বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দেশে ফিরে সুখবর দিলেন শাকিব খান

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় শুটিং করতে গত ২৪ অক্টোবর ভারত যান অভিনেতা শাকিব খান। টানা ২০ দিনের শুটিং শেষে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে দেশে ফেরেন ঢালিউড এই সুপারস্টার। এ দিন বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই ভক্তদের জানিয়েছেন সুখবর।
আগামীতে প্যান ইন্ডিয়ান আরও কিছু সিনেমায় দেখা যাবে জানিয়ে শাকিব খান বলেন, ‘ছোট পরিসরে হোক বা বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। আশা করছি, আরও অনেক ভালো কাজ করবো। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে। অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে।’
বিমানবন্দরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে শাকিব বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এটা আমার কাছে বড় পাওয়া। প্রথম প্যান ইন্ডিয়ান ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছি। এই সিনেমায় অনেক নতুন কিছুর দেখা পাবেন দর্শকরা। অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে। সিনেমাহলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। আমাদের ও তাদের কাজের পরিবেশ একেবারে আলাদা।
‘দরদ’ সিনেমার শুটিংয়ে জন্য গত ২৪ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে গেলেও ২৭ অক্টোবর থেকে শুটিং শুরু করেন শাকিব। পরে শাকিব-সোনাল সহ ইউনিটের ৭০ শতাংশ মানুষের অসুস্থতার মধ্যেও শুটিং চালিয়ে যান তারা।
‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ সিনেমা। যেখানে শাকিব-সোনাল ছাড়াও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখকে।
সিনেমাটি ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে বলে জানা গেছে।

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহি

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।

সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নিয়েছেন তিনি।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহি

তিনি গণমাধ্যমে জানান, প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৪টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা। এর বাইরে অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০০

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-ফাখুরা স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০০ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) পরিচালিত স্কুলটিতে হামলা চালায় ইসরায়েল।

বোমা হামলার পর সেখানকার বিভীষিকাময় ছবি সামনে আসছে। ছবিতে দেখা গেছে, আল-ফাখুরা স্কুলের অনেক কক্ষ ও করিডোরে ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

গাজা থেকে আলজাজিরার প্রতিনিধি ইমাদ জাকৌত বলেন, স্বাভাবিক সময়ে জাবালিয়া শরণার্থী শিবির অত্যন্ত ঘনবসতিপূর্ণ থাকে। এই শরণার্থী শিবিরের ভেতরের কিছু বাসিন্দা ইসরায়েলি বাহিনীর নির্দেশে গাজা উপত্যকার দক্ষিণে পালিয়েছেন। আর অন্যরা কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাননি। যে কারণে তারা জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এখন স্কুলগুলোও আর নিরাপদ নয়।

স্বর্ণের দাম বেড়ে ইতিহাস

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আগামীকাল রোববার থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হবে। ’
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউনেস্কোর ৩ কমিটিতে নির্বাচিত বাংলাদেশ

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) তিনটি গুরুত্বপুর্ণ কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
এই কমিটিগুলো হলো,ইউনেস্কো‘র নির্বাহী বোর্ড (২০২৩ থেকে ২০২৭ মেয়াদ), ইন্টারন্যাশনাল কো- অডিনেটিং কাউন্সিল ফর দ্যা ম্যান অ্যন্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভামেন্টাল বায়োএথিক্স কমিটি।
প্যারিসে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরের জনসংযোগ শাখা এবং ফ্রান্সের (বাংলাদেশ) দুতাবাস থেকে এ তথ্য জানা যায়।
ইউনেস্কো সদর দপ্তর জনসংযোগ শাখার তথ্য মতে, গত ১৫ নভেম্বর প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। এই ফলাফল ঘোষণার পর ইউনেস্কো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ১৬ নভেম্বর ইন্টারন্যাশনাল কো- অডিনেটিং কাউন্সিল ফর দ্যা ম্যান অ্যন্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভামেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচিত হয় বাংলাদেশ।
এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেস্কোতে মানুষ ও জীবজগতের সংরক্ষণ এবং জৈবনীতি নিয়ে নেতৃত্ব প্রদানের সুযোগ লাভ করলো।
ইন্টারন্যাশনাল কো- অডিনেটিং কাউন্সিল ফর দ্যা ম্যান অ্যন্ড বায়োস্ফিয়ার কমিটির নির্বাচনে বাংলাদেশ ১৪০ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। আর ইন্টারগভামেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচন হবার কথা থাকলেও পরবর্তীতে ইরান সরে দাঁড়ায়। এবার বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাধারণ সভায় যোগ দেন।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার মো. তালহা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চলতি ইউনেস্কো‘র ৪২ তম সাধারণ সভায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটি দেশের জন্য গৌরবের। নির্বাহী বোর্ড ছাড়াও এবার দুটি নতুন কমিটিতে বাংলাদেশ নিবার্চিত হয়েছে।
তিনি আরো বলেন, এর মাধ্যমে বাংলাদেশ প্রথম বারের মতো পরিবেশ ও বিজ্ঞান ক্ষেত্রে কাজের সুযোগ পাবে এবং বিশ্বদরবারে নিজের অবস্থান সুসংহত করবে।
শিক্ষামন্ত্রী গত ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সাধারণ সভার বিভিন্ন অধিবেশনে অংশ নিয়েছেন।
তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী দীপুমনি বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে। একই সঙ্গে তিনি ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়নের প্রসার করা ইউনেস্কোর কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।
উল্লেখ্য, এবার ইউনেস্কোর সাধারণ সভার অধিবেশনে ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ইউনেস্কোর এই সাধারণ সভা গত ৭ নভেম্বর থেকে শুরু হয়, শেষ হবে ২২ নভেম্বর।

