মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

‘তারেক রহমানকে মানতে না পারা বিএনপি নেতারা নির্বাচনে আসবেন’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতা হিসেবে মানতে না পারা দলটির নেতারা নির্বাচনে আসবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা (বিএনপি নেতা) নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি নির্বাচনে না এলে তো নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে না। সাংবাদিকদের এ কথার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে তথ্য আছে যে, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছে না এবং তারেকের নেতৃত্ব মানতে যাদের কষ্ট হচ্ছে, তারা নির্বাচনে আসবে বলে আমরা জানি। নির্বাচনে আসার জন্য তারা এরইমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মও তৈরি করেছে। আপনারা দেখেছেন, বিএনপির যে নেতৃত্ব, তা দলটির অনেকের পছন্দ না। যে কারণে তারা নতুন দল করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে। আবার বিএনপিরও অনেকেই প্রার্থী হওয়ার চেষ্টা করছে বলে জেনেছি।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপির কথিত চেয়ারপারসন তারেক রহমান রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছিলেন। এখন আবার তিনি রাজনীতির মাঠ গরম করছেন। তিনি একেক সময় একেক ঘোষণা দিচ্ছেন। ২৮ অক্টোবর সরকার পরিবর্তন হবে, তারপর বিএনপি যেভাবে চাইবে সেভাবেই দেশ চলবে— এমন ঘোষণাও দিয়েছিলেন।
তিনি বলেন, মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন তারা নিশ্চিত যে কোনোদিন নির্বাচনে আসতে পারবে না। যে কারণে তারা কুৎসা রটাচ্ছে ও অবান্তর কথা বলে যাচ্ছে। একটা কথা জোর দিয়ে বলতে পারি, নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী সঠিক সময়ই নির্বাচন হবে। দেশের মানুষের মধ্যে উৎসবের আমেজ চলে এসেছে। সবাই নিজেদের প্রার্থীকে কীভাবে বিজয়ী করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করছে। কে নির্বাচনে আসল না, বা কে কী বলল, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই।
নির্বাচনে লেভেল-প্লেয়িং ফিল্ড আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখবেন, সেটি আছে কি না। রাজনৈতিক দলগুলো তো প্রচার-প্রচারণা চালাবেই। সবাই প্রচারণায় নামবে। তারা নিজেদের প্রার্থী নিয়ে আনন্দ করবে, উৎসব করবে।
কিন্তু বিএনপি নেতারা তো কারাগারে, এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, তাদের যতগুলো নেতা কারাগারে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তারা ভাঙচুর করেছে। বাস জ্বালিয়েছে ও মানুষ পুড়িয়েছে। এসব ঘটনা আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করেছি ও তারা গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া, তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নির্বাচনকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাইনি। আর নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করেন না। যতই নাশকতা করবে, ততই জনবিচ্ছিন্ন হবে। এতে তাদের ভাগ্যে জনসমর্থনের চেয়ে ধিক্কার জুটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষ সেটিই চাচ্ছে। সেই আলোকিত বাংলাদেশ থেকে কেউ আর অন্ধকারে ফিরে যেতে চাচ্ছে না। নির্বাচনে নিজেদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে মানুষ তৈরি হয়ে আছে।
হরতাল-অবরোধ স্বাভাবিক হয়ে গেছে। বিএনপি এখন কঠোর আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই কঠোর আন্দোলন কী আমি জানি না। আমরা তো দেখলাম তারা ট্রেনের লাইন কাটার জন্য গিয়েছিল। পরে জনগণ তাদের ধরিয়ে দিয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে জনগণ তাদের ধরে পুলিশে দিয়েছে। এতে প্রমাণ হয় যে, দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না। যেখানে জনসমর্থন নেই, সেখানে এ ধরনের চিন্তা কাম্য নয়।
নির্বাচনে সহিংসতার হলে আগাম প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, আমি আগেই বলেছি, নির্বাচনে পরাজিত হবে জেনেই তারা আসছে না। ২০০৮ সালে তারা ৩০টি আসন পেয়েছিল। ২০১৪ সালে তারা নির্বাচনে আসেনি। তারপরে জ্বালাও-পোড়াও করল। তারা সারা বাংলাদেশে অগ্নিসন্ত্রাস করেছে।

