বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, বাংলাদেশে অঘাত হানার সম্ভাবনা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
তবে গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মিধিলি’। একই সঙ্গে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘গভীর নিম্নচাপটি এখন যেখানে আছে, সেটি আরও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’
ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপ নিলে বাংলাদেশের কোন উপকূল অতিক্রম করতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি খুলনা-মোংলা হয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের দিক দিয়ে অতিক্রম করতে পারে। এখন পর্যন্ত যে অবস্থানে আছে তাতে সেটি গতিপথ পরিবর্তন করতেও পারে।’
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মালদ্বীপের দেওয়া ‘মিধিলি’ নামের নতুন এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গের উপকূলেও আঘাত হানার আশঙ্কা রয়েছে।
এ দিকে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় একই সঙ্গে ঢাকা ও রাজশাহী বিভাগে বৃষ্টি হতে পারে।
এ দিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা বড় হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

তানজিন তিশার ‌‌‘আত্মহত্যার চেষ্টা’!

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ।
সংবাদমাধ্যম অনুযায়ী, তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গতকাল বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। তবে কিছুদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে। বুধবার রাতে তিশা নিজের রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরেই ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
তবে ঢাকা মেডিকেল কলেজ সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, রাতে তিশাকে গুরুতর অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল। আপাতত অভিনেত্রী বিপদমুক্ত।
তিশার ঘনিষ্ঠরা জানিয়েছেন, ঢাকা মেডিকেল থেকে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তিশাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।
তবে এ বিষয়ে মুশফিক ফারহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার কোন সাড়া পাওয়া যায়নি।

আ.লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে না : কাদের

আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে না মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যতীত ও জনগণের রায় ছাড়া কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
নির্বাচন কমিশনকে স্বাধীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আজকের নির্বাচন কমিশন স্বাধীন। এটিকে স্বাধীন করেছেন শেখ হাসিনা। স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে তিনি নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার পরই আমরা নির্বাচন কমিশনকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছি।
বিএনপিসহ অন্যান্য দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, আমরা একা ক্ষমতায় যেতে চাই না। সবাইকে নিয়ে ভোটের লড়াইয়ে যেতে চাই। আমরা চাই, সবাই ভোটে আসুক। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
সংলাপের বিষয়ে তিনি বলেন, আমরা সংলাপের পক্ষে। ২০১৮ সালে বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী দুবার সংলাপ করেছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে ফোন করেছেন। কিন্তু খালেদা জিয়া অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন প্রধানমন্ত্রীকে। তার ছেলে মারা গেছে, তখনও গেছেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবারও রাষ্ট্রপতি তাদের (বিএনপি) ডেকেছেন, নির্বাচন কমিশন ডেকেছে। কিন্তু তারা সাড়া দেয়নি। এখন নির্বাচনের তফসিল হয়ে গেছে। এখন আর সংলাপ করার মতো সময় নেই।

