মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

আরও ১৭ বন্দীর মুক্তি দিল হামাস

১৩ ইসরায়েলের বন্দী ও থাইল্যান্ডের চার নাগরিকসহ ১৭ বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। চার দিনের চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দিনে তাদের মুক্তি দেওয়া হয়।
রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়েছে, হামাস ১৩ ইসরায়েলি বন্দী এবং চারজন থাই নাগরিককে সাত ঘণ্টা বিলম্বের পরে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে।
ইসরায়েল চলমান যুদ্ধবিরতির একটি শর্ত লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ তোলার পর বন্দি মুক্তিতে ওই বিলম্ব হয়।
তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে চলমান বিরতির এই বৈরিতা শনিবার কাতার এবং মিশরের মধ্যস্থতায় সমাধান করা হয়। ইসরায়েল এখন তার কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ১৩ ইসরায়েলি এবং চার বিদেশি নাগরিককে আইসিআরসি-তে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলে যাওয়ার আগে তারা দক্ষিণ গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ সীমান্তের দিকে যাচ্ছেন।
পরে ইসরায়েলি সেনাবাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ১৭ জন বন্দি ইসরায়েলে পৌঁছেছে। তারা বলেছে, ‘প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা মূল্যায়নের পর তারা আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) সৈন্যদের সাথে থাকবে এবং পরে তাদের ইসরায়েলি হাসপাতালে নেওয়া হবে। সেখানে তারা তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হবে। ’
আল জাজিরার হামদাহ সালহুত অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া এই ১৭ জনকে ‘প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য দক্ষিণ ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের অতিরিক্ত চিকিৎসা ও মানসিক পরীক্ষার জন্য তেল আবিব এলাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ’

