বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে মানুষ পুড়িয়ে মারা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন জনগণের উন্নয়ন হয়। দুর্ভাগ্যের বিষয় বিএনপি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা। মানুষ খুন তাদের একমাত্র গুণ। বিএনপি-জামায়াতের আর কোনো গুণ নেই।
আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ২৮ অক্টোবরের সহিংসতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি মানেই সন্ত্রাসী কার্যক্রম। তাদের কাজই হলো মানুষ খুন। ২৮ অক্টোবর তারা কীভাবে পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করেছে তা আপনারা দেখেছেন। সাংবাদিকরা তাদেরই সংবাদ সংগ্রহ করতে গেছে, তাদেরও ছেড়ে দেয়নি। রাজারবাগ পুলিশ হাসপাতালেও আক্রমণ করেছে। তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে, পুড়িয়েছে। এদের মধ্যে মনুষত্ববোধও নেই। উত্তরবঙ্গে দেখলাম অন্তঃসত্ত্বাবাহী একটি অ্যাম্বুলেন্সও পুড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, তারা ২০১৩ সালেও একই কাজ শুরু করেছিল। হাজার হাজার অফিস-আদালত, গাড়ি পুড়িয়েছিল তখন। কিন্তু তারা নির্বাচন ঠেকাতে পারেনি, জনগণ প্রতিরোধ করেছিল। আজও আপনাদের কাছে আমার আহ্বান, সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে প্রতিহত করুন।
শেখ হাসিনা বলেন, আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি, যারা আগুন দিতে যাবে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। যারা এভাবে আগুন দিয়ে মানুষ মারে তাদের কখনো ছাড় দেওয়া হবে না।
সরকারপ্রধান বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ইহুদিরা হাসপাতালেও হামলা চালিয়েছে। বিএনপির লোকেরা বোধহয় ইসরায়েলিদের কাছ থেকে শিক্ষা নিয়েছে। ওরা বাংলাদেশের ধ্বংস চায়। ওদের চরিত্র কোনো দিন পাল্টাবে না।
খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি বলেন, একজন তো এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত। আরেকজন ২০০৭ সালে মুচলেকা দিয়ে বলেছিল আর কোনোদিন রাজনীতি করবে না। এখন লন্ডনে বসে বসে যত টাকা দুর্নীতি ও চুরি করেছিল, সেই টাকা খরচ করে আর আগুন জ্বালিয়ে মানুষ মারে।
গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, যারা এই আন্দোলন করছে, তাদের কাছে আমরা প্রশ্ন- আমি প্রথমবার ক্ষমতায় এসে দেখি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮০০ টাকা, আমি করেছিলাম ১৬০০ টাকা। খালেদা ক্ষমতায় এসে এক পয়সাও বাড়ায়নি। পরের বার সরকারে এসে প্রথমে করলাম, ৩২০০, দ্বিতীয় দফায় ৫৩০০, তৃতীয় দফায় ৮২০০ আর এবার করলাম ১২৫০০ টাকা।
শেখ হাসিনা বলেন, হ্যাঁ, দ্রব্যমূল্য বেড়েছে, মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতি বেড়েছে বলে সরকারি চাকুরেদের জন্য ৫ পার্সেন্ট, আর গার্মেন্টস শ্রমিকদের বাড়িয়েছি ৫৬ পার্সেন্ট। কিন্তু তা সত্ত্বেও গার্মেন্টস শিল্পে এই ধ্বংস কেন, কারা করছে এসব, তাদের খুঁজে বের করা দরকার।
শেখ হাসিনা বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষ যদি ভালো থাকে সেটাই আমার পাওয়া। বাংলাদেশের জনগণই আমার পরিবার। জনগণকে পরিবার হিসেবে আমি আপন করে নিয়েছি। তাই তাদের কল্যাণের জন্য আমি কাজ করে যাচ্ছি।
জনগণের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আপনারা বারবার আমাদের ভোট দিয়েছেন। ভোট দিয়ে আপনাদের সেবার করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর সেই সুযোগটা দিয়েছেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বদলে যাওয়া বাংলাদেশ।

সেমিফাইনালে জিতেছি, ফাইনালেও জিতব : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রূপসা পাড়ে খেলা হবে, সুন্দরবনে খেলা হবে, সারা বাংলায় খেলা হবে। এখন সেমিফাইনাল খেলা চলছে, এখানে আমরা জিতেছি। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে, সে খেলায়ও আমরা জিতব।
আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনার জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আল্লাহ যার সঙ্গে থাকেন, তাকে কোনো অপশক্তি হটাতে পারে না। শেখ হাসিনাকেও কোনো অপশক্তি হটাতে পারবে না।
তিনি বলেন, ২৮ অক্টোবর তারিখে সরকার হটানোর জন্য বিএনপিসহ অপশক্তির ফাড়া শেখ হাসিনা কাটিয়ে উঠেছেন। তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। শেখ হাসিনার ওপর আস্তা রাখুন তিনি আপনাদের সঙ্গে থাকবেন।
তিনি বলেন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে। আমাদেরকে সাহস নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা ছাড়া হবে না। এই দুষ্কৃতকারীদের আমরা ক্ষমা করবো না।