গাজা যুদ্ধে যৌথ অবস্থান তৈরিতে তুরস্কে রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গরবার প্রথমবারের মতো তুরস্কে আনুষ্ঠানিক সফর করছেন। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে একটি যৌথ অবস্থান তৈরি করাই তার এই সফরের লক্ষ্য বলে জানা গেছে।
গাজা ও ইসরায়েলের চলমান যুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোয়ান মুসলিম বিশে^ ইসরায়েলের অন্যতম কট্টর সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ এবং হামাসকে ‘স্বাধীনতাকামী গ্রুপ’ বলে বর্ণনা করেছেন।
কিন্তু মুসলিম ও আরব নেতাদের বৈঠকে গাজার হামলার বিষয়ে কী ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধে তুরস্কের ওপর চাপ তৈরি করবেন রাইসি।
ইস্তাম্বুলের সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের পরিচালক হাক্কি উইঘুর বলেছেন, ইরান আশা করছে তুরস্ক ইসরায়েলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করুক। এ ছাড়া গাজার যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার চেষ্টাও করবেন রাইসি।
এদিকে রাইসির সঙ্গে রোববার টেলিফোনে কথা বলার পর তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে একটি অভিন্ন অবস্থান তৈরির বিষয়ে তারা আলোচনা করবেন।
এ ছাড়া ইরান ও তুরস্ক অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী এবং স্থায়ী শান্তি অর্জন নিয়ে একযোগে কাজ করে যাবে বলেও তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।

অ্যাসিড হামলার শিকার ইমরান খানের সাবেক উপদেষ্টা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপদেষ্টা মির্জা শাহজাদ আকবর যুক্তরাজ্যে তার বাড়ির বাইরে অ্যাসিড হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, হামলায় ব্যবহৃত রাসায়নিকে তার চোখ বেঁচে গেলেও তার শরীরে ক্ষত তৈরি করেছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তারা তদন্ত করছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। মির্জা শাহজাদ আকবরকে গত বছর তার পদ থেকে অপসারণ করা হয় এবং তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অনেক অভিযোগে কারাগারে ছিলেন।
মির্জা শাহজাদ আকবর এক্স-এ এক বার্তায় বলেন, আক্রমণকারী আমার উপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। যারা এটা করছে তাদেরকে আমি ভয় পাব না, বা তাদের কাছে মাথা নত করব না।
তিনি বলেন, পাকিস্তান থেকে পরিবারসহ যুক্তরাজ্যে আসার পর থেকে তাকে অসংখ্য হুমকি দেয়া হয়েছে। পাকিস্তানে তার ভাইকে গুমও করা হয়েছিল। অ্যাসিড হামলাটি এই হুমকির অংশ ছিল। তবে এই হামলার পিছনে কে দায়ি তা বলেননি তিনি।
তিনি আরও বলেন, রাসায়নিক তার হাতের উপরে এবং মাথার উপরের অংশে আঘাত করেছে, কিন্তু তার চোখ এড়িয়ে যায়।
হার্টফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে , এই ঘটনায় তদন্ত চলছে এবং যদি কোনো প্রত্যক্ষদর্শী থেকে থাকে তাহলে তাদের যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।
মির্জা শাহজাদ আকবর ইমরান খানের একজন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালে সংসদীয় সিদ্ধান্তে তাকে তার পদ থেকে অপসারণ করা হয়েছিল।

ভারতে টানেলের মুখ উন্মুক্ত, বের করা হচ্ছে আটকে পড়া শ্রমিকদের

ভারতের উত্তরাখণ্ডের নির্মাণাধীন টানেলের ভেতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে পাইপ স্থাপনের যে কাজ চলছিল, সেটি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে উন্মুক্ত হয়েছে টানেলের মুখ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রমিকদের বের করে আনা শুরু হয়েছে এবং সারি সারি অ্যাম্বুলেন্স টানেল থেকে বের হয়ে যাচ্ছে।
গত ১২ নভেম্বর ভোরে টানেলের একটি অংশ ধসে পড়ে। এতে ভেতরে আটকা পড়েন ৪১ শ্রমিক। ১৭ দিন ধরে সেখানে আটকে পড়ে ছিলেন তারা।
টানেলে মোটা পাইপ স্থানে ব্যবহার করা হয়েছে নিষিদ্ধ ‘র‌্যাট হোল’ মাইনিং। উচ্চক্ষমতা সম্পন্ন আমেরিকান অগারস ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল করে সেখানে ৬০ মিটার লম্বা পাইপ স্থাপনের কাজ চলছিল। কিন্তু শুক্রবার সেই ড্রিলিং মেশিনটি ভেঙে যায়। এরপর হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই উদ্ধার অভিযানের জন্য ডাকা হয় সেনা সদস্যদের।