মারাকানা-কাণ্ডে শাস্তি পেতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের তেজ ছড়িয়ে পড়েছিল মারাকানার গ্যালারিতেও। সমর্থকদের সহিংস আচরণের নিয়ন্ত্রণ নিতে সেদিন পুলিশের লাঠিচার্জও করতে হয়েছে। সবমিলিয়ে মাঠের বাইরের বিষয় সামলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ক্লাসিকো শুরু হতে বিলম্ব ঘটে প্রায় আধাঘণ্টা। যে ঘটনার রেশ এখনো কাটেনি, যা নিয়ে ফিফার শৃঙ্খলা কমিটি কাজ শুরু করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই।
গত বুধবার (২২ নভেম্বর) মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর মাঠে গড়ায়। ম্যাচের আগে দুই দেশের সমর্থকদের মারামারি, পুলিশের লাঠিচার্জ করে নিয়ন্ত্রণের চেষ্টার এক পর্যায়ে দল নিয়ে বেরিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পুরো অবস্থা স্বাভাবিক হলে তিনি আবার দল নিয়ে মাঠে ফিরেন।
এরপরই খেলা শুরু হয়। যেখানে নিকোলাস ওতামেন্ডির একমাত্র গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। যার মাধ্যমে ৬৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলকে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্বে হার উপহার দেয় আর্জেন্টিনা। মাঠে উভয় দলের খেলোয়াড়রা মিলে ৪২টি ফাউল করেন। যার ২৬টি করে ব্রাজিল ও ১৬টি করে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের জোয়াল্টিনকে লাল কার্ড দেখান রেফারি।
লাতিন আমেরিকার দুই দেশের এই বিষয়টি নিয়ে আগেই নিন্দা জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি বলেন, ‘ফুটবল মাঠে বা মাঠের বাইরের এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক, প্রতিযোগিতায় লিপ্ত দলগুলো এবং তাদের কর্মকর্তারা একটি নিরাপদ পরিবেশের দাবিদার।’
শুক্রবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে ফিফা বলেছে, ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি তাদের প্রক্রিয়া শুরু করেছে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ব্রাজিল ‘অনুচ্ছেদ ১৭’-এর সম্ভাব্য বিধি লঙ্ঘন করেছে। যা ম্যাচের সময় শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। যদি এটি প্রমাণিত হয় তাহলে শাস্তি পেতে হবে ব্রাজিলকে।
অন্যদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ তারা দর্শকদের উত্যক্ত করা ও দেরিতে খেলা শুরু করায় ফিফার শৃঙ্খলাবিধির ১৭.২ ও ১৪.৫ লঙ্ঘণ করেছে। তাই প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও শাস্তির ঘোষণা করা হবে।
তবে কার কি শাস্তি হতে পারে সেটি শৃঙ্খলা বিধিতে বলা নেই। এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তই বাস্তবায়ন করা হবে। খেলার মধ্যে নিরাপত্তা নিশ্চিত না করায় শাস্তি পেতে পারে ব্রাজিল। দর্শকদের উত্যক্ত করা ও দেরিতে খেলা শুরু করায় সাজা হতে পারে আর্জেন্টিনারও। দুই দলই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সীমিত কিংবা পুরোপুরি দর্শকশূন্য মাঠে করারও সাজা পেতে পারে।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়, আগুন সন্ত্রাসীদের সঙ্গে নয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা পেট্রোলবোমা মেরে মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায়, কোরআন শরীফ পোড়ায়, গাড়ি-ঘোড়া ও স্কুল ঘর পোড়ায়, ওরা কোন রাজনৈতিক দল নয়, রাজনৈতিক কর্মসূচিও এগুলো নয়। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়, আগুন সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ করা যায় না। বরং তাদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। যারা এসব কথা বলেন তাদের কাছে প্রশ্ন, সন্ত্রাসীদের সঙ্গে কি আলোচনা হয়? সন্ত্রাসীদের নির্মূল করতে হয়।
আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জামালখান সড়কে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের তত্ত্বাবধানে এবং ডায়মন্ড সিমেন্ট ও দৈনিক আজাদী’র অর্থায়নে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১৪ জুন বিএনপির সমাবেশে যাওয়ার সময় মিছিলকারীরা চট্টগ্রামের জামালখান সড়কের বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস ঐতিহ্যের তথ্যচিত্রগুলো ভাঙচুর করে। সেগুলো পুনরায় স্থাপন করা হয়।
তিনি বলেন, বিএনপি-জামাত কিছু সৃষ্টি করতে পারে না, তারা এখন গাড়ি-ঘোড়া পোড়াচ্ছে, মানুষের ওপর আগুন সন্ত্রাস চালাচ্ছে। ওরা দেশটাকে ধ্বংস করতে চায়। বিএনপি-জামাত দেশ-জাতি, সমাজ ও জনগণের শত্রু। সুতরাং এদেরকে সবার চিহ্নিত করে রাখা দরকার। এরা যতদিন এভাবে ফণা তুলবে ততদিন দেশ ও সমাজ হুমকির মুখে থাকবে।
ড. হাছান মাহমুদ বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় হাসপাতালে হামলা চালিয়েছে, তাদের অনুকরণে বিএনপি-জামাত পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। রাজনীতির নামে পেট্রোল বোমা দিয়ে আগুন সন্ত্রাস দুনিয়ার কোনো জায়গায় হয় নাই। আমরা যখন পাকিস্তান কিংবা পশ্চিমাদের অধীনে ছিলাম তখনও প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে বহু মিছিল গেছে, এসেছে। এদেশের বায়ান্ন বছরের ইতিহাসে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রধান বিচারপতির বাসভবন কিংবা জাজেস কমপ্লেক্সে হামলা হয় নাই। যেটি বিএনপি-জামাত করেছে। সুতরাং এরা দেশ-জাতি এবং সমাজের শত্রু। এরা হিংস্র হায়েনা ও জঘন্য জানোয়ারের চেয়েও হিংস্র। সুতরাং এই জানোয়ারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, আজকে বাচ্চারা নির্ভয়ে স্কুলে যেতে পারছে না। এর মধ্যে একটি স্কুল ঘর পুড়িয়ে দিয়েছে। এই বাচ্চারা কি অপরাধ করেছে? আমাদের সরকার পুরস্কার ঘোষণা করেছে, পুলিশ বাহিনীর পক্ষ থেকেও পুরস্কার ঘোষণা করা হয়েছে- কেউ আগুন সন্ত্রাস চালালে কিংবা কেউ চালানোর উদ্যোগ নিচ্ছে এরকম জানতে পারলেও তাদের ধরিয়ে দিবেন। তাহলে এদের নির্মূল করা সম্ভবপর হবে।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য গত ১৪ জুন বিএনপি-জামাতের মিছিল থেকে এখানে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস ঐতিহ্যের চিত্রগুলো ভাংচুর করা হয়। তারা ভাঙচুর করে শুধু ক্ষান্ত হয়নি, ভাঙচুর করার সময় তারা উল্লাসও করেছে। অর্থাৎ এগুলো ধ্বংস করে তারা উল্লসিত হয়েছে। আজকে আবার সেগুলোকে নতুন আঙিকে স্থাপন করা হয়েছে।
পুনঃস্থাপনের জন্য জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং পৃষ্ঠপোষক ডায়মন্ড সিমেন্ট ও দৈনিক আজাদীকে ধন্যবাদ জানিয়ে সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, আসলে বিএনপি-জামায়াত শুধু ধ্বংসই করতে জানে। এই ম্যুরাল ও ইতিহাস ঐতিহ্যের তথ্যচিত্রগুলো কি অপরাধ করেছিলো, সেগুলো যে ভাঙচুর করলো? যদি জনগণের রায়ে আমরা আবার সরকার গঠন করতে পারি, শেষ আগুন সন্ত্রাসী পর্যন্ত ইনশাল্লাহ নির্মূল করা হবে এই দেশ থেকে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