রাজনীতিতে ফিরলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

আবারও রাজনীতিতে ফিরলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে ফিনান্সিয়াল টাইমস।
ব্রিটিশ রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। হঠাই করেই ব্যাপক রদবদল হয়েছে ঋষি সুনাকের মন্ত্রিসভায়। সেই রদবদলের অংশ হিসেবেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুযোগ পেয়েছেন ডেভিড ক্যামেরন।

মেসির ঝুলিতে যুক্ত হলো আরও এক পুরস্কার

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি বলেছিলেন, তার আর কিছু চাওয়া-পাওয়ার নেই। কিন্তু মেসি না চাইলেও অর্জন ধরা দেয় তার হাতে। একের পর এক পুরস্কার জিতেই চলছেন আর্জেন্টাইন তারকা। এবার মেসির ঝুলিতে যুক্ত হলো আরও একটি পুরস্কার।

২০২৩ মৌসুমে ইন্টার মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। ২০২৩ মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এর কিছুদিন আগেই ক্যারিয়ারের রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি।
এর আগেও মায়ামির হয়ে এমভিপি পুরস্কার জিতেছিলেন এক আর্জেন্টাইন। লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন এই পুরস্কার জিতেছেন একবার। এ ছাড়া লুইস মরগান একবার দখল করেছেন ক্লাবটির এই মর্যাদার পুরস্কার।
চলতি বছরের মাঝপথে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। জুলাইয়ে তাকে দলে ভেড়ায় মায়ামি। প্রথম থেকেই মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে দুর্দান্ত ছিলেন মেসি। ক্লাবের হয়ে প্রথম ১৪ ম্যাচে করেছেন ১১ গোল, আরও ৮ গোলে আছে সহায়তা।
মেসির এই নৈপূণ্যে ভর করে ইন্টার মায়ামি পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা লিগস কাপ। এই শিরোপা জয়ের পথে টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেন মেসি। তাতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন তিনি।

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন

একাদশ জাতীয় সংসদের ১১১ নম্বর পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন শপথ নিয়েছেন।
আজ সোমবার (১৩ নভেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও মো. মহিব্বুর রহমান উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচনের সরঞ্জাম ডিসিদের ট্রেজারিতে রাখার নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব সরঞ্জাম ও মালামালসহ অন্যান্য উপকরণ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ট্রেজারিতে রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পক্ষ থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৩ নভেম্বর) ইসির ক্রয় ও মুদ্রণ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন নির্দেশনাটি পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রসহ প্রাথমিক নির্বাচনী সামগ্রী যেমন- মনোনয়নপত্র, মনোনয়ন ফরম পূরণের নির্দেশিকা, আচরণ বিধিমালা, জামানত বহি, রশিদ বহি, প্রতীকের পোস্টার, নির্বাচনী ব্যয়ের রিটার্ন ইত্যাদি এবং নির্বাচনী দ্রব্যাদি যেমন- অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, হেসিয়ান ব্যাগ (বড়), হেসিয়ান ব্যাগ (ছোট) এবং স্বচ্ছ ব্যালট বাক্সের সিল (লক) গত ০৩ ও ০৪ নভেম্বর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরবরাহ করা হয়েছে।
নির্বাচনী দ্রব্যাদি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সার্বক্ষণিক নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করতে সংশ্লিষ্ট নির্বাচন অফিসকে নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।
এ ছাড়া একাদশসহ অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র, ম্যানুয়েল ও অন্যান্য অব্যবহৃত ফরম যদি মাঠ পর্যায়ের বিভিন্ন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকলে সেগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার না করে অকার্যকর করে আলাদাভাবে রাখার জন্য তার আওতাধীন অফিসকে নির্দেশও দিয়েছে সংস্থাটি।

