মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

বঙ্গবন্ধু টানেলে এক মাসে টোল আদায় ৪ কোটি টাকার বেশি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে যানবাহন পারাপারে ৩০ দিনে চার কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) তানভীর রিফা এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু টানেল দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ১৩৬টি গাড়ি চলাচল করেছে। এতে ৪ কোটি ২ লাখ ৩৮ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে।
সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী বলেছেন, টানেল দিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার ৭০৪টি যানবাহন চলেছে। আর দিনে গড়ে ১৩ লাখ ৪১ হাজার ২৬৮ টাকা টোল আদায় হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধু টানেল দিয়ে দৈনিক ১৭ হাজার যানবাহন চলাচলের টার্গেট রয়েছে। তবে গত এক মাসে একদিনও ওই পরিমাণ গাড়ি পার হয়নি। শুরুতে টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৪৪৬ দশমিক ৬৪ কোটি টাকা। পরে তা বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৩৭৪ দশমিক ৪২ কোটিতে দাঁড়ায়। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ২ শতাংশ সুদে ৫ হাজার ৯১৩ দশমিক ১৯ কোটি টাকা দিয়েছে। বাকি টাকা দেয় বাংলাদেশ সরকার।
গত ২৮ অক্টোবর চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে দেশের প্রথম টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর টোল দিয়ে টানেল পার হয়ে আনোয়ারা প্রান্তে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নিজের গাড়ির জন্য ২শ টাকা এবং বহরে থাকা ২০টি গাড়ির জন্য চার হাজার টাকা টোল দেন। এরপর ২৯ অক্টোবর ভোর ৬টা থেকে টানেল দিয়ে যান চলাচল শুরু হয়।
টানেল পাড়ি দিতে প্রাইভেটকার ও পিকআপ ২শ, মাইক্রোবাস ২৫০, বাস (৩১ সিটের কম) ৩শ, বাস (৩২ সিটের বেশি) ৪শ, বাস (৩ এক্সেল) ৫শ, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪শ, ট্রাক (৫ দশমিক ০১ থেকে ৮ টন) ৫শ, ট্রাক (৮ দশমিক ০১ থেকে ১১ টন) ৬শ, ট্রাক ও ট্রেইলার (৩ এক্সেল) ৮শ, ট্রাক ও ট্রেইলারকে (৪ এক্সেল) এক হাজার টাকা টোল দিতে হয়। ৩০ সেকেন্ডের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। টোল আদায়ের জন্য ১২টি বুথ আছে। এখানে তিনভাবে টোল দেওয়ার সুযোগ আছে। তবে বর্তমানে ম্যানুয়ালি টোল আদায় করা হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন ও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)।

২ ফেব্রুয়ারি হতে পারে মেডিকেলে ভর্তি পরীক্ষা

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এ দিন সামনে রাখে একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) ভর্তি পরীক্ষার খসড়া অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।
সূত্র জানায়, জানুয়ারির ২৬ তারিখে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব পাঠানোর কথা ছিল। তবে নির্বাচনের কথা মাথায় রেখে ২ ফেব্রুয়ারি আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের প্রথম সভায় ২৬ জানুয়ারি পরীক্ষা আয়োজনের মতামত এসেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।
তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।
দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে সম্প্রতি এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। ফলে সরকারি মেডিকেলে এখন মোট আসন পাঁচ হাজার ৩৮০টি। বর্ধিত এসব আসনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

