বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই : ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। আর নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেলো তা থামানোর ক্ষমতা বিএনপির নেই।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সংলাপ বিষয়ে সিইসির বক্তব্য প্রশ্নে কাদের বলেন, ডোনাল্ড ল্যু আর সিইসির সংলাপের কথা এক নয়।
দলের নির্বাচনি কার্যক্রম প্রশ্নে সাধারণ সম্পাদক বলেন, ১৭ নভেম্বর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওইদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।

গাজায় সাময়িক সংঘাত বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

মানবিক দিক বিবেচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস হয়েছে। সংঘাত শুরুর প্রায় দেড় মাসের মাথায় এই প্রস্তাব পাস হলো।
বুধবার (১৫ নভেম্বর) গাজায় মানবিক দিক বিবেচনায় সাময়িক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দেয় মাল্টা। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য ভোট দিয়েছে। প্রস্তাবের বিপক্ষে কেউ ভোট দেয়নি। তবে রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। এছাড়া পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে কেউ ভেটো দেয়নি।
মাল্টার দেওয়া প্রস্তাব অনুযায়ী, বেশ কয়েক দিনের জন্য গাজা উপত্যকায় সংঘাত বন্ধ ও করিডর খোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তাদের সহযোগীদের পূর্ণাঙ্গ, দ্রুত, নিরাপদ ও বাধাবিহীন চলাচলের নিশ্চয়তা দিতে বলা হয়েছে। এছাড়া গাজায় হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
এর আগেও গাজা যুদ্ধ নিয়ে চারবার বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। তবে এতদিন ইসরায়েলি মিত্র যুক্তরাষ্ট্রের বাধায় কোনো প্রস্তাব পাস হয়নি।

সাগরে নিম্নচাপ, সেন্টমার্টিনে আটকা পড়েছে ৪ শতাধিক পর্যটক

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে সমুদ্র বন্দরসমুহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বর্তমানে চার শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন। তারা সকলেই সেখানে আটকা পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজারসহ দেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সেন্টমার্টিন ও টেকনাফে বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া গুমোট হয়ে ছিল। সাগর ক্রমেই উত্তাল হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, আবহাওয়ার সতর্ক সংকেতের বার্তা জাহাজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ জাহাজঘাটের ইজারাদারের উশুল আদায়কারী সূত্র জানায়, টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কেয়ারি সিন্দাবাদে ১৩২ জন, আটল্যান্টিকে ৮৯ ও এমভি বার আউলিয়া করে ২৯৮ জন পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গেছেন। পরে জাহাজে করে বিকেল ৩টায় তিন শতাধিক পর্যটক ফেরত আসলেও অন্যরা দ্বীপে রয়ে গেছেন। আগের দিন মঙ্গলবার বেড়াতে গিয়ে রাতযাপনের জন্য ছিলেন দেড় শতাধিক পর্যটক। ফলে দ্বীপে এখন চার শতাধিক পর্যটক অবস্থান করছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, হঠাৎ করে আবহাওয়ার সতর্ক সংকেত জারি হওয়ায় পর্যটকেরা আটকা পড়েছেন। বুধবার বিকাল থেকে আবহাওয়া গুমোট হয়ে আছে। সাগর ধীরে ধীরে উত্তাল হচ্ছে। সন্ধ্যার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল।
কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক (হিসাব) মো. শাহ আলম ও এমভি বার আউলিয়া জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, বর্তমানে এ নৌপথে চারটি জাহাজ চলাচল করে। অবরোধের কারণে পর্যটক কমে যাওয়ায় দৈনিক তিনটি জাহাজ চলাচল করছিল। বর্তমানে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পর্যটক পরিবহন বন্ধ রেখেছে।
ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কসংকেত জারি করায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিনগামী জাহাজ, স্পিডবোট, কাঠের বোট বা যেকোনো জলযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত সব পর্যটককে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

১৭ নভেম্বর থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

এ সময় তিনি বলেন, আগামী ১৭ নভেম্বর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে ঢাকা জেলা অফিসে। সেখানেই মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরপরই ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
জাতীয় পার্টির অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা, বা কে কার সঙ্গে যাবে, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। জাতীয় পার্টি সম্পর্কে শেষ বিষয়টা শুনতে আরও সময় লাগবে। একটু অপেক্ষা করেন, ভেতরের অনেক খবর আছে।
বিএনপির তফসিল প্রত্যাখ্যান ও হরতাল নিয়ে একাধিক প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতাল এখন ভয়তাল হয়ে গেছে। এটা মরচে ধরা হাতিয়ার। যে ট্রেন ছেড়ে গেলো, সে ট্রেন থামানোর কোনও ক্ষমতা তাদের নেই। তবে সে ট্রেনে তারা না উঠলে আমরা কী করবো? নির্বাচনি ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না। ট্রেন ছাড়লে তো আর থামে না। থেমে থাকবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হচ্ছে, আমাদের এর বিকল্প কী করার আছে?

