মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

৩৮৪ কোটি টাকা বকেয়া থাকায় গতি কমানো হলো ইন্টারনেটের

বকেয়া বিল আদায়ে দেশের ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের ১৯টির ব্যান্ডউইথ ডাউন করে দিয়েছে সাবমেরিন ক্যাবল কোম্পানি। এতে দেশে ইন্টারনেট গ্রাহকরা অনেকে ধীর গতির ইন্টারনেট সেবা পাচ্ছেন।
জানা যায়, ১৯টি আইআইজির কাছে ৩৮৪ কোটি টাকা পাওনা আছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)। বকেয়া পরিশোধ না করায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মধ্যরাতের পরে বিএসসিপিএলসি আইআইজিগুলোর গড়ে ২৫ শতাংশ ব্যান্ডউইথ তথা ৬২৫ জিবিপিএস ডাউন (সীমিত) করে দেওয়া হয়। এর প্রভাবে ধীর গতির ইন্টারনেট সেবার পাচ্ছেন অনেক ব্যবহারকারী।
দেশের মোট ব্যবহৃত (৫১০০ জিবিপিএস) ব্যান্ডউইথের মধ্যে ২৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ বিক্রি করে বিএসসিপিএলসি।
সংশ্লিষ্টরা বলছেন, আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ব্যাকআপ থাকায় ইন্টারনেটে সেবায় ধীরগতির প্রভাব খুব একটা বোঝা যাচ্ছে না। ছুটির দিন হওয়াও প্রভাব পড়ছে কম। কারণ শুক্র-শনি অনেক অফিস-আদালত বন্ধ থাকায় ইন্টারনেট কম ব্যবহার হয়। এর মূল প্রভাব বোঝা যাবে রোববার।
এ প্রসঙ্গে বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ব্যাকআপ থাকায় খুব একটা প্রভাব পড়ছে বলে আমাদের মনে হয় না।
তিনি জানান, সরকারের নির্দেশে ব্যান্ডউইথ ডাউন করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এত টাকা বকেয়া রেখে ব্যান্ডউইথ সরবরাহে আমাদের কঠোর হতে বলা হয়। একটি আইআইজি বকেয়া আপডেট করায় তাদের সার্ভিস রিস্টোর করা (আগের অবস্থায়) হয়েছে। আমরা নেটওয়ার্কস নামের একটি আইআইজির কাছে ৬১ কোটি টাকা পাবো। দীর্ঘদিন বলার পরও তারা বকেয়া পরিশোধ না করায় তাদের ব্যান্ডউইথের বেশি অংশ ডাউন করা হয়েছে।
আগামী রোববারের মধ্যে আইআইজিগুলো বকেয়া পরিশোধ করলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ‘কোম্পানিগুলোর কাছে অনেকবার বকেয়া চাওয়া হয়েছে। তারা দেয়নি। গ্রাহকদের কাছ থেকে তারা টাকা আদায় করে। সরকারকে রাজস্ব কেন দেবে না?’
জানা যায়, আইআইজিদের কাছ থেকে পাওনা আদায়ে গত ১৩ জুলাই বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে ৯ আগস্ট টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিভিন্ন অপারেটরের কাছে বিএসসিপিএলসির বকেয়ার পরিমাণ ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে ৯টি অপারেটরের কাছেই তারা পায় ১৮১ কোটি টাকা।