বিএনপির চলমান অবরোধে জনগণের অংশগ্রহণ নেই : জয়

প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সুনামগঞ্জ জেলা বিএনপি শাখার সভাপতি কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে বিএনপির একটি সমাবেশ থেকে মিডিয়াতে প্রচারিত অন্তত দুটি বাস ভাঙচুরের ভিডিও তুলে ধরে চলমান অবরোধে জনগণের অংশগ্রহণ না করার বিষয়ে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
সমকালের ধারণকৃত ও প্রচারিত ভিডিও অনুযায়ী ৮ নভেম্বর বিএনপি নেতা কলিমের নেতৃত্বে কয়েকজন মদনপুর অবরোধ করে। তারা লাঠিসোঁটা ও রড নিয়ে সিলেট মহাসড়কের মোড় অবরোধ করে এবং ভাঙচুর চালায়। ভাঙচুরের সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামকেও লাঠি হাতে দেখা গেছে।
সজীব ওয়াজেদ তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেল (পূর্বে টুইটার) থেকে এই ধরনের মিডিয়া প্রতিবেদন সংকলন করে একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সুনামগঞ্জে তাদের আকস্মিক উপস্থিতিতে আতঙ্কিত হয়ে মোড়ের দোকানদাররা তাদের দোকান-পাট বন্ধ করে দেয়। এসময় তারা লাঠিসোঁটা ও রড নিয়ে একটি বাস ভাঙচুর করে। পালাক্রমে হামলায় আরেকটি সিএনজি চালিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুরের সময় ও পরে ‘অবরোধ চলবে’, ‘জ্বালো, জ্বালো’, ‘জিয়ার সৈনিক’ স্লোগান দেওয়া হয়।
পরে বিএনপির সাবেক সংসদ সদস্য মিলন হামলাকারীদের স্বাগত জানান এবং একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন যেখানে তিনি কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন।
ভিডিওতে প্রায় ২০ জন লোকের উপস্থিতির দিকে ইঙ্গিত করে, সজীব ওয়াজেদ লিখেছেন ‘বক্তৃতা চলাকালীন, তিনি দাবি করেন যে অবরোধে দেশবাসীর সমর্থন রয়েছে। কিন্তু মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওটিতে দেখা যায় যে এতে কোনো গণ অংশগ্রহণ ছিল না, শুধুমাত্র তার ২০ জন অনুগত ক্যাডারে একটি দল ছিল।’
আরও সহিংসতা চালাতে বললে একই দলটি আরেকটি বাস ভাংচুর করে এবং পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এদিকে সন্ধ্যার পর জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন কাদের আসাদের নেতৃত্বে অগ্নিসংযোগকারীদের একটি দল অবরোধ কার্যকরের আহ্বান জানিয়ে আরেকটি ঝটিকা সমাবেশ করে। ভিডিও অনুসারে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার রিপোর্টের মধ্যে তাদের আগুনের লাঠি বহন করতে দেখা যায়, যা পথচারীদের মধ্যে আতঙ্কের অনুভূতি সৃষ্টি করে।
সূত্র : বাসস

নির্বাচন ভন্ডুলে আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আবার নতুন করে বিদেশি বেনিয়াদের, সাম্রাজ্যবাদী শক্তির খপ্পরে পড়ে বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম করা হচ্ছে। কিন্তু তবে তা হতে দেয়া হবে না।
প্রতিমন্ত্রী রোববার দিনাজপুরের বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত যুব ও তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অবরোধ দেয়া হচ্ছে, এই অবরোধ বাংলার মানুষ মানে না।’ কেউ নির্বাচন ভন্ডুল করতে পারবে না। সব জায়গায় একই স্লোগান, নৌকা, নৌকা।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাম্রাজ্যবাদী শক্তিরা বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইরাক বানাতে চায়। ওই দেশগুলোতে যে অবস্থা এখন সেরকম অবস্থা এদেশেও তৈরী করতে চায়। আমরা দেখেছি, মানবতা যখন মুখ থুবড়ে পড়েছে, ওই ফিলিস্তিনে নারী-শিশুদের হত্যা করার মধ্য দিয়ে। কিন্তু সেখানে মানবতার কথা বলা হয় না। এদেশে এসে মানবতার কথা বলা হয়।
তিনি বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা এককালে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে। সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাকে পরাজিত করেছে। সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে ছোবল মারতে চায়। বাংলাদেশকে কলোনীতে পরিণত করতে চায়। এটা হতে দেয়া যাবে না।
২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া হয়েছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সড়কের গাছ কেটে ফেলা হলো, বাংলাদেশকে সন্ত্রাসের জনপদ তৈরীর চেষ্টা করা হলো। আমরা দেখলাম, খালেদা জিয়া ২০১৫ সালে ৯৩ দিন হরতাল অবরোধ দিয়ে দেশের কৃষকদের হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু তার বিরুদ্ধে দেশের মানুষ দাঁড়িয়েছিল, সেই অবরোধ সফল হয়নি।
বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকে যুবকরা, তরুণরা মনে করে, বাংলাদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ। তারা নিজেদের কর্মক্ষম করে গড়ে তুলতে নিজেদের তৈরী করছে।
বিরল উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সবুজার সিদ্দিকি সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ১৭ হাজার ৯৪৬টি ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫৩ গ্রামের ১৭ পুরিয়া হেরোইন ও ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।

সিরিয়ার ইরানের দুই স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন বাহিনীর ওপর হামলার কারণে সিরিয়ার ইরানের দুটি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের বিরুদ্ধে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনায় অব্যর্থ হামলা চালিয়েছে।
অস্টিন আরও বলেছেন, পর্যায়ক্রমে আলবু কামাল এবং মায়াদিন শহরের কাছে প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য স্থাপনায় এ হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের ওপর হামলা থেকে বিরত রাখতে এ আক্রমণ চালানো হয়। গত ১৭ অক্টোবর থেকে এ দুটি দেশে ৪৫রও বেশি মার্কিন সৈন্য নিহত এবং বেশ কিছুসংখ্যক আহত হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের কারণে সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর ওপর এ হামলা আরও জোরদার হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান রোধের চেষ্টায় ইরাকে প্রায় আড়াই হাজার এবং সিরিয়া ৯০০ সৈন্য মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র।