বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নির্বাচনে অংশ নিতে বিএনপি সহায়তা চাইলে দেওয়া হবে : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব নিবার্চন কমিশনের (ইসি) নয় বলেও জানান তিনি।
আজ রোববার (১৯ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব আমাদের সহায়তা করুন— তাহলে অবশ্যই করব। তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা যায় তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।
প্রশাসন প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, প্রশাসনের বিষয়ে অভিযোগ এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।
কয়েকটি দল বলছে ভোটের পরিবেশ নেই। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, চিরকাল সরকারি দল বিরোধী দলের প্রতি অভিযোগ তোলে। আবার বিরোধী দলও সরকারি দলের প্রতি অভিযোগ তোলে। ১৯৭০ সাল থেকেই আমি এটা দেখে আসছি।

তিন ঘণ্টায় আওয়ামী লীগের ৩ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যণ্ত ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে মোট ৩ কোটি আড়াই লাখ টাকার ফরম বিক্রি হয়।
এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্রগ্রাম বিভাগে ১০৭, ময়মনসিংহ বিভাগে ৫২, সিলেট বিভাগে ২৪, খুলনা বিভাগে ৮৫, বরিশাল বিভাগে ৫২, রাজশাহী বিভাগে ৭৮ এবং রংপুর বিভাগে ৬২টি ফরম বিক্রি হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, নির্বাচন যেমন একটা উৎসব তেমনি মনোনয়ন বিক্রিও একটি উৎসব। ইতোমধ্যে পুরো বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা সেই নির্বাচনি উৎসবে মেতে উঠেছে। এবারের নির্বাচন হবে দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করার নির্বাচন, এবারের নির্বাচন হবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। আমাদের লড়াই জঙ্গিবাদের বিরুদ্ধে।
মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে উল্লেখ করে তিনি বলেন, প্রথম দিনেই প্রায় ১ হাজার মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। আজ এর চেয়েও বেশি বিক্রি হবে বলে আমি মনে করি।

কারও মুখ আঠা দিয়ে বন্ধ করতে পারি না : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কারও মুখ তো আঠা দিয়ে বন্ধ করে দিতে পারি না। তবে হ্যাঁ, কেউ যদি গর্হিত কাজ করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেব, অ্যাকশন নিচ্ছিও।
আজ রোববার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আমার বলা উচিত না, আপনি যদি রাজনীতিবিদ হোন, তাহলে এক দল না এক দল আপনার সম্পর্কে বক্তব্য দেবে। আমরা যারা পাবলিক লাইফে, আমাদের সম্পর্কে পাবলিক বক্তব্য দেবে। আর যদি আপনি রাজনীতি থেকে সরে থাকেন, তাহলে কেউ আপনাকে এসব নিয়ে তিরস্কার করবে না। আর কে কী কোথায় বলল, এভিডেন্স তো আমাদের দেন নাই। আমাদের আগে এভিডেন্স প্রয়োজন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে আমরা মুক্তচিন্তায় বিশ্বাস করি, ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব মিডিয়ায় বিশ্বাস করি। কারো মুখ তো আঠা দিয়ে বন্ধ করে দিতে পারি না। তবে হ্যাঁ, কেউ যদি গর্হিত কাজ করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেব, অ্যাকশন নিচ্ছিও।
তিনি বলেন, আমরা সব কূটনীতিককে নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অক্ষরে অক্ষরে ভিয়েনা কনভেনশন মেনে চলি, আপনারাও এটা মেনে চলেন। আপনারা এসব ভায়োলেট করে আবার বড় বড় কথা বলেন।
আমেরিকাকে স্যাংশনের দেশ উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা তো একদিনে আমেরিকা হতে পারব না। আমাদের ইচ্ছে ওনাদের মতো ভালো হতে। কিন্তু আমরা একদিনে হতে পারব না।
বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও তাদের মান উন্নয়ন নিয়ে সম্প্রতি একটি নতুন স্মারকপত্র স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্মারকপত্র প্রকাশের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার বক্তব্যে কল্পনা আক্তার নামে বাংলাদেশের এক গার্মেন্টস শ্রমিক ও নেত্রীর কথা উল্লেখ করে হুঁশিয়ারি দেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওরা স্যাংশনের দেশ। ওরা দিতে পারে। ওরা বড় লোক। কিন্তু আমরা আমাদের মতো কাজ করব। বাস্তবতার নিরিখে আমরা কাজ করব। আমরা তো একদিনে আমেরিকা হতে পারব না। ওনারা (যুক্তরাষ্ট্র) যাদের টাকাটুকা দিয়ে রাখে তারা মনে করে একদিনে বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে। হঠাৎ করে ওনারা বড় লোকের কথা বললে তাজ্জবের বিষয় মনে হয়।