৪৬তম বিসিএসে সর্বোচ্চ পদ, বিজ্ঞপ্তি কাল

আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রকাশিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি। এতে ক্যাডার ও নন–ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ৪৬তম বিসিএসের চাহিদাপত্র পাঠিয়েছে। এই বিসিএসের পদ নির্দিষ্ট করার বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।
পিএসসি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় যেসব পদ পাঠিয়েছে, সেখান থেকে ক্যাডারের ৩ হাজার ১০০ পদ ও নন–ক্যাডারে ৩০০ পদ নির্দিষ্ট করা হচ্ছে, যা আগামীকাল বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে।
পিএসসি বলছে, ক্যাডারে ও নন–ক্যাডারে এই পদ মানেই চূড়ান্ত নয়, এটি সরকার বাড়াতে পারে। তাই ক্যাডার ও নন–ক্যাডারের পদ এটাই চূড়ান্ত নয়। ওই সূত্র জানায়, ৪৬তম বিসিএসে আবেদনের বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হবে। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে, সেটি নির্দিষ্ট করে না বললেও স্বাস্থ্য ক্যাডারে উল্লেখযোগ্য পদে আবেদনের সুযোগ রাখা হবে বলে জানা গেছে।
পিএসসি সূত্রটি আরও জানায়, সর্বশেষ ৪৫তম বিসিএস ছিল গত পাঁচ বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি পদ। এবার ৪৬তম বিসিএসে রেকর্ড হচ্ছে। এটি গত ছয় বিসিএসকে ছাড়িয়ে যাবে। ৪৫তম বিসিএসে প্রথম ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের পদও উল্লেখ রেখে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।
কোন বিসিএসে কত পদ
৩৪তম বিসিএসে ২ হাজার ১৫৯ জন, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩, ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০, ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪, ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯ ও ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন, ৪৪তম থেকে ১ হাজার ৭১০ ও সর্বশেষ ৪৫তম থেকে ২ হাজার ৩০৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ৩৯তম ও ৪২তম বিসিএস দুটি ছিল চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস।

এমবাপ্পের গোলে স্বপ্ন বেঁচে রইল পিএসজির

কিলিয়ান এমবাপ্পের গোলে স্বপ্ন বেঁচে রইল পিএসজির। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিতর্কিত পেনাল্টিতে গোল করে গ্রুপপর্ব থেকেই বাদ পড়তে যাওয়া দলকে রক্ষা করলো এই ফরাসি তারকা। চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ফ্রান্সের ক্লাবটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এমবাপ্পের দল পিএসজি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৪তম মিনিটে গোল হজম করে স্বাগতিক পিএসজি। নিউক্যাসলের পক্ষে গোলটি করেন সুইডেনের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। সেই গোলটি শোধ করতে এমবাপ্পের আশ্রয় নিতে হয়েছে বিতর্কিত পেনাল্টির।
পেনাল্টি বিতর্কের ঘটনা ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০-৫) মিনিটে। নিউক্যাসলের ডিফেন্ডার টিনা লিভরামেন্টোর বুকে বল লাগার সঙ্গে সঙ্গে পিএসজি খেলোয়াড়রা হ্যান্ডবলের জোর আবেদন জানান রেফারির কাছে। পরে ভিআরে দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ফলে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৮) পেনাল্টি শটে দলকে সমতায় ফেরান ফরাসি তারকা এমবাপ্পে।
ম্যাচটিতে ড্র করলেও এখনো বাদ পড়ায় শঙ্কায় আছে পিএসজি। যদিও তাদের নকআউটে খেলার সম্ভাবনা অবশ্যই অনেক ভালো। পিএসজি ৫ ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে। গ্রুপপর্বে নিজেদের ফাইনাল ম্যাচে পিএসজি মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের, যারা ইতিমধ্যে ১০ পয়েন্ট প্রায় নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। ওই অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে পিএসজি।