নিজের ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসে সাংবাদিকসহ দেশের সব গণমাধ্যমের কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তিশা। তারপর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
এ সময় অপ্রত্যাশিত এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে হাসপাতালে অসুস্থ ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দুয়েকটি নিউজপোর্টাল আমার আত্মহত্যা চেষ্টা শিরোনামের নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম (যার সঙ্গে আমার কোনো পূর্বপরিচয় নেই) সে আমাকে একটা টেক্সট করে, যেটা ওই সময়ের জন্য আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি ভাবতেই পারিনি, এই সময়ে কেউ আমাকে এমন একটি টেক্সট করবে বা একজন নারীকে কেউ এমন প্রশ্ন করতে পারে। আমি সহ্য করতে না পেরে তাকে জানাই, টেক্সেটের বিষয়ে নিউজ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘তার সঙ্গে ফোনে যেসব শব্দ উচ্চারণ করেছি, আমি জানি তা সঠিক নয়। সেটার জন্য আমি দুঃখপ্রকাশ করেছি, এখনো করছি। এর মেধ্যে আমার সঙ্গে কথা বলার কলরেকর্ড অনুমতি ছাড়া প্রচার করা হয়েছে। তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায়, যা খুবই যৌক্তিক। তবে আমাকে ও আমার পরিবারকে নিয়ে অনেকে অসত্য, মনগড়া সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন। সেসব দেখে আমি রেগে যাই। তারপর আমি ডিবিতে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যমের সামনে তামিম ও প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি। যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে নিইনি। সে জন্য প্রতিষ্ঠানটির (চ্যানেল টোয়েন্টিফোর) কাছে আমি দুঃখপ্রকাশ করছি। একজনকে নিয়ে প্রতিষ্ঠান চলে না।’
তামিমের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছিলাম, সেটাও তুলে নিচ্ছি। তবে যারা আমার এবং আমার পরিবারকে ঘিরে অসত্য-অসম্মানজনক নিউজ প্রকাশ করেছে, তারা অনুতপ্ত হবে। সেইসঙ্গে লেখাগুলো সরিয়ে নেবেন, সেটাও আমি প্রত্যাশা করি। কারণ এটা একজন শিল্পী বা নারীর জন্য অসম্মানজনক।’
এ সময় তিনি অপসাংবাদিকতা রুখতে মূলধারার সাংবাদিকদের সাহায্য চেয়েছেন। যেন পরে তার মতো কাউকে এমন পরিস্থিতে পড়তে না হয়। প্রসঙ্গত, মূল ঘটনার সূত্রপাত হয় তানজিন তিশার ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর এই খবরটি গণমাধ্যমে চলে আসে। মূলত এরপরই তানজিন তিশা ঘটনাটিকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
সবশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন তিশা। এর আগে তিশা সাংবাদিকদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন।
পরে তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে ২১ নভেম্বর এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিনোদন সাংবাদিকরা। সেখান থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

‘ডন ৩’-এ শাহরুখের পর প্রিয়াঙ্কাও থাকছেন না

‘ডন’ এবং ‘ডন ২’ সিনেমার পরে ‘ডন-৩’ সিনেমাতে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। কিন্তু অজানা কারণে ‘ডন ৩’-এ থাকছেন না এই অভিনেতা।
শাহরুখের জায়গায় ‘ডন ৩’-এ দেখা যাবে রণবীর সিংকে। পরিচালক ফারহান আখতারের এই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছিল। এবার আবার শোনা যাচ্ছে, ‘ডন ৩’-এ রোমার চরিত্রে দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকেও। অর্থাৎ শাহরুখ এবং প্রিয়াঙ্কা কেউ অভিনয় করবেন না ‘ডন ৩’-এ।
‘ডন ২’ সিনেমাটি করতে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখে সম্পর্কের রসায়ন অনেকটাই গড়িয়েছিল। এর জেরে প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে তিনি বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেন। তারপরে খুব কম সিনেমাই বলিউডে করেছেন তিনি।
ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ‘ডন ২’-এ শাহরুখ ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং রোমার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ‘ডন ৩’ সিনেমায় সবটাই বদলে যেতে বসেছে। ডন যেমন বদলে যাচ্ছে তেমন বদলে যাচ্ছে রোমা-ও। রোমা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সবিতা ধুলিপালাকে।

মালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের দরগাছড়া মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ শনিবার (২৫ নভেম্বর) টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেন।
আটক পাচারকারীরা হলেন মো. ইয়াছিন (২৩), মো. জুবায়ের (৩৫), নাজির হোসেন (৬১) ও রামিমুল ইসলাম (৩১)। তাদের মধ্যে রামিমুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এবং বাকি তিনজনের বাড়ি টেকনাফে।
মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এক দালালের মাধ্যমে চার লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।
সমিরা খাতুন নামক এক তরুণী বলেন, তার বিয়ে ঠিক হয়েছে মালয়েশিয়ায়। বিয়ে করতেই তিনি মালয়েশিয়া যাচ্ছেন।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক চার দালালের মধ্যে তিনজনের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।

