মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

আনুশকা-কোহলির আবেগঘন ছবি ভাইরাল

ভারত ও অস্ট্রেলিয়া প্রায় দুই দশক পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ১৯ অক্টোবর। কিন্তু শেষ অবধি একরাশ মনখারাপ নিয়ে ঘরে ফিরতে হলো ভারতকে। ভারতীয় শিবিরে এখন চলেছে মন খারাপের বিলাপ।

স্বাভাবিকভাবেই বিশ্বকাপের হারের পর ভারতজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। আর এ পরিস্থিতিতেই আবেগঘন অবস্থায় দেখা গেছে আনুশকা ও বিরাট কোহলিকে।

ভারতের পরাজয়ের পর বিরাটকে জড়িয়ে ধরেন অনুশকা। স্বাভাবিকভাবেই অনুশকার চোখেমুখে বিষন্নতা ধরা পড়েছে। তাদের সেই ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ভক্ত-অনুরাগীরা বিরাট ও আনুশকাকে স্বান্ত্বনা বাণী লিখছেন। বেশির ভাগই আনুশকার প্রশংসা করছেন। একজন ভক্ত লিখেছেন, প্রত্যেকেরই অনুশকার মতোই জীবনসঙ্গীনী দরকার। যে সবসময় আপনার দুঃখকষ্টে পাশে থাকবে। বিরাট কোহলি খুবই ভাগ্যবান।’ পাশাপাশি অন্য একজন লিখেছেন- ‘অনুশকা যেভাবে বিরাটকে সমর্থন করেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়’।

গাজায় ইসরায়েলি হামলায় ১৩ হাজার মানুষ নিহত

গাজায় ইসরায়েলের হামলায় লাশের সারি দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই সেখানে হতাহতের ঘটনা সামনে আসছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার মানুষ নিহত হয়েছে। খবর বিবিসির।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই সেখানে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এ থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। ধ্বংসস্তূপের নিচে প্রায় দুই হাজার মানুষ চাপা পড়েছে বলেও আশঙ্কা ।

এদিকে ইসরায়েলের হামলায় গাজায় আর কত বেসামরিক নাগরিক নিহত হবে এই প্রশ্ন রেখেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু, নারী ও পুরুষদের মুখে যে যন্ত্রণা, আতঙ্ক এবং ভয় তৈরি হয়েছে তা সহ্য করার মতো নয়।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য লিফলেট বিতরণ করছে কিন্ত গাজায় কোনো নিরাপদ স্থান নেই।

অপরদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রেস ফ্রিডম গ্রুপ এমএডিএ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত বুরেইজ শরণার্থী শিবিরে দায়িত্ব পালন করছিলেন সারি মানসুর এবং হাসুনেহ সেলিম। সে সময়ই তারা হামলায় নিহত হন।

দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪২ সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৯ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি এবং একজন লেবাননের নাগরিক।

১৯৯২ সাল থেকে বিভিন্ন সংঘাতে সাংবাদিক হতাহতের তথ্য সংগ্রহ এবং প্রকাশ করে আসছে সিপিজে। সংস্থাটি জানিয়েছে, ১৯৯২ সালের পর থেকে যে কোনো সংঘাতে যত সাংবাদিক নিহত হয়েছেন গত এক মাসে গাজায় তার চেয়ে বেশি সাংবাদিকের প্রাণহানি ঘটেছে। ইসরায়েল বলছে, হামাসকে একেবারে নির্মূল করে ফেলাই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিকুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ এলাকার জন্য আওয়ামী লীগের দুটি মনোনয়ন ফরম কিনেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। বিশেষ করে ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেতা সিদ্দিক।
আজ দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নিবেন জানিয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, আসন্ন ৭ জানুয়ারি-২০২৪, দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ এলাকার জন্য আওয়ামী লীগের দুইটি মনোনয়ন ফরম কিনলাম। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।

২৬ নভেম্বর এইচএসসির ফলাফল প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২-এর ফলাফল প্রকাশিত হবে আগামী ২৬ নভেম্বর।
আজ সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, ফলাফল প্রকাশের জন্য ২৬-২৮ নভেম্বরের মধ্যে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে ২৬ তারিখ ফল প্রকাশ করা হবে। লিখিত চিঠি পেলে বিস্তারিত জানা যাবে।
রেওয়াজ অনুযায়ী, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
সারা দেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথমে মনোনয়ন ফরম নেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
আজ সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।
এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সকাল থেকে নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। হাতে গোনা কয়েকজন এসেছেন মনোনয়ন ফরম নিতে। এ ছাড়া দলটির বেশির ভাগ শীর্ষ নেতা কার্যালয়ে আসেননি। শুধু বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সারা দেশে র‌্যাবের ৪২৫ টহল টিম মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪৫টিসহ সারা দেশে ৪২৫টি টহল টিম মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ সোমবার (২০ নভেম্বর) সকালে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।
তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এসকর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে সোমবার (২০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২০৫ ইয়াবা, ৩৪ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেনসিডিল, ২ বোতল বিদেশি মদ ও ১২টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা কোহলি

