বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

জার্মানিতে প্রায় অর্ধকোটি মানুষ জুয়ায় আসক্ত

সরকারি প্রতিবেদন বলছে, জার্মানিতে ৪৬ লাখ মানুষ জুয়ায় আসক্ত অথবা আসক্তির ঝুঁকিতে। প্রতিবেদন প্রকাশের পর জার্মান সরকারের এক মন্ত্রী জুয়ায় কিছুটা কড়াকড়ি আরোপের প্রস্তাব করেছেন।
সোমবার জার্মানির কেন্দ্রীয় মাদক কমিশনার বুরখার্ড ব্লিয়েনার্ট প্রতিবেদনটি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, প্রায় ১৩ লাখ জার্মান জুয়ায় পুরোপুরি আসক্ত এবং আরো ৩৩ লাখ আসক্তির পথে।
‘গ্যাম্বলিং অ্যাটলাস’ শীর্ষক ওই প্রতিবেদনটি ২০২১ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছে, জার্মানির ৩০ ভাগ প্রাপ্তবয়স্ক জুয়া খেলেন। ৭.৭ ভাগ প্রাপ্তবয়স্ক মাত্রাতিরিক্ত জুয়া খেলার ফলে আর্থিক, সামাজিক ও স্বাস্থ্য সংকটে ভুগছেন।
‘‘জুয়া খেলে খুশি হচ্ছেন এমন ঘটনা বিরল,’ বলেন কমিশনার ব্লিয়েনার্ট।
তরুণদের মধ্যে ঝুঁকি বেশি
প্রতিবেদনটি বলছে, ২১ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ও যুবকদের মাঝে জুয়ায় আসক্ত হবার প্রবণতা বেশি। একই সঙ্গে তারা মানসিক সমস্যা ও উচ্চ মাত্রায় অ্যালকোহলে আসক্তও হচ্ছেন।
প্রতিবেদনে জুয়া খেলাকে ‘অতিমাত্রার ও ধংসাত্মক অংশগ্রহণ’ বলে উল্লেখ করা হয়, কারণ জুয়াড়িরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারান এবং বারবার খেলতে থাকেন। তাদের এই আসক্তি অন্যদের কাছে লুকান এবং সমাজ থেকে আলাদা হয়ে পড়েন।
জুয়ার ঝুঁকিতে অভিবাসীরাও আছেন বলে মনে করেন বিশ্লেষকেরা। তারা বলছেন, অভিবাসীরা যেসব ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তা ভুলতে তারা এতে জড়িয়ে পড়তে পারেন। এ ছাড়া জার্মানিতে তারা নিজেদের বিচ্ছিন্ন মনে করলে এবং আর্থিক সংকটও এক্ষেত্রে নিয়ামকের ভুমিকা পালন করতে পারে।
সূত্র : ডয়চে ভেলে

এসপি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। একই সঙ্গে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বাকি ১৪ কর্মকর্তাকে পুলিশের অন্য ইউনিটে বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।
নড়াইল জেলার পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, ডিএমপির মোহা. মেহেদী হাসানকে নড়াইল জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে এবং ডিএমপির আর. এম ফয়জুর রহমানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে শি জিনপিং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে বসার জন্য ছয় বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের পর যুক্তরাষ্ট্রে চলমান এশিয়া প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন ফোরামের বৈঠকে যোগ দেবেন তিনি।
চীনের সংবাদ মাধ্যম সিজিটিএন জানিয়েছে, গতকাল (১৪ নভেম্বর) স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি শেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ২০১৭ সালে।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি বৈঠকে অংশ নেবেন এবং সান ফ্রান্সিসকোতে চলমান ৩০তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে অর্থনৈতিক নেতাদের বৈঠকে যোগ দেবেন। পরে তিনি মার্কিন শিল্পপতিদের সঙ্গে একটি নৈশভোজে মিলিত হবেন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, বাইডেন এবং শি জিনপিং এর আলোচনায় ইয়রায়েল-হামাস এবং রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গ উঠে আসবে। এই দুই ক্ষেত্রের জন্যই যুক্তরাষ্ট্রের মনোভাব স্পষ্ট করবেন বাইডেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছিলেন, তিনি চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান। দুই দেশের মধ্যে সেনাসহ সব পর্যায়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চান।
প্রায় এক বছর পর বাইডেনের সঙ্গে শি এর মুখোমুখি বৈঠক হবে। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক এখন খুবই খারাপ, দুই দেশের মধ্যে সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে, অনেক বিশেষজ্ঞই মনে করছেন, বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যাচ্ছে এই দুই দেশ।

আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান

আল-শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে হাসপাতালে থাকা রোগী, চিকিৎসক, বাস্তুচ্যুতসহ প্রায় সাড়ে সাত হাজার লোক ঝুঁকি এবং বিপদে পড়েছে। এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে, গাজায় গণহত্যা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বেশ কয়েক দিন অবরুদ্ধ রাখার পর গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বেশ কয়েকটি এক্স পোস্টের মাধ্যমে আল-শিফা হাসপাতালে তাদের প্রবেশ করার কথা জানিয়েছে।
তারা জানায়, হাসপাতালের ভেতরে থাকা হামাসের সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য তারা সেখানে প্রবেশ করছে। তবে হাসপাতালে তাদের কোনো যোদ্ধা নেই বলে জানিয়েছে হামাস।
হাসপাতালটির কর্মীদের তথ্যানুসারে, হাসপাতালে এখনো ৬৫০ জন রোগী রয়েছেন। আর পাঁচ থেকে সাত হাজারের মতো বাস্তুচ্যুত মানুষ ইসরায়েলি স্নাইপার ও ড্রোন হামলার কারণে হাসপাতালের ভেতরে আটকা পড়েছে। এ ছাড়া এক হাজারেরও বেশি চিকিৎসাকর্মী ভেতরে আটকা পড়েছে; তবে তারা জ্বালানি ও ওষুধ সংকটের কারণে রোগীদের কোনো চিকিৎসা দিতে পারছেন না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
পাশাপাশি, জাবালিয়া রিফিউজি ক্যাম্পের ১২টি বাড়ি লক্ষ্য করে ভোরে এ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গত কয়েক দিন ধরে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল হামলা জোরদার হওয়ার পর থেকে গাজার উত্তরাঞ্চলে সংঘাতের তীব্রতা বেড়েছে।
এদিকে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ইসরায়েল-হামাস যুদ্ধের একটি বিকল্প বলে মন্তব্য করায় ইসরায়েলি ঐতিহ্যবিষয়ক-মন্ত্রীর নিন্দা জানিয়েছে চীন, ইরান ও কয়েকটি আরব দেশ। তারা এ মন্তব্যকে বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছে।
আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভার দুই সদস্যের বিরুদ্ধে গাজা উপত্যকায় গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার জন্য মামলা করা হয়েছে। নিউইয়র্কের নাগরিক স্বাধীনতা গোষ্ঠী সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের দায়ের করা মামলাটির অন্য দুজন হলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

ঢাকাসহ সারাদেশে ২১১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। এজন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বেশ কিছু পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
অন্যদিকে দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধ ঘিরে যেকোনো নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সড়কে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। এরপর বিরতি দিয়ে দিয়ে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। গত ১৪ নভেম্বর এক দিনের বিরতি দিয়ে ১৫ নভেম্বর সকাল ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।
অন্যদিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। দেশব্যাপী চলমান অবরোধ ও পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে সরকার।

ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের পিচ পরিবর্তনের অভিযোগ!