২য় দিনের শুরুতেই অলআউট বাংলাদেশ

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। প্রথম দিনে ভালো শুরুর পর শেষ দিকে এসে একের পর এক উইকেট বিলিয়ে দিতে থাকে টাইগাররা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১০ রান নিয়ে দিন শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।
বুধবার (২৯ নভেম্বর) দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন গতকালের দুই অপরাজিত ব্যাটার শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। কিন্তু যোগ করতে পারলেন না কোনো রান। শুধু নিয়ম রক্ষা করতেই নামলেন মাঠে। দিনের প্রথম বলেই দিয়ে দিলেন উইকেট।
আগের দিনে ১৩ রানে অপরাজিত থাকা ব্যাটার শরিফুল রীতিমতো স্ট্রাইক নেন। কিন্তু কিউই পেসার টিম সাউদির প্রথম বলেই লেগবিফোর উইকেটের (এলবিডব্লিউ) এর ফাঁদে পড়েন শরিফুল। যদিও প্রথমে আউটের সিদ্ধান্ত দেননি আম্পায়ার। পরে সাউদির রিভিউ নিলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার আহসান রেজা। ফলে স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই প্যাভিলিয়নের পথ ধরেন দুই ব্যাটার।
এতে ৩১০ রান তাড়ায় নিজেদের প্রথম ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। ওপেনিং করেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান।

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই শ্রমিক। এছাড়া দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ধসে পড়া ভবনের সব শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানানো হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এবং ফ্রি মালয়েশিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯.৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। সেই ঘটনার পর উদ্ধারকারীরা এখনও চারজন নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন।
পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, এখন পর্যন্ত উদ্ধারকারীরা আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন।
ডেপুটি কমিশনার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ঘটনার সময় প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম ভেঙে পড়ে। এই ঘটনায় আরও ১৪টি বিম ভেঙে পড়েছিল। নির্মাণাধীন এই সাইটে কাজের জন্য ১৮ জন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। এসময় তারা কেউ নামাজের জন্য বের হননি। ’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত, আমরা তিনজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছি। দুজন যারা ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। ’
তিনি আরও বলেন, এখানে কাজে নিয়োজিত শ্রমিকদের সবাই ছিলেন বাংলাদেশি নাগরিক। আমরা বিশ্বাস করি, ধসে পড়া কাঠামোর নিচে আরও চারজন আটকা পড়ে আছেন।
এদিকে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে গেছে। তিনি বলেন, ভারী কাঠামো অপসারণ করতে এবং ক্ষতিগ্রস্তদের কাছে যাওয়ার জন্য আমাদের বড় যন্ত্রপাতি দরকার। ’

সারাদেশে র‍্যাবের ৪২৮ টহল দল মোতায়েন

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ১৪০ টি টহল দলসহ সারাদেশে ৪২৮ টি টইল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকোর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।
তিনি আরও জানান, যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

