মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল

সদ্যই শেষ হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এবার ফাইনালে ভারতকে উড়িয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আগামী জানুয়ারিতে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন তারকা এই অলরাউন্ডার।

বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। তার সঙ্গে দলটির হয়ে খেলতে আসবেন নিউজিল্যান্ডের বাঁহাতি তারকা পেসার ট্রেন্ট বোল্ট। তবে এ দুই ক্রিকেটারকে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না।

মূলত পাকিস্তানি দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরকে পুরো আসরের জন্য পাবে না বরিশাল। তাদের পরিবর্তে দলটি সাইন করাবে এই দুই ক্রিকেটারকে। এই তথ্য ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি ভাইরাল হতেই নতুন করে আলোচনার শুরু হয়েছে তাকে নিয়ে। যদিও তামিমের দাবি প্রধানমন্ত্রীর সাথে তার দেখা সৌজন্য সাক্ষাৎকার ছাড়া আর কিছুই নয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেই। অ্যাওয়ে সিরিজেও থাকছেন না তা নিশ্চিত। তামিমের চোখ এখন শুধুই বিপিএলের দিকে। এ টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন, নিজের সেরাটা দিয়ে খেলতে চান টাইগার ওপেনার।

তার দল ফরচুন বরিশালও তামিমকে নিয়ে দারুন আশাবাদী। ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, তামিম সুপার ফিট। আগামী বছর আপনি দেখবেন সে বিপিএলের সেরা খেলোয়াড় হবে।

গণভবনে ডাক পেলেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ হাজার ৩৬২ জন। এসব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আগামী রোববার সাক্ষাৎ করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২৪ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের সব মনোনয়নপ্রত্যাশীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এর আগে, গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলে। চার দিনে ৩ হাজার ৩৬২ জন ফরম সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিএনপি ইঁদুরের গর্তে ঢুকে গেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এখন ইঁদুরের গর্তে ঢুকে গেছে। তাদের নেতারা গর্তের মধ্য থেকে একটু একটু করে মুখ তুলে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে একটি আঞ্চলিক গণমাধ্যমের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, যারা গাড়িতে চোরাগুপ্তা হামলা চালিয়ে মানুষ মারে, স্কুল এবং মানুষের বাড়ি-ঘর পোড়ায়, জীবন্ত ৩২জন সাংবাদিককে পিটিয়ে আহত করে তারা দেশের শত্রু, মানবতার শত্রু। বিএনপির নেতা-কর্মীরা সংবাদের গাড়িতে আগুন দেয়। এই রাষ্ট্র-সমাজ ও সাংবাদিকদের শত্রু বিএনপি, এদের প্রতিহত করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত দেশকে ধ্বংস করার জন্য বায়তুল মোকাররমে আগুন দিয়েছে, পবিত্র কোরআনে পুড়িয়েছে ও শত শত মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। সাড়ে তিন হাজার গাড়ি ও বহু ট্রেন-লঞ্চে আগুন দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই অগ্নিসন্ত্রাসদের মোকাবিলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ১৮ সালেও একই চেষ্টা হয়েছিল, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। এখন এবার তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছ। আমার বিশ্বাস এবারও তারা সফল হবে না।

তিনি বলেন, বর্তমানে দেশের চিত্র বদলে গেছে, গত ১৫ বছরে মানুষের মাথাপিছু আয় ৬শ’ ডলার থেকে বেড়ে ১৫শ’ ডলার ছুঁই ছুঁই। মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক সহ সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। এখন পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হায় হুতাশ করে। আমরা মানব উন্নয়ন, সামাজিক ও স্বাস্থ্য সূচকে ভারতকেও পেছনে ফেলেছি। এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতকে আমরা অতিক্রম করেছি।

হাছান মাহমুদ বলেন, নদীর তলদেশ দিয়ে টানেল মানুষ স্বপ্নেও ভাবেনি। কক্সবাজার পর্যন্ত ট্রেন যাবে, মানুষ গল্প ও কেচ্ছা শুনেছে। ১৩৩ বছর আগে ব্রিটিশ আমলে পরিকল্পনা হয়েছিল। যখন আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি তখনও মানুষ ভেবেছে এটি আগের মতোই মন ভুলানো গল্প। ট্রেন যে কক্সবাজার যাবে সেটা ভাবেনি। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবে।