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৯১৪

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪৩ জনে।
এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন ডেঙ্গুরোগী।
অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন মোট ৫ হাজার ১৮৬ জন ডেঙ্গুরোগী।
শনিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে ফরম সংগ্রহ করেন আলোচিত এই ক্রিকেটার।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-১০ আসন থেকে সাকিব আল হাসান ক্ষমতাসীন দলের মনোনয়ন চেয়েছেন। তবে শুধু একটি নয়, আরো দুইটি আসন থেকে মনোনয়ন তুলেছেন টাইগার অধিনায়ক।
সূত্র জানিয়েছে, তিনি তিনটি আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন। আসন তিনটি হল- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।
এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৬৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৫০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৩টি, চট্টগ্রাম বিভাগে ১৯৮টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৬৯টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে আ.লীগ : ইসি

আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
শনিবার (১৮ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এরই মধ্যে ইসিতে সাতটি দলের জোটবদ্ধ আবেদন এসেছে। এগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি (রওশন এরশাদ)।
ইসির অতিরিক্ত সচিব বলেন, আওয়ামী লীগ চিঠি দিয়ে জানিয়েছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির সইয়ে নমিনেশন দেবে তারা।
জাতীয় পার্টির (জাপা) বিষয়ে তিনি বলেন, জাপার দুটো চিঠি এসেছে। জিএম কাদের বলেছেন কার সইয়ে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন তারা জোটে ভোট করবেন। আমলে নেবেন কোনটা? এটা কমিশন দেখবে। কারণ দুটো চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়।
জাপার সাইনিং অথরিটি কে হবেন এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সাধারণত দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হন।
তাহলে তো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাইনিং অথরিটি। তাহলে বিবেচনা কি হবে? এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এটা কমিশন বলতে হবে।
আওয়ামী লীগ চিঠিতে কী বলেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বলেছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির সইয়ে তারা নমিনেশন দেবে।
তিনি আরও বলেন, কোন কোন দল তাদের সঙ্গে থাকবে এটা বলা নাই। দুটো পৃথক দল বলেছে যে, তারা নৌকা প্রতীকে নির্বচন করবে। তারা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল আর ওয়ার্কার্স পার্টি।
প্রসঙ্গত, গত বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

বিশ্বকাপ ব্যর্থতা, হাথুরুর ব্যাখ্যা চেয়েছে বিসিবি

অনেক প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি সাকিব-মুশফিকরা। বরং নেদারল্যান্ডসের মতো খর্ব শক্তির দলের বিপক্ষেও খুবই বাজেভাবে হেরেছেন তারা। সবমিলিয়ে ব্যর্থ মিশন শেষ করেছে টিম টাইগার্স।
বিশ্বকাপের ফাইনাল এখনো বাকি থাকলেও ইতোমধ্যে দেশে ফিরেছেন টাইগাররা। তাদের এমন বাজে পারফরম্যান্সের কারণ নিয়ে শুরু হয়েছে কাটা-ছেঁড়া।বিশ্বকাপ ব্যর্থতার বড় দায় পড়েছে চন্ডিকা হাথুরুসিংহের ঘাড়ে। তার কাছ থেকে রিপোর্ট চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবেন বলেছেন। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’
বিশ্বকাপ ব্যর্থতার জন্য দল-সংশ্লিষ্ট সবারই দায় দেখছেন জালাল। তিনি বলেন, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। দল খারাপ করলে আমাদের সবাইকে তা মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকেও নিতে হবে, এটা তো আমরা স্বীকার করে নিয়েছি।’
তবে সাকিবদের পারফরম্যান্স হতাশ করেছে জালালকে। তিনি বলেন, ‘আপনারাও জানেন এ ধরনের ফল যে হবে তা আমরা মোটেই প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতা ও হাসপাতালে ভর্তি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হয়। যেখানে গুঞ্জন হিসেবে উল্লেখ ছিল তার আত্মহত্যার চেষ্টা।
এ নিয়ে চটেছিলেন তানজিন তিশা। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে সাংবাদিকদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়।
অবশেষে এসব নিয়ে ক্ষমা চাইলেন এই তারকা। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নতুন এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন তিনি।
তিশা লেখেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিল না।’
সাংবাদিকদের উদ্দেশে তিশা লেখেন, ‘সাংবাদিক ভাইদের আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল ও থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
তিশা আরও লেখেন, ‘সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’