সংলাপ নিয়ে সিইসির প্রস্তাবের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে, তফসিল ঘোষণা হয়ে গেছে। এই সময়ে কবে আপনি বাংলাদেশের শতাধিক দলের সঙ্গে সংলাপ করবেন? কবে নির্বাচন করবেন? ডোনাল্ড ল্যু আর সিইসির সংলাপের কথা এক নয়।
তফসিলকে স্বাগত জানিয়ে ওবাদুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, গণতন্ত্রণকামী বাঙালির জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের একটি ঐতিহাসিক দিন। এরমধ্যে জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটেছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং চলমান অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সংবিধান অনুযায়ী সময়মত নির্বচানের কোনও বিকল্প নেই। আমরা দেশের সকল ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করে ভোট প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়াল

দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের প্রাণহানি ঘটেছে জ্বরটিতে। এর মধ্যে ঢাকায় ১৩ জন এবং ঢাকার বাইরে ১১ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬২৩ জন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫২০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৮৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৩৬ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৮৯ হাজার ৩৯০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৪৯ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ২৭৪ জন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এ বছর জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে নভেম্বর মাসে এসেও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ অব্যাহত আছে। চলতি বছর ডেঙ্গু অতীতের সব রেকর্ড ভেঙেছে।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি (রোববার) একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে একযোগে সরাসরি সম্প্রচারিত হয়। এবারই প্রথম সরাসরি সম্প্রচারিত ভাষণে সিইসি তফসিল ঘোষণা করলেন।
তফসিল বিষয়ে সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।
সিইসি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব, সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে।’
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার একটি অবাধ, অংশগ্রহণমূল ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। সব দলকে নির্বাচনে অংশগ্রহণ এবং সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
এর আগে বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ৩৬তম বৈঠকে বসে কমিশন। সেখানেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসাবে ৫ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।

নিরাপত্তার চাদরে রাজধানীর সব নির্বাচন কমিশন অফিস: বিপ্লব কুমার সরকার

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এছাড়াও ঢাকায় নির্বাচন কমিশনের সকল কার্যালয় নিরাপত্তার চাদরে ঢেকে দেয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। বুধবার (১৫ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজধানীবাসীর সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন একদিকে রেখে নিরাপত্তার বিষয়ে যদি বলি তাহলে বলবো, ঢাকাবাসীকে নিরাপদ রাখতে যত ধরনের আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন, ডিএমপি সব ব্যবস্থা নিয়েছে।
বিএনপির চলমান অবরোধের মধ্যেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এরমধ্যে কোনো সহিংসতার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা গণমাধ্যমে জেনেছি প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। তফসিলের পর নির্বাচন সামনে রেখে ঢাকাবাসীর নিরাপত্তায় সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। যত ধরনের নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন সবই আমরা গ্রহণ করেছি। রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে কোনো কথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে না। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে এবং রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি অরাজকতা করার চেষ্টা করে, নগরবাসীর জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে এবং নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। বিন্দুমাত্র নাশকতা অরাজকতা সহ্য করা হবে না।
সন্ধ্যা হলেই বাসে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ বিষয়ে মাঠ পর্যায়ে কোনো নির্দেশনা দেয়া হয়েছে কি না, জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, বাসে আগুনের ঘটনা ঘটছে অবরোধের আগে। অবরোধ ছিল আজ। কিন্তু অবরোধের আগেই বাসে আগুন দেয়ার চেষ্টা করা হচ্ছে। বাসে আগুন দেয়া ফৌজদারি অপরাধ। তাদের টার্গেট সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা। আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। বাস পোড়ানো কোনো রাজনীতির অংশ হতে পারে না। এ অপরাধের সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।
যুগ্ম পুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বহুজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি নাশকতায় যুক্ত ১৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা যাদের নাম পেয়েছি ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে। যারা বাইরে থেকে নাশকতা করছেন তারা যদি ভাবেন যে অধরা থাকবেন তাহলে ভুল ভাবছেন। পুলিশের নেটওয়ার্কে আজ অথবা কাল আসতেই হবে। নাশকতাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নাশকতাকারী উচ্চ পর্যায়ের হোক অথবা নিম্ন পর্যায়ের কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
আগুন নেভানোসহ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড এডিট করে অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে। গুজব প্রতিরোধে ডিএমপির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, গুজব একটি অনৈতিক ও অপরাধমূলক কাজ। পুলিশের পজিটিভ নিউজ এডিট করে নেগেটিভ বা গুজব হিসেবে প্রচার করা অনৈতিক কাজ।
তিনি বলেন, যারা নাশকতা করছে, বাসে আগুন দিচ্ছে তারাই কিন্তু এ ধরনের গুজব ছড়াচ্ছে। তারা রাজনৈতিক প্রক্রিয়ায় না গিয়ে নাশকতার পথ বেছে নিয়েছে। অনেকের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ডিএমপি পুলিশের পাশাপাশি সিটিটিসির সাইবার, ডিবির সাইবার টিমসহ আমাদের প্রতিটি টিম দিনরাত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে। নাশকতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগোনো হচ্ছে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
বিপ্লব কুমার সরকার বলেন, কেউ যদি মিছিলের নামে নাশকতার চেষ্টা করে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।