মন্ত্রী বলেন, চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। আকাশ থেকে শহর চেনা যায় না, পল্লী কবি জসীম উদ্দীনের গ্রাম আর খুঁজে পাওয়া যায় না, এটি এখন বাস্তবতা। গরু দিয়ে হালচাষ করা এখন আমাদের কবিতায় আছে গল্পে, কিন্তু বাস্তবে সেটি আর নেই। গত দশ বছরে কৃষির যে যান্ত্রিকিকরণ হয়েছে সেটি অভাবনীয়। মানুষ গরু বা মহিষ দিয়ে এখন কদাচিৎ চাষ করে। মেশিনের একদিক দিয়ে ধান কাটা হয় আরেক দিক দিয়ে বের হয়। এগুলো আগে আমরা সিনেমায় দেখেছি, অন্য দেশের ডক্যুমেন্টারিতে দেখেছি, এখন এটি বাংলাদেশেও হচ্ছে।

সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, আমীর উদ্দিন চৌধুরী, প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর শিক্ষক প্রফেসর মইনুল ইসলাম প্রমুখ।

রিহ্যাবে নেওয়া হয়েছে গায়ক নোবেলকে!

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে। ক্রমেই মাদকাসক্তে জড়িয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে তাকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।

নোবেলের একাধিক পারিবারিকসূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

কিছুদিন আগেই কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চে ওঠেন নোবেল। সেখানে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে দর্শক-শ্রোতারা পানির বোতল ছুঁড়তে শুরু। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়।

এরপর সম্প্রতি খুলনা থেকে এক তরুণীকে নিয়ে আসেন বলে জানা যায়। পরিবার ওই তরুণীকে নিতে ঢাকায় এলে নোবেলের সঙ্গে তাকেও মাদক সেবন করতে দেখেন। বিষয়টি ফেসবুক লাইভে জানিয়েছেন তরুণীর স্বামী। সম্প্রতি মেয়েটি খুলনায় ফিরে গিয়েছেন।

জানা গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের নামে মামলা দায়ের করেছেন। এর থেকে বাঁচার জন্যই তাকে রিহ্যাবে নেওয়া হয়েছে এমনটাও বলছে অপর একটি সূত্র।

প্রসঙ্গত, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে পরিচিতি পান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য বা বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন।

ভারতে বিশেষ অভ্যর্থনা পেলেন বাংলাদেশের জয়া

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের অভিনীত এবং ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। চলচ্চিত্রটির প্রথম বিশ্বব্যাপী প্রদর্শনী উপলক্ষে লাল গালিচায় জয়া আহসান, মুর্তজা আতাশ জমজম এবং জয়ার সহঅভিনেতা সুমন ফারুক উপস্থিত ছিলেন।

সিনেমাটি প্রদর্শনীর পর জয়া আহসানসহ পরিচালক ও উপস্থিত শিল্পীদের বিশেষ স্মারক সম্মাননা প্রদাণ করা হয়।

প্রেম এবং মানবিক মূল্যবোধ মিশেলে তৈরি ফেরেশতের চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। চলচ্চিত্রটিতে বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। চলচ্চিত্রের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, ফ্রান্সের জন পল সারমাদিয়াস এবং শিশুশিল্পী সাথী।

‘ফেরেশতে’ সিনেমাটি ২০২৪-এর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে দেশে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতার।

শুধু ফেরেশতে নয়, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার জয়া আহসানের হিন্দি, ইরানি ও বাংলা ভাষা মিলে মোট ৪টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গোয়ার রেড কার্পেটে ক্যামেরাবন্দি হয়েছেন ভারতের মেলোডি কুইন’খ্যাত শিল্পী শ্রেয়া ঘোষাল, বলিউড সুপারস্টার শাহেদ কাপুর, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সাঞ্জানা সাংঘীসহ অনেক তারকার সঙ্গে।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৪৫ জন রোগী।
শুক্রবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৫ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯১ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ১ হাজার ৫০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২ হাজার ৭৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৬ হাজার ৬৭৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৭৫৯ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১ হাজার ৬ জন। ঢাকায় ১ লাখ ৪ হাজার ৭০৬ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৬ হাজার ৩০০ জন।

