মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না : প্রধানমন্ত্রী

নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে দলটির সংসদীয় বোর্ডের মনোনয়ন সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার প্রথম দিনে কয়েকটি বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। পর্যায়ক্রমে ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে আগামী কয়েক দিন বৈঠক করবে দলটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০১৪ সালে আত্মবিশ্বাস ছিল না বলেই জ্বালাও-পোড়াও করে তারা নির্বাচনে আসেনি। ২০১৮ সালের নির্বাচন নিয়ে অপবাদ দিলেও কেউ এখন পর্যন্ত অনিয়মের একটি সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি।
শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে যারা প্রশ্ন তুলে, সামরিক শাসকদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সময় তারা কোথায় ছিল? মাটি ও মানুষের প্রতি ভালোবাসা আওয়ামী লীগ ছাড়া আর কারও নেই। দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পেলে সঠিক সিদ্ধান্ত নেয়।
বিএনপির মিটিং-মিছিলে বাধা নেই, তাহলে অগ্নিসন্ত্রাস কেন? প্রশ্ন রেখে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির গ্রহণযোগ্যতা বেড়েছিল। যখনই সহিংসতার পথ বেছে নিয়েছে, তখনই জবাবদিহিতার মধ্যে পড়েছে তারা। তাদের প্রতি জনগণের আস্থা উঠে গেছে।
সরকার প্রধান বলেন, সহিংসতা করে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। রাজনৈতিকভাবে না পেরে অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করেছে তারা। আমরা দেশের জন্য কাজ করি, কারও তাবেদারি করার জন্য নয়। যতদিন ক্ষমতায় থাকব জনগণের কল্যাণে কাজ করে যাবো।

শেখ হাসিনা বলেন, গত নির্বাচনের সময় অপপ্রচার চালিয়েছিল বিএনপি। কিন্তু অনিয়মের কোনও প্রমাণ তারা দিতে পারেনি। আওয়ামী লীগ সংবিধান মেনে চলে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। সেই সঙ্গে মর্যাদা অক্ষুণ্ন থাকবে।
তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করেই সংবিধান স্থগিত করে মার্শাল ল জারি করে। হ্যাঁ/না ভোটের আয়োজন করে। সে সময় ভোটের না বাক্স খুঁজেই পাওয়া যায়নি। তারা গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিয়েছে।
শেখ হাসিনা প্রশ্ন তোলেন, আজ আন্তর্জাতিকভাবে অনেক দেশ কথা বললেও যখন মিলিটারি ডিক্টেটররা মানুষের অধিকার ক্ষুণ্ন করেছিল তখন তাদের চেতনা কোথায় ছিল?
তিনি বলেন, ভোটচুরির অপরাধে খালেদা জিয়াকে ১৯৯৬ সালের ৩০ মার্চ পদত্যাগ করতে হয়েছে।
এসময় নিজের সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, একসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা নির্বাচন কমিশনকে স্বাধীন করতে আওয়ামী লীগ সরকার আইন করে দিয়েছে। এতে ৮২টি সংশোধনী এনে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের উপযোগী করা হয়। সেই আইনের অধীনে এখন দেশে নির্বাচন কমিশন গঠিত হয়।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা নৌকায় ভোট দেন। আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন। এর সুফল ভোগ করেন। সবার প্রতি এটা আমার উদাত্ত আহ্বান।
সকাল ১০টার পর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় শুরু হয়। আজকের সভায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। টানা তিনদিন চলবে সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা। আজকের পর ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

গাজায় শুক্রবারের আগে হচ্ছে না যুদ্ধবিরতি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয়েছে, তা শুক্রবারের আগে কার্যকর হচ্ছে না।
ইরসায়েলের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, শুক্রবারের আগে গাজায় হামলা বন্ধ হচ্ছে না।
এ ছাড়া ইরসায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি জানিয়েছেন, শুক্রবারের আগে হামাসের হাতে জিম্মি হওয়া কেউ মুক্তি পাচ্ছে না।
এই ঘোষণার আগে অবশ্য চার দিনের ওই যুদ্ধবিরতি বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছিল হামাসের পক্ষ থেকে। ইসরায়েলে বন্দি ১৫০ ফিলিস্তিনি ও গাজায় বন্দি ৫০ জিম্মির মুক্তি দেয়ার মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির।
মঙ্গলবার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, চার দিনের মধ্যে ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেয়া হবে, এই সময়ে যুদ্ধে বিরতি থাকবে।
বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির কথা উল্লেখ না করে এতে বলা হয়, প্রতি অতিরিক্ত ১০ জন জিম্মিকে মুক্তি দওয়ার জন্য বিরতি আরও একটি দিন বাড়ানো হবে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সরকার সব জিম্মিকে দেশে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনের প্রথম পর্যায় হিসেবে প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন করা হয়েছে।
রয়টার্স বলছে, যুদ্ধবিরতি চুক্তির বিসয়ে মধ্যস্ততা করেছেন কাতারের কর্মকর্তারা। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং হামাস কয়েকদিন ধরে একটি চুক্তি আসন্ন বলে ইঙ্গিত দিয়ে আসছিল। গাজায় হামাস দুই শতাধিক মানুষকে জিম্মি করে রেখেছে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলে ঢুকে হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দেশটি।
টানা হামলার শিকার গাজায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কদিন আগে মিশরের রাফা ক্রসিং দিয়ে কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে ওই উপত্যকতায়।
এতদিন গাজায় জ্বালানি প্রবেশে ইসরায়েলের অনুমতি ছিল না। বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক চাপের মধ্যে সম্প্রতি শুধু হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জন্য জ্বালানির অনুমতি দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সেখানে ঢুকেছে ছয়টি জ্বালানিবাহী ট্রাক।