মুক্তির আগেই ‘ডাঙ্কি’র আয় ১৩২ কোটি

চলতি বছর হ্যাট্টিক করতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’ আর ‘জাওয়ান’ এর পর এবার প্রস্তুত ‘ডাঙ্কি’। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
শাহরুথের আগের সব রেকর্ড ভেঙেছিল ‘পাঠান’। আর ‘পাঠান’ এর রেকর্ড হাতবদল করে এখন ‘জাওয়ান’ এর। তবে এই রেকর্ড ‘জাওয়ান’ এর কাছেই থাকবে নাকি তা হাতিয়ে নিবে ‘ডাঙ্কি’, তা কিছুদিনের মধ্যেই জানা যাবে।
ধারণা করা হচ্ছে, শাহরুখ খানের সব রেকর্ড ভেঙে ফেলতে পারে এই রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা। মুক্তির একমাস আগেই সিনেমাটি আয় করে ফেলেছে ১০০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩২ কোটি।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ৮৫ কোটি রুপির বাজেটের এই সিনেমার নন থিয়েট্রিকাল (ওটিটি কিংবা টেলিভিশন চ্যানেল) স্বত্ত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপিতে। ইতোমধ্যেই সিনেমাটির টিজার ও গান মুক্তি পেয়েছে। আর তা দেখেই বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন, সিনেমাটি হাজার কোটি রুপির বেশি আয় করবে।
গত ৬ বছরে এটি শাহরুখ খানের সবচেয়ে কম বাজেটের সিনেমা। সিনেমার প্রচার সহ এই সিনেমার বাজেট ১২০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়।
যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’। এর মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার সিনেমায় কাজ করলেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। শাহরুখ-তাপসী ছাড়াও এ সিনেমার অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। এর পাশাপাশি অভিনয় করেছেন বিক্রম কোচর, অনিল গ্রোভার, বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন

ইউরোপীয় ইউনিয়ন যদি নাও চায় তারপরও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার এমন কথা বলেছেন।
গাজার রাফাহ সীমান্ত ক্রসিংয়ে মিশরের দিকে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিক সম্প্রদায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সময় এসেছে।’
তিনি বলেন, আদর্শভাবে ইউরোপীয় ইউনিয়নের অন্তত কয়েকটি সদস্যরাষ্ট্র একসঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। যদি সেটি না হয় তাহলে স্পেন একাই তার সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানচেজ। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচনে জিতলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবেন।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে ইসরায়েল, ফিলিস্তিন ও মিশর সফর করেন সানচেজ। সফরের সময় উভয় নেতাই গাজার বেসামরিক জনগণের সুরক্ষা এবং ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার আহ্বান জানান।
তবে স্পেন ও বেলজিয়ামের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, আমরা স্পেন এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রীদের মিথ্যা দাবির নিন্দা জানাই যারা সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছেন। তার দাবি, ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে।
এদিকে ফিলিস্তিনি জনগণের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত না হলে ইসরায়েলে কখনও নিরাপদ হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ফলে হতাহতের সংখ্যা খুব বেশি। সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান জানানোর আহ্বান জানান।
শুক্রবার থেকে হামাস ও ইসরায়েলের সম্মতিতে শুক্রবার থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরই মধ্যে হামাস ২৫ বন্দীকে মুক্তি দিয়েছে। আর ইসরায়েল মুক্তি দিয়েছে ৩৯ ফিলিস্তিনিকে। এছাড়া গাজায় শুক্রবার ত্রাণবাহী ২০০ ট্রাক প্রবেশ করেছে।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবরের আকস্মিক হামলায় ১৪০০ জন নিহত হয়েছে বলে জানায় ইসরায়েল। তবে সম্প্রতি সেই সংখ্যা কমিয়ে ১২০০ করা হয়েছে। এ ছাড়া হামাস ইসরায়েল থেকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন।
এরপর থেকে গাজায় ও পশ্চিম তীরে নির্বিচারে হামলা করছে ইসরায়েল। গাজার আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল, জাতিসংঘের ত্রাণ সংস্থার গুদাম, খাবারের দোকানসহ কোনো কিছুই হামলা থেকে বাদ যায়নি। এখন পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীরে ও গাজায় ইসরায়েলি হামলায় সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬০০টিরও বেশি শিশু। নিহত বাকিদের মধ্যে বেশির ভাগই নারী।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা বাস্তব : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হাতে জিম্মিদের প্রথম দলকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ‘বাস্তব’ সুযোগ রয়েছে।
ম্যাসাচুসেটসের ন্যানটকেটে তিনি তার পরিবারের সাথে থ্যাংকস গিভিং অবকাশ যাপনকালে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি অর্জনের জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধান তৈরির কাজ নবায়নের সময় এসেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ ইসরায়েলি, ১০ জন থাই এবং একজন ফিলিপিনো নিয়ে মোট ২৪ জন জিম্মিকে শুক্রবার গাজার আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। এদিকে ইসরায়েল তার কারাগারে আটক ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
বাইডেন গাজা নিয়ন্ত্রণকারী ইসরায়েল ও হামাস যোদ্বাদের মধ্যে নৃশংস লড়াইয়ে বিরতি সুরক্ষিত করার জন্য মার্কিন প্রচেষ্টার নেতৃত্ব দেন। তিনি বলেন, আমি মনে করি যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা বাস্তব। জিম্মি ও বন্দীদের মুক্তির সুবিধার্থে চার দিনের যুদ্ধবিরতি প্রক্রিয়ার শুরুকে স্বাগত জানান তিনি।
বাইডেন বলেন, ‘চুক্তিটি প্রথম কয়েক দিনের জন্য বাস্তবায়ন শুরু করায় আজ সকালে আমি আমার দলের সঙ্গে যুক্ত হয়েছি। এটি শুধু শুরু, এখনো পর্যন্ত বন্দী বিনিময় ভালোই চলছে।’
চুক্তির অংশ হিসেবে আমেরিকান নারী ও শিশু জিম্মিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাইডেন বলেন, তিনি জানেন না কখন তারা মুক্তি পাবে। তবে তিনি বলেন, ‘আমরা আশা করি এটি ঘটবে।’
দ্বিরাষ্ট্র সমাধানের জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন উল্লেখ করে ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র তৈরির সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভকারীরা বাইডেনকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার আহ্বান জানায়। নিউইয়র্কে বৃহস্পতিবার এক বিক্ষোভ দেশের বৃহত্তম থ্যাঙ্কস গিভিং ডে প্যারেডকে বাধাগ্রস্ত করে।
শুক্রবার ন্যানকেটে ক্রিসমাস ট্রি লাইটিং অনুষ্ঠানে প্রেসিডেন্টের যোগদানকালে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা একটি ব্যানার নিয়ে, প্রায় ১০ জন বিক্ষোভকারীর একটি দল ‘বাইডেন, বাইডেন তুমি লুকাতে পাবেনা, আমরা তোমার বিরুদ্ধে গণহত্যার মামলা করবো’ বলে স্লোগান দেয়।
দিনের শুরুতে প্রেসিডেন্ট হেঁটে যাওয়ার পথে মুষ্টিমেয় লোক ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘চেজ ফায়ার নাও’ বলে চিৎকার করে।
৭ অক্টোবরের হামলা হামাসকে ধ্বংস করার প্রয়াসে ইসরায়েলকে বিমান ও স্থল অভিযানকে উস্কে দেয়।
হামাস পরিচালিত অঞ্চলের কর্মকর্তারা জানান, গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৬,১৫০ জন শিশু। অন্যদিকে, ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত ও প্রায় ২৪০ জন জিম্মি হয়। নিহতদের বেশির ভাগই বেসামরিক লোক।
খবর এএফপি