উদ্ধার অভিযানের কর্মকর্তারা জানিয়েছিলেন, জাতীয় বিপর্যয় রেসপন্স ফোর্স এবং চিকিৎসকরা এখন টানেলের ভেতর ঢোকার জন্য প্রস্তুত আছেন। ভেতরে তারা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং তাদের পাইপের মাধ্যমে বের করে আনার প্রক্রিয়া শুরু করবেন।
শ্রমিকদের বের করে আনা মাত্র প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে ৩০ কিলোমিটার দূর ৪১ বেডের একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। শ্রমিকদের নিয়ে যেন অ্যাম্বুলেন্সগুলো দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে যেতে পারে সেজন্য সেখানে একটি গ্রিন করিডোর তৈরি করা হয়েছে।
ওই হাসপাতালে যে ৪১টি বেড তৈরি রাখা হয়েছে; সেগুলোর সবগুলোতে অক্সিজেন সুবিধা রয়েছে।
খবর এনডিটিভি

ডিজিটাল লটারিতে ভর্তিবাণিজ্য দূর হয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ডিজিটাল লটারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তিবাণিজ্য দূর হয়েছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এখন সমতার নীতি প্রতিষ্ঠিত হচ্ছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৪ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জানুয়ারিতে জাতীয় নির্বাচন। তাই এ বছর আগে ভাগেই ভর্তি শুরু করা হলো।
দেশব্যাপী ৩ হাজার ৮৪৬টি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১০ লাখ ৬০ হাজার ৯টি শূন্য আসনের বিপরীতে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি আবেদন গৃহীত হয়েছে। পরে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিদ্যালয়ের কমিটির সিদ্ধান্তে ম্যানুয়ালি ভর্তি করা হবে।
১ জানুয়ারিতে বই উৎসব হবে কি-না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, নির্বাচনকে মাথায় নিয়েই বই উৎসবের দিনক্ষণ ঠিক করতে হচ্ছে। তাই এবছর জানুয়ারির প্রথম দিনই বই উৎসব হবে কি না তা এখনো ঠিক হয়নি। শিগগিরই সময়টা জানানোর কথাও বলেন শিক্ষামন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

দ্বৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে কে, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, তা নির্ধারণ করে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষার্থী ও অভিভাবকরা ওয়েবসাইট এবং এসএমএসের মধ্যে ফল দেখতে পারবেন। ওয়েবসাইটে ফলাফল দেখতে gsa.teletalk.com.bd-এ লিঙ্কে প্রবেশ করতে হবে।
আর এসএমএসে ফল পেতে GSA লিখে স্পেস দিয়ে Result লিখে স্পেস দিয়ে User ID লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থী জেনে যাবে, সে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে।

জোটে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেওয়া হবে : কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে আওয়ামী লীগ। সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ১৪-দলীয় জোটে কারা কারা নমিনেশন চায়, আমাদের আগে বুঝতে হবে। ১৪ দলের সঙ্গে আমাদের জোট আছে। তারা কারা কারা প্রার্থী সেটা দেখি। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আমরা অবজারভ করব।
বিএনপি ভোটে এলে আওয়ামী লীগও স্বাগত জানাবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা ভোটে এলে আমাদের আপত্তি নেই। তারা এলে স্বাগতম। তাদের দলের কেউ কেউ আসতে পারেন। কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৩০ তারিখে সব ঠিক হয়ে যাবে।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছেন। অনেকে অনেক জল্পনাকল্পনা করছেন। এসবের অবসান হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তারপর অনেক সমালোচনাই বন্ধ হয়ে যাবে।
আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলে বিশৃঙ্খলা হবে কি না? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা দেখছি কারা কারা চাইছে। আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারব। আমাদের কৌশলগত দিক থাকবে।
সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের টার্গেট হলো পিসফুল, ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন করা। নানা মনে নানা মত থাকবে। আমরা পিসফুল নির্বাচন করে দেখিয়ে দিতে চাই ফ্রি, ফেয়ার ইলেকশনের প্রতিশ্রুতি রক্ষা করেছি।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।
৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ২২৭ পিস ইয়াবা, ৫ কেজি ১৬৫ গ্রাম গাঁজা, ৩৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ২ বোতল ফেনসিডিল ও ২৩০ বোতল দেশিমদ জব্দ করা হয়।
এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠানোর ঘোষণা চেচনিয়ার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন আরও তিন হাজার যোদ্ধা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার কাস্পিয়ান অঞ্চলের প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ।
সোমবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত আস্থাভাজন এই নেতা।
এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, এই যোদ্ধাদের সবাই অত্যন্ত লড়াকু মানসিকতার এবং লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ। সবাই সেরা সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্রে সজ্জিত। ইউক্রেনে গঠিত নতুন ইউনিটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান ন্যাশনাল গার্ড ফোর্সের অধীনে তারা যুদ্ধ করবে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রমজান কাদিরভের নির্দেশে যেমন হাজার হাজার চেচেন যোদ্ধা যোগ দিয়েছেন রুশ বাহিনীর পক্ষে, তেমনি কাদিরভ বিরোধী বিভিন্ন সশস্ত্র চেচেন গোষ্ঠী ইউক্রেনীয় বাহিনীর পক্ষে লড়াইয়ে নেমেছে।

চমকে দিলেন মিশা সওদাগর!