চলতি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আর সব ক্রিকেটপ্রেমীর এই ম্যাচে আলাদা নজর থাকবে। শক্তির বিচারে রোহিত শর্মার দল এগিয়ে থাকলেও সেমিতে চমক দেখাতে চায় কিউইরা। বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
তবে এমন হাইভোল্টেজ ম্যাচের আগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বিপক্ষে অভিযোগ উঠেছে উইকেট বা পিচ পরিবর্তন করে দেওয়ার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। এই প্রতিবেদনটি করেছেন ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ।
এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসির অনুমতি না নিয়েই উইকেট পরিবর্তন করেছে বিসিসিআই।
গণমাধ্যমটির দাবি, ভারতের স্পিনার কুলদ্বীপ যাদব-রবীন্দ্র জাদেজারা যেন পুরো সুবিধা পান, সেই কারণেই নাকি এই ব্যবস্থা করে দিচ্ছে বিসিসিআই।
সেমির ম্যাচের জন্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৭ নম্বর উইকেট পূর্বনির্ধারিত ছিল। তবে এখন সেটা বাদ দিয়ে নাকি ৬ নম্বর উইকেটে খেলবে ভারত-নিউজিল্যান্ড! এর আগেও এই উইকেটে দুটি ম্যাচ হয়েছে। সেখানে খেলেছে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা এবং ভারত-শ্রীলঙ্কা। অন্যদিকে ৭ নম্বর উইকেটে এখনও খেলাই হয়নি।
এবারের বিশ্বকাপে কনসালট্যান্ট অ্যান্ডি অ্যাটকিনসনের তত্ত্বাবধানে উইকেট প্রস্তুত করা হয়েছে। জানা গেছে, ভিন্ন উইকেটে সেমিফাইনাল পরিচালনা নিয়ে অ্যাটকিনসনকেও কিছু জানানো হয়নি। এটা নিয়ে খেপেছেন অ্যাটকিনসনও।
এদিকে উইকেট বদলের পেছনে বিসিসিআই আঙুল তুলেছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) দিকে।
তবে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দাবি, তারা বিসিসিআইয়ের কথা মতোই সব করছে এবং ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে সরাসরি এসব অনুরোধ এসেছে।
অ্যাটকিনসনের পাঠানো মেইলের কিছু অংশ প্রকাশ করেছে মেইল অনলাইন।
সেখানে তিনি লেখেন, এসব কাজের কারণে অবশ্যই এটা ভাবার সুযোগ আছে যে এটাই কি প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, যেখানে পিচ বিশেষভাবে পছন্দ ও প্রস্তুত করা হয় টিম ম্যানেজমেন্ট কিংবা আয়োজক দেশের বোর্ডের উচ্চস্তরের অনুরোধে
তিনি যোগ করেন, কিংবা ব্যাপারটা কি এমন হবে যে মুখোমুখি হওয়া দুই দলের কারও প্রতি সম্পূর্ণ পক্ষপাতহীন থেকে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে (উইকেট) বাছাই ও প্রস্তুত করা হবে, কারণ উপলক্ষর (ম্যাচ) জন্য এটাই আদর্শ পিচ?
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক মুখপাত্র এ নিয়ে বলেছেন, আইসিসির স্বাধীন পিচ কনসালট্যান্ট আয়োজকদের সঙ্গে এবং ভেন্যুতে পিচের প্রস্তাবিত বরাদ্দ নিয়ে কাজ করছেন। আর এত দীর্ঘ পরিসরের একটি ইভেন্টে এটি চলমান প্রক্রিয়া।

গাজা ইস্যুতে জো বাইডেনের বিরুদ্ধে মামলা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধে ব্যর্থতা এবং এই বর্বরতায় উল্টো প্ররোচনা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে আসামি করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও।
সোমবার ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে নিউইয়র্কভিত্তিক নাগরিক স্বাধীনতা গ্রুপ সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)।
ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা, গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা এবং অবরুদ্ধ উপত্যকায় থাকা মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি দায়ের করেছে সিসিআর।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এরপর থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে এ পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এই সংঘাতে ইসরাইলকে অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
বাইডেন ও দুই মন্ত্রীর নামে মামলার এজাহারে বলা হয়েছে, ইসরাইলি সরকারের অনেক নেতা পরিষ্কারভাবে গণহত্যার অভিপ্রায় প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনিদের ‘মানব জন্তু’ বলাসহ বিভিন্ন অমানবিক চরিত্রাঙ্কন করেছেন।
এই বিবৃতিগুলোকে যদি ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞের সঙ্গে মেলানো হয়, তাহলে এটি ‘গণহত্যার সুস্পষ্ট প্রমাণ’ হয়ে ওঠে।