পিটার হাস ইস্যুতে রাশিয়ার অভিযোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করতে বিরোধী দলের একজন নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য উপস্থাপন করেছে।
আজ শনিবার (২৪ নভেম্বর) রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকার মার্কিন দূতাবাস থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া পাঠানো হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে প্রতিক্রিয়ায় বলা হয়, ইচ্ছাকৃতভাবে মারিয়া জাখারোভা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও পিটার হাসের বিভিন্ন বৈঠক বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না।
এতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তাই চাই এবং সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে। আমাদের ও বাংলাদেশের জনগণ উভয়ের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে অবাধ, সুষ্ঠু নির্বাচন।
মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে বলেও প্রতিক্রিয়ায় জানানো হয়।
এর আগে গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ সরকারের বিদেশি কারও সহায়তা ছাড়াই ‘বৈধ নির্বাচনের’ সক্ষমতা আছে বলে মনে করে রাশিয়া। এই নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যা ভিয়েনা কনভেনশনের বিরোধী।
তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার ছদ্মাবরণে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচেষ্টার বিষয় আমরা অব্যাহতভাবে তুলে ধরে আসছি। আমাদের কোনো সন্দেহ নেই যে, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহায়তা ছাড়াই সংবিধানের বিধানমতো ২০২৪ সালের ৭ জানুয়ারি সংসদ নির্বাচন স্বাধীনভাবে আয়োজনের সক্ষমতা বাংলাদেশি কর্তৃপক্ষের আছে।
মারিয়া জাখারোভার দাবি, অক্টোবরের শেষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী বিক্ষোভের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য বিরোধীদলীয় এক সদস্যের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি পিটার হাসের এই তৎপরতাকে ভিয়েনা কনভেনশন না মেনে সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন। শনিবার (২৫ নভেম্বর) ঢাকায় রাশিয়ার দূতাবাসের ফেসবুকে মারিয়া জাখারোভার ওই বক্তব্য বিস্তারিত প্রকাশ করা হয়।

এইচএসসির ফলাফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। এ ফলের অপেক্ষায় রয়েছেন কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী। ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন বিদেশ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩২৭ পরীক্ষার্থীও।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। পরে বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন। রোববার আনুষ্ঠানিকতা শেষে ফল প্রকাশ করা হবে।’
গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।
এদিকে, এবার পূর্ণ নম্বরের প্রশ্নপত্র ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটি বিষয়ের পরীক্ষা ছিল ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে।
ফলাফল জানা যাবে যেভাবে
ফলপ্রার্থী শিক্ষার্থীরা ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে খুব সহজেই ফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
উদাহরণ HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থীরা তার রেজাল্ট শিট দেখতে পাবেন।

রাষ্ট্র-সমাজ ও সাংবাদিকদের শত্রু বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এই রাষ্ট্র-সমাজ ও সাংবাদিকদের শত্রু বিএনপি, এরা মানবতার শত্রু। এদের প্রতিহত করতে হবে।’
গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাপ্তাহিক ‘চাঁটগার সংবাদ’ পত্রিকার ১১তম বর্ষপূর্তি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এখন ইঁদুরের গর্তে ঢুকেছে। তাদের নেতারা গর্তের মধ্য থেকে একটু একটু করে তাকিয়ে কর্মসূচি ঘোষণা করে, গাড়িতে চোরাগোপ্তা হামলা চালায়, মানুষের উপর হামলা চালায়, স্কুল-ঘর পুড়িয়ে দেয়, তারা ৩২ জন সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। বিএনপির নেতা-কর্মীরা সাংবাদিকের বেশ পরে গাড়িতে আগুন দিতে যায়।’
হাছান মাহমুদ বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে দেশকে ধ্বংস করার জন্য বায়তুল মুকাররমে আগুন দেওয়া হয়েছিল। পবিত্র কোরআনে আগুন দেয়া হয়েছিল, শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সাড়ে তিন হাজার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। বহু ট্রেন-লঞ্চে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। শতাধিক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি-জামাত।’
‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই অগ্নিসন্ত্রাসকে মোকাবিলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘২০১৮ সালেও সেই একই অপচেষ্টা হয়েছিল, তারা সফল হয়নি। এবারও দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’
চাঁটগার সংবাদ পত্রিকার জন্য শুভকামনা জানিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে ড. হাছান বলেন, আজকে যে দেশটা বদলে গেলো, মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক সহ সমস্ত সূচকে আমরা যে পাকিস্তানকে পেছনে ফেলেছি, পাকিস্তান যে আজকে আমাদের দিকে তাকিয়ে হায়-হুতাশ করে, বাংলাদেশ কীভাবে তাদের পেছনে ফেলে এগিয়ে গেলো। আমরা মানব উন্নয়ন, সামাজিক ও স্বাস্থ্য সূচকে ভারতকেও পেছনে ফেলেছি, এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতকে আমরা অতিক্রম করেছি, সেই সত্যটা গণমাধ্যমে প্রকাশিত হতে হবে।
সমস্ত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো সেই গল্পটাও গণমাধ্যমে আসা দরকার, বলেন তথ্যমন্ত্রী।
সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম , চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, আমীর উদ্দিন চৌধুরী, প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর শিক্ষক প্রফেসর মইনুল ইসলাম, খায়রুল এনাম সুজন সভায় বক্তব্য রাখেন।