এসময় ওবায়দুল কাদের জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় তেজগাঁও কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। এতে অংশ নেবেন দলের সভাপতি শেখ হাসিনা। মনোনয়ন ফরম বিক্রয় উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনের পর থেকেই একই দিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সবাই কিনতে পারবে।
তিনি আরও বলেন, বলেন,‘নির্বাচন কমিশন তার অর্পিতের দায়িত্ব ক্ষমতাবলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমরা গতকালকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমরা আশা করি, বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা মিনিংফুল নির্বাচন করতে সক্ষম হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আশাবাদী বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। আমাদের সরকারের পক্ষ থেকে সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সব রকম সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেছি। গণতন্ত্রকে অনুসরণ করেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা লড়াই-সংগ্রাম করেছি।
শেখ হাসিনাকে গণতন্ত্রের আপসহীন নেত্রী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান গণতন্ত্রের নামে স্বৈরশাসন শুরু করেছিল। আমাদের গণতন্ত্র সম্পূর্ণভাবে ছিনতাই হয়ে গিয়েছিল। ২১ বছর আমরা গণতন্ত্রের দেখা পাইনি। আমাদের বারবার ষড়যন্ত্রের স্বীকার হতে হয়েছে। এরপরও আমরা লড়াই করে করে টিকে আছি। বঙ্গবন্ধুকে হত্যার ছয় বছর পর শেখ হাসিনা দেশে এসেছিলেন। এই দেশের গণতন্ত্রের জন্য তিনি সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন। শেখ হাসিনা আপসহীনভাবে গণতন্ত্রের জন্য কাজ করছেন।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ শহরে (ঢাকা) অনেকগুলো সমাবেশ হয়েছে। আমাদের শান্তি সমাবেশের কারণে তারা বাধাগ্রস্ত হয়নি। উল্টো বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করেছে। একজন পুলিশ সদস্যকে পেটাতে পেটাতে তারা মেরে ফেলেছে। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করেছে। তারা কখনোই এভাবে সরকারের পতন ঘটাতে পারবে না। জনগণের ক্ষতি করে কখনো ক্ষমতায় আসা যায় না।
২৮ অক্টোবরই বিএনপির আন্দোলন শেষ, তাদের বারোটা বেজে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের খুঁটিনাটি, রণকৌশল জানতে হয়। কিভাবে আন্দোলন করতে হয়, সভা-সমাবেশ করতে হয় বিএনপি জানে না। ২৮ অক্টোবরই বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে। সেদিনই তাদের আন্দোলন শেষ।
সংবাদ সম্মেলনে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সালমান ফজলুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয়, মহানগর ও ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণে বাইডেন-শি জিনপিংয়ের ‘ইঙ্গিতপূর্ণ বার্তা’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নতুন বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও চীনকে পরস্পরের জাতীয় স্বার্থে কোনো ধরনের সংঘাতে জড়ানো উচিত হবে না। স্থানীয় সময় বুধবার ( ১৫ নভেম্বর ) সান ফ্রান্সিসকোয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দীর্ঘ বৈরিতাপূর্ণ সম্পর্কের অবসান হওয়া জরুরি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামীতে ‘দায়িত্ববোধের’ সঙ্গে পরিচালিত হবে এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক।

এসময় বাইডেনের সঙ্গে সুর মিলিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ক নতুন আঙ্গিকে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ বলে অভিহিত করেন শি জিনপিং।
তিনি বলেন, ‘দুই দেশের জনগণসহ বিশ্ববাসীর দায়িত্ব ভার তাদের কাঁধে। তাই চীন এবং যুক্তরাষ্ট্রের মতো দুটি বড় অর্থনৈতিক শক্তিকে একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়া ঠিক হবে না। কারণ তাদের মধ্যকার দ্বন্দ্বের কারণে অসহনীয় পরিণতি ভোগ করতে হয় দুই পরাশক্তিকেই। যা আর চলতে দেয়া যায় না।’
শি জিনপিং আরও বলেন, ‘এই পৃথিবী আমাদের (দুই পরাশক্তি) জন্যে যথেষ্ট বড়। আমাদের দুই দেশের মধ্যে হয়তো সাংস্কৃতিক দিক থেকে অনেক ভিন্নতা থাকতে পারে। তবে আমরা এসব ভিন্নতাকে জয় করে আরও বেশি ঘনিষ্ঠভাবে উন্নয়নে কাজ করে যাবো।’

উরুগুয়ের বিপক্ষে মেসি খেলবেন কিনা জানালেন স্কালোনি

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ছয়টায় মাঠে নামবে তারা। সেই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের খেলা নিয়ে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
বেশ লম্বা সময় ধরে মাঠের অনুশীলনে নেই লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির খেলা না থাকায় মাঠে নামা হচ্ছে না এই আর্জেন্টাইন ফুটবলারের। ম্যাচ খেলার মধ্যে না থাকলেও মেসিকে নিয়ে চিন্তিত নন দলটির কোচ। স্কালোনি জানান, মেসি ম্যাচ খেলার মতো প্রস্তুত।
আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসি ভালো আছে। সে ভালো করছে। গত ২৫ দিনে মেসি মাত্র একটা ম্যাচ খেলেছে তবে সে দারুণ অবস্থায় রয়েছে, অনুশীলনেও ভালো করছে।’
বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ছন্দে রয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। চার ম্যাচ খেলে সবকটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও তাদের দখলেই। মেসিরা এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে সাত গোল করেছে, বিপরীতে কোনো গোল হজম করেনি।

