলামে নারীর মর্যাদা তুলে ধরার জন্য সৌদি আরব ও ওআইসিকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নারীমুক্তির জন্য সৌদি আরবের যুগান্তকারী উদ্যোগগুলোকে আগ্রহের সাথেই লক্ষ্য করি। আমি মহামান্য বাদশাহ ও হিজ রয়েল হাইনেস যুবরাজের এই রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করি।’ ইসলামকে শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম আখ্যায়িত করে তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লামের আহ্বানে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন একজন নারী- বিবি খাদিজা। পবিত্র কুরআনের সূরা আন-নিসা’র আয়াতের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, “আর আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা পরস্পরের এবং রক্ত সম্পর্কের অধিকার চাও। নিঃসন্দেহে আল্লাহ সর্বদাই তোমাদের উপর পর্যবেক্ষক।’ তিনি বলেন, বাংলাদেশে নারীর অধিকার ও লিঙ্গ সমতা রক্ষায় তাদের গর্বিত ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো পথপ্রদর্শক আছেন, যিনি ১৯০৫ সালে প্রকাশিত তার ‘সুলতানার স্বপ্ন’ বইতে নারী নেতৃত্বাধীন বিশ্বের কল্পনা করেছিলেন। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

শেখ হাসিনা বলেন, তাঁর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশের সংবিধানে নারীর সমমর্যাদা নিশ্চিত হয়েছে। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে প্রথম সংসদে নারীদের জন্য ১৫টি সংরক্ষিত আসনের বিধান করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর মেয়ে হিসেবে তিনি নারী ক্ষমতায়নের এ কাজটি অব্যহত রেখেছেন এবং নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করে ৫০টিতে উন্নীত করেছেন। আমাদের জাতীয় সংসদে এখন ৭৩ নারী সাংসদ রয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘নারীরা সব সময়ই আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সংস্কার ও গণতান্ত্রিক সংগ্রামের প্রথম সারিতে থেকেছেন। তারা নিজেরাই যেন কাজের মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, আমি তাদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বৈশ্বিক সূচকে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি অনন্য উদাহরণ আছে- যেখানে জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও সরকারি দলের উপনেতা সবাই নারী। এছাড়াও আমাদের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত রয়েছে।’ শেখ হাসিনা বলেন, তাঁর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সর্বস্তরে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘যতবার আমি দায়িত্বে এসেছি, সিদ্ধান্ত গ্রহণে নারীদের উন্নীত করার জন্য সমস্ত বাধা দূর করার চেষ্টা করে যাচ্ছি। প্রশাসন, বিচার বিভাগ, বিশ্ববিদ্যালয়, সশস্ত্র বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থায় আমাদের নারীদের শীর্ষ পদে অধিষ্ঠিত হতে দেখে আমি গর্বিত বোধ করি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের মেয়েরা পাবলিক পরীক্ষা, প্রতিযোগিতামূলক নিয়োগ ও জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির হোস্ট হিসাবে আমি ওআইসি সদস্য দেশগুলোর তরুণ মহিলাদের এই চমৎকার প্রতিষ্ঠানে পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে নারীদের জন্য সুবিধাসহ সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করছে। বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতিও আমাদের নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণের প্রমাণ।
বাংলাদেশের সরকার প্রধান বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক অর্থনীতির প্রায় ৪৬% নারী কর্মী। নারী উদ্যোক্তারা আমাদের কুটির, ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পে বড় ধরনের অবদান রাখছেন। আইটি ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং স্টার্ট-আপে নারীদের প্রাণবন্ত উপস্থিতি রয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার অর্থ, বাজার, ধারণা ও প্রশিক্ষণে নারীদের প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ সরকারী ক্ষেত্রে ছয় মাসের বেতনের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হয়। তিনি বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযাগ রক্ষা করে যাচ্ছি- যাতে বিদেশে কর্মরত নারী কর্মীদের সুরক্ষা ও মঙ্গল নিশ্চিত করা যায়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দরিদ্র, বিধবা, পরিত্যক্ত, প্রতিবন্ধী ও বয়স্ক নারীরা উপকৃত হচ্ছে। সরকার বিনামূল্যের আবাসন ও আশ্রায়ন প্রকল্পে স্বামী ও স্ত্রী উভয়কে যৌথ মালিকানা দিচ্ছে, যাতে বিচ্ছেদ হলে সেটি স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। যৌতুক, বাল্যবিবাহ ও সাইবার হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন বাড়ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আইন অনুসারে সকল জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম ব্যবহার করা বাধ্যতামূলক। আমরা নারী শান্তি ও নিরাপত্তা কর্মীদের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছি। আমাদের নারী শান্তিরক্ষীরা গর্বের সাথে আফ্রিকায় জাতিসংঘের মিশনে দায়িত্ব পালন করছেন।’