১৩ ইসরায়েলি নাগরিককে ছেড়ে দিয়েছে হামাস

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শ্রুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এসব জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের হাতে তুলে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মুক্তি পাওয়া জিম্মিদের এখন মিশরের রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানে তাদের বরণ করে নেবে ইসরায়েলি কর্মকর্তারা।

শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, চারদিনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিরতির প্রথমদিন মুক্তি পাবেন ১৩ জন। চুক্তির শর্ত মেনে, ১৩ ইসরায়েলি নারী-শিশুকে ছেড়ে দিল হামাস।

টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মুক্তি পাওয়া জিম্মিদের অ্যাম্বুলেন্সে করে গাজার খান ইউনিস থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিয়ে আসা হচ্ছে। মুক্তি পাওয়া ইসরায়েলিদের পরিবারকে আগে থেকেই জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এখন হাসপাতালে উপস্থিত হয়েছেন। সেখান থেকেই জিম্মিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে ২৪০ জনের বেশি ইসরায়েলিকে গাজায় ধরে নিয়ে যায় হামাস। এছাড়া ওইদিন কয়েকশ ইসরায়েলিকে হত্যাও করে তারা।

মানবতার দিক বিবেচনা করে তাদের মধ্যে দুই ধাপে ৪ জনকে মুক্তি দিয়েছিল হামাস। এখন মুক্তি দেওয়া হলো আরও ১৩ জনকে। আগামী তিনদিনে হামাসের কাছ থেকে ছাড়া পাবেন আরও ৩৭ ইসরায়েলি। তাছাড়া শুক্রবার শুধুমাত্র ১৩ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও, আশ্চর্য্যজনকভাবে ১২ থাই নাগরিককেও মুক্তি দিয়েছে হামাস।

অন্যদিকে, চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির চারদিনে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এরই মধ্যে ৩৯ জনকে কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

৭ জানুয়ারি বিজয় নিশ্চিত করতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউপি ভবন মাঠে যৌথ কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ। আওয়ামী লীগের শেকড় অনেক বিস্তৃত ও মজবুত। নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু প্রমুখ।

পিঠে অস্ত্রোপচার, হাসপাতাল থেকেই ছবি শেয়ার রশিদ খানের

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি তারা হারিয়েছে নেদারল্যান্ডস দলকেও। একটুর জন্য আফগানরা খেলতে পারেনি সেমিফাইনালে।

আফগানদের এই অনবদ্য পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারকা লেগস্পিনার রশিদ খানের। পিঠের চোট নিয়েও দেশের জন্য বিশ্বকাপে লড়াই করেছেন তিনি। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর আর দেরি করেননি। পিঠে অস্ত্রোপচার করিয়ে ফেলেছেন রশিদ খান। সফল অস্ত্রোপচারের পর এখন সুস্থ রয়েছেন তারকা স্পিনার।

হাসপাতালের বেড থেকেই নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন রশিদ খান। হাসপাতালের ড্রেস পরে শুয়ে ডানহাত দিয়ে ‘থাম্বস আপ’ দিয়ে তিনি বুঝিয়ে দেন, তিনি সুস্থ রয়েছেন।

ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। অপারেশন ভালোভাবেই মিটেছে। এখন আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফিরতে আমি মুখিয়ে রয়েছি।’

প্রসঙ্গত, পিঠের অস্ত্রোপচারের কারণে রশিদ খান অস্ট্রেলিয়ার আসন্ন বিগ ব্যাশ লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বিএনপির শুভবুদ্ধির উদয় হোক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের কোনো আপত্তি থাকবে না।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া খরমপুর কেল্লা শহীদের মাজার জিয়ারতকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কিছু বলার থাকলে তারা ইলেকশন কমিশনকে বলুক। কমিশন সেটি বিবেচনা করবে।

মন্ত্রী বলেন, যদি বিএনপি নির্বাচনে আসতে চায় আমরা তাদের সব সময় অভিনন্দন জানাই। ধ্বংসাত্মক কাজ ছেড়ে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, কসবা-আখাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাহার মালদার প্রমুখ।