মিয়ানমারের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে চীন

মিয়ানমারের সঙ্গে সীমান্তে ‘মহড়া’ শুরু করবে চীন। শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এ তথ্য জানিয়েছে বেইজিং। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশটিতে পণ্যবাহী ট্রাকের একটি কনভয়ে আগুনের ঘটনার একদিন পর এ ঘোষণা এলো।
মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় ওই হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করে। এর আগে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চীন। সীমান্তে স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের রাজধানীতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেছিলেন চীনের পদস্থ কর্মকর্তারা।
চীনের পিপলস লিবারেশন আর্মির থিয়েটার কমান্ডের পক্ষ থেকে বলা হয়, এ মহড়ায় সৈন্যদের দ্রুত চলাচল, সীমান্ত বন্ধ ও আগুনের ঘটনায় সাড়া দেয়ার সক্ষমতা পরীক্ষা করা হবে। তবে সংক্ষিপ্ত এ বিবৃতিতে মহড়ার সময় বা সৈন্য সংখ্যার কোনো বিবরণ নেই।
মিয়ানমারে বিদ্রোহীদের আক্রমণ কয়েক দশক ধরে চলমান রয়েছে। তবে ২০২১ সালে সেনা অভ্যূত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থীদের ক্ষমতাচ্যুত করার পর তা নতুন মোড় নিয়েছে। সমন্বিত আক্রমণের মুখে মিয়ানমারের সামরিক বাহিনী অনেক অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।
জাতিসংঘ বলছে, মিয়ানমারের এ সংঘাতে ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
খবর রয়টার্স

রওশন এরশাদ তিনটি মনোনয়ন ফরম নেবেন : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ ফোন করে ফরম নেয়ার আগ্রহের কথা বলেছিলেন। তিনি তিনটি আসনের জন্য মনোনয়নপত্র নেওয়ার কথা জানিয়েছেন।
আজ শনিবার ২৫ নভেম্বর পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রওশন এরশাদ এখনো কেনো লোক পাঠাননি। তিনি চাইলে, প্রয়োজনে নিজে তার বাসায় ফরম নিয়ে যাব।
মুজিবুল হক চুন্নু বলেন, দলের মাঝে কোন দ্বন্দ্ব নেই, ভাঙন নেই। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সব দলের নিজস্ব কৌশল আছে, আমরা সেটি নিয়েই আগাচ্ছি।

পাকিস্তানে শপিংমলে আগুন : নিহত ১১

পাকিস্তানে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। জিও টিভির খবরে বলা হচ্ছে, মলটিতে এখনো বহু মানুষ আটকে আছেন।
জিও টিভির খবরে বলা হয়েছে, শশনিবার করাচির রশিদ মিনহাস রোডে একটি বহুতল শপিং মলে আগুন লাগে। করাচির মেয়র মুর্তজা ওয়াহাব তার এক্স, পূর্বে টুইটার অ্যাকাউন্টে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
মেয়র জানিয়েছেন, কেএমসি ফায়ার ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত নিশ্চিত করেছে যে আগুনের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে আহতদের নেওয়া হচ্ছে। অনুসদ্ধান প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার ব্রিগেড কর্মকর্তারা জানিয়েছেন, শহরের ব্যস্ত এলাকায় আরজে শপিং মলের ভেতরে আটকে পড়া প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) একজন মুখপাত্র বলেছেন যে, তারা নয়টি মৃতদেহ পেয়েছেন।
কর্মকর্তারা বলেছেন যে, আরও লোক এখনো সেখানে রয়েছে এবং তাদের নিরাপদে আনার চেষ্টা করা হচ্ছে। শপিং সেন্টারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
খবরে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভবন থেকে উদ্ধার হওয়া রউফ হামিদ জিও নিউজকে বলেন, এখনো অনেকে আটকা রয়েছেন।
সিন্ধুর তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী আগুন নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং আহতদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য বলেছেন।

জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রয়োজন না হলে জোট নয়। জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব?’
আজ শনিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শরিকদের বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ১৪-দলীয় জোটের চেয়ারম্যান। আমরা শরিকদের বিষয়ে এখনো ঠিক করিনি। কারণ জোটের বিপরীতে জোট হয়। আমাদের প্রতিপক্ষের যদি একটা বড় জোট হয় সেটার বিপরীতে আমাদেরও জোট হবে। তা ছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাব। প্রয়োজন না থাকলে জোট করব না। জোট করব যাদের নিয়ে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ কেমন আসছে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। ইলেকট্যাবল ক্যান্ডিডেট যারা সেটাই হচ্ছে বিচারের মানদন্ড। এছাড়া কতজনকে বাদ দেব, কতজন রাখব এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের মাথায় রয়েছে কাকে দিলে আমাদের দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। শুক্রবারও মুলতবি সভা হয়। দুই দিনে রাজশাহী ও রংপুরের পর আরও চারটি বিভাগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।