আবারও ডিবি কার্যালয়ে তানজিন তিশা

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছেন। আজ শবিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা। তিনি বলেন, অভিনেত্রী তানজিন তিশা ডিবিতে এসেছেন।
কয়েক দিন ধরে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত ইস্যু নিয়ে উত্তাল মিডিয়া জগৎ। ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিন ভোর থেকে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তিনি হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানান ধরনের সংবাদ প্রকাশিত হয়।
তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি এ ঘটনা সবিস্তারে তুলে ধরেন।
স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, ‘আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডঅ্যাফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’
‘আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যান এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেব না।’

বাংলাদেশে স্বাধীনভাবে নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই : রাশিয়া

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনভাবে, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহায়তা ছাড়াই জাতীয় আইন মেনে সম্পন্ন করতে বাংলাদেশ কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে রাশিয়ার কোনো সন্দেহ নেই।
সম্প্রতি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেন।
আজ শনিবার (২৫ নভেম্বর) তার বাংলাদেশ সংশ্লিষ্ট বক্তব্য প্রকাশ করে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস।
নির্বাচনে ‘স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি’ নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করেন জাখারোভা।
তিনি বলেন, অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও বিরোধী দলের একজন উচ্চপদস্থ প্রতিনিধির মধ্যে বৈঠক হয়। বৈঠকে তারা দেশে সরকারবিরোধী গণবিক্ষোভ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। যুষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের এসব কর্মকাণ্ডকে ‘সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপের চেয়ে কম কিছু হিসাবে দেখা যায় না’ বলেও উল্লেখ করেন মারিয়া জাখারোভা।
তিনি বলেন, এটি কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনে উল্লিখিত নিয়ম এবং বিধিগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি বন্দীদের উচ্ছ্বাস

ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির আনন্দ উদযাপনের আতশবাজিতে শুক্রবার রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। পাশাপাশি তারা দখলদার ইসরায়েলের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধ বিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রথম ধাপে এই নারী ও শিশুরা ইসরায়েল থেকে গাজায় ফিরেছে।
সাঁজোয়া যানের পাহারায় দুটি সাদা কোচে বন্দীদের ওফার সামরিক ক্যাম্প থেকে বেরিয়ে আসার পরে পশ্চিম তীর জুড়ে জনতা উল্লাস করেছে এবং তারা ফিলিস্তিনি ও হামাসের পতাকা নেড়েছে। তারা ফিলিস্তিনিদের সাদাকালো রুমাল নেড়েছে।
ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে প্রায় ১৫ হাজার ফিলিস্তিনির মৃত্যুর কথা উল্লেখ করে সদ্য মুক্তি পাওয়া মারাহ বাকির (২৪) বলেছেন, ‘আমি খুশি কিন্তু আমার মুক্তি শহীদদের রক্তের মূল্যে এসেছে।’
আট বছর ধরে কারাগারে থাকা বাকির বলেন, ‘কারাগারের চার দেয়াল’ থেকে মুক্তি ছিল ‘বিশাল ঘটনা’।
মারাহ বাকির পূর্ব জেরুজালেমের বেইট হানিনায় তার পরিবারের বাড়িতে ফিরে আসার পর এএফপি’কে বলেন, ‘আমি আমার শৈশব এবং আমার কৈশোর কারাগারে কাটিয়েছি, আমার বাবা-মা এবং তাদের আলিঙ্গন থেকে অনেক দূরে।’
গাজায় যুদ্ধ থামানোর জন্য একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস ১৩ জন জিম্মিকে ইসরায়েলের হাছে হস্তান্তর করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ মোট ৩৯ জন বন্দিকে মুক্তি দিয়েছে।
৫৮ বছর বয়সী হানান আল-বারঘৌতি ইসরায়েলি হেফাজত থেকে দুই মাস পর মুক্তি পেয়েছেন। তিনি হামাসের সশস্ত্র শাখার নেতা এবং গাজার জনগণের প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে তাদের উত্তম প্রতিদান দিন।’ ‘যদি গাজার জনগণ না থাকত, আমরা স্বাধীনতা দেখতে পেতাম না।’
‘আমরা কারাগারের ভিতরে ছিলাম, নির্যাতন ভোগ করছিলাম। তারা ছিল স্যাডিস্ট। তারা আমাদের অপমান করেছে কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধের জন্য আমারা অত্যন্ত গর্ব বোধ করেছি এবং আমাদের মর্যাদা সমুন্নত হয়েছে। এই প্রতিরোধের জন্য অভিনন্দন জানাই।’
ধূসর জাম্পার পরা ফিলিস্তিনি বন্দীদের দখলকৃত পশ্চিম তীরের বেইতুনিয়ায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে প্যারেড করানো হয়েছিল। এদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
তাদের মুক্তির আগে, ইসরায়েলি কর্তৃপক্ষ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করার সাথে সাথে কারাগারের কাছে সাদা ধোঁয়ার মেঘে বাতাস ভরে যায়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।