বাংলাদেশে মানবাধিকার উন্নয়নে জাতিসংঘে ৩০১ সুপারিশ

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে ৩০১টি সুপারিশ করেছে বিশ্বের ১১০টি দেশ। বুধবার (১৫ নভেম্বর) রাতে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ‘ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)’ বা সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির ওয়ার্কিং গ্রুপের বৈঠকে প্রতিবেদনের খসড়া গৃহীত হয়েছে। খসড়ায় অনেকগুলো দেশ থেকে একই বিষয়ে একই ধরনের সুপারিশ আসায় সংখ্যাটি এত বড় হলেও প্রকৃত সুপারিশ এত বেশিসংখ্যক হবে না।
আইনমন্ত্রী আনিসুল হক এই পর্যালোচনা সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিলেও সুপারিশমালা অনুমোদনের সভায় তিনি উপস্থিত ছিলেন না। জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান আইনমন্ত্রীর পরিবর্তে সভায় বক্তব্য দেন।

বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদান করা দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে সুফিউর রহমান বলেন, বাংলাদেশ এসব সুপারিশ পর্যালোচনা করে তার সিদ্ধান্ত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনের আগেই জানিয়ে দেবে।
এসব সুপারিশের মধ্যে রয়েছে, বহুল আলোচিত গুমবিষয়ক সনদ ও নির্যাতনবিরোধী সনদের অতিরিক্ত চুক্তি অনুমোদন, গুমের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্ত, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দোষীদের বিচার ও সাজার ব্যবস্থা করা।
সুপারিশের মধ্যে আরও রয়েছে মৃত্যুদণ্ডের বিধান বিলোপ ও সব ফাঁসির দণ্ড কমিয়ে কারাদণ্ড দেয়া, সাইবার নিরাপত্তা আইনের সংশোধন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সভা ও সংগঠনের অধিকার নিশ্চিতের ব্যবস্থা করা, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা, মানবাধিকাররক্ষী, নাগরিক সমাজ বা এনজিও সদস্যদের হয়রানি ও ভীতি প্রদর্শন বন্ধ করা, নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং নাবালিকাদের বিয়ে বন্ধে আইন সংশোধন।

এছাড়াও ক্ষুদ্র জাতিসত্তা ও বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, বৈষম্যবিরোধী আইন প্রণয়ন, ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা, শ্রমিকদের আইএলও স্বীকৃত সব অধিকার নিশ্চিত করার বিষয়ও রয়েছে সুপারিশে।
গত সোমবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর পর্যালোচনায় সরকারের পক্ষ থেকে তৃতীয় ইউপিআরে উঠে আসা ১৭৬টি সুপারিশ বাস্তবায়নে অগ্রগতির চিত্র তুলে ধরেন আইনমন্ত্রী। এরপর জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশের মধ্যে ১১০টি দেশ তাদের মূল্যায়ন ও সুপারিশ তুলে ধরে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের দেশগুলোর পক্ষ থেকে মতপ্রকাশের স্বাধীনতা, নির্বাচন, শ্রম অধিকার, ভিন্নমত দমন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জবাবদিহি না থাকার বিষয়গুলোতে বেশি জোর দিতে দেখা গেছে।