ভারতে নির্মাণাধীন টানেল ধস : শেষের পথে উদ্ধার অভিযান

ভারতের উত্তরাখন্ডে নির্মাণাধীন টানেল ধসের ঘটনায় আটকে পড়া ৪১ শ্রমিককে বের করে আনতে উদ্ধার অভিযান আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮ টায় শেষ হবে। এমনটি জানিয়েছেন উদ্ধার কাজে নেতৃত্বদানকারী সংস্থা জাতীয় দুর্যোগ রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ওই শ্রমিকদের কাছাকাছি পৌঁছে গেছেন তারা। ঘটনাস্থলে ৪১ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। খবর এনডিটিভি।
জজিলা টানেল প্রকল্পের প্রধান ও উদ্ধারকারী দলের সদস্য হারপাল সিং জানিয়েছেন, উদ্ধারকর্মীরা গ্যাস-কাটার ব্যবহার করে স্টিল কেটে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে আনতে সক্ষম হবে। আটকে পড়া কর্মীদের কাছ থেকে ছয় মিটার দূরে আছি। বুধবার রাতে তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬৭ শতাংশ ড্রিল সম্পন্ন হয়েছে।
এর আগে গত বুধবার উদ্ধার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাদের বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এসব শ্রমিকদের বের করে নিয়ে আসা সম্ভব হবে। গত ১২ নভেম্বর ৫ কিলোমিটার লম্বা টানেলটির একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে আটকা পড়েন ৪১ শ্রমিক।
টানেল ধসের কয়েক ঘণ্টা পরই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। এরপর সরু পাইপের মাধ্যমে তাদের খাবার, অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়।
শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হলেও, বাইরে থাকা তাদের আত্মীয়-স্বজনরা এখনো উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন। অবশ্য, গত সোমবার (২০ নভেম্বর) তারা কিছুটা স্বস্তি পান। এদিন একটি অ্যান্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে শ্রমিকদের দেখা যায়।
বুধবার থেকে টানেলে নতুন করে আবারও ড্রিলিং শুরু হয়। এদিন সারাদিনে প্রায় ৩৯ ফুট ড্রিল করা হয়। উদ্ধারকারীদের পরিকল্পনা হলো— সেখানে একটি পাইপ ফিট করা। যে পাইপ দিয়ে শ্রমিকরা বের হয়ে আসবেন।
প্রসঙ্গত, গত ১২ দিন ধরে আটকে থাকা এসব শ্রমিকদের উদ্ধারে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছেন উদ্ধারকারীরা। এখন সব পরিকল্পনা মাথায় রেখেই চলছে উদ্ধার অভিযান।

করোনায় বিশ্বজুড়ে আরও ১১৯ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৭২ জন। সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬১৯ জন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫ জন।
অপরদিকে ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৮১ লাখ ৩৩ হাজার ২৫৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৪১ হাজার ৮৪০ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯৬ লাখ ১ হাজার ৩৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়ি বিস্ফোরণের ঘটনায় নিহত ২

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় দেশ দুটির মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িতে থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনার পরে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বিস্ফোরণে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ত্রাসী কার্যকলাপের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি একটি ভয়ঙ্কর বিস্ফোরণ।
তিনি আরও বলেন, বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় যদিও এখনও পাওয়া যায়নি। তবে তাদের গাড়িটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িটি দ্রুত গতিতে চলছিল, পরে সেটি চেকপয়েন্টের একটি ব্যারিয়ারে জোরে ধাক্কা দেয় এবং আগুনে বিস্ফোরিত হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বলেছেন, এটি স্পষ্টতই অত্যন্ত গুরুতর একটি পরিস্থিতি।