শচীনকে টপকে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড কোহলির

শচীন টেন্ডুলকারের সামনেই ওয়ানডে ক্রিকেটে তার ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপ মঞ্চেই শচিনকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন কোহলি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি করেন কোহলি। এতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন ভারতের তারকা এই ক্রিকেটার।
ভারতীয় কিংবদন্তি শচীন ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন। অপরদিকে ২৯২ ম্যাচ খেলেই শচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সে হিসেবে শচিনের চেয়ে ৭১ ম্যাচ কম খেলেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক।
চলতি বিশ্বকাপেই ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান কোহলি। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজের ৪৯তম সেঞ্চুরি করেন কোহলি।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। হিটম্যান খ্যাত রোহিতের সেঞ্চুরি ৩১টি। সে হিসেবে শতক হাঁকানোর তালিকায় শীর্ষ তিনটি স্থানই ভারতীয়দের দখলে। রোহিতের চেয়ে একটি সেঞ্চুরি কম হাঁকিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং। কিংবদন্তি এই ক্রিকেটার ৩০টি সেঞ্চুরি হাঁকাতে খেলেছেন ৩৭৫ ম্যাচ।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। ৪৪৫টি ম্যাচ খেলে ২৮টি শতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

তফসিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ

তফসিলকে কেন্দ্র করে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাসে আগুনসহ চোরাগোপ্তা হামলা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অলি গলিতে পেট্রোল টিম কাজ করছে। বাসে আগুনের নির্দেশদাতা যারা এখনো পুলিশি নেটওয়ার্কের বাইরে তাদেরও চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে জানিয়েছে পুলিশ।
২৮ অক্টোবর থেকে প্রায় প্রতিদিনই রাজধানীসহ সারাদেশে বাসে আগুনের ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস থেকে সবশেষ তথ্যে জানানো হয়েছে এপর্যন্ত দেড়শও বেশি গাড়িতে আগুন দেয়া হয়েছে। সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঢাকাতে। এভাবে বাসে আগুনের ঘটনায় পুরো শহরজুড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বাসে আগুনের ঘটনা প্রতিরোধে যাত্রীদের ছবি তুলে রাখাসহ সন্দেহজনক যাত্রীদের ব্যাগ চেক করা, যানবাহন রোড সাইডে পার্কিং করে না রাখাসহ বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, তফসিলকে কেন্দ্র করে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, বাসে আগুনসহ চোরাগোপ্তা হামলা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অলি গলিতে পেট্রোল টিম কাজ করছে বলে জানায় ডিবি পুলিশ।
বাসে আগুন দেয়ার নির্দেশদাতা, যারা এখনো পুলিশি নেটওয়ার্কের বাইরে তাদেরও চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করার কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।
আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী হরতাল-অবরোধের নামে সহিংসতা কোনভাবেই সহ্য করবে না বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
মিরপুর থানার (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তারা বাস চালক ও হেল্পারদের সচেতন করার কাজটি করে যাচ্ছেন।

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ

তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা আগামী ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি শেষ হবে। সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারীরা ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন, যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৯৬৭ সাল থেকে তুরাগ নদের তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে এই বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।
তাবলিগের শীর্ষ মুরুব্বি ভারতের প্রখ্যাত মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।