মিয়ানমারের নতুন সেনাপ্রধান হচ্ছেন কিয়াউ স্বার লিন

চলমান ডামাডোলের মধ্যে পরবর্তী সেনাপ্রধানের নাম প্রকাশ করেছে মিয়ানমার। মিন অন হ্লাইংয়ের পর নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কিয়াউ স্বার লিন। মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের রাজনীতির ওপর দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বহু যুগ ধরেই। ৪৫ বছর বয়সেই কিয়াউ স্বার লিন বর্তমান সেনাপ্রধানের ভরসার পাত্র হয়ে উঠেছেন। তার জীবনযাপন অন্যান্য সেনা কর্মকর্তাদের চেয়ে অনেক আলাদা। খুবই শান্তি ও চমকপ্রদ জীবনযাপন করেন কিয়াউ স্বার লিন। ৪৫ বছর বয়সেই তার ক্যারিয়ার চোখে পড়ার মতো।
দেশের সর্বকনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল হওয়ার পরেও কিয়াউ স্বার লিন যুদ্ধ ও সংঘাতের দায়িত্ব এড়িয়ে গেছেন। এখন পর্যন্ত তার কর্মজীবনে যুদ্ধে দায়িত্ব পালনের কোনও ইতিহাস নেই। যদিও কিছুসময় যুদ্ধবিষয়ক কার্যালয়ে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এজন্য তার সহকর্মীরা তাকে মিয়ানমারের সবচেয়ে খ্যাতনামা দুই অভিনেতা নে টো এবং পি টি ও নামে আখ্যা দিয়েছিল।
লেফটেন্যান্ট জেনারেল কিয়াউ স্বার লিন বর্তমানে ভারপ্রাপ্ত আর্মি চিফ অব স্টাফ এবং কোয়ার্টারমাস্টার জেনারেল এই দুই দায়িত্ব পালন করছেন। ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৫.৬ ট্রিলিয়ন স্থানীয় মুদ্রার বাজেট পরিচালনা করেছেন তিনি।
সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোয়ে মিন্ট চলতি বছরের শুরুতে দুর্নীতির অপরাধে গ্রেফতার হওয়ার পর কিয়াউ স্বার লিন আর্মি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই ক্যারিয়ারে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন কিয়াউ স্বার লিন। তারপর শান রাজ্যের একজন কর্নেল ও কমান্ডার হিসেবে নিযুক্ত হন তিনি। পরে যুদ্ধ কার্যালয়ে কমান্ডিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত হওয়ার পর নিজে থেকেই নেপিদোতে চলে আসেন।
২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার যে গণহত্যা চালায় তাতে সরাসরি যুক্ত ছিলেন কিয়াউ স্বার লিন। এমনকি ওই ঘটনার পর তার পদোন্নতিও হয়েছিল।
এর আগে মিয়ানমারে সর্বকনিষ্ঠ লেফট্যানেন্ট কর্নেল হিসেবে মিন অন হ্লাইং সেনাপ্রধান হয়েছিলেন। এবার তার সঙ্গে আরও একটি নাম যুক্ত হলো।
এরই মধ্যে সেনা অভ্যুত্থানের দুই বছর পার করেছে মিয়ানমার। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী ও সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে চলছে দফা দফায় সংঘর্ষ।

বিশ্বকাপের ২য় সেমি : ইডেনে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে অস্ট্রেলিয়া

আগামীকাল ঐতিহাসিক কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে অতীত ইতিহাস অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেও দক্ষিণ আফ্রিকার এবারের আসরের দাপুটে পারফরমেন্স সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। ইডেন গার্ডেন্সে দীর্ঘদিনের অভিশাপ কাটিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালের মঞ্চে নিজেদের জায়গা করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সেমিফাইনালে নামার আগে কলকাতায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘এখানে সম্ভবত অন্যান্য পিচের চেয়ে স্পিন একটু ভালো হবে যেটা উভয় দলের ক্ষেত্রেই কাজে আসবে। এটা কিছুটা ভিন্নগতির ম্যাচ হবে, কিন্তু আমি মনে করি এটা বেশ ভালো খেলা হবে।’

দ্বিতীয় ম্যাচের আগে কলকাতায় বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। উভয় দলের ২০ ওভার খেলা না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ-ডেতে। এমন সম্ভাবনা নিয়ে কামিন্স, ‘সবসময় বিচার করা বেশ কঠিন। মনে হতে পারে অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে এবং একটি ওয়েবসাইট একরকম বলছে, অন্য ওয়েবসাইট বলছে অন্যরকম।’
‘আমি মনে করি এটা চিন্তার বিষয়, কিন্তু আবহাওয়ার বিশদ না জেনে পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না। আশা করছি আগামীকাল ৫০ ওভার খেলতে পারব, যদি সেভাবে না হয়, আমি নিশ্চিত তার সাথে আমরা খাপ খাওয়াতে পারব। দেখে মনে হচ্ছে গত দুই মাস এখানে বৃষ্টি হয়নি।’
চারবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এর মধ্যে তিনবার বাদ পড়তে হয়েছে মহা নাটকীয়তায়। কাল আরেকটি বড় ম্যাচে আবারও কি বেদনার ইতিহাস প্রোটিয়াদের তাড়া করে ফিরবে, এমন প্রশ্নের উত্তরে অজি অধিনায় বলেন, ‘এটা বলা কঠিন। আমরা সৌভাগ্যবান যে আমাদের অনেক খেলোয়াড় এ ধরনের পরিস্থিতিতে পড়েছে। তাই আমরা জানি, এ ধরনের ম্যাচে কতটা কঠিন পরীক্ষা দিতে হয়। তবে আমরা ইতিহাস নিয়ে পড়ে থাকতে চাই না। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। মাঠে গিয়ে যা করতে হবে, করব। এটাও জানি, দক্ষিণ আফ্রিকা প্রত্যেক বিশ্বকাপেই যে উদ্দেশ্য নিয়ে খেলতে নামে, সেটা অর্জন করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার জন্য সুখবর, হ্যামস্ট্রিং থেকে সেরে উঠছেন স্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার পর আর মাঠে নামেননি এ ডানহাতি। প্রোটিয়াদের বিপক্ষে একাদশে ফিরতে পারেন তিনি।

