বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কথা দিয়েছিলাম, কথা রাখলাম : প্রধানমন্ত্রী

আজকে রেলের সঙ্গে কক্সবাজার সংযুক্ত হলো। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন।
আজ শনিবার দুপুরে দোহাজারী- কক্সবাজার রেলপথ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার এমন একটি সমুদ্রসৈকত, যেটা বিশ্বে বিরল, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত। ৮০ মাইল লম্বা, সম্পূর্ণটাই বালুকাময়।
তিনি বলেন, আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন ৮০ থেকে ৯০ ভাগ মানুষই দরিদ্র ছিল। পরনে ছিন্ন কাপড়, পেটে খাবার নেই, চিকিৎসা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, শোষণ, বঞ্চনা আর নির্যাতিত মানুষ।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্টের পর এ দেশের অগ্রযাত্রা থেমে যায়। অস্ত্র হাতে নিয়ে বন্দুকে নলের সাহায্যে সেনা আইন লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল, তারা মানুষের ভাগ্য গড়তে আসেনি বরং আমাদের বিজয়ী পতাকা নষ্ট করা, স্বাধীনতার চেতনাকে নষ্ট করা, আমাদের যে আদর্শ সে আদর্শকে ধ্বংস করার জন্যই তাদের যাত্রা ছিল। নিজেরা অর্থশালী হয়েছে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, ঋণখেলাপির কালচার শুরু করেছিল, তার ওপর সেনাবাহিনী-বিমানবাহিনীসহ আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে হত্যা, গুম, খুন করেছিল। এখনও সেই পরিবারগুলো তাদের আপনজনকে খুঁজে বেড়ায়। ২১টা বছর লঙ্ঘন মানুষ এভাবে কষ্ট পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলেই ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো হয়েছে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নে গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর।

গাজার হাসপাতালে বোমা বর্ষণ করছে ইসরায়েল

গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনের গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্টের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, আশ্রয়কেন্দ্র থেকে বেসামরিক নাগরিকদের বের করে দিতে গাজার হাসপাতালগুলোকে ‘ইচ্ছাকৃতভাবে টার্গেট’ করা হচ্ছে।
চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা এমএসএফ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় আল-শিফা হাসপাতালে হামলা ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে’। হাসপাতালের কর্মীরা ‘বিপর্যয়কর পরিস্থিতির’ কথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আমরা জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোর ওপর হামলা বন্ধ এবং চিকিৎসা সুবিধা, চিকিৎসা কর্মী ও রোগীদের সুরক্ষার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।
এমএসএফ আগের নোটিশের পুনরাবৃত্তি করেছে, তারা হাসপাতালের কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের এবং রোগীদের সুরক্ষা সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।

এক দিনে ৮০০ বার ভূমিকম্প, আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি

একের পর এক শক্তিশালী ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আইসল্যান্ডে। শুক্রবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজেনেস উপদ্বীপে ক্রমাগত এই ভূকম্পন অনূভূত হয়। ধারণা করা হচ্ছে, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে।
আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে বলেছে, গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় পুলিশপ্রধান।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ পর্যন্ত যে ভূমিকম্পগুলো হয়েছে, তার চেয়েও শক্তিশালী ভূকম্পন আঘাত হানার আশঙ্কা রয়েছে এবং এই ঘটনার ধারাবাহিকতা অগ্ন্যুৎপাত সৃষ্টি করতে পারে।
আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যে’ এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রিন্ডাভিকের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।
জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে আইসল্যান্ডের রাজধানী রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশটির দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে উপদ্বীপটিতে প্রায় ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। আইএমওর হিসাবমতে, গত অক্টোবরের শেষ থেকে ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর গ্রিন্ডাভিকের উত্তর-দক্ষিণে একটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
খবর এএফপি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১১ নভেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৫১২ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১৪ বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম হেরোইন ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