দেশের চলচ্চিত্রে ভিলেন মানেই মিশা সওদাগর। গুণী এই অভিনেতা সিনেমার পাশাপাশি ওটিটিতেও এরইমধ্যে দেখা দিয়েছেন। তবে শুধু ভিলেন চরিত্র দিয়ে নয়, ইদানিং ভিন্ন ভিন্নরূপে নিজেকে উপস্থাপন করে চমকে দিচ্ছেন ভক্তদের।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি লুক নিজের ফেসবুকে পোস্ট লিখেছেন ‘অসহায়’। যেখানে তাকে এলোমেলো চুল, ছেঁড়া পাঞ্জাবি আর শিকল পরা অবস্থায় দেখা যাচ্ছে। তবে এটা কোনো সিনেমা নাকি ওয়েব সিরিজের লুক সেটি স্পষ্ট করেননি এই অভিনেতা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মিশা সওদাগর বলেন, ‘এখনই লুকটি কিসের সেটা নিয়ে বলতে চাই না। একটুকু বলবো, লুকটির মতোই দারুণ একটি চমক নিয়ে আসছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এভাবেই নিজেকে ভাঙতে-গড়তে চাই।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার এক ডজনের বেশি সিনেমা। পাশাপাশি একের পর যুক্ত হচ্ছেন নতুন নতুন সিনেমাতে। তবু দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ শঙ্কার কথাই শোনালেন এই অভিনেতা। তিনি বলেন, ‘বাংলাদেশে শিল্পী সংকট প্রচুর। গোটা চলচ্চিত্র এখন সংকটের মুখে। বিক্ষিপ্তভাবে কিছু ভালো কাজ হচ্ছে। এখন অডিয়েন্সের টেস্ট মাথায় রেখে নির্মাতারা ছবি বানাচ্ছেন এবং বানানো উচিতও।’

উড়তে থাকা আল নাসরকে আটকে দিলো পারসেপোলিস

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আল নাসর। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টির আবেদন ফিরিয়ে দিলে শেষ পর্যন্ত জয় নিয়ে ফেরা হয়নি আল নাসরের। রোনালদোর পেনাল্টি ফিরিয়ে দেয়ার পরই ১০ জনের দলে পরিণত হয় সৌদি ক্লাবটি। তবে একজন কম নিয়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে তারা।
সোমবার (২৭ নভেম্বর) রাতে আল আওয়াল পার্ক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইরানের ক্লাব পারসেপোলিসের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এতে অবশ্য কোনো ক্ষতি হয়নি রোনালদোর দলের। এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত করেছে তারা।
রোনালদোদের ক্ষতি না হলেও কাতারি ক্লাব আল দুহাইলের বড় ক্ষতি হয়েছে। তারা যে এ ম্যাচের দিকে তাকিয়ে ছিল এবং সমর্থন করছিল আল নাসেরের। ম্যাচটিতে পারসেপোলিস হারলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু পারসেপোলিস রোনালদোদের কাছ থেকে ১ পয়েন্ট কেড়ে নেয়ায় ক্লাবটির সঙ্গে দুহাইলের পার্থক্য গিয়ে দাঁড়িয়েছে ৪ পয়েন্টে।
এদিন ম্যাচের চার মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আল নাসর। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন রোনালদো। রেফারি ফাউলের বাঁশিও বাজান। কিন্তু রোনালদো হাতের ইশারায় ফাউল ধরতে না করেন। তারপরও রেফারি ভিএআর চেক করেন। সেখানে দেখা যায় রোনালদো বলে পাস দেয়ার পরই ফাউলটি করা হয়। যার কারণে রেফারিও ফাউলটি তুলে নেন।
রোনালদোর পেনাল্টি না করে দেয়ার ১৩ মিনিট পড় ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসরের ডিফেন্ডার আলি লাজামি। একজন কমে যাওয়ার সুযোগে আল নাসরকে চেপে ধরে পারসেপোলিস। তবে তাদের সব আক্রমণ আল নাসরের রক্ষণে এসে আটকে যায়। পুরো ম্যাচে ১২ শট নিয়ে মাত্র ৪টি গোলমুখে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলেনি।
পারসেপোলিসের আক্রণের মধ্যে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে যায় রোনালদোরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারাও। ম্যাচের ৭৮ মিনিটে কোচ পর্তুগিজ তারকা রোনালদোকে তুলে মোহাম্মদ মারানকে মাঠে নামান। কিন্তু তিনিও কোনো চমক দেখাতে পারেননি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়েই মাঠ ছাড়তে হয় আল নাসরকে।