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল পাকিস্তান

সেমিফাইনালের দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবেই বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে সূচনাটাও হয়েছিল দুর্দান্ত। কিন্তু এরপরই ছন্দপতন। ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর টানা আরও তিন ম্যাচে হার। ফলে শেষ চারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে ম্যান ইন গ্রিনদের। পরে ঘুরে দাড়ালেও অসম্ভব এক সমীকরণের মুখোমুখি হতে হয় সেমি নিশ্চিতে। তবে বাবর আজমের দল সেই সমীকরণের ধারেকাছেও তো যেতে পারেনি, উল্টো আসর শেষ করেছেন বড় এক হার দিয়েই। এরপরই জোড় গুঞ্জন উঠে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন বাবর। অবশেষে তাই আজ সত্যি হল। পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন বাবর আজম।
পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার জেরে সরে দাঁড়িয়েছেন বাবর। এমন সিদ্ধান্তের পর কে হতে যাচ্ছেন নতুন অধিনায়ক তা নিয়ে চলছিল ব্যাপক আলোচনা। তবে অবশেষে সেই আলোচনার সমাপ্তি টেনেছে পিসিবি।

টেস্ট ও টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাল বলের ক্রিকেটে পাকিস্তানের নয়া অধিনায়ক হয়েছেন শান মাসুদ। অপরদিকে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে দুই ফরম্যাটের অধিনায়কের নাম ঘোষণা করেছে। তবে ওয়ানডেতে কে অধিনায়ক হতে যাচ্ছেন তা এখনো জানায় নি পিসিবি।

কোহলির ইতিহাস নিয়ে আবেগঘন বার্তা শচীনের

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ক্রিকেটের জন্মের পর থেকে রচিত হয়েছে কতশত রেকর্ড। বলা হয়ে থাকে রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। তাই বলে ওয়ানডে ফরম্যাটে ৫০টি সেঞ্চুরি! অবিশ্বাস্য মনে হলেও ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা এখন ৫০টি।
চলতি বিশ্বকাপে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন কোহলি। এমন মাইলফলকের পর শচীনের থেকে বার্তা পেয়েছিলেন, ‘চলতি বছরের শুরুতেই ৪৯ থেকে ৫০ এ পা দিতে আমার ৩৬৫ দিন অপেক্ষা করতে হয়েছে। আশা করি তুমি অল্প কদিনের ভেতরেই ৪৯ থেকে ৫০এ চলে যাবে আর আমার রেকর্ড ভেঙে দেবে।’

শচীনের অনুপ্রেরণা কাজে লাগাতে খুব বেশি সময় নেননি কোহলি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এতেই শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে যান ভারতের সাবেক অধনায়ক।

কোহলির রেকর্ড গড়ার দিনে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার। ঘরের মাঠে বসে দেখেছেন কোহলির কাছে নিজের রেকর্ড হারানো। তবে তাতে একটুও দুঃখ পাচ্ছেন না শচীন। বরং একজন ভারতীয়র কাছে রেকর্ড হারানোয় খুশিই হয়েছেন।
কোহলির রেকর্ডের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শচীন। সাবেক এই তারকা টুইটার লিখেন, ‘প্রথমবার আমি তোমাকে দেখি ড্রেসিং রুমে। তোমাকে আমার পা ছুঁইয়ে সতীর্থরা বোকা বানিয়েছিল। আমি সেদিন হাসি থামাতে পারিনি। তবে শিগগিরই তুমি খেলার প্রতি তোমার আবেগ ও দক্ষতা দিয়ে আমার হৃদয় ছুঁয়েছ। আমি দারুণ খুশি যে, সেই তরুণ ছেলেটি আজ ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।’

এরপরেই শচীন লিখেন, ‘আমি এর চেয়ে বেশি খুশি হতেই পারি না কারণ একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে। এবং এটি বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে করেছে সে এবং সেটিও আমারই ঘরের মাঠে, এ যেন আরও উপাদেয়!’