বিএনপির অবরোধকে সবাই বুড়ো আঙুল দেখাচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির অবরোধকে সবাই বুড়ো আঙুল দেখাচ্ছে। এরপরও লজ্জা হয় না ওদের। বিএনপির লজ্জাও হারিয়ে গেছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর ‘ফিচার সংকলন/এসডিজি ও উন্নয়নমূলক’ বইয়ের উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, অবরোধের মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে। দূরপাল্লার গাড়িও চলছে। এ যে কর্মসূচি দিয়ে তারা নিজেদের হাস্যকর করছে, আমি বুঝি না তারা এ সিদ্ধান্তগুলো নেয় কীভাবে। এ সব কর্মসূচি কেউ মানছে না, বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে যে, তোমাদের মানি না, কিসের অবরোধ! এভাবে গাড়ি-ঘোড়া চলা মানে, ওদের বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া। এরপরও লজ্জা হয় না ওদের। যার লজ্জা হারিয়ে গেছে। এ হলো পরিস্থিতি।
তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আমাদের দেশে গত ১৫ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, সেটি আমরা বলতে পারি না। যেভাবে ২০১৩, ১৪ ও ১৫ সালে জ্বালাও-পোড়াও করা হয়েছে, সময় সময়ে যেভাবে জ্বালাও-পোড়াও করা হচ্ছে। এখন একনাগাড়ে যেভাবে জ্বালাও-পোড়াও করা হচ্ছে, এগুলো দেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুই বিনষ্ট করছে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কখনই উন্নয়ন সম্ভবপর নয়।
হাছান মাহমুদ বলেন, দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি এবং সবকিছুতে না বলার যে নেতিবাচক রাজনীতি, এটি দেশের উন্নয়নের জন্য প্রচণ্ড অন্তরায়।
নির্বাচন কমিশন বলেছে বিএনপি ভোটে এলে ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে পুনঃতফসিল দেওয়া হবে, কিন্তু বিএনপি বিভিন্ন কর্মসূচি দিচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, আমরা তো চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। ধ্বংসাত্মক এ অপরাজনীতি থেকে বেরিয়ে আসুক। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমি শুনেছি, আমি মনে করি তিনি যথার্থ বলেছেন। আশা করি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে।
তারেক রহমান বলেছেন, ২৮ ও ২৯ নভেম্বর তারিখ সরকার ফেলে দেওয়া হবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, এ রকম তো বহু ঘোষণা শুনেছি। যতবার তারা ঘোষণা দেয়, পালিয়ে যায় বা হারিয়ে যায়। এসব ঘোষণা আসলে তাদের হাস্যকর করে তুলেছে। তারা এসব ঘোষণা দিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। বিএনপি এখন প্রকৃত অর্থে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তাদের নেতারাও সন্ত্রাসী নেতায় পরিণত হয়েছে।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকারকে দিন তারিখ বলে ফেলে দেওয়া এটাই তো একটি সন্ত্রাসী ঘোষণা। এই অপরাজনীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসবে।
তথ্যমন্ত্রী বলেন, সাত সমুদ্র তের নদীর ওপার থেকে দেশের বাস্তবতা ওনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কারণ সিদ্ধান্তটা ওখান থেকে আসে। যারা পলাতক কিংবা যারা নির্বাচন করতে পারবে না, তারাই সিদ্ধান্ত দেয় নির্বাচনে যাবে না। বিএনপি নেতারা তো নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের থলে থেকে তো আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে। আমি আশা করি, থলে থেকে যাতে বের না হয় সেটার জন্য একটু সচেষ্ট হবেন।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১০

শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের অযাচিত কয়েকটি আউটে ব্যাকফুটে চলে যায়। শেষ পর্যন্ত ২৯০ রান তুলতেই হারিয়ে বসে ৯ উইকেট। শঙ্কা জাগে ৩০০-এর আগেই অলআউট হওয়ার। কিন্তু শরীফুল ইসলাম ও তাইজুল ইসলামের ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। তাইজুল ৮ ও শরীফুল ১৩ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল বুধবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হন জাকির হাসান। ওপেনিং জুটিতে তারা দারুণ শুরু এনে দেন। তবে এজাজ প্যাটেলের করা দারুণ এক বলে দলীয় ৩৯ রানে প্রথম উইকেটের পতনও হয়। তার ওভারের তৃতীয় বলে পরাস্ত হন জাকির। এতে মাত্র ১২ রানেই শেষ হয় এই ওপেনারের ইনিংস।
এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাবে খেলতে থাকেন অভিষিক্ত অধিনায়ক। সোধি, প্যাটেলদের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলেন তিনি। জয়ও তাকে দারুণ সঙ্গ দেন।
এই জুটিতেই রানের চাকা সচল থাকে। তবে লাঞ্চ বিরতির ঠিক আগমুহূর্তে প্রথম ইনিংসে নিজের শেষটা রচনা করে ফেলেন শান্ত। গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারিতে অতি আগ্রাসী শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মিড-অনে ক্যাচ তালুবন্দি করেন কেন উইলিয়ামসন। ফলে ৩৫ বলে ৩৭ রান করেই শেষ হয় শান্তর ইনিংস।
শান্তকে হারানোর আক্ষেপ নিয়েই মধ্যাহ্নবিরতিতে যায় টিম টাইগার্স। এরপর দ্বিতীয় সেশনেও বেশ সাবধানী মেজাজে রানের চাকা সচল রাখেন ডানহাতি ওপেনার জয়। একেবারে টেস্ট মেজাজে খেলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি তুলে নেন জয়। ৯টি চারের সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশ ছুঁতে তাকে ৯৩ বল খেলেন তিনি।

এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ১৮০ রানের মাথায় গ্লেন ফিলিপসের বলে কট-বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন মমিনুল। আউট হওয়ার আগে ৭৮ বলে খেলেন ৩৭ রানের ইনিংস।
অন্যদিকে ফিফটির পর ক্যারিয়ারে নিজের দ্বিতীয় শতকের দিকে এগোচ্ছিলেন জয়। তবে তিনিও ফেরেন পরের ওভারেই। ইশ সোধির বলে স্লিপে ড্যারিল মিচেলের মুঠোবন্দী হন তিনি।
৫ বলের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে কিছুটা ব্যাক-ফুটে চলে যায় স্বাগতিকেরা। সেখান থেকে দলকে টেনে তোলার গুরুদায়িত্ব ছিল অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের ওপর। কিন্তু সেটা না করে উল্টো বিপদ বাড়িয়েছেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।
চা বিরতি থেকে ফিরেই উড়িয়ে মারতে গিয়েছিলেন মুশি। প্যাটেলের ফুলার লেংথের ডেলিভারি লং-অফে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে মেরেছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় উল্টো বিপদ বাড়ে লাল-সবুজ শিবিরের। উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় মুশফিককে। এতে মাত্র ১২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ডানহাতি এই ব্যাটার।
এরপর মির্ডল-অর্ডারে নেমে মেহেদি হাসান মিরাজও আস্থার প্রতিদান দিতে পারেননি। মুশির ফেরার পর চাপ সামলানোর চেষ্টা করে তিনিও ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত ২০ রানে কাইল জেমিসনের বলে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
মিরাজ ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেনি অভিষিক্ত শাহাদাত হোসেন দিপুও। ২৪ রান করে ফেরেন তিনি।
শান্ত, মুমিনুল এবং দিপুর পর নুরুল হাসান সোহানকেও শেষ বিকেলে ফিরিয়েছিলেন ডানহাতি অফ-স্পিনার ফিলিপস। তার লেগ-স্ট্যাম্পের বাইরের ডেলিভারি গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৯ রানে ফেরেন সোহান।
এরপর ব্যাট হাতে নেমে বেশ ভালোই ব্যাটিং করছিলেন নাঈম হাসান। তবে তিন চারে ১৬ রানে নাঈমকে ফেরান জেমিসন।
প্রথমদিনে বাংলাদেশের প্রাপ্তি অল-আউট না হওয়া। শেষ উইকেট জুটিতে ২০ রান যোগ করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তাইজুল ও শরিফুল।
প্রথমদিন শেষে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১০ রান। কিউইদের হয়ে চার উইকেট নিয়েছেন ফিলিপস।

তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যে ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালে এটি হবে তার তৃতীয় মধ্যপ্রাচ্য সফর।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ানোর ঘোষণার মধ্যেই সোমবার একজন মার্কিন কর্মকর্তা ব্লিংকেনের সফরের কথা জানান।
এদিকে ব্লিংকেন চলতি সপ্তাহে কপ-২৮ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে দুবাইতেও যাবেন। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আর যাচ্ছেন না। তবে তিনি কেন যাচ্ছেন না তার কারণ জানা যায়নি।
মার্কিন কর্মকর্তা জানান, ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।
এ সময়ে তিনি গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সব জিম্মি মুক্তি ও গাজার বেসামরিক নাগরিকদের অধিকতর সুরক্ষার ওপর জোর দেবেন।
উল্লেখ্য, মধ্যস্থতাকারী কাতারের ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণার প্রেক্ষিতে ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফর অনুষ্ঠিত হচ্ছে।