‘পড়াশোনার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় অংশ নিতে হবে’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আগে ওষুধের দোকানে গ্যাসের ওষুধ, প্যারাসিটামল এসব বেশি বিক্রি হতো কিন্তু বর্তমানে ডিপ্রেশনের ওষুধ বেশি বিক্রি হচ্ছে। তাই পড়াশোনার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলায় অংশগ্রহণ মানুষকে শারীরিক সুস্থতার পাশাপাশি ডিপ্রেশন থেকে দূরে রাখে।
আজ শুক্রবার (১০ নভেম্বর) গুলশান সোসাইটি লেক পার্কে ঢাকা ফ্লো আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইয়োগা অ্যান্ড ওয়েলনেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণ মানুষকে শারীরিক সুস্থতার পাশাপাশি ডিপ্রেশন থেকে দূরে রাখে। বনানীতে আমরা আধুনিক খেলার মাঠ নির্মাণ করে দিয়েছি। আন্তর্জাতিক মানের ক্রিকেট পিচ রয়েছে এই মাঠে। কালশী ফ্লাইওভারের পাশে বালুর মাঠে ঢাকা শহরের সবচেয়ে বড় খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ করা হবে। আগারগাঁওয়ে যেখানে বাণিজ্য মেলা হতো, সেটিও খেলার মাঠ হবে।
আতিকুল ইসলাম বলেন, আমরা চাই সুন্দর সামাজিক বন্ধন ও একটি সুন্দর সমাজ। আমরা চাই সুস্থ সামাজিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। সামাজিক উৎসব আয়োজনের মাধ্যমে পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। বিভিন্ন সোসাইটি ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের প্রতি আমি আহ্বান করছি, একটি সুস্থ ও সুন্দর নগরী গড়তে সবাইকে সম্পৃক্ত করে সামাজিক উৎসব ও অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করুন। ডিএনসিসি এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে।
ডিএনসিসি মেয়র বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিনে গুলশানের সবার বাসায় বসে থাকার কথা ছিল কিন্তু আজ সবাই বাসা থেকে বেরিয়ে এ উৎসবে যোগ দিয়েছেন। সবাই সবার সঙ্গে পরিচিত হচ্ছেন। এই মিলনমেলার মাধ্যমে একটি বন্ধন তৈরি হয়েছে। শহরে দেখা যায়, প্রতিবেশীরা এক ভবনে দীর্ঘদিন ধরে বসবাস করেও কেউ কাউকে সেভাবে চেনেন না। নিজেদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তাই প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে বিভিন্ন সামাজিক উৎসব আয়োজন করতে হবে।
তিনি বলেন, জীবনে সফল হতে হলে শারীরিক ও মানসিক সুস্থতা জরুরি। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত এক্সারসাইজ, খেলাধুলা, মেডিটেশন, হেলদি ফুড, সুস্থ-সুন্দর বিনোদন এগুলো। যারা ব্যায়াম করে, ইয়োগা করে, খেলাধুলা করে, গান গায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আমি তাদের পছন্দ করি। কিন্তু যারা ক্ষমতা প্রয়োগ করে অবৈধভাবে মাঠ, পার্ক ও খাল দখল করে আমি তাদের অপছন্দ করি, আমি তাদের বিরুদ্ধে।
পরে মেয়র বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন খেলায় অংশ নেন।

বেশির ভাগ শিক্ষক কোচিং ব্যবসার সঙ্গে জড়িত : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা নতুন কারিকুলাম নিয়ে তথাকথিত আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ নোট-গাইড নিয়ে স্কুল পর্যায়ে কমিশনের মাধ্যমে বিক্রি করে। দুঃখজনক হলেও সত্যি এর সঙ্গে কিছুসংখ্যক শিক্ষক জড়িত।
আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, আন্দোলনকারীরা যে দাবিগুলো করছেন, তা একবারেই যৌক্তিক নয়। সংস্কারের নামে তাদের মূল উদ্দেশ্য হলো কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা।
ডা. দীপু মনি বলেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম রূপান্তরের। কারণ, আমরা একটি মুখস্ত বিদ্যার জগৎ পার হয়ে এসেছি। প্রযুক্তি এসেছে। এখনকার শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। আমরা সারা জীবন পিছিয়ে থাকব? নিশ্চিয় না। আমরা ২০৪১ সালে নতুন এক উন্নত জীবনের স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে মুখস্থনির্ভর নয়, আমাদের জেনে-বুঝে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে।
নতুন বছরে পাঠ্যবই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখনো আশাবাদী নতুন বছরে সময় মতো শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নূর খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অগ্নিসন্ত্রাস-অবরোধে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের আন্দোলনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাস-অবরোধে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় ইদানিং আবার সেই অগ্নিসন্ত্রাস আর অবরোধের নামে আন্দোলন শুরু হয়েছে। আমি জানি না এতে কার কতটুকু লাভ হচ্ছে। কিন্তু কিছু মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে।
আজ শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া অনুদান গ্রহণকালে তিনি এসব কথা বলেন। আসন্ন শীত-মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র প্রদানের জন্য এই অনুদান নেওয়া হয়।
তিনি বলেন, একজন মানুষ হয়তো কষ্ট করে সারাজীবনে একটা বাস (কেনেন), সেটা পোড়ালো। বাসের ভেতর হেলপার ঘুমিয়ে আছেন, সেই ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা। এই ধরনের ঘটনা কেন ঘটাচ্ছে আমি জানি না।
প্রধানমন্ত্রী বলেন, আমরা তো সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে, সেই ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩৩ সিট পেয়েছিল। বিএনপি পেয়েছিল মাত্র ৩০টা সিট। আর বাকিগুলো পায় অন্যরা। আমরা সরকারে এসেছি, এরপর ২০১৪, ২০১৮ সালের নির্বাচন। তখনো অগ্নিসন্ত্রাস এবং নানান ঘটনা। সেগুলো অতিক্রম করে প্রায় ১৫ বছর আমরা সরকারে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি ঠিক রাখতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এখন যেমন একটা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ছে, সেখানে আপনাদেরও একটু নজর দিতে হবে। আপনারা সহযোগিতা করবেন যেন আমাদের অর্থনীতি কোনোমতেই ক্ষতিগ্রস্ত না হয়।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের দেশে টাকা-পয়সা থাকলে সেটা দেশের জন্যও লাভ, আর নিজেদেরও একটা নিশ্চয়তা থাকে। সেই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। নিজের দেশটার দিকে আগে তাকাতে হবে। অনুরোধ করব সেই বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দেবেন।
গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।’
দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দরিদ্রের হার ৪১ শতাংশ থেকে ১৮ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছি। হতদরিদ্র ২৫ দশমিক ১ শতাংশ ছিল, সেটা আমরা ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছি। আগামীতে সেইটুকুও থাকবে না। দেশে হতদরিদ্র থাকবে না। একেবারে হতদরিদ্রদের বিনা পয়সায় খাবার, ওষুধ, চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। পাশাপাশি ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি।
এ সময় দেশের শীতার্ত মানুষের জন্য অনুদান প্রদান করায় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান সরকারপ্রধান।

এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে : ইসি আনিছুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
আজ শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা জানান।
নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আগামী এক সপ্তাহেই হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে।
দুই দিনের এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ইসি রাশেদা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, যখনই আমরা নিরপেক্ষতা হারিয়ে ফেলি, তখনই প্রশ্নের জন্ম হয়। জনগণের মধ্য থেকে শুরু করে প্রার্থী যারা থাকেন, প্রত্যেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ যেন সৃষ্টি না হয়। আপনারা আন্তরিকতার সঙ্গে সবাইকে সমান চোখে দেখে কাজ করবেন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আপনারা সবই জানেন, নির্বাচন কীভাবে করতে হয়। আমরাও জানি কীভাবে নির্বাচন করাতে হয়। এর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে বা একটু গ্যাপ (ঘাটতি) থাকে, সে বিষয়ে আলোচনা হতে পারে।

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বিএনপি গণতন্ত্রের শত্রু। জিয়াউর রহমানের আমলে হ্যাঁ-না ভোট হয়েছে। সব ভোটেই কারচুপি করেছে তারা। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
আজ শুক্রবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নিয়ামতপুরে বীরজোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুঃখজনক হলেও সত্য সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আসার আগে অনেকই পরিবারে ও সমাজে অমর্যাদা পেয়েছেন। এখন কেউ বয়স্কভাতা পান, কেউ বিধবাভাতা, কেউবা আশ্রয়ণের ঘর পেয়েছেন। মাথা গোজার ঠাঁই পেয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, বিশ্বের বুকে বাঙালিকে পরিচিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সাড়ে তিন বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পান। দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আগে মুশতাক ও জিয়ার ষড়যন্ত্রে সপরিবার হত্যা করা হয়।
পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গেন্দার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন এবং নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।

সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে আছে, যে প্রধানমন্ত্রী থাকবে তার অধীনেই নির্বাচন হবে।
আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌলস্ হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে আছে, যে প্রধানমন্ত্রী আছেন, তিনিই প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। তারা (বিএনপি) দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হবে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের, সেনাবাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর। তারা আইন প্রয়োগ করবেন। সবার নিকট গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেবেন। যারা এটার ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের আমরা বলতে চাই এটি আপনারা করতে পারবেন না।
তিনি বলেন, সারাদেশের মানুষ আমাদের পাশে আছে। জনগণকে নিয়ে আপনাদের মোকাবিলা করব। আগামী জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দর পরিবেশে ভোট হবে। দেশের জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।
মন্ত্রী বলেন, বিএনপি প্রতিদিন হরতাল-অবরোধ দিচ্ছে। তারা গাড়িতে আগুন দেয়। আন্দোলন করে, সমাবেশ করে মিছিল করে, গাড়িতে কেন আগুন দেয়? যারা আগুন-সন্ত্রাস করে তারা মানুষের শত্রু। দেশের ও গণমানুষের শত্রু। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে তা দমন করবে। বিএনপি গনতন্ত্র ও রাজনীতির নামে গাড়িতে ও বাড়িতে আগুন দেয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদেন ছাড় দেবে না। আমরা মানুষকে শান্তি দিতে চাই।
শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সেন্ট পৌলস্ ক্যাথলিক গির্জার পাল পুরোহিত ফাদার লরেন্স সি এস সি, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খ. আব্দুল গফুর মন্ট প্রমুখ। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ১২০ জন চিকিৎসক প্রায় ৬ হাজার রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।