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছেন রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছেন।
রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার দুপুরে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানান, তাঁর দল ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি।’
রওশন এরশাদ বলেন, ‘আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাকে আমরা স্বাগত জানাই’।
তবে, তিনি নির্বাচনের তফসিলের সময় বাড়ানোর জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন।
কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলো আরো সময় দরকার। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের নির্ধারিত শেষ দিন। অন্যদিকে আয়কর রিটার্ন দাখিলেরও শেষ দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেনে, সংবিধানকে অক্ষুন্ন রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করবে।’
রাষ্ট্রপতি মনে করেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে গণতন্ত্রকেও সমুন্নত রাখতে হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতলেন বেলিংহাম

ইউরোপীয়ান অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড় হিসেবে ২০২৩ সালের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জয় করেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম।
কলম্বিয়া ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ১৮ বছর বয়সী লিন্ড কাইসেডো জিতেছেন এ বছরের গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড।
২০ বছর বয়সী বেলিংহাম এবারের গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দিয়ে ইতোমধ্যে ১৪ ম্যাচে ১৩ গোল করেছেন। অক্টোবরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয় করেছিলেন বেলিংহাম। এবার পেলেন ইউরোপ সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি।
এ সম্পর্কে বেলিংহাম বলেছেন, ‘বার্মিংহাম, ডর্টমুন্ড ও এখন রিয়ালের এই যাত্রায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তাদের ছাড়া এই স্বীকৃতি সম্ভব ছিলনা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার পরিবার। যে ধরনের উদ্দীপনা তারা আমকে দিয়ে চলেছেন সেটা অকল্পণীয়। এখন আমি যে অ্যাওয়ার্ড পেয়েছি তার মর্যাদা রক্ষার্থে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। নিজের সম্ভাবনাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আশা করছি এর মাধ্যমে আরো অনেক ট্রফি আমার কাছে আসবে।’
২০১৪ সালে রাহিম স্টার্লিংয়ের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে বেলিংহাম এই অ্যাওয়ার্ড জয় করলেন। লিভারপুলে থাকাকালীন গোল্ডেন বয় এ্যাওয়ার্ড জয় করেছিলেন বর্তমানের চেলসি তারকা স্টার্লিং।
এ পর্যন্ত এই অ্যাওয়ার্ড জয় করা অপর গুরুত্বপূর্ণ তারকারা হলেন ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড।
এ বছর ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ড গোল্ডেন প্লেয়ার ম্যান অ্যাওয়ার্ড জয় করেছেন। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির হয়ে প্রথম মৌসুমেই ২২ বছর বয়সী হালান্ড ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল।

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের জোড়া হামলা, নিহত ৮০

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, শনিবার গাজার উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে জোড়া হামলার ঘটনায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধে বাস্তুচ্যুত লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘের একটি স্কুলও রয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আল ফাখুরা স্কুলে হামলার ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ছয় সপ্তাহ ধরে ধরা এই সংঘাতে গাজা উপত্যকার ভেতরে প্রায় ১৬ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। সেখানে শিশু, নারী ও পুরুষ নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস।
জাবালিয়া শরণার্থী শিবিরে শনিবার অপর একটি হামলায় একই পরিবারের ৩২ জন নিহত হয়েছে। হামাসের কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জনই শিশু।
জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির আবাসস্থল। গত ১৫ নভেম্বর আল-শিফা হাসপাতালের ভেতরে অভিযান শুরু করে ইসরায়েল। রোগী, চিকিৎসাকর্মী ও আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালটিতে আটকা পড়েছে।
মিশর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি সরবরাহ করা হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার গাজায় জ্বালানি সরবরাহ করেছে মিশর। এদিন সংঘাতপূর্ণ গাজায় এক লাখ ২৩ হাজার লিটার (৩২ হাজার ৪৯৩ গ্যালন) জ্বালানি সরবরাহ করা হয়।

রাজধানীসহ সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে ৪৬০ টহল টিম মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, রাজধানীতে র‍্যাব ফোর্সের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।
গত কয়েকদিনে অবরোধ এবং হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এসব টিম কাজ করেছে।

মালদ্বীপ প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৭ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে স্থানীয় সময় সন্ধ্যায় নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জ এবং ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জেরকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট, চীনের বিশেষ দূত, ভারত, পাকিস্তান, তুর্কি, ইউএই’র মন্ত্রী, রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
শপথ অনুষ্ঠান শেষে অতিথিরা মালদ্বীপের রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তর।
পিপলস ন্যাশনাল কংগ্রেস প্রার্থী মোহামেদ মুইজ্জ গত ৯ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সরাসরি জনগণের ভোটে নির্বাচনে ৫৪ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ইব্রাহিম মোহামেদ সলিহকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বিমান চলাচল, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে নিহত ৪৭

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও তার আশপাশে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ গাজার দুই শহরে ৩ বার বোমা বর্ষণ করেছে ইসরায়েল।
বার্তাসংস্থা রয়টার্সকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরের দিকে খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। এতে ঘটনাস্থলেই ২৬ জন নিহত এবং ২৩ জন আহত হন।
প্রথম হামলার কিছু সময় পর খান ইউনিস থেকে কয়েক কিলোমিটার দূরের শহর দেইর রাল বালাহে বোমা বর্ষণ শুরু করে বিমান বাহিনী। এ সময় নিহত হন ৬ জন ফিলিস্তিনি।
শনিবার বিকেলের দিকে শেষ খান ইউনিসে শেষ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় খান ইউনিসের উত্তরাঞ্চলীয় একটি বাড়িতে ১৫ জন নিহত হন।
গত ৭ অক্টোবর ভোর বেলায় ইসরায়েলে অতর্কিত হামলা চলায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে।
হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ১৬ অক্টোবর থেকে তাতে যোগ দেয় স্থল বাহিনীও। সেই অভিযান এখনও চলছে।
হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে।

প্রতিপক্ষের জালে এমবাপ্পেদের ১৪ গোল!

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা আগেই নিশ্চিত করেছিল ২০১৮’র বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাই জিব্রাল্টার মতো পুঁচকে দলটি যে তাদের কাছে পাত্তা পাবে না, তা আগেই অনুমান করা গিয়েছিল। তাই বলে ব্যবধানটা এমন হবে কল্পনা করা যায় না। যে দলে কিলিয়ান এমবাপ্পে, অঁতোয়ান গ্রিজম্যান, অলিভিয়ের জিরুড, ওসমান দেম্বেলের মতো বিশ্বের সেরা তারকারা আছে তাদের সঙ্গে এমন হবে এটাই স্বাভাবিক। গত রাতে ইউরো বাছাই পর্বের ম্যাচে জিব্রাল্টাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
শনিবার (১৮ নভেম্বর) ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ রিভেইরায় ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলায় জিব্রাল্টারকে ১৪ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে শক্তিশালী ফ্রান্স। ম্যাচে প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। ইউরোর বাছাই পর্বে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ছিল জার্মানির দখলে। ২০০৮ সালের ইউরোর বাছাইয়ে সান ম্যারিনোর জালে ১৩ গোল দিয়েছিল জার্মানি।
লেস ব্লুসদের হয়ে ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, করেছেন জোড়া অ্যাসিস্টও। জোড়া গোল করেছেন অলিভিয়ের জিরুড ও কিংসলে কোম্যান। একটি করে গোল করেছেন মার্কাস থুরাম, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথান ক্লস, ইউসুফ ফোফানা, আদ্রিয়ান র‌্যাবিওট ও ওসমান দেম্বেলে। বাকি গোলটি ইথান স্যান্তোসের আত্মঘাতী।
র‌্যাঙ্কিংয়ের হিসেবে ফ্রান্স ও জিব্রাল্টারের মধ্যে দূরত্ব ১৯৯। ফ্রান্সের অবস্থা টেবিলের দুইয়ে আর জিব্রাল্টারের অবস্থান ২০১ নম্বরে। ইউরো বাছাইয়ের গ্রুপ বি-তে থাকা দলটি বাছাই পর্বে খেলা ৭ ম্যাচের সবকটিতেই হারের স্বাদ পেয়েছে। এই সাত ম্যাচে তাদের হজম করতে হয়েছে ৩৫ গোল, বিপরীতে প্রতিপক্ষের জালে একটি গোলও দিতে পারেনি। অন্যদিকে ফ্রান্স শতভাগ জয়ে সবার আগে ইউরো ২০২৪ এ স্থান নিশ্চিত করেছে। এই সাত ম্যাচে ২৭ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ১ গোল।
এদিন ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই স্যান্তোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। ১৬তম মিনিটে কিংসলে কোম্যানের পাস থেকে দলের লিড আরও বাড়ান জাইরে-এমেরি। এদিন ১৭ বছর বয়সে ফ্রান্সের হয়ে অভিষেক হয় এই তারকা। অভিষেক ম্যাচেই গোল করে ফ্রান্সের পক্ষে কনিষ্ঠতম গোলদাতায় পরিণত হন। তবে কিছুক্ষণ পর জিব্রাল্টারের এক খেলোয়াড়ের কড়া ট্যাকলে আহত হয়ে মাঠ ছাড়েন পিএসজির এই মিডফিল্ডার। ম্যাচের ১৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় জিব্রাল্টা। ভিএআরের মাধ্যমে তাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান।
ম্যাচের ৩০তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন এমবাপ্পে। ভিএআরের মাধ্যমে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড। ৪ মিনিট পর এমবাপ্পের পাস থেকে গোল করে দলের লিড ৫-০ করেন জোনাথান ক্লস। ম্যাচের ৩৬তম মিনিটে দলের লিড ৬ এ উন্নীত করেন কিংসলে কোম্যান। এক মিনিট পর এমবাপ্পের অ্যাসিস্ট থেকে দলের লিড ৭-০ করেন ইউসুফ ফোফানা।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে উঠে ২০১৮’র বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বেশ কিছুক্ষণ ফ্রান্সকে আটকে রাখতে সক্ষম হয় জিব্রাল্টার খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি আসে ম্যাচের ৬৩ মিনিটে আদ্রিয়ান র‌্যাবিওটের হাত ধরে। তার দুই মিনিট পর ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কিংসলে কোমান। ৭৩তম মিনিটে জোনাথন ক্লসের পাস থেকে দলের লিড ১০-০ করেন ওসমান দেম্বেলে।
ম্যাচের ৭৪তম মিনিটে থিও হার্নান্দেজের অ্যাসিস্ট থেকে দলের ১১তম ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ৮০তম মিনিটে আরও একটি গোল হলেও তা ভিএআরের কল্যাণে বাদ হয়ে যায়। তবে ৮২তম মিনিটে ইউসুফ ফোফানার পাস থেকে গোল করে ১২-০ তে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে। সেই সঙ্গে ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন পিএসজি তারকা।
ফ্রান্সের সবাই যখন গোল উৎসব করছে তাহলে চুপ থাকবেন কেন দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরুড। বিষয়টি মনে হয় সাইড বেঞ্চে বসে ভালো লাগেনি তার। তাই তো বদলি হিসেবে নেমে ৮৯ ও ৯১ মিনিটে শেষ গোল দুটি করেন এসি মিলানের এই ফরোয়ার্ড। তবে ম্যাচে সবচেয়ে মজার বিষয় ছিল এদিন ফ্রান্সের পক্ষে কনিষ্ঠতম গোলদাতা ও বয়ঃজেষ্ঠ গোলদাতার মধ্যে বয়সের পার্থক্য ছিল পুরোপুরি ২০ বছর!
এই জয়ে ৭ ম্যাচ থেকে শতভাগ জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষে ফ্রান্স। সমান ম্যাচে ৫ জয় ও ২ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। আর ৭ ম্যাচে শতভাগ হারে পয়েন্ট টেবিলের নিচে অবস্থান জিব্রাল্টারের।