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। সকাল ৮টার পর থেকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় তা হয়নি।
ওইদিন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী বলেছিলেন, আমাদের সফটওয়্যারের কাজ চলছে। বুধবার বা বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরু হবে।
এদিকে এ রুটে ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।
‘কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে পৌঁছাবে ভোর ৬টা ৪০ মিনিটে।
আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১ হাজার ৭২৫ টাকা।
তবে ননস্টপ ট্রেনের ক্ষেত্রে শোভন চেয়ার ৫০ টাকা ভাড়া বাড়বে। একই সঙ্গে স্নিগ্ধা, প্রথম শ্রেণি, এসি বার্থের ভাড়াও ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়বে।

বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবজাতি ও মানবতা রক্ষায় সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে বিশ্বের দৃঢ়ভাবে না বলতে হবে।
তিনি বলেন, ‘আজকের বিশ্বায়নের পরিস্থিতিতে মানুষের জীবন ও মানবতাকে বাঁচাতে সকল যুদ্ধ ও সংঘাতকে দৃঢ়ভাবে ‘না’ বলা অবশ্যই সহজ হবে।’
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘জি২০ লিডারস সামিট ২০২৩’-এ বক্তৃতাকালে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন, শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে সকলকে অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, ইউরোপের বর্তমান যুদ্ধজনিত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেড় মাসেরও বেশি সময় ধরে ‘আমরা ফিলিস্তিনে ১০ হাজারের বেশি নিরপরাধ-নিষ্পাপ শিশুসহ হাজার হাজার নারী-পুরুষকে নির্মম হত্যা ও মর্মান্তিকভাবে গণহত্যা করতে দেখছি।’
শেখ হাসিনা আরো বলেন, এইসব জঘন্য হত্যাযজ্ঞ গোটা বিশ্বকে হতবাক করেছে এবং বিশ্বব্যাপী দুর্দশাকে আরো তীব্র এবং অর্থনৈতিক অগ্রগতিকে মন্থর করেছে।
তিনি বলেন, ‘আমি আজকের শীর্ষ সম্মেলনে উপস্থিত সকল সম্মানিত বিশ্ব নেতার প্রতি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির এক সুরে আওয়াজ তুলতে এবং এ যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে নির্বিঘ্নে মানবিক ত্রাণ পাঠাতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সৎ প্রতিবেশী-সুলভ সুসম্পর্ক গড়ে তোলা ও বিশ্বব্যাপী এর প্রসার একটি ভালো সূচনা হতে পারে।’
এ লক্ষ্যে শেখ হাসিনা বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের চমৎকার সম্পর্কের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন যা ‘প্রতিবেশী কূটনীতির রোল মডেল’ হিসাবে স্বীকৃত হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিবেশীরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পারে। আমরা আমাদের সমুদ্রসীমা ও স্থল সীমানা মীমাংসার মাধ্যমে তা প্রমাণ করেছি।
বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি আনন্দিত যে গত এক বছরের জি২০ প্ল্যাটফর্মে আমাদের আন্তরিক আলোচনা, বিশেষ করে নেতৃবৃন্দের এ শীর্ষ সম্মেলন আমাদের মধ্যে উদ্দেশ্য ও দায়িত্ববোধের সঞ্চার করেছে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের বিশ্ব-পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করা সবার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘সেই চেতনায় আমি বাংলাদেশ থেকে মিয়ানমারে ১ মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) প্রত্যাবাসনে আপনাদের আন্তরিক সমর্থন চাই।’
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রদত্ত প্রতিশ্রুতি ফলপ্রসূ হবে এবং এটি বাস্তব পদক্ষেপে রূপান্তরিত হবে।
শেখ হাসিনা জি২০ প্রেসিডেন্সির সফল পরিচালনার জন্য নরেন্দ্র মোদি ও ভারতকে আন্তরিক অভিনন্দন জানান।
গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফলাফলকে এগিয়ে নিতে আজকের শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, জি২০ নয়াদিল্লি নেতাদের ঘোষণা গ্লোবাল সাউথের প্রকৃত উদ্বেগ ও সমস্যাকে প্রতিফলিত করে।
তিনি বলেন, ‘আমি আনন্দিত যে, নেতারা নয়াদিল্লিতে নিম্ন ও মধ্যম-আয়ের দেশগুলোকে বিশেষ করে, যেগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রযুক্তি রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো ও নারী-নেতৃত্বাধীন উন্নয়নের সাথে সম্পর্কিত, উন্নয়নের বিভিন্ন চাহিদা পূরণে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোকে শক্তিশালী করতে সম্মত হয়েছেন, একটি উন্নত ভবিষ্যতের জন্য এটি অপরিহার্য।’
শেখ হাসিনা বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নারীর ক্ষমতায়নে চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন-যা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’-এর অনুরণন।
তিনি আরও বলেন, প্রায় ১৫ বছর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই সময়ের মধ্যে দারিদ্র্য ২০০৬ সালে ২৫.১ শতাংশ থেকে ২০২২ সালে ৫.৬ শতাংশে এ হ্রাস পেয়েছে এবং অন্যান্য অনেক কিছুর মধ্যে মাথাপিছু আয় পাঁচগুণ বেড়েছে।’

প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন সালমান খান!