বিশ্বকাপে কোহলিকে শুভকামনা জানালেন থমাস মুলার

ক্রিকেট বিশ্ব বর্তমানে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জোয়ারে ভাসছে। তবে এই জোয়ার প্রায় শেষের দিকে। রাউন্ড রবিন লিগে শেষে এখন শুরু হবে নক আউট পর্ব। এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিক ভারত। সেই সঙ্গে দলটা অন্যতম প্রাণভোমরা বিরাট কোহলি আছেন বিশ্বকাপে নিজের সেরা ছন্দে। তার দল এবারের আসরের অন্যতম শিরোপার দাবিদার। এরই মাঝে ভারত ও কোহলিকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন জার্মানি ফুটবল দলের ২০১৪ ফুটবল বিশ্বকাপ জয়ী ফুটবলার থমাস মুলার।
এই বিশ্বকাপ জয়ী ফুটবলারের দেশে ক্রিকেটের চর্চা নেই বললেই চলে। সেই দেশের তারকা ফুটবলার এবার গায়ে জড়িয়েছেন ভারতের ক্রিকেট দলের জার্সি। বিরাটকে উদ্দেশ্য করে লিখেছেন আলাদা বার্তা। জার্মান ফুটবলের রমডয়টার বা ছায়া মানব হিসেবে খ্যাতি পাওয়া মুলার শুভকামনাও জানিয়েছেন ভারতের প্রতি। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে পাঠানো জার্সিতে তার ছবিও বেশ আগ্রহ জাগিয়েছে সাধারণের মনে।
ভারতের পক্ষ থেকে থমাস মুলারের কাছে এই জার্সি গিয়েছে উপহার হিসেবে। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে উপহার পেয়ে ভিডিও প্রকাশ করেছেন মুলার। উপহারের বাক্সে মুলারের নাম সম্বলিত একটি জার্সি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট দল। জার্সিটি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মুলার সেটি গায়ে দিয়ে ভারতীয় ক্রিকেট দলকে ধন্যবাদও জানান।
ভিডিওর ক্যাপশনে মুলার লিখেছেন, “এটা দেখো বিরাট কোহলি। জার্সিটির জন্য ভার‍তীয় ক্রিকেট দলকে অনেক ধন্যবাদ। ক্রিকেট বিশ্বকাপের জন্য অনেক শুভকামনা।”
মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সূত্রেই মুলার আর ক্রিকেটকে এক সুতায় বেঁধেছে। মুলারের ক্লাব বায়ার্ন মিউনিখ ও ভারত জাতীয় ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস। স্বাভাবিকভাবেই তাই অ্যাডিডাসের হাত ধরে ভারতের জার্সি চলে যায় জার্মান ফুটবলারের কাছে।
রাউন্ড রবিন লিগের সবগুলো ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। বুধবার (১৫ নভেম্বর) প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত।

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার (১৫ নভেম্বর) ভোর ৫ টা ৩৫ মিনিটে দেশটির আফগান সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে।
এর আগে গত মার্চে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাক্কি মারওয়াতসহ প্রায় পুরো পাকিস্তানে কম্পন অনুভূত হওয়ার পাশপাশি অন্তত ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই ভূমিকম্প।

হামাসের পার্লামেন্ট ভবন দখলে, দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পার্লামেন্ট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নিজেদের দখলে নেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এই দাবির পক্ষে একটি ছবিও প্রকাশ করেছে।
ছবিতে দেখা গেছে ভবনের ভেতরে ইসরায়েলের পতাকা হাতে বিজয়ের হাসি হাসছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) সেনারা। এএফপি এ খবর জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সামরিক ইউনিটগুলো হামাসের পার্লামেন্ট, বিভিন্ন সরকারি ভবন, পুলিশ সদর দফতর এবং অস্ত্র উৎপাদন ও উন্নয়নে নিয়োজিত একটি স্থাপনা দখল করেছে।
ইসরায়েলের এমন দাবির বিষয়ে হামাসের কোনও মন্তব্য জানা যায়নি। মঙ্গলবার হামাসের পক্ষ থেকে তাদের হাতে বন্দি থাকা এক ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গাজা সিটির ইজলিন ও রিমাল এলাকায় সামরিক কাজে ব্যবহৃত সরকারি স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলি সেনারা গভর্নরের বাসভবনেও অভিযান চালিয়েছে। তাদের দাবি, এই ভবনে হামাসের সামরিক, গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তারা অবস্থান করছিলেন।