এ যেন বিশ বছর আগের এক সন্ধ্যা ফিরে এলো আবার। জোহানেসবার্গে সেদিন ফাইনাল হেরে টুর্নামেন্ট সেরার পুরস্কার বুঝে নিয়েছিলেন সেই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। কাকতালীয় ব্যাপার ২০ বছর পর আবারও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন এক ভারতীয়। তিনি বিরাট কোহলি। শচীনের মতোই ফাইনাল হেরেছেন তিনিও। দুজনেই ছিলেন নিজ নিজ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুজনেই বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন।
ফাইনাল হারের পর বিমর্ষ কোহলিকে ডেকে নেওয়া হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে। তবে এদিন হাসিমুখে দেখা যায়নি কোহলিকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৭৬৫ রান করেও ফাইনালে হারের কষ্ট নিয়ে মঞ্চ ছাড়তে হয়েছে তাকে। টুর্নামেন্ট সেরার এই পুরস্কার জেতার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ শামিকে। পেছনে ফেলেছেন কুইন্টন ডি কক কিংবা রাচীন রবীন্দ্রর মত তারকাকে।
পুরো আসরে একের পর এক রেকর্ড ভেঙেছেন ৩৫ বছর বয়েসী বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের এই মারকুটে ব্যাটার। করেছেন তিন শতক। রান করেছেন ৭৬৫। এমনকি এবারের আসরে একটি উইকেটও নিজের করে নিয়েছেন কোহলি।
সবমিলিয়ে বিরাটের এবারের বিশ্বকাপ পর্বটা ছিল মনে রাখার মতোই। ১১ ম্যাচে ৬ অর্ধশতক, ৩ শতকসহ করেছেন ৭৬৫ রান। বিশ্বকাপের ইতিহাসে এক টুর্নামেন্টে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এমনকি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ১১ ইনিংস ব্যাট করে ৯টি ইনিংসেই কমপক্ষে ৫০ রান করেছেন কোহলি।

যুদ্ধফ্রন্ট খোলা নিয়ে ইসরায়েলকে যে বার্তা দিল ইরান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযানরত ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধফ্রন্ট খোলার বার্তা দিয়েছে ইরান। দেশটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর এলিট শাখা ইরান’স রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসিন রেজায়ি রোববার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
লেবাননভিত্তিক সশস্ত্র মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থক টেলিভিশন চ্যানেল আল মায়েদিনকে দেওয়া সেই সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ‘জায়নবাদবিরোধী নতুন যুদ্ধফ্রন্ট বা পক্ষ গড়ে তোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন আছে। সামনের দিনের যুদ্ধে সেই ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই যুদ্ধের মধ্যে দিয়েই বিশ্ব থেকে বিদায় নেবে জায়নবাদী শক্তি।’
সাক্ষাৎকারে মোহসিন রেজায়ি বলেন, তিনি মনে করেন যে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। তিনি বলেন, ‘এই যুদ্ধ আরও বেশ কিছুদিন চলবে। ইসরায়েল চোরাবালিতে আটকা পড়েছে। গাজায় তারা যত অগ্রসর হবে— ততই ডুববে। বেনঞ্জামিন নেতানিয়াহুর (ইসরায়েলের প্রধানমন্ত্রী) পতনের মধ্যে দিয়ে শেষ হবে এই যুদ্ধ।’
গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে।
হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ১৬ অক্টোবর থেকে তাতে যোগ দেয় স্থল বাহিনীও। সেই অভিযান এখনও চলছে।

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত সাড়ে পাঁচ হাজার। এছাড়া সাড়ে তিন হাজার নারীও রয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার। আহতদের ৭৫ শতাংশই নারী ও শিশু। এছাড়া নিখোঁজের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে বলে প্রশাসন জানিয়েছে। নিখোঁজদের বেশিরভাগই ধসে পড়া ভবনগুলোর নিচে পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
আনাদুলু এজেন্সির খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে ৮৩টি মসজিদ। তিনটি গির্জাকেও লক্ষ্যবস্তু করা হয়। ৪৩ হাজারের বেশি আবাসন ইউনিট সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকার ৬০ শতাংশ আবাসিক ইউনিট।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ২৫টি হাসপাতাল এবং ৫২টি স্বাস্থ্যকেন্দ্র পরিষেবার বাইরে চলে গেছে। ইসরায়েলি বাহিনী ৫৫টি অ্যাম্বুলেন্সকেও লক্ষ্যবস্তু করেছে। গাজা প্রশাসন সেখানে চলমান নৃশংসতার জন্য ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেছে।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা গাজা সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায়। হামলার ব্যাপকতায় হতভম্ব ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রত্যয় নিয়ে সেইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে। তারপর থেকে দখলদার ইসরায়েয়ের জঙ্গি বিমানগুলো গাজা ভূখণ্ডে লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে। এর পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে। তাদের বর্বরোচিত হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনের নাগরিক।