আগামী ডিসেম্বর মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে। ৫ থেকে ১২ তারিখ চলবে এ উৎসব। প্রতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলো করে থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান-সহ বিশিষ্টজনেরা।
মুম্বাই, কলকাতার তারকার মিলনমেলা ঘটে এই মঞ্চে। তবে এ বছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না অমিতাভ-শাহরুখেরা। এবার অতিথি হয়ে আসছেন সালমান খান, কমল হাসন ও সোনাক্ষী সিনহা।
সম্প্রতি মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা করেন বিগ বি এবং তার পরিবারের সঙ্গে। ‘জলসা’র দরজায় দেখা যায় মমতার সঙ্গে পুরো বচ্চন পরিবারের ছবি। সেই সময় জানা গিয়েছিল, অমিতাভের সঙ্গে দেখা করে তাকে আসন্ন চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন অমিতাভ।
তবে এখন জানা যাচ্ছে, আসতে পারছেন না অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণেই নাকি এ বার আসতে পারছেন না তিনি।
অন্যদিকে, শাহরুখ খান ব্যস্ত তার মেয়ে সুহানা খানের বলিউড অভিষেক নিয়ে। সে কারণে দেখা যাবে না ‘কিং খান’কেও। এবার অবশ্য সেই শূন্যস্থান পূরণ করতে আসছেন বলিউডের ভাইজান।
সদ্য মুক্তি পেয়েছে সালমানের ‘টাইগার ৩’। বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এছাড়া চলতি বছরে কলকাতায় শো করতে এসে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখাও করে গিয়েছিলেন সালমান। এবার একেবারে অতিথি হয়ে আসবেন চলচ্চিত্র উৎসবে।

যুদ্ধবন্দী বিনিময় নিয়ে ফিলিস্তিনিদের মিশ্র প্রতিক্রিয়া

হামাস-ইসরায়েল যুদ্ধে বন্দি ফেরতের খবরে এক অনিশ্চয়তা কাজ করছে ফিলিস্তিনিদের ভেতর। দীর্ঘ এক মাসের বেশি সময় পর বাড়ি ফিরবেন হামাস-ইসরায়েল যুদ্ধে বন্দিরা। অপেক্ষার প্রহর যেন কাটছে না উভয় পক্ষেরই স্বজনদের। আবেগ উৎকণ্ঠায় কাটছে প্রতিটি মুহূর্ত।
বেশিরভাগ ফিলিস্তিনির মতে, অস্ত্রবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে তাদের স্বজনরা ফিরে আসতে পারবেন কিনা সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারছেন না। তাই এখন পালা শুধুই অপেক্ষার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে পুরোপুরি বিধ্বস্ত অবরুদ্ধ উপত্যকা গাজা। বেঁচে থাকাটা যেন এখানে বড় বিস্ময়ের বিষয়। অসহায় মৃত্যুই হয়ে উঠেছে অবধারিত নিয়তি। অবশ্য গাজাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। বন্দি বিনিময়েও দু’পক্ষ একমত হয়েছে। এমন ঘোষণায় চরম উত্তেজনায় দিন কাটছে বন্দিদের পরিবারের।
বন্দি এক ফিলিস্তিনির মা জানান, রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও আমার চোখে ঘুম আসছিলো না। আমার ছেলেকে ইসরায়েলিরা আটক করে নিয়ে যায় ২০১৫ সালে। দীর্ঘ ৮ বছর আমার ওকে আমি দেখি না। আশা করি কোনো বিপত্তি ঘটবে না। আমার ছেলে ঠিক ভাবে আমার কাছে এসে পৌঁছাবে।
তবে তেলআবিবের এ ঘোষণায় অনেকেই আবার বেশ আশাবাদী। অনেক ফিলিস্তিনি আবার বরাবর চুক্তি ভাঙায় ইসরায়েলের কথায় বিশ্বাস করতে পারছে না। অস্ত্রবিরতির পর হামলা আরও জোরালো হবে সেই আশঙ্কায়ও করছেন কেউ কেউ। মুক্তির দাবি জানিয়েছেন ইসরায়েলের কারাগারে বিনা বিচারে বন্দি থাকা ৬ হাজার ফিলিস্তিনিরও।
উল্লেখ্য, ইসরায়েলের কারাগারে বন্দি ৩০০ ফিলিস্তিনিকে মুক্ত করার বিপরীতে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস। যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের ২৭৪ জনই পুরুষ। যাদের প্রায় সবাই ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর।

ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রশিদপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আখাউড়া থেকে একটি তেলবাহী ট্রেন সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জের লস